দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলের দেশগুলো ২০১০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ ইশতেহারের ট্রানজিট/ট্রানশিপমেন্ট-সম্পর্কিত সমঝোতাগুলোর মধ্যে একটা ঐতিহাসিক পরিবর্তনের দ্বার উন্মোচনের সম্ভাবনা দেখতে পেয়েছিল। পরবর্তী ২১ মাসে এ বিষয় প্রস্তুতিপর্বও বেশ জোরেশোরেই চলছিল। কিন্তু ২০১১ সালের ৬-৭ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিপর্যয়ের কারণে ট্রানজিট/ট্রানশিপমেন্ট-সম্পর্কিত সম্মতিপত্র স্বাক্ষরের সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরকার পিছিয়ে যেতে বাধ্য হয়। ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির দাবা খেলায় ওই পর্যায়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাতে কোনো চালই অবশিষ্ট ছিল না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করার জন্য। পুরো আয়োজনটা ভন্ডুল করে দিয়েছেন মমতা। এমনকি তিনি ট্রানজিট/ট্রানশিপমেন্ট এবং সীমান্তের ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন করতেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের পর ১৩ মাস পেরিয়ে গেলেও তিস্তার পানির ন্যায্য হিস্যা কিংবা ছিটমহল বিনিময় চুক্তির বাস্তবায়ন—কোনোটার ব্যাপারেই সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলা যাচ্ছে না। কিন্তু ট্রানজিট/ট্রানশিপমেন্ট বিষয়ে ভারতের আগ্রহে বাংলাদেশকে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে হয়েছে। সেগুলো হচ্ছে:১. ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের আশুগঞ্জ নদীবন্দর পর্যন্ত নৌপথে পরিবহনের পর আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর সড়কপথে ত্রিপুরা সীমান্ত পর্যন্ত পরিবহনের গুরুদায়িত্ব পালন;২. ত্রিপুরার জন্য একই রুটে খাদ্যশস্য পরিবহন;৩. বাংলাদেশ-ভারত নৌ-ট্রানজিট প্রটোকলের মেয়াদ বৃদ্ধি; ৪. আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কপথের ভারবহন ক্ষমতা বাড়ানো এবং সড়কের মান উন্নয়নের প্রকল্প গ্রহণ; ৫. আশুগঞ্জ নৌবন্দরে জেটি নির্মাণের প্রকল্প গ্রহণ এবং ৬. রামগড়-সাবরুম সীমান্তে অবস্থিত ফেনী নদীর ওপর সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ।যে বিষয়ে অগ্রগতি রহস্যজনকভাবে শ্লথ হয়ে পড়েছে তা হলো: ট্রানজিট/ট্রানশিপমেন্ট ফি নির্ধারণের জন্য বাংলাদেশ-ভারত আনুষ্ঠানিক আলোচনা-প্রক্রিয়া। এ ব্যাপারে ভারতীয় কর্মকর্তারা আলোচনা এগিয়ে নিতে আগ্রহী নন বলে একটা ধারণা গড়ে উঠেছে। প্রস্তাবিত ট্রানজিট চুক্তির তিনটি প্রধান দিক হচ্ছে:১. ভারতের সেভেন সিস্টার্স এবং নেপাল-ভুটান কর্তৃক বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার;২. বাংলাদেশের সড়ক ও রেলপথ নেটওয়ার্ক ব্যবহার করে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সেভেন সিস্টার্সের করিডর বা ট্রানজিট রুট স্থাপন এবং ৩. অভ্যন্তরীণ নৌ-ট্রানজিট রুট ব্যবহার করে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এবং তারপর আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর হয়ে সড়কপথে আগরতলা পর্যন্ত ট্রানজিট রুট সম্প্রসারণ।প্রথমটির ব্যাপারে ভারতের যতখানি আগ্রহ, তার চেয়ে অনেক বেশি আগ্রহ দ্বিতীয় করিডর সুবিধার ব্যাপারে। কিন্তু বাংলাদেশের সড়ক ও রাজপথগুলোর যে বেহাল অবস্থা, তাতে সড়কপথে অদূর ভবিষ্যতে ট্রানজিট-সুবিধা দেওয়া বাংলাদেশের পক্ষে অসম্ভব বলা চলে। ভারতীয় ট্রাক চলাচলের জন্য বর্তমানে বাংলাদেশের সড়ক, কালভার্ট ও সেতুগুলো অনুপযোগী। অতএব, দুই দেশের সদিচ্ছা থাকলে অদূর ভবিষ্যতে ট্রানশিপমেন্ট-ব্যবস্থা চালু করা যেতে পারে, কিংবা দুই দেশের যৌথ মালিকানাধীন পরিবহন কোম্পানি গঠন করে ট্রাকবহর গড়ে তুলে ওই ট্রাকগুলোকে দুই দেশের মধ্যে চলাচলের আইনি ব্যবস্থা চালু করা যেতে পারে। ট্রানশিপমেন্ট-ব্যবস্থায় যেহেতু বাংলাদেশ অংশে বাংলাদেশি ট্রাক ব্যবহূত হবে, তাই এই ব্যবস্থা এ দেশের জন্য বেশি আকর্ষণীয় বিবেচিত হবে। অন্যদিকে পরিবহন সময় ও ব্যয়ের বিবেচনায় দ্বিতীয় বিকল্পটি অনেক কম ব্যয়বহুল হবে। দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে কয়েকটি মহাসড়ককে অনেক বেশি ভারবহনের উপযোগী করে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে ভারত ও বাংলাদেশ যৌথভাবে ওই সড়কগুলোর নির্মাণ-ব্যয় বহন করতে পারে।রেলপথে পশ্চিমবঙ্গ থেকে ভারতের সেভেন সিস্টার্সে করিডর বা ট্রানজিট-সুবিধা দেওয়াটাও বাংলাদেশের জন্য বর্তমান অবস্থায় সম্ভব হবে না। কারণ, বঙ্গবন্ধু যমুনা সেতুতে রেললাইন বসানো হলেও ওই লাইন দিয়ে ভারী মালবাহী ওয়াগনযুক্ত মালগাড়ি চলাচল প্রযুক্তিগতভাবেই বিপজ্জনক হবে। অতএব, রেলপথে ভারতকে ট্রানজিট-সুবিধা দিতে হলে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। নয়তো বর্তমান যমুনা সেতুর পাশাপাশি আরেকটি রেল সেতু নির্মাণের ব্যবস্থা করতে হবে।বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে ভারতকে ট্রানজিট প্রদানের চুক্তি ১৯৭২ সালেই স্বাক্ষরিত হয়। তবে আশুগঞ্জ নদীবন্দরকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করে আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কপথে মালামাল পরিবহনের যে ব্যবস্থাটা ভারত ইতিমধ্যেই ব্যবহার করতে শুরু করেছে, ওই ব্যবস্থা বিদ্যমান নৌ-ট্রানজিট চুক্তির আওতাবহির্ভূত। কারণ, এখানে রুটের একটা অংশে সড়কপথ, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবহার করা হচ্ছে এবং তাই এই অংশের জন্য আলাদাভাবে ট্রানজিট ফি নির্ধারণসহ নতুন প্রটোকল স্বাক্ষর করতে হবে। ভারত এ ব্যাপারটা নৌ-ট্রানজিট প্রটোকলের কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইলে অন্যায় হবে। এমনকি বিদ্যমান নৌ-ট্রানজিট-সুবিধার জন্য ভারত বর্তমানে বাংলাদেশকে বার্ষিক যে মাশুল দিচ্ছে, সেটাও হাস্যকরভাবেই অপ্রতুল। ন্যায্যতার ভিত্তিতে ফি নির্ধারণ করতে হবে।প্রথম প্রস্তাবটি সেভেন সিস্টার্স, নেপাল ও ভুটান কর্তৃক বাংলাদেশের চট্টগ্রাম, মংলা এবং ভবিষ্যতে নির্মাণের প্রক্রিয়াধীন সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর ব্যবহার করার ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট। এই ইস্যুতে বাংলাদেশ, সেভেন সিস্টার্স, নেপাল ও ভুটান—সবাই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফায়দা অর্জন করবে। কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা ও হলদিয়া বন্দর এবং রেলপথ-সড়কপথের ব্যবহার কমে যাওয়ার আশঙ্কায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাতুর্যের সঙ্গে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বর্তমানে সেভেন সিস্টার্স, নেপাল ও ভুটানের আন্তর্জাতিক বাণিজ্য প্রায় পুরোটাই কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে পরিবাহিত হয়।উল্লেখ্য, আজকের সেভেন সিস্টার্স ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে চট্টগ্রাম বন্দরের পশ্চাদ্ভূমি হওয়াতেই ঊনবিংশ শতাব্দীতে কয়েক হাজার বছরের ঐতিহ্য ধারণকারী চট্টগ্রাম বন্দরকে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছিল। আসাম-বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর স্থাপিত হয় চট্টগ্রামে এবং রেললাইনটিকে আখাউড়া ও সিলেট হয়ে আসামের চা-বাগানগুলোর সঙ্গে সহজে সংযোগ স্থাপনের উদ্দেশ্যেই ডিজাইন করা হয়। ১৯৪৭ সালের দেশ বিভাগ এই সেভেন সিস্টার্সের জন্য অর্থনৈতিক দুর্ভোগ ডেকে আনে। ১৯৪৭-এর আগের সড়ক, রেল ও নৌ-যোগাযোগের প্রায় সব মাধ্যমই ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ করে দেওয়া হয়।১৯৭২-৭৫ পর্বের বঙ্গবন্ধু সরকার ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাহ্যিকভাবে সক্রিয় থাকলেও আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা মার্কিন ও পাকিস্তানপন্থী লবির বিরোধিতার কারণে খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি। ১৯৭২ সালেই নৌ-ট্রানজিট চুক্তিটি স্বাক্ষরিত হলেও ফারাক্কা ব্যারাজ, চোরাচালান ও বিভিন্ন নদ-নদীর পানি বণ্টন বিরোধকে এমনভাবে জাগিয়ে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে ট্রানজিট-সহযোগিতার ইস্যুটা অজনপ্রিয় ইস্যুতে পরিণত হয়েছিল। অর্থনৈতিক সংকটে জর্জরিত একটি নব্য-স্বাধীন দেশে জনগণের যাবতীয় দুর্দশার জন্য প্রতিবেশী ভারতকে দোষারোপ করাটা তখনো পাকিস্তানপন্থী রাজনীতির প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল, যা আজও অব্যাহত রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সামরিক শাসকদের শাসনামলে ট্রানজিট/ট্রানশিপমেন্ট ইস্যু নিয়ে কোনো তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়নি, বলাই বাহুল্য। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও এই ইস্যুতে অগ্রগতি শূন্যের কোঠায় রয়ে গেছে। ১৯৯৬ সালে শেখ হাসিনা ভারত-বাংলাদেশ সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ করার প্রয়াস নেন, যার ফলে ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তি এবং পার্বত্য চুক্তি স্বাক্ষরের বাতাবরণ সৃষ্টি হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতাসীন হয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আবারও বৈরিতা ও তিক্ততার পুরোনো দুষ্টচক্রে ফিরিয়ে নিয়ে যায়। ২০০৯ সালে মহাজোট ক্ষমতাসীন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এহেন শত্রুতামূলক অবস্থান থেকে বাংলাদেশ সরকারকে সরিয়ে আনার ঐতিহাসিক ক্রান্তিকালটিকে এগিয়ে নিতে চাইছেন। ট্রানজিট/ট্রানশিপমেন্ট ইস্যুটা বর্তমান সরকারের আমলেই বাস্তবায়ন পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু ২০১১ সালের সেপ্টেম্বরের বিপর্যয় এই বিষয়টাকে আবারও আস্থাহীনতা ও দর-কষাকষির জটিল চক্রে ঠেলে দিয়েছে। শেখ হাসিনা ট্রানজিট/ট্রানশিপমেন্ট সুবিধা দিয়ে ভারত থেকে বিনিময়ে কী আদায় করতে পারলেন, সেটা পরখ করতে চাইবে জনগণ। তার মানে দাঁড়াচ্ছে, দুই প্রতিবেশীর সম্পর্কে জটিলতার জালে জড়িয়ে গেল ইস্যুটা। সেভেন সিস্টার্সের জনগণের ভোগান্তির অবসান চায় বাংলাদেশের জনগণও; তাদের অর্থনীতির গলা টিপে ধরে রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটাও না বোঝার কারণ নেই। কিন্তু নদ-নদীর পানির ন্যায্য হিস্যার ইস্যুটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রানজিট ইস্যুর সঙ্গে জড়িয়ে দিয়ে আগামী দিনগুলোতে ভারত-বাংলাদেশের সম্পর্ককে ‘কী দিলাম কী পেলাম’ চক্রে নিমজ্জিত করে ফেললেন। ‘ভারত বেশি সুবিধা আদায় করে নিয়েছে’—এ রকম প্রোপাগান্ডা চালানোর জন্য বাংলাদেশের পাকিস্তানপ্রেমী মহল যখন এক পায়ে খাড়া। অতএব, ট্রানজিট/ট্রানশিপমেন্ট থেকে বাংলাদেশের অর্থনৈতিক সুবিধা এবং আর্থিক ফায়দা দৃশ্যমানভাবে ‘ন্যায্য’ হতে হবে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার কিংবা সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ ভারতকে আরও বেশি আগ্রহ দেখাতে হবে। বাংলাদেশের সড়কপথ, রেলপথ ও নৌপথ উন্নয়নের বিনিয়োগে অনেক বেশি সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। নেপাল-ভুটান-চীন-মিয়ানমার—এসব আঞ্চলিক প্রতিবেশীর ট্রানজিট ইস্যুর মধ্যে অংশীদারি দিয়ে ইস্যুটাকে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় ইস্যু থেকে সত্যিকার অর্থে একটা আঞ্চলিক ইস্যুতে রূপান্তর করতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পুরো সমুদ্র উপকূল সৃষ্টিকর্তা কর্তৃক বাংলাদেশের জনগণকে প্রদত্ত একটা ‘নেয়ামত’। এই নেয়ামতকে রাজনীতির কুটিল চক্রে বন্দী রাখার যে ‘পাকিস্তানি খেলা’ মহলবিশেষ চালু রাখতে চাচ্ছে, তাকে রুখে দাঁড়ানো দেশপ্রেমিক জনগণের আশু কর্তব্য। ট্রানজিটকে ‘করিডর সুবিধা’ আখ্যায়িত করে বিএনপি-জামায়াত জোট এবং তাদের সমর্থক বিশেষজ্ঞরা এর সঙ্গে নিরাপত্তার ইস্যু জুড়ে দিয়েছেন। তাঁদের দাবি, ভারতকে ট্রানজিট দিলে নাকি সেভেন সিস্টার্সের সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলো বাংলাদেশের অভ্যন্তরে নাশকতা চালানোর অজুহাত পেয়ে যাবে। আরেকটি খোঁড়া যুক্তি তোলা হচ্ছে: ভারতকে ট্রানজিট-সুবিধা দিলে সেভেন সিস্টার্সে বাংলাদেশি পণ্যের বিকাশমান বাজার নষ্ট হয়ে যাবে। অর্থনীতির গবেষক হিসেবে এহেন আশঙ্কাকেও আমি গ্রহণযোগ্য মনে করি না। বর্তমানে বাংলাদেশের চোরাচালানিরা সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতা এবং অর্থনৈতিক পশ্চাৎপদতার ফায়দা লুটছে। ট্রানজিট এবং বাংলাদেশের বন্দর-সুবিধা পেলে সেভেন সিস্টার্সের অর্থনৈতিক উন্নয়নে পালে যে হাওয়া লাগবে, তার প্রধান ফায়দাভোগী হবে বাংলাদেশের অর্থনীতিই। সম্প্রতি বিলেতের বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পিয়ার্সন কর্তৃক প্রকাশিত আমার ও আমার সহকর্মী ড. নিতাই চন্দ্র নাগের লিখিত ইকোনমিক ইন্টিগ্রেশন ইন সাউথ এশিয়া: ইস্যুজ অ্যান্ড পাথওয়েজ বইয়ে তথ্য-উপাত্ত দিয়ে সবিস্তারে ব্যাখ্যা করা হয়েছে বিষয়টি।আমি মনে করি, রাজনৈতিক কুতর্কের অবসান ঘটিয়ে আমাদের দৃষ্টি ফেরানো উচিত ট্রানজিট প্রদানের সক্ষমতা অর্জনের জন্য বাংলাদেশের যোগাযোগব্যবস্থার বর্তমান অপ্রতুলতা ও ঘাটতি যথাসম্ভব শিগগিরই কাটিয়ে ওঠার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে ভৌত অবকাঠামো উন্নয়নের বিপুল বিনিয়োগ-যজ্ঞ বাস্তবায়নে। এ প্রস্তুতিপর্ব ত্বরান্বিত করাটাই এখনই জাতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি।