প্রতিবেশী ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আর তা হয়েছে মূলত এ বিষয়ে সরকারের নানা বক্তব্য ও পদক্ষেপের কারণে। যদি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন সমস্যা নিষ্পত্তির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ট্রানজিটকে নিয়ে আসা হতো, তাহলে এটা নিয়ে এত প্রশ্ন উঠত না, বিতর্কও হতো না। নীতিগতভাবে ভারতকে ট্রানজিট-সুবিধা দিতে তেমন একটা আপত্তি কারোরই নেই। তবে দেশের নাগরিকদের অনেকেই মনে করে, ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ সত্যিকার ও অর্থবহ এমন কিছু পাচ্ছে না, যা দীর্ঘ মেয়াদে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।দুই বছর আগে যখন ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি নিয়ে জোরেশোরে আলোচনা শুরু হলো, তখন সরকারের পক্ষ থেকে ট্রানজিটকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে অর্থনৈতিক-বাণিজ্যিক দৃষ্টিকোণ দিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছিল। বিশেষত, বাণিজ্যমন্ত্রী একাধিকবারই এই পরামর্শ দিয়েছিলেন। একই সঙ্গে ট্রানজিট দিয়ে কোটি কোটি ডলার আয় করবে বাংলাদেশ—এমন কথাও বলা হয়েছিল।অথচ অতি সম্প্রতি এসে এই পরিস্থিতির বেশ পরিবর্তন লক্ষ করা যায়। অল্প কিছুদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রানজিট একটি রাজনৈতিক বিবেচনা, রাজনৈতিক বিষয়। একই ভাবে কোটি কোটি ডলার আয় করার কথাও আর সেভাবে উচ্চারিত হচ্ছে না। বরং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে গঠিত কোর কমিটি যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে ট্রানজিট উপযোগী অবকাঠামো বিনির্মাণের ও সংস্কারের জন্য ৭১০ কোটি ডলার (প্রায় ৫০ হাজার কোটি টাকা) বিনিয়োগ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এই পরিমাণ অর্থ ২০০৯-১০ অর্থবছরের মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এপ্রিল) ব্যয়ের দ্বিগুণ এবং দেশের বিদ্যুৎ সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় অর্থায়নের চেয়ে বেশি। অন্যদিকে ট্রানজিটের বিনিময়ে যে পরিমাণ ফি-মাশুল পাওয়া যাবে, তা দিয়ে ট্রানজিট অবকাঠামো রক্ষণাবেক্ষণের ন্যূনতম ব্যয় নির্বাহই সম্ভব হবে না, বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সুযোগ তো পরের কথা। এমনকি ভারতের কাছ থেকে ট্রানজিট ফি নিলে আমরা ‘অসভ্য’ হয়ে যাব—এমন কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা গণমাধ্যমে একাধিকবার এ কথা বলেছেন, যা প্রতিবাদের ঝড় তুলেছে। আর এভাবেই ট্রানজিটের বিষয়ে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।ট্রানজিট থেকে আর্থিক লাভালাভ যখন আর সেভাবে প্রতিষ্ঠা করা যাচ্ছে না, তখন এই ট্রানজিট প্রদানকে আঞ্চলিক সম্পৃক্ততার বাড়ানো পথে বিরাট পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে। বলা হচ্ছে, ভারতকে ট্রানজিট দেওয়াটা শুরু, সামনে এই সূত্র ধরে বাংলাদেশ ভারতের সীমানা ছাড়িয়ে চীনের সঙ্গেও যোগাযোগ স্থাপন করতে পারবে।নেপাল ও ভুটানকে অন্তর্ভুক্ত করে ট্রানজিটকে এখন উপ-আঞ্চলিক ভিত্তিতে বিন্যস্ত করা হচ্ছে। নেপাল ও ভুটান ভূ-আবদ্ধ দেশ। অর্থাৎ তাদের কোনো সমুদ্র উপকূল নেই। আন্তর্জাতিক আইন অনুসারে দেশ দুটিকে ট্রানজিট দিতে ভারত ও বাংলাদেশ বাধ্য। ভারত অবশ্য কখনোই তা পালন করেনি। বিশেষত, নিজের ট্রানজিট-সুবিধা পাওয়ার স্বার্থে বাংলাদেশের ওপর দিয়ে নেপাল বা ভুটানকে ট্রানজিট নিতে দেয়নি।ভুটান এমনিতেই খুব ছোট দেশ। তাদের আন্তর্জাতিক বাণিজ্য প্রায় পুরোটাই ভারতের সঙ্গে সম্পন্ন হয়। কাজেই ট্রানজিটের ব্যবসায় ভুটানের তেমন কোনো লাভ হবে না। শুধু ভুটান যদি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারে, তাহলেই বাংলাদেশের লাভ। আবার বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট পেলেও নেপাল তা পুরোপুরি ব্যবহার করবে বা করতে পারবে, এমন নয়। ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কলকাতা বন্দরের সঙ্গে ট্রানজিট বেশি ব্যবহূত হবে। এই বাস্তবতায় শেষ পর্যন্ত ভারতের ট্রানজিট-সুবিধা পাওয়াটাই মুখ্য হয়ে দাঁড়ায়।তবে ভারত নিজ দেশের পশ্চিমাঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চলে যাওয়ার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ চাইছে, অনেকেই তাকে ‘করিডর সুবিধা’ বলে আখ্যায়িত করেছেন। কেননা, ট্রানজিটে তৃতীয় দেশের সম্পৃক্ততা থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং অন্যান্য আন্তর্জাতিক আইন অনুসারে বাংলাদেশ তাই কোনোভাবেই ভারতকে ট্রানজিট দিতে বাধ্য নয়। তা ছাড়া ভারতের রয়েছে বিস্তৃত সমুদ্র উপকূল। সঙ্গে একাধিক বড় সমুদ্রবন্দর। সুতরাং একই দেশের দুই অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের জন্য আরেক দেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধাপ্রাপ্তির বিষয়টি অবশ্যই দ্বিপক্ষীয়ভাবে সমঝোতার ভিত্তিতে হতে হয়। ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টিও সেভাবে দেখা ও সমঝোতা করা বাঞ্ছনীয়।ভারতকে ট্রানজিট দেওয়ার সপক্ষে আঞ্চলিক সম্পৃক্ততা ও দক্ষিণ এশীয় আন্ত-অঞ্চল বাণিজ্য বৃদ্ধির যেসব যুক্তি দেওয়া হচ্ছে, সেগুলোও বহুলাংশে একপেশে। প্রথমত, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রধান অন্তরায় যে অশুল্ক প্রতিবন্ধকতা, সেটা মূলত ভারতই আরোপ করে রেখেছে। এসব অশুল্ক প্রতিবন্ধকতা অপসারণ করা গেলে ভারতে বাংলাদেশের রপ্তানি কয়েক গুণ বেড়ে যেত। সুতরাং ট্রানজিট দিলেই আঞ্চলিক বা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে, এটা সঠিক কথা নয়। দ্বিতীয়ত, ভারতের পশ্চিমাংশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ সহজ করতে বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট বা করিডর সুবিধা দেওয়া হলে, তাতে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ার কোনো কারণ নেই। এটা হবে পূর্ব-পশ্চিম ট্রানজিট, যার সুফল এককভাবে ভারত পাবে। কেননা, ভারতীয় পণ্য অনেক কম সময়ে ও কম খরচে উত্তর-পূর্ব রাজ্যগুলোয় যেতে পারবে। তখন বাংলাদেশি পণ্য তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে। এই অবস্থায় যদি অশুল্ক বাধাগুলো অপরিবর্তিত থাকে, তাহলে বাংলাদেশি পণ্য বাজার হারাতে বাধ্য। স্পষ্টতই এই পূর্ব-পশ্চিম ট্রানজিট কোনোভাবে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়াবে না।অন্যদিকে ট্রানজিট যদি হয় উত্তর-দক্ষিণ ভিত্তিতে, তাহলে সত্যিকারের আঞ্চলিক সম্পৃক্ততা বাড়বে। একদিকে নেপাল ও ভুটান বাংলাদেশের ওপর দিয়ে বহির্বিশ্বের সঙ্গে দ্রুত ও সহজে যোগাযোগব্যবস্থা পাবে, অন্যদিকে বাংলাদেশও ভারতের ওপর দিয়ে নেপাল ও ভুটানে সড়ক-রেল যোগাযোগ বাড়াতে সক্ষম হবে। আর সবচেয়ে বেশি লাভবান হবে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো। চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ তাদের আন্তর্জাতিক বাণিজ্যে গতিময়তা আনবে। এর ফলে এই রাজ্যগুলোয় বিনিয়োগও বাড়বে, যা তাদের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেবে। বাংলাদেশও চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিনিময়ে ভালো রাজস্ব পাবে।সুতরাং, ট্রানজিটের জন্য দর-কষাকষি বা সমঝোতা এই বিবেচনায় রেখে করা গেলে তা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। তা ছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই তাকে ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রেখেছে। এই অবস্থান ক্ষুণ্ন করার মতো কোনো পদক্ষেপ নেওয়া সমীচীন হবে না। সর্বোপরি আরেকটি বিষয় নজরে আনা দরকার। দেশের যোগাযোগ অবকাঠামো, বিশেষত, সড়ক-মহাসড়কগুলোর যে দুর্দশা, তাতে দেশের ভেতরে ঠিকমতো যোগাযোগ রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে। কাজেই অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো পুনর্গঠন ও বিনির্মাণ ছাড়া তাড়াহুড়ো করে ট্রানজিটের জন্য অগ্রসর হলে আরেক বিপদ হবে। এম এ তসলিম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ট্যারিফ কমিশন।