টেকসই উন্নয়নের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফরি স্যাকস
জেফরি স্যাকস

দুনিয়াকে টেকসই উন্নয়নের পথে পরিচালিত করার লক্ষ্যে ২০১৫ সালটি হবে আমাদের প্রজন্মের জন্য বৃহত্তম সুযোগ। ওই বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে তিনটি উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। এটা বৈশ্বিক উন্নয়ন আলোচ্য সূচির গতিপথ বদলে দিতে পারে, বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূত্রপাত করতে পারে। এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন তাঁর ‘দ্য পথ টু ডিগনিটি’ প্রতিবেদনে কর্মের ডাক দিয়েছেন। ফলে টেকসই উন্নয়নের বছর শুরু হয়ে গেছে।
২০১৫ সালের জুলাই মাসে বিশ্বনেতারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বৈঠকে মিলিত হবেন। লক্ষ্য হচ্ছে বৈশ্বিক আর্থিক খাত সংস্কারের প্রস্তাব পেশ করা। একই বছরের সেপ্টেম্বর মাসে তাঁরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অনুমোদন করতে আবারও বৈঠকে বসবেন। এর আরেকটি লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের অভিমুখে জাতীয় ও বৈশ্বিক নীতি প্রণয়ন করা। এরপর সে বছরের ডিসেম্বর মাসে বিশ্বনেতারা প্যারিসে একত্র হবেন। মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক মতৈক্যে পৌঁছানোর লক্ষ্যে তাঁরা প্যারিসে বৈঠকে বসবেন।
এসব সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে দুনিয়াকে টেকসই উন্নয়নের পথে ধাবিত করা। অথবা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে পরিচালিত করা। এর মানে হচ্ছে, সেই প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, যা গড়পড়তা জীবনমানের উন্নয়ন ঘটায়। যে প্রবৃদ্ধি শুধু ধনীকে নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে উপকৃত করে। আর যা জাতীয় পরিবেশ রক্ষা করে, ধ্বংস নয়।
বৈশ্বিক অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনে যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছে। কিন্তু তা সেই প্রবৃদ্ধির ন্যায়সংগত ও পরিবেশগতভাবে টেকসই বিতরণ নিশ্চিত করতে পারেনি। কারণটা খুবই সাদামাটা: বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলো অবিশ্রান্তভাবে মুনাফার পেছনে ধাবিত হচ্ছে, এ কাজে তারা খুবই সফল। আর তা করতে গিয়ে তারা প্রায়ই অর্থনৈতিক ন্যায্যতা ও পরিবেশেরও তোয়াক্কা করছে না।
সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করার মনোভাব আয়ের সমবণ্টন নিশ্চিত করে না বা তা একটি নিরাপদ গ্রহেরও নিশ্চয়তা
দেয় না। বিপরীতভাবে, বৈশ্বিক অর্থনীতি বহু মানুষকে পেছনে ফেলে রাখছে, ধনী দেশের মানুষও এর বাইরে নয়। অন্যদিকে মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তন, দূষণ, পানিশূন্যকরণ প্রভৃতি কারণে আমাদের গ্রহই নজিরবিহীন হুমকির মুখে পড়েছে। বহু প্রজাতিও লোপ পেয়েছে।
দ্রুত ও সুদূরপ্রসারী পরিবর্তনের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে এসডিজি প্রণীত হয়েছে। আধা শতাব্দী আগে জন এফ কেনেডি বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য যত পরিষ্কার, বাস্তবায়নযোগ্য ও কাছের হবে, মানুষ ততই ভালোভাবে তা বুঝতে পারবে। সেটা হলে তারা সেখান থেকে আশা লাভ করবে, অপ্রতিরোধ্য গতিতে সে লক্ষ্যে ধাবিত হতে পারবে।’ জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতি বান কি মুনের বার্তার মূল সুর এ রকম: ‘আসুন, খুব পরিষ্কারভাবে এসডিজি সংজ্ঞায়ন করি। এর মধ্য দিয়ে নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকার, বিজ্ঞানী ও সুশীল সমাজকে সে লক্ষ্যে উৎসাহিত করি।’
এসজিডির মূল লক্ষ্যগুলো সম্পর্কে ইতিমধ্যে একমত হওয়া গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের একটি কমিটি ১৭টি লক্ষ্যক্ষেত্র চিহ্নিত করেছে। এর মধ্যে আছে চরম দারিদ্র্য দূর, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা এবং মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা। সাধারণ পরিষদ সামগ্রিকভাবে এসব অগ্রাধিকারের পক্ষে কথা বলেছে। যে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি অবশিষ্ট রয়ে গেছে, তা হচ্ছে এগুলোকে সম্ভবপর লক্ষ্যে রূপান্তরিত করা। ২০১২ সালে এসডিজি যখন প্রথম প্রস্তাব করা হয়, তখন জাতিসংঘের সদস্যরা বলেছিল, এগুলো ‘কর্মমুখী হওয়া উচিত’। যা ‘সহজে মানুষকে বোঝানো যায়’ ও ‘পরিমাণও বেশি হওয়া উচিত নয়’। আর অনেক দেশের সরকার এই ১৭টি অগ্রাধিকারকেন্দ্রিক ১০ থেকে ১২টি লক্ষ্যের পক্ষে কথা বলেছে।
এসডিজি অর্জন করতে হলে বৈশ্বিক আর্থিক খাতের ব্যাপক সংস্কার করতে হবে। জুলাইয়ের কনফারেন্স অন ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্যই হচ্ছে এটি। সশস্ত্র বিরোধ, ধনীদের কর ফাঁকি, তেল-গ্যাস ও কয়লা ব্যবহারে অপচয়মূলক ব্যয় থেকে সম্পদ সরিয়ে তা শিক্ষা, স্বাস্থ্য ও নিম্ন কার্বন উদ্গিরণকারী শক্তি নির্মাণ প্রভৃতি খাতে বিনিয়োগ করা উচিত। একই সঙ্গে দুর্নীতি ও পুঁজি পাচার রোধেও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।
জুলাই সম্মেলনে দুনিয়ার বিভিন্ন দেশের সরকারগুলোর কাছ থেকে সামাজিক খাতে আরও অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি নেওয়া হবে। গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়া প্রভৃতি কর্মসূচি থেকে শিক্ষা নিয়ে উন্নয়ন খাতের ব্যয় যাতে গরিবদের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে আরও কার্যকর পদ্ধতি চিহ্নিত করার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে একটি বৈশ্বিক নবরীতি হতে পারে এ রকম যে শিক্ষার জন্য বৈশ্বিক তহবিল গঠন করে শিক্ষার্থীদের অন্তত মাধ্যমিক স্কুলে যাওয়া নিশ্চিত করা। বৈশ্বিক পরিসরে সেই সক্ষমতা তৈরি করা। টেকসই অবকাঠামো নির্মাণে ব্যক্তিগত পুঁজি বিনিয়োগের ভালোতর পন্থা বের করতে হবে। যেমন বায়ু ও সৌরশক্তি সে রকম ক্ষেত্র হতে পারে।
এসব লক্ষ্য আমাদের সামর্থ্যের মধ্যেই আছে। হ্যাঁ, আর্থিক বুদ্বুদ, অর্থহীন যুদ্ধ, পরিবেশ ধ্বংসকারী শক্তির ব্যবহার—এসব থেকে রেহাই পেতে হলে এর বিকল্প নেই।
জুলাই ও সেপ্টেম্বর সম্মেলন সফল হলে তা জলবায়ুবিষয়ক প্যারিস সম্মেলনে গতি সঞ্চার করবে। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে বিতর্ক দৃশ্যত অনিঃশেষ। রিও আর্থ সামিটে ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ-এ স্বাক্ষরের ২২ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত প্রকৃত কাজ খুব বেশি কিছু হয়নি। ফলে ২০১৪ সাল সম্ভবত রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর ছিল। যে বছর আমরা প্রলয়ংকরী বন্যা, ভয়াবহ খরা, বিধ্বংসী ঝড় ও তাপপ্রবাহ প্রত্যক্ষ করেছি।
২০০৯ ও ২০১০ সালে বিশ্বের সব দেশের সরকারই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার প্রাক্শিল্প যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখার বিষয়ে একমত হয়েছিলেন। কিন্তু এই প্রবণতা এখনো বেড়েই চলেছে, আর এই শতাব্দীর শেষে তা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে। এই হার এতই বেশি যে তা বৈশ্বিক খাদ্য উৎপাদন ধ্বংস করে দিতে পারে, আর চরম প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বেড়ে যেতে পারে।
তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সীমার নিচে রাখতে গেলে সব সরকারকেই একটি মৌলিক ধারণা গ্রহণ করতে হবে: দুনিয়ার শক্তিব্যবস্থায় ‘কার্বন নিঃসরণ ব্যাপক হারে কমাতে’ হবে। তার মানে হচ্ছে কার্বন উদ্গিরণকারী শক্তির উৎস যেমন: কয়লা, তেল, গ্যাস থেকে সরে এসে বায়ু, সৌর, পারমাণবিক ও জলবিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দিতে হবে। আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার চলতে থাকলে কার্বন আটকানো ও সংরক্ষণ পদ্ধতিও ব্যবহার করতে হবে। উচ্চ কার্বন উদ্গিরণকারী বাজে বিদ্যুতের জায়গায় কার্বনবিহীন বিদ্যুৎ উৎপাদনের দিকে যেতে হবে। আর সব শক্তিই আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে।
আগামী ডিসেম্বরে যে জলবায়ু ঐকমত্য সৃষ্টি হবে, তাতে তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রির মধ্যে রাখার বিষয়টিতে জোর দিতে হবে। এর মধ্যে ২০৩০ সাল পর্যন্ত জাতীয় পরিসরে কার্বন উদ্গিরণ কমানোর প্রতিশ্রুতিও থাকতে হবে। ২০৫০ সাল পর্যন্ত ব্যাপক হারে কার্বন উদ্গিরণ কমানোর পরিকল্পনা থাকতে হবে। নিম্ন কার্বন নিঃসরণকারী প্রযুক্তি ঠিকঠাক কাজ করছে কি না, তা সরকার ও ব্যবসায়ী উভয় মহলকেই নিশ্চিত করতে হবে। আর গরিব দেশগুলোকে বড় অঙ্কের ও নির্ভরযোগ্য আর্থিক সহযোগিতা দিতে হবে। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলো সঠিক পথে পা ফেলার ইঙ্গিত দিয়েছে।
এসডিজি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সামাজিকভাবে ন্যায্য, প্রাযুক্তিকভাবে অগ্রসর ও পরিবেশগতভাবে টেকসই পথ নির্মাণ করতে পারে। ২০১৫ সালের তিনটি সম্মেলন টেকসই উন্নয়নের সফলতা নিশ্চিত করবে না, কিন্তু তা বৈশ্বিক অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এই সুযোগ আমাদের প্রজন্ম আর পাবে না।
ইংরেজি থেকে অনূদিত; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
জেফরি স্যাকস: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।