হোয়াইট হাউসের দীর্ঘ ও পীড়াদায়ক পর্যালোচনার পর সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আফগান নীতি ঘোষণা করেছেন। কিন্তু এতে ঠিক নতুন কী আছে?
দেখা গেল, ওবামা প্রশাসনের নীতি থেকে দুটি গুরুত্বপূর্ণ ব্যত্যয় ঘটেছে। প্রথমত, কবে নাগাদ সেনা প্রত্যাহার করা হবে, তার সময়সীমা প্রত্যাহার করেছেন ট্রাম্প, তিনি বলেছেন, ‘মাঠের পরিস্থিতির ভিত্তিতেই আমরা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেব, আমরা ইচ্ছামাফিক সময়সীমা নির্ধারণ করব না।’ দ্বিতীয়ত, প্রেসিডেন্ট আমাদের শুধু ক্ষীণ আশা দিয়েছেন যে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা হবে। তিনি বলেছেন, ‘কার্যকর সামরিক হস্তক্ষেপের পর কোনো এক দিন রাজনৈতিক সমাধান করা সম্ভব হবে, যার মধ্যে আফগান তালেবানদেরও অনেকে থাকবে। কিন্তু আমরা কেউ জানি না, কবে ও কখন সেটা ঘটবে।’
এই স্বীকৃতিটি অনেক আগেই দরকার ছিল, সেটা হলো, দ্রুত সেনা প্রত্যাহার বা শান্তি আলোচনার জন্য বেশি আগ্রহ দেখানো হলে তালেবানরা ভাববে, আমাদের ওখানে থাকার আগ্রহের অভাব রয়েছে এবং আমরা দ্রুতই চলে যাব। তবে গভীরভাবে দেখলে পরিবর্তনের চেয়ে ধারাবাহিকতাই বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে, ট্রাম্প যখন অস্বীকার করলেন যে তিনি জাতি গঠনের কাজ করছেন না, যদিও আদতে তিনি তা–ই করছেন।
২০১১ সালের ২২ জুন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে ৩৩ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণায় বলেছিলেন, ‘আমাদের এখন দেশের ভেতরে জাতি গঠনে মনোযোগ দিতে হবে।’ আর সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে আরও সেনা পাঠানোর ঘোষণা দেন: ‘আমরা আবারও জাতি গঠনে প্রবৃত্ত হইনি, আমরা সন্ত্রাসীদের হত্যা করছি।’
কিন্তু কিছুদিন আগে আমি যখন আফগানিস্তান সফর করলাম, তখন মার্কিন সেনা কর্মকর্তাদের মুখে শুধু জাতি গঠনের কথাই শুনলাম। হ্যাঁ, এটা ঠিক, কেউই এই শব্দবন্ধ ব্যবহার করেননি, বরং তাঁরা ‘সক্ষমতা তৈরি’-জাতীয় কিছু সুভাষণ প্রয়োগ করেছেন। কিন্তু উভয়ের উদ্দেশ্য একই, সেটা হলো আফগান সরকারের এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করা, যাতে তারা তালেবান, হাক্কানি নেটওয়ার্ক, ইসলামিক স্টেট, আল-কায়েদাসহ অন্যান্য ইসলামি চরমপন্থীদের মোকাবিলা করতে পারে।
যুক্তরাষ্ট্রের সত্যিই কোনো বিকল্প নেই। তারা যেমন আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক নয়, আবার যুদ্ধের পুরো দায়িত্ব নিজের সেনার ওপর চাপাতেও রাজি নয়। সেই দায়িত্ব নিতে গেলে তাকে লাখ লাখ সেনা মোতায়েন করতে হবে। আর তারা যদি আফগানিস্তান ছাড়ে, তাহলে দেশটি আবারও আন্তর্জাতিক সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠবে।
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়রের মতো অনেকে সংকীর্ণ উদ্দেশ্যে বিশেষ বাহিনী নামিয়ে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর কথা বলেছেন। কিন্তু সম্প্রতি ইয়েমেন এই মডেল বিশেষ কাজের কিছু হয়নি। সেখানকার কেন্দ্রীয় সরকারের পতন হলে মার্কিন বিশেষ বাহিনী সেনা প্রত্যাহারে বাধ্য হয়। বিশৃঙ্খল ও আইনবিহীন পরিবেশে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো কার্যকর হবে না, যেখানে দেশের বড় একটি অংশ বিদ্রোহীদের দখলে।
ফলে সফলতার একমাত্র কল্পনাসাধ্য পথ হচ্ছে স্থিতিশীল ও কার্যকর সরকারি প্রতিষ্ঠান নির্মাণ, যারা বাইরের সাহায্য কমে গেলেও নিজেদের এলাকা পাহারা দিতে পারবে। অন্য কথায়, জাতি গঠন করতে পারবে।
মার্কিন সেনারা আফগানিস্তানে ঠিক এটা করারই চেষ্টা করছে, যদিও সরকারি সাহায্য একরকম অপ্রতুল। বিভিন্ন সরকার আফগানিস্তানের অভিযানকে সংকীর্ণ সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে দেখেছে। আর জাতি গঠনের সবচেয়ে সহজ কাজ হচ্ছে আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস গঠন।
নিয়মিত পুলিশ ও সেনাবাহিনী আমাদের হতাশ করেছে। পুলিশ তো দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর, আর সেনাবাহিনী সম্মুখসমরে না গিয়ে নির্দিষ্ট অবস্থানেই থাকতে চায়। আর সবচেয়ে বড় সফলতা হলো আফগান স্পেশাল অপারেশনস ফোর্সেস গঠন, এরা সেনাবাহিনীর মাত্র ৭ শতাংশ হলেও এক-তৃতীয়াংশ সন্ত্রাসবিরোধী অভিযানে তারাই নেতৃত্ব দিচ্ছে।
ওদিকে আন্তর্জাতিক জোট আফগান স্পেশাল অপারেশনস ফোর্সের সংখ্যা ২১ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করতে চাচ্ছে। এই ২০ আগস্ট কাবুলে এক বিশেষ বাহিনী গঠন উপলক্ষে আমি ক্যাম্প মেরাহেড সফর করেছি। সবাই আশা করছে, এই বড় বাহিনী মার্কিন উপদেষ্টা ও বিমানবাহিনীর সহায়তায় বিদ্রোহীদের হটিয়ে দিতে পারবে, আফগানিস্তানের ৪০ শতাংশ মানুষ যাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করছে।
নিয়মিত সেনাবাহিনী ‘ধরে’ থাকবে, যেখানে পুলিশ আধা সামরিক বাহিনীর কাজ ছেড়ে নিয়মিত পুলিশিংয়ে ফিরে যাবে। জোট আফগান বিমানবাহিনীকে শক্তিশালী করতেও অনেক টাকা ঢালছে। সেই ধারাবাহিকতায় ২০২১ সালের মধ্যে সিংহভাগ বিমান হামলার দায়িত্ব তারা নিতে পারবে, যেটা এখন যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি করে থাকে।
কিন্তু নিরাপত্তা বাহিনী শূন্যতার মধ্যে থাকতে পারে না। একই সঙ্গে আফগান সরকারের দুর্নীতি কমানো ও সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। তবে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী আবদুল্লাহর মধ্যে দ্বন্দ্ব এবং উত্তরাঞ্চলের গোষ্ঠীপতিদের মধ্যে লড়াই জারি থাকায় প্রশাসন দৃশ্যত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।
কাবুলের কর্মকর্তারা অবশ্য মাঝেমধ্যে গনি-আবদুল্লাহ বরফ গলার ইঙ্গিত দেন। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, গনি দুর্নীতির বিরুদ্ধে আরও কিছুটা অগ্রসর হতে পেরেছেন, যে দুর্নীতির কারণে তালেবানদের দল ভারী করা সহজ হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ফরিদ হামিদি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বেশ কজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিচার করেছেন, সে কারণে গনির সুবিধা হয়েছে।
আফগান সরকারকে কার্যকর করার প্রচেষ্টা হাতে না নিলে তারা দীর্ঘমেয়াদি সফলতা অর্জন করতে পারবে না। তারা এত দিন অভিযানে যত গুরুত্ব দিয়েছে, এ কাজে ততটা দেয়নি। মার্কিন সেনাবাহিনীকে এখন এ কাজে নেতৃত্ব দিতে হবে।
ট্রাম্পের উচিত হবে এই কাজটা ভালোভাবে করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। আর এটাই হচ্ছে জাতি গঠন, কিন্তু যত দিন তিনি এটা করবেন, প্রেসিডেন্ট তত দিন এটাকে স্রেফ ‘বিজয়’ বলতে পারেন।
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
ম্যাক্স বুট: কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো।