ট্রাম্প কি প্রেসিডেন্টসুলভ হবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

[গতকাল যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড জে ট্রাম্প শপথ গ্রহণ করেছেন। নানা বিতর্কের পটভূমিতে প্রেসিডেন্ট হিসেবে তাঁর কাছে আমেরিকানদের প্রত্যাশার কথা তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস তার এই সম্পাদকীয়তে।]

মার্কিন গণতন্ত্রের শক্তির এক বিশেষ জায়গা হচ্ছে, নির্বাচনী ডামাডোলের পর হবু প্রেসিডেন্ট ক্ষত সারানোর লক্ষ্যে উপশমকারী ভাষা প্রয়োগ করে জনগণকে ঐক্যবদ্ধ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
এবার ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পালা। তিনি নির্বাচনে জিতেছেন, তারপরও প্রতিশোধপরায়ণ ও ধ্বংসকারী রাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি নির্বাচন-পরবর্তী সময়েও এমন এক প্রচারণা চালিয়েছেন, যে কারণে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ও সুবিবেচিত রাজনৈতিক উত্তরণের বিশেষ কালপর্ব (গ্রেস পিরিয়ড) ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা দেশটির জন্য প্রয়োজনীয়। দেশটির নাগরিকেরা নৈতিক অনুপ্রেরণার দিক থেকে যে উন্নত ভবিষ্যতের আশা করছিলেন, সেটা নতুন প্রেসিডেন্টের হঠকারী ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আক্রমণের কাছে জিম্মি হয়ে পড়েছে।
সিনেটর জন ম্যাককেইনের মতো রিপাবলিকান সিনেটররা প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেছেন, ট্রাম্প কি ‘পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের ওপর মনোযোগ না দিয়ে’ মূলত ‘কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়াই করা’ নিয়ে আচ্ছন্ন?
শুক্রবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগে এই প্রশ্নটিই বারবার ঘুরেফিরে এসেছে। তিনি কি জাতিকে একত্র করতে ও নেতৃত্ব দিতে প্রস্তুত? অর্থাৎ মার্কিনরা বহুকাল ধরে যাঁকে প্রেসিডেন্টসুলভ মনোভাব বলে আখ্যায়িত করে আসছে, তিনি কি তা অর্জন করতে ও টিকিয়ে রাখতে প্রস্তুত? নাকি ব্যাপারটা এমন হবে যে বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের এই যুগ আত্মনিমগ্নতা ও বিকৃত বুদ্ধির মুক্তপ্রবাহ দ্বারা চিহ্নিত হবে? যেটা পরিচালিত হবে বাস্তবতা-সম্পর্কিত খুবই ভুল ধারণার ভিত্তিতে।
জরিপের ফলাফল থেকে বোঝা যায়, জনগণ ক্রান্তিকালের মধ্যেই হৃদয়ভঙ্গ হয়ে ট্রাম্পকে আধুনিক কালের সবচেয়ে অজনপ্রিয় হবু প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে ট্রাম্প যথারীতি নতুন করে টুইটার আক্রমণ শুরু করেছেন। তাঁর ভাষ্য হচ্ছে, এসব জরিপ জাল। দুঃখজনক ব্যাপার হচ্ছে, ট্রাম্প এ কথা বলতে পছন্দ করেন যে তিনি এটা অনুধাবন করতে পারেননি, তিনি একটু বিনয়ী হলে এবং সব মার্কিন নাগরিককে জয় করার সংকল্প করলে তাঁর শাসনামল ও জাতির জন্য ব্যাপারটা ভালো হতো। এর বদলে আমরা আরও বেশি করে এ-জাতীয় সংবাদ শিরোনাম দেখছি যে ‘ট্রাম্পের তীব্র আক্রমণ...’।
ওবামার শাসনামল ও ব্যক্তিগত আচার-আচরণের সঙ্গে ট্রাম্পের তুলনা করলে পার্থক্যটা সবচেয়ে পরিষ্কার হয়, আবার একই সঙ্গে তার চেয়ে কম অনুপ্রেরণাদায়ক কিছু হয় না। হবু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এই গত সপ্তাহে প্রথম সংবাদ সম্মেলন করেন। এতে আত্মপ্রচার ও জাঁকজমকের মিলন ঘটেছিল, যার মাঝে ছিল তাঁর ট্যাক্স রিটার্ন প্রকাশ ও ব্যবসায়িক স্বার্থ হ্রাসের প্রয়োজনীয়তা অস্বীকারসূচক ঘোষণা। তাঁর ব্যবসায়িক স্বার্থের কারণে দুর্নীতি হতে পারে। স্বাস্থ্যসেবা ও অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট সম্পর্কিত তাঁর অজ্ঞতা শ্বাসরুদ্ধকর, ফলে তিনি কীভাবে এর প্রতিস্থাপন ঘটাবেন, সে ব্যাপারে তিনি যেন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিলেন।
অন্যদিকে ওবামার শেষ সংবাদ সম্মেলনটি ছিল জটিল বিষয়ে কীভাবে জনবক্তৃতা দিতে হয়, তার একটি চর্চিত রূপ, যেটা তাঁর আট বছরের কেলেঙ্কারিহীন শাসনের বৈশিষ্ট্য। এতে কিছু আত্মসমালোচনাও ছিল। তিনি ব্যক্তিগত আশাবাদের কথা বলতে গিয়ে ‘নো ড্রামা-ওবামা’ শব্দবন্ধটি উচ্চারণ করেছেন, মনে হয়, সামনের দিনগুলো কেমন উত্তেজনাপূর্ণ ও আবেগময় হবে, সে সম্পর্কে তিনি অবগত।
যাঁরা নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছেন ও দেননি, তাঁরা সবাই অবশ্যম্ভাবী রূপে দেখবেন, ভবিষ্যতে প্রেসিডেন্টের অভিজ্ঞ মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তার প্রয়োজনীয়তা আরও বাড়বে। তা সত্ত্বেও ট্রাম্প মূলত আদর্শপন্থী ও প্রতাপশালী ধনিক ব্যক্তিদের মন্ত্রী বানিয়েছেন, যাঁরা তাঁর বিরোধাত্মক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেও পারেন, আবার না-ও করতে পারেন।
কথা হচ্ছে, প্রেসিডেন্টের স্টাইল ও নীতির আকস্মিক গতি পরিবর্তন এই প্রথম নয়, যেটাকে ‘ক্রান্তিকালের’ মতো মৃদু শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়। বয়স্ক প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারের পর তরুণ জন এফ কেনেডি প্রেসিডেন্ট হয়েছিলেন, পাথর-কঠিন রক্ষণশীল রোনাল্ড রিগ্যানের পর উদারনৈতিক জিমি কার্টার প্রেসিডেন্ট হয়েছিলেন। বারাক ওবামা এসেছিলেন জর্জ ডব্লিউ বুশের পর, যিনি আবার এসেছিলেন বিল ক্লিনটনের পর। এসব প্রেসিডেন্টেরই আবেগময় বিরোধী শক্তি ছিল, যারা জাতির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিল।
তা সত্ত্বেও তাঁদের সবার দায়িত্বভার নিয়ে সম্ভ্রমমিশ্রিত ভীতি ছিল, মনে হয়েছে, তাঁরা সবাই বুঝেছিলেন, দেশের কী প্রয়োজন। বুশ প্রথম অভিষেক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমাদের ঐক্য ও একতা হচ্ছে সব প্রজন্মের নেতা ও নাগরিকদের আন্তরিক কাজের ফলাফল।’ স্মরণ করা যায়, তিনি ট্রাম্পের মতো ভোটে হারলেও ইলেকটোরাল কলেজের বদৌলতে প্রেসিডেন্ট হয়েছিলেন। সেদিন তিনি আরও বলেছিলেন, ‘ন্যায়বিচার ও সমসুযোগের একক দেশ গড়ার জন্য আমি কাজ করব, এটা আমার আন্তরিক অঙ্গীকার।’
প্রচারণা শেষ। জাতি (আমেরিকা) শুনতে চায়, ট্রাম্প এটা তাঁর জমানার মূল আকাঙ্ক্ষায় পরিণত করতে পারেন।
‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর সম্পাদকীয়।
অনুবাদ: প্রতীক বর্ধন।