ট্রাম্প জমানার প্রজন্মের প্রতি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় বন্ধুরা,
আমি জানি, তোমরা ভালো আছ। দু-একটা সাগর-রুনি, ত্বকী, খাদিজা, তনু, রিসা, পূজা, রামু, রামপাল, নাসিরনগর—এই রকম কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে বাকি সবকিছু মোটামুটি শান্তিপূর্ণই আছে। আন্দোলন-সংগ্রাম নেই; বিক্ষোভ-প্রতিবাদ তেমন হয় না। বরং উন্নয়ন
হচ্ছে: সেতু হচ্ছে, বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, বৈদেশিক মুদ্রার মজুত বেড়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে; লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিডিপি।
আমরা ভালো, অন্তত অতীতের তুলনায়। তার চেয়ে বড় কথা, সারা দুনিয়ার মানুষ যে মাত্রায় পাগলামি শুরু করেছে, তার তুলনায় আমরা অনেক ভালো আছি। ভারতের জনগণ উগ্র সাম্প্রদায়িক দলকে ক্ষমতায় আনল; প্রধানমন্ত্রী বানাল মোদির মতো একজন অতি বিতর্কিত ব্যক্তিকে। যুক্তরাজ্যের জনগণ ভোট দিল ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে। ফিলিপাইনের জনগণ রদরিগো দুতার্তে নামের এক রগচটা, দুর্মুখ ও খামখেয়ালি লোককে নির্বাচিত করেছে, যিনি তাঁর দেশের মাদকাসক্ত নাগরিকদের ধরে ধরে হত্যা করার ঘোষণা দিলেন। আর সর্বশেষ আমেরিকার জনগণ তাদের প্রেসিডেন্ট বানাল ডোনাল্ড ট্রাম্পকে, তাঁর কথা আর কী বলব!
সারা দুনিয়ার মানুষের এইসব দুর্বুদ্ধি, তাদের এই রকম অবিবেচক, অদূরদর্শী, সংকীর্ণমনা হয়ে ওঠার বিপরীতে আমরা বাংলাদেশের জনগণ অনেক অনেক ভালো আছি। গণহারে আমাদের বুদ্ধিনাশ ঘটেনি, আমরা পাইকারি দরে বেকুব হয়ে যাইনি।
পরিস্থিতি আমাদের জন্য এ রকম আশাব্যঞ্জক বলেই আমি আজ তোমাদের কাছে এই চিঠি লিখছি।
ঠিক এ জন্যই তোমাদের কাছে আমি এই চিঠি লিখছি, প্রিয় বন্ধুরা। অচিরে এ দেশেও গণহারে বুদ্ধিনাশ শুরু হওয়ার আগেই কিছু কথা তোমাদের জানিয়ে রাখা দরকার।
তোমরা জানো যে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি এখন ৬-৭ শতাংশের ঘরে, গিনি সূচকের মানও ৩০-এর ঘরে। অর্থাৎ অর্থনীতি আকারে বড় হলেও ধনী আর গরিবের মধ্যে বৈষম্য রয়েই যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন এখন রেকর্ড পরিমাণ, তেমনি বিশ্ববাজারের সঙ্গে সম্পৃক্ততাও আগের চেয়ে বহুগুণে বেশি। প্রতিবছর বিরাট ঘাটতি বাজেটে দেশ চালানো হচ্ছে, যার ১০ শতাংশ আসছে বিদেশি ঋণ থেকে, প্রায় ২০ শতাংশ আসে দেশি ঋণ থেকে। তবে এর কোনো কিছুই তেমন একটা সমস্যা নয়, যতক্ষণ পর্যন্ত আমরা অর্থনৈতিক সমৃদ্ধির মাঝে আছি। কারণ, ততক্ষণে আমাদের দরিদ্রেরও নিজের পূর্ববর্তী অবস্থানের চেয়ে বর্তমানে নিজেকে বেশি সমৃদ্ধ মনে হচ্ছে। এই সমৃদ্ধিই শত অন্যায়-অবিচারের মাঝেও সমাজে শৃঙ্খলা বজায় রাখার প্রণোদনা দিচ্ছে। কেননা, আমরা কেউই এই স্থিতিশীল অবস্থা নিয়ে নাড়াচাড়া করার সাহস পাচ্ছি না।

>মানুষে মানুষে বিভেদ টেনে ‘আমরা বনাম ওরা’ পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য দেশে দেশে ডোনাল্ড ট্রাম্প, নাইজেল ফারাজ আর নরেন্দ্র মোদিদের কখনো অভাব পড়ে না

কিন্তু পৃথিবীর যেকোনো অর্থনীতির মতো আমাদের দেশের অর্থনীতিতেও পতনের সময় আসতে পারে। সেই পরিস্থিতিতে কি আমরা টিকে থাকতে পারব? ২০০৮ সালের বৈশ্বিক মন্দার সময় আমরা যেভাবে টিকে থাকতে পেরেছিলাম, ভবিষ্যতে তা সম্ভব হবে না। কারণ, এরই মধ্যে বিশ্ববাজারের সঙ্গে আমাদের সম্পৃক্ততা অনেক বেড়ে গেছে। অর্থনৈতিক মন্দা দেখা দিলে আমাদের বিপুল ব্যয়সাপেক্ষ সরকারকে এক ধাক্কায় ছোট করে আনতে পারব না, বিদেশ বা দেশের থেকে ঋণ পাওয়াও সহজ হবে না। আর হুট করে মুদ্রানীতি বদলেও হয়তো মন্দা ঠেকানো যাবে না। তখন যে মুদ্রাস্ফীতি আর উচ্চ বেকারত্ব সৃষ্টি হবে তার সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তের ওপর। উচ্চবিত্ত ও ক্ষমতাবান ব্যক্তিরা যোগসাজশ করে নিজেদের আখের গুছিয়ে নেবেন, যেমনটা ২০০৮ সালের মন্দার সময় আমেরিকায় ঘটেছিল।
যদি জেমস ডেভিসের (১৯৬২) জে-কার্ভ তত্ত্ব সঠিক হয় তাহলে ভবিষ্যতের সম্ভাব্য মন্দার সময়টা আমাদের জন্য মারাত্মক কঠিন হবে। কারণ, তাঁর তুলনামূলক বঞ্চনার তত্ত্ব অনুযায়ী যেমন আর্থসামাজিক সমৃদ্ধির সময়ে মানুষ বঞ্চনা দেখেও না দেখার ভান করে, তেমনি অর্থনৈতিক মন্দার সময়ে মানুষ ছোটখাটো সমস্যাতেই মারমুখী আর বিধ্বংসী হয়ে ওঠে। কারণ, সামান্য বিচ্যুতিকেই সমৃদ্ধিকালীন অভ্যাসের তুলনায় মারাত্মক বঞ্চনা বলে মনে হয়! তখন আর মানুষ আন্তর্জাতিক মন্দার যুক্তি শুনতে চায় না। তারা দ্রুত ফলাফল চায়। দুই লাইনের স্লোগান উচ্চারণ করে সব সমস্যার সমাধান চায়। তারা জানতে চায় না, বুশ ওবামার জন্য যে পাহাড়সম দেনা রেখে গিয়েছিল, সেখান থেকে ওবামা অর্থনীতিকে কতটুকু বাঁচিয়ে এনেছেন। কিংবা গ্রিসের রাষ্ট্রীয় বাজেটের অদূরদর্শিতা আর কেন্দ্রীয় ইউরোপীয় মুদ্রানীতির সংঘর্ষ কেমন করে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলোতে সংকট ডেকে নিয়ে এসেছে। তারা চায় দ্রুত, সোজাসাপটা সমাধান। তখন সব দোষ একদল লোকের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের ‘অপর’ বলে ঘোষণা করার ঝোঁক দেখা দেয়। মানুষে মানুষে বিভেদ টেনে ‘আমরা বনাম ওরা’ পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য দেশে দেশে ডোনাল্ড ট্রাম্প, নাইজেল ফারাজ আর নরেন্দ্র মোদিদের কখনো অভাব পড়ে না। তখন দেখা যায়, বছর বছর ধরে দমিয়ে রাখা ক্ষোভ নিয়ে একত্রে ফেটে পড়ে জনগণের বিরাট অংশ: তাদের আবেগের বিস্ফোরণ ঘটে। তারা এমন ধ্বংসাত্মক হয়ে ওঠে, যা শান্তিপূর্ণ সময়ে নিজেরাই কল্পনা করতে পারে না।
কাজেই অন্যদের বুদ্ধিনাশ দেখে এখন তোমার মনে হচ্ছে আমরা খুব ভালো আছি, সে রকম অবস্থা যে এখানে কখনোই হতে পারে না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। তাই এখনই তৈরি হতে হবে। সব মেধা-বুদ্ধি-সংস্কৃতি আর উদ্যোগ নিয়ে সংকটের সময়ে বিকল্প নেতৃত্ব তৈরির জন্য প্রস্তুত হতে হবে। সমৃদ্ধিকালীন নেতৃত্বে রাজনৈতিক স্বার্থসিদ্ধি হয়তো হয় কিন্তু সংকটকালীন নেতৃত্ব দিয়েই একটা জাতি সংজ্ঞায়িত হয়। আমাদের সংকটকালীন সিদ্ধান্তই বলে দেবে আমরা বাকিদের মতো বিভাজিত হয়ে অপরের ঘাড়ে দোষ চাপানোর জাতি হব, নাকি একত্র হয়ে ঠান্ডা মাথায় সমস্যা মোকাবিলা করতে সক্ষম একটা দায়িত্বশীল সাহসী জাতি হব।
অনুপম দেবাশীষ রায়: আন্তর্জাতিক রাজনীতিবিদ্যা, দ্বিতীয় বর্ষ, হাওয়ার্ড ইউনিভার্সিটি, ওয়াশিংটন ডিসি।