টুইট করে হবে না, কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইট বার্তাটি সারা পৃথিবীর মানুষই দেখেছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের মুসলমানদের ভ্রমণের ওপর বাজে ধরনের নিষেধাজ্ঞা জারি করেছেন, যার মাধ্যমে মানুষের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী টুইট বার্তায় বলেছেন, ‘যারা নির্যাতন, সন্ত্রাস ও যুদ্ধের শিকার হবেন, তাঁদের আমরা কানাডায় স্বাগত জানাই। গত শনিবার তিনি এই টুইটার বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি আরও বলেছেন, ‘বৈচিত্র্যই আমাদের শক্তি’।
ট্রাম্প যেখানে সব সময়ই প্রতিক্রিয়াশীল ধরনের গোলমাল সৃষ্টি করেছেন, সেখানে ট্রুডো প্রগতিশীল অবস্থান নেন। কানাডার লিবারেল পার্টি এই ক্রমবর্ধমান অসহিষ্ণুতার যুগে নিজেদের গ্রহণশীল হিসেবে উপস্থাপন করেছে। ফলে আন্তর্জাতিক গণমাধ্যম ও রাজনৈতিক মহল তার প্রশংসা করেছে।
বিষয়টা হচ্ছে শরণার্থীদের ওপর ট্রাম্পের আক্রমণ ও কুইবেক সিটির মসজিদে হামলার পরিপ্রেক্ষিতে ট্রুডোর উচিত হবে, নিজের মনকে কেন্দ্রীভূত করা। কিন্তু কানাডীয়দের আত্মপ্রসাদে ভোগার আগে কয়েকটি তথ্য জানা উচিত। শুরু করি এই তথ্য দিয়ে যে, কানাডার দক্ষিণ সীমান্তে এত হইচই হওয়া সত্ত্বেও কানাডা সরকার নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি শরণার্থী নিতে অস্বীকার করেছে। এ অবস্থায় ট্রুডোর টুইটার কূটনীতি সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা জানতে চাইলে দেশটির অভিবাসনমন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের দায়িত্ব পালন করছি।’
তাঁদের দায়িত্বটা কী? এই গত মাসে কানাডা সরকার নীরবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইরাকের শরণার্থীদের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা নিয়ে কানাডায় আসার পথ সংকীর্ণ করে দিল। কারণ, গত বছর বিভিন্ন পরিবার ও সামাজিক গোষ্ঠী এই প্রক্রিয়ায় ১৪ হাজার শরণার্থীকে কানাডায় নিয়ে আসে। এই সংখ্যা কি গৃহীত হয়েছে? না, সংখ্যাটা নির্ধারিত হয়েছে মাত্র এক হাজার। অন্য কথায়, অনেক মরিয়া ও বিপদগ্রস্ত মানুষ এ কারণে কানাডায় আসতে পারবে না, যদিও দেশটির অনেক ব্যক্তি ও গোষ্ঠী তাদের পৃষ্ঠপোষকতা করতে রাজি। অর্থাৎ ট্রুডো প্রতীক ব্যবহারে চমকপ্রদ হলেও কাজে বিক্ষিপ্ত।
এই পরিস্থিতি সত্ত্বেও যে দেশগুলো শরণার্থীদের স্বাগত জানাচ্ছে, কানাডা তার মধ্যে পুরোধা। গত বছর তারা ৩৮ হাজার শরণার্থীকে স্বাগত জানিয়েছে। এদের মধ্যে অর্ধেক মানুষই ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা নিয়ে কানাডায় এসেছেন, তাদের জন্য সরকারকে কিছু করতে হয়নি। ট্রুডো নিজের দায়িত্ব জনগণের কাছে আউটসোর্স করে দিয়েছেন, কিন্তু তিনি এর প্রশংসা নিতে কুণ্ঠিত হননি।

>সময় এসেছে, প্রগতিশীল আন্দোলনকে ডানপন্থীদের মতো দৃঢ় হতে হবে। কিন্তু তাদের লক্ষ্য হবে, সহানুভূতি ও সংহতি সৃষ্টি করা। ভালো ভালো কথা বলে কাজ হবে না। আমাদের দাবি করা উচিত, নীতিতে বড় পরিবর্তন আনতে হবে

ট্রাম্প প্রশাসন শুধু ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত হচ্ছে না, তারা বর্ণবাদী কায়দায় অভিবাসনবিরোধী অ্যাজেন্ডা হাতে নিয়েছে, যার মধ্যে ব্যাপক গণনজরদারি ও অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনাও আছে। এ অবস্থায় কানাডা আরও এক গুরুত্বপূর্ণ কায়দায় সীমান্ত খুলে দিতে পারত, কিন্তু তা হচ্ছে না। যাঁরা আজ যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হচ্ছেন, তাঁরা যদি আগামীকাল কানাডা সীমান্তে হাজির হন, তাহলে তাঁরা সেখানে আশ্রয় পাবেন না। তাঁদের ফিরিয়ে দেওয়া হতে পারে। ফলে ব্যাপারটা ট্রুডোর টুইটের সঙ্গে যায় না, তাই নয় কি?
এর কারণ হচ্ছে, কানাডার আগের লিবারেল সরকার ২০০৪ সালে যে তথাকথিত সেফ থার্ড কান্ট্রি চুক্তি করেছিল, তার আলোকে যাঁরা যুক্তরাষ্ট্র হয়ে কানাডায় আশ্রয় লাভের জন্য আসেন, তাঁদের গ্রহণ করা হয় না। অর্থাৎ ধরুন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে কেউ যদি প্রথম যুক্তরাষ্ট্রে আসেন, তাহলে পরবর্তীকালে কানাডা তাঁকে আশ্রয় দেবে না।
ইতিমধ্যে খবর এসেছে, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কানাডায় প্রবেশের চেষ্টা করছে। আর এখন তো ট্রাম্পের জামানায় যুক্তরাষ্ট্রের গরিব, বর্ণগতভাবে প্রান্তিক ও মুসলমানদের অবস্থা আরও খারাপ হবে। কিন্তু ট্রুডো এখন পর্যন্ত ওই চুক্তিটি বাতিল করার আগ্রহ দেখাননি।
মানে দেখা যাচ্ছে, ট্রুডো একদম সঠিক সময়ে সঠিক কথাটি বলতে পারেন। কিন্তু পরবর্তীকালে তিনি খুব সামান্যই কাজ করেন। ফলে যাঁরা গণমাধ্যমে ট্রুডোর কথা শুনে আশায় বুক বেঁধেছিলেন, তাঁদের সতর্ক হওয়া উচিত। তিনি শরণার্থীদের বন্ধু তো নন, বরং এ ব্যাপারে রক্ষণশীলদের নীতি অনুসরণ করছেন, যার কারণে দেশটিতে পালিয়ে আসা শরণার্থীদের জীবন বিপজ্জনক ও কঠিন হয়ে ওঠে। এমনকি সাধারণ মানুষের চোখ এড়িয়ে কানাডার আমলাতন্ত্র বহু পরিবার ভেঙে দিয়ে তাদের ফেরত পাঠিয়েছে, যে সংখ্যাটা মোটেও কম নয়, গত এক দশকে এক লাখেরও বেশি। হ্যাঁ, ট্রুডোর এই সিদ্ধান্তে হয়তো ট্রাম্পের বিষ নেই, কিন্তু ফলাফল সেই একই।
বিষয়টা হচ্ছে, কানাডার বক্তৃতাবাগীশ রাজনীতিকেরাও কিন্তু মুসলিম ও অভিবাসীবিরোধী মনোভাব সৃষ্টি করেছেন। তাঁরা এ লক্ষ্যে ‘বারবারিক কালচারাল প্র্যাকটিসেস হটলাইন’ ও ‘কানাডাবিরোধী মূল্যবোধ’ নজরদারির প্রস্তাব দিয়েছেন। বন্দুকধারীরা যে মসজিদে হামলা চালাল, তার বীজ কিন্তু এসবের মধ্যে নিহিত আছে। ডানপন্থীরা যখন নীতিগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তখনো তারা আরেকভাবে সফল হয়। অর্থাৎ তারা রাজনৈতিক পরিবেশটাকে আরও এক ধাপ ডানপন্থার দিকে নিয়ে যান, মুসলমানদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। এতে বর্ণবাদ ও বৈষম্যমূলক নীতি আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে।
সময় এসেছে, প্রগতিশীল আন্দোলনকে ডানপন্থীদের মতো দৃঢ় হতে হবে। কিন্তু তাদের লক্ষ্য হবে, সহানুভূতি ও সংহতি সৃষ্টি করা। ভালো ভালো কথা বলে কাজ হবে না। আমাদের দাবি করা উচিত, নীতিতে বড় পরিবর্তন আনতে হবে, একই সঙ্গে মুসলিমবিরোধী আদর্শ মনোভাব একদম কঠোরভাবে ত্যাগ করতে হবে। যেসব অধিবাসী নিবন্ধিত হননি, তাঁদের স্থায়ী নাগরিকের মর্যাদা দেওয়া ঠিক হবে না। তবে তাঁরা যেন নির্ভয়ে গ্রেপ্তার ও নির্বাসনের আশঙ্কা ছাড়া বসবাস করতে পারেন, তা-ও নিশ্চিত করতে হবে। আর যাঁরা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় আশ্রয় পাননি, তাঁদের জন্য সীমান্ত খুলে দিতে হবে।
মানুষের চিঠিতে সাংসদেরা ভেসে যাচ্ছেন, তাঁদের দাবির জোরও বাড়ছে। অর্থাৎ কানাডা নির্যাতিত মানুষের আশ্রয় হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখছি, তা শুধু নেতাদের আত্মপ্রচার ছাড়া কিছু নয়।
অনুবাদ: প্রতীক বর্ধন, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
মার্টিন লুকাস: মন্ট্রিলভিত্তিক স্বাধীন সাংবাদিক।