ডালাস থেকে মাত্র ঘণ্টাখানেকের পথ। রিচার্ডসন থেকে সকালে বেরিয়েছি। টেক্সাস ওল্ড টাউনে নাকি সকাল আর বিকেলে দুবার ঐতিহ্যবাহী ‘কাউবয়’দের রোডমার্চ শো হয়। পথে পড়বে ফোর্ট ওয়ার্থের কালচারাল সিটি। সেখানে কয়েকটি মিউজিয়াম আছে। তাদের মধ্যে কিমবেল আর্ট মিউজিয়াম আমাদের টানছিল। কারণ, লুই কান ওই মিউজিয়াম ভবনের স্থপতি। ভাবছিলাম, লুই কানের সেই মিউজিয়াম ভবনের সঙ্গে আমাদের সংসদ ভবনের নকশার কিছু মিল থাকতেও পারে হয়তো, তাই সেখানেও যেতে হবে।
তবে তার আগে বলি টেক্সাসের কথা।
একটা মোটামুটি চওড়া সড়কের দুই পাশে দোকানপাট, রেস্টুরেন্ট। একটি মিউজিয়াম। কাউবয়রা সেকালে কীভাবে গরু চরাত, তার চিত্র দেয়ালে আঁকা। রাস্তায় দেখি একটি বিশাল বড় ঘোড়ার ওপর বসে আছে খাঁটি রেডকাউ পোশাকে একজন টেক্সান। মাথায় বিশাল আকারের হ্যাট। তার কিনারা ঢেউখেলানো। পর্যটকেরা তাকে ঘিরে আছে। কথা বলছে। তাদের কথার বিশেষত্ব হলো, উচ্চারণে টেক্সাসের টান। একটা মুনশিয়ানা ভাব আছে। বিশেষ ভঙ্গি ও ‘অ্যাকসেন্টে’ তাদের কথাগুলো সত্যিই আকর্ষণীয়। মুখে একটা মনখোলা হাসি লেগেই আছে। বলছে, এই তেজি ঘোড়ার সওয়ার হতে চাও? মাত্র পাঁচ ডলার। ঘোড়ার লাগাম টেনে ধরবে। ছবি তুলবে। অনেকে উৎসাহ নিয়ে ঘোড়ায় চড়ে বসছে। একটু দূরে বেশ বড়সড় একটা ষাঁড়। লং হর্ন জাতের এ রকম বিশাল ষাঁড় আগে কখনো দেখিনি। একজন নারী সবাইকে বলছেন, পিঠে চড়তে পারো, কোনো ভয় নেই। কিচ্ছু করবে না। সেখানেও পাঁচ ডলার। এই সব ষাঁড়ই চরাত কাউবয়রা।
>বিশাল আকারের লং হর্ন গরুর পাল নিয়ে আসছে একদল কাউবয়। তাদের সামনে একজন মূল নেতা। ঘোড়ার পিঠে বসে, হাতে রাইফেল। আরেক হাতে দড়ির গোছা, ল্যাসো। কোনো গরু দলছাড়া হয়ে গেলে সেই দড়ির ফাঁস ছুড়ে গরুর গলায় লাগিয়ে টেনে আনা হয়
বেছে বেছে একটা খাঁটি টেক্সাসের ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য গেলাম। ঘরজুড়ে সযত্নে সংরক্ষিত বড় বড় গরুর শিং আর মাথা সাজিয়ে রাখা হয়েছে। দেয়ালে একটা গরুর চামড়ায় টেক্সাসের ম্যাপ। সেখানে দেখানো হয়েছে, কোথায় কাউবয়রা গরু চরাত। রেস্টুরেন্টের একজন কর্মী একমুখ হাসি দিয়ে আমাদের স্বাগত জানাল। মেনু দিয়ে বলল, বেছে নাও, টেক্সাসের বিখ্যাত গরুর মাংসের তৈরি কোন খাবারটা তোমাদের পছন্দ। দেশে তো সব সময়ই গরুর মাংস খাচ্ছি। কিন্তু টেক্সাসের গরু বলে কথা! এর স্বাদই আলাদা। আর রান্নার পদ্ধতিতেও রয়েছে নতুনত্ব। চোখের সামনে মাংস কেটে, কিছু মসলা মেখে গনগনে আগুনের চুলায় রাখল কিছুক্ষণ। তারপর আবার একটা বড় কড়াইয়ে রেখে ছোট ছোট টুকরা করে রাখল কিছুক্ষণ। কড়াইয়ের ওপর লাল জ্বলন্ত শিক থেকে আসছে তাপপ্রবাহ। মিনিট পনেরোর মধ্যে খাবার পরিবেশন করা হলো। ওহ্, সেই গোশতের স্বাদ এখনো যেন লেগে আছে মুখে।
বিকেলে সবাই রাস্তার ফুটপাতে দাঁড়িয়েছে কাউবয়দের রোড শো দেখার জন্য। মনে পড়ে গেল, সেই ষাটের দশকে স্কুলে পড়ার সময় গুলিস্তান সিনেমা হলে একটি ছবি দেখেছিলাম। দ্য বিগ কান্ট্রি। কাউবয়দের জীবন নিয়ে সেই সিনেমা। স্বর্ণকেশী এক সুন্দরী অষ্টাদশী নারীকে নিয়ে দুই কাউবয় গোষ্ঠীর দ্বন্দ্ব। ওরা রোজ ল্যাসো নিয়ে গরু চরাতে যায়। তাদের মাথায় বৈশিষ্ট্যপূর্ণ হ্যাট। কোমরে পিস্তল। হাতে বড় রাইফেল। কথায় কথায় গুলি করে ফেলে দেয় প্রতিপক্ষকে। তাদের ভাবভঙ্গিতে বীরত্বের ছাপ, আমাদের মতো কিশোর বয়সের ছেলেমেয়েদের কাছে বেশ আকর্ষণীয় ছিল। আজ এত বছর পর আবার সেই টেক্সাসের কাউবয়দের দেখা পাব, ভাবতেই পারিনি।
বিকেল চারটায় সেই মুহূর্ত এল। মাইকে ঘোষণা করে গেল একজন কাউবয়। সবাইকে সাবধান করে দিল। বিশাল আকারের লং হর্ন গরুর পাল নিয়ে আসছে একদল কাউবয়। তাদের সামনে একজন মূল নেতা। ঘোড়ার পিঠে বসে, হাতে রাইফেল। আরেক হাতে দড়ির গোছা, ল্যাসো। কোনো গরু দলছাড়া হয়ে গেলে সেই দড়ির ফাঁস ছুড়ে গরুর গলায় লাগিয়ে টেনে আনা হয়। পেছনের সারিতে একটু দূরত্ব রেখে চলছে কাউবয়দের সহকারী নিয়ন্ত্রকেরা। বেশ হালকা চালে ওরা আমাদের সামনে দিয়ে চলে গেল। রেখে গেল সেই পুরোনো দিনের একটা আমেজ।
ঐতিহ্য ধরে রাখার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ওদের। প্রাচীনকালে সেই শহরে যে রেলস্টেশন ছিল, তাকে হুবহু সংরক্ষণ করা হয়েছে। মাঝখান দিয়ে চলে গেছে সেই পুরোনো আমলের রেললাইন। ওপরে টিনশেড। প্ল্যাটফর্মে কিছু দূরে দূরে অপেক্ষমাণ যাত্রীদের বসার জন্য বেঞ্চ। সবই পুরোনো আমলের ডিজাইনে। একটা ছোট টিকিট ঘর। বিভিন্ন দূরত্বে ট্রেনের টিকিটের দামও লেখা আছে। এই সব ঠিক রেখেই ফাঁকে ফাঁকে রেস্টুরেন্ট। এমনভাবে সেগুলো রাখা হয়েছে যে বোঝাই যাবে না ওগুলো এই যুগের। মনে হয়, শখানেক বছর আগের দোকানপাট। একটা টয়ট্রেনের ব্যবস্থাও আছে। খুব কম খরচে এক চক্কর ঘুরে আসা যায়।
পুরোনো আর নতুনের পাশাপাশি অবস্থান লক্ষ করলে অবাক হতে হয়। সকালে আসার সময় আমরা ভাবলাম স্টারবাক্স (Starbucks) থেকে কফি নিয়ে যাই। অটোমেশন এমন স্তরে গেছে যে ভাবাই যায় না। এই শীতে গাড়ি পার্ক করে নেমে চার কাপ কফি কেনার কষ্ট কজন করতে চাইবে। এ জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একটি গেট দিয়ে গাড়ি ঢুকছে। সামনে আরও তিন-চারটা গাড়ি লাইনে। ঢোকার মুখেই একটি কাউন্টারে একজন কর্মী জানালা খুলে জানতে চাইল, কী নেব। বললাম, কফি আর বিস্কুট। সামনের স্ক্রিনে সঙ্গে সঙ্গে লেখা উঠল। আমরা সম্মতি জানাতেই দাম চাইল। ক্রেডিট কার্ডে দাম দেওয়ার পর হাতে একটা স্লিপ দিয়ে দিল। দুই মিনিটেই কাজ শেষ। ইতিমধ্যে সামনের গাড়ি এগিয়ে গেছে। আমরাও এক চক্কর ঘুরে ডেলিভারি কাউন্টারের সামনে এসে গেলাম। স্লিপ দিতেই আমাদের অর্ডার অনুযায়ী সব এসে গেল। পুরো ব্যাপারটা এমনভাবে হিসাব করে শেষ করা হলো যে ভাবতেই অবাক লাগে। কাউকে নামতে হলো না। দেরিও হলো না। এক জানালা দিয়ে অর্ডার দিয়ে ঘুরে আরেক জানালায় আসতে না-আসতেই সাপ্লাই রেডি! সময় আর কষ্ট দুই-ই বাঁচল।
ফোর্ট ওয়ার্থের কালচারাল সিটিতে পাশাপাশি কয়েকটি মিউজিয়াম। লুই কানের তৈরি ভবনে কিমবেল আর্ট মিউজিয়ামে ১৫০০ থেকে ১৭০০ শতাব্দীর বিভিন্ন শিল্পীর আঁকা চিত্রশিল্প সযত্নে সাজানো রয়েছে। ভবনের বৈশিষ্ট্য হলো, ছাদের ওপরের অংশের কাচের ছাউনি দিয়ে দিনের আলো ঢুকে কক্ষগুলোতে ছড়িয়ে পড়ছে। অথচ ওপরে তাকালে বোঝা যাবে না যে দিনের আলো ঢোকার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ-বাতির প্রয়োজন খুব কম। এখানেই লুই কানের স্থাপত্যের বৈশিষ্ট্য। আমাদের সংসদ ভবনের মূল নকশাও এমনভাবে করা হয়েছে, যেন ভেতরে সহজে আলো-বাতাস খেলে। এমনকি এসির প্রয়োজনও পড়ে না। নদীমাতৃক বাংলাদেশের সঙ্গে মিল রেখে আমাদের সংসদ ভবনের চারপাশে লেক রাখা হয়েছে। আর ফোর্ট ওয়ার্থের মিউজিয়ামে দেখলাম ভবনের বাইরে ছোট ঝরনার ব্যবস্থা। বিস্তৃত প্রাঙ্গণজুড়ে পানির প্রবাহ কিছুদূর গিয়ে গড়িয়ে পড়ছে নিচে। যেন নায়াগ্রা ফলস, যদিও খুব ছোট পরিসরে। এলাকার প্রকৃতির বৈশিষ্ট্য ধারণ করে নির্মাণই লুই কানের স্থাপত্যশিল্পের বৈশিষ্ট্য।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।