সবাই কি এ কথা বলা বন্ধ করে দিতে পারবেন যে, ডোনাল্ড ট্রাম্পের হাতে ট্রান্স-প্যাসিফিক প্যাক্টের (টিপিপি) মৃত্যু হয়েছে? তিনি সেটা করেননি। ব্যাপারটা হলো কী, এটা আগেই মরে গিয়েছিল। সাধারণ মার্কিন নাগরিকেরা যে চাপ দিয়েছিলেন, তাতে কাজ হয়েছে। প্রকৃত অর্থেই এটি কাজ করেছে। ফলে টিপিপি এখন কংগ্রেসের মেঝেতে প্রাণহীন অবস্থায় পড়ে আছে। ট্রাম্পের সংকীর্ণ জামানাকে অভিনন্দন জানানোর কিছু নেই। আবার এই ভান ধরারও দরকার নেই যে তিনি করপোরেট স্বার্থের রক্ষকদের মন্ত্রিসভায় স্থান দেননি। রিপাবলিকানরা বারাক ওবামাকে সহযোগিতা করেননি। এ পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটরা যদি ট্রাম্পের মতো এমন একজন প্রবল অজনপ্রিয় বক্তৃতাবাগীশকে স্বাভাবিক নেতা হতে দেন, তাহলে নিশ্চিতভাবেই তা ভুল হবে। গণতন্ত্রকে ইতিমধ্যে অনেক ছাড় দিতে হয়েছে, এর মধ্যে ট্রাম্পের কারণে তা প্রবল হুমকির মুখে পড়ছে।
টিপিপিতে ট্রাম্পের স্বত্ব আছে—এমন কথা বলা প্যারোডির শামিল, যা ডেমোক্রেটিক ক্ষমতাকাঠামোর দিকে অভিযোগের তির ছুড়ে দেয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের ডানপন্থী লোকরঞ্জনবাদের উপাদানগুলো এ রকম: বিদেশিদের ব্যাপারে অহেতুক ভয়, সুরক্ষাবাদ ও তাঁর নিজের শ্রেণিকে ধনী বানানোর নীতি। হ্যাঁ, মার্কিন শ্রমিকদের বেতন বহু বছর ধরে স্থবির, ক্ষেত্রবিশেষে তা কমেছেও। দেশটির শিল্প খাত সংকুচিত হয়েছে, ফলে তাদের সমাজে বিপর্যয় নেমে এসেছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় ক্ষমতাকাঠামোই এর জন্য দায়ী। কিন্তু তারা কখনোই এটা ভেবে দেখেনি যে মানুষের মধ্যে যে রাগ ও ক্ষোভ জন্মাচ্ছে, একদিন ট্রাম্পের মতো অশ্লীল প্রকৃতির বক্তৃতাবাগীশ তার সুযোগ নেবে।
কথা হচ্ছে, ডেমোক্র্যাটরা যদি বার্নি স্যান্ডার্সসহ অন্যান্য প্রগতিশীলের কথা শুনত, যাঁরা এই বাণিজ্য চুক্তির বিরোধিতা করেছেন, তাহলে আজ তাদের ইতিহাসের সবচেয়ে বাজে সংকটে পড়তে হতো না। এই চুক্তির বদৌলতে শ্রমিকদের বেকারত্বের বিনিময়ে করপোরেট অভিজাতেরা লাভবান হতেন। হিলারি ক্লিনটনকে যে মানুষ এতটা অবিশ্বাস করেছে তার কারণে হচ্ছে এই টিপিপি, যদিও তিনি একজন স্বভাব মিথ্যাবাদীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এই চুক্তি সমর্থন করেছেন। এরপর তিনি নানা ভণিতা করেছেন। কখনো তিনি মধ্যবর্তী অবস্থান নিয়েছেন, আবার শেষ পর্যায়ে গিয়ে এর বিরোধিতা করেছেন। তিনি লোককে এমন ধারণা দিতে চেয়েছেন, যাতে তাঁর নিজেরই শক্ত বিশ্বাস নেই। এমনকি একদম স্থূল রাজনৈতিক কারণে তিনি অবস্থান বদলেছেন। মানুষ ধরে নিয়েছিল, হিলারি ক্লিনটনের বিজয় প্রায় অনিবার্য, কিন্তু রাস্ট-বেল্ট (যেসব এলাকার শিল্প ধ্বংস হয়ে গেছে) তাঁর স্বপ্ন ডুবিয়ে দিয়েছে। অর্থাৎ ডেমোক্রেটিক দলের প্রার্থী যদি টিপিপির বিরুদ্ধে অবস্থান নিতেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বর্তমান গতি–প্রকৃতি এতটা বিপজ্জনক হতো না।
প্রগতিশীলেরা যে টিপিপির মতো বাণিজ্য চুক্তির বিরোধিতা করেছেন তার কারণ হলো, এ রকম চুক্তির জন্য মানুষের চাকরি যায় এবং সম্পদ ও ক্ষমতা বড় করপোরেশনের হাতে জড়ো হয়। এতে শ্রমিকদের চাকরির শর্ত আরও শিথিল হয়। গণতন্ত্র হুমকির মুখে পড়ে। ট্রান্স আটলান্টিক ট্রেড ইনভেস্টমেন্ট পার্টনারশিপের অবস্থা খুব বেগতিক, কিন্তু এটার মতো টিপিপির আওতায় বহুজাতিক কোম্পানিগুলো গোপন আদালতে সংশ্লিষ্ট দেশের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে, যদি তারা কোম্পানির স্বার্থবিরোধী কোনো নীতি গ্রহণ করে। পুঁজিবাদ যে গণতন্ত্র ও সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক হয়, এটা তারই এক নজির।
ট্রাম্প কিন্তু এসব সমস্যার দাওয়াই দিচ্ছেন না; বরং তিনি ঠিক এর বিপরীত। মানুষকে একত্র করার জন্য তাঁর স্লোগান ছিল ‘জলা কাদা দূর করো’, কিন্তু তাঁর প্রশাসনই তো জল কাদার মতো আবর্জনায় পরিণত হচ্ছে। তাঁর প্রশাসন গোল্ডম্যান স্যাকসের সাবেক কর্মী ও এক্সন মবিলের সাবেক সিইও রেক্স টিলারসনের মতো লোক দিয়ে ভর্তি। ট্রাম্প বড় ব্যবসায়ীদের কর কমাতে অঙ্গীকারবদ্ধ, যেসব তথাকথিত ‘বিধিবিধান’ শ্রমিক ও ভোক্তাদের সুরক্ষা দেয়, সেগুলো তিনি প্রত্যাহার করে নেবেন। ট্রাম্প টিপিপির মতো চুক্তির বিরোধিতা করতে পারেন, কিন্তু তিনি নিম্ন মজুরি ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতার সঙ্গে বিদেশিদের ব্যাপারে অহেতুক ভীতির যোগ ঘটাচ্ছেন।
যুক্তরাষ্ট্রে অবকাঠামো খাতে বিনিয়োগ করা হলে তা স্বল্প মেয়াদে অর্থনীতিকে চাঙা রাখতে পারে, কিন্তু ধনী মার্কিন নাগরিক ও বড় ব্যবসায়ীদের ওপর থেকে কর প্রত্যাহার করা হলে মার্কিন অর্থনীতি গুরুতর বিপদের মুখে পড়তে পারে। ডানপন্থী লোকরঞ্জনবাদীরা যা করে থাকে, অর্থাৎ ভিন্নমতও নয়, স্রেফ প্রশ্ন করা হলেই তা প্রতারণা হিসেবে চিহ্নিত করা হবে। এসব কারণে মার্কিন প্রগতিশীলদের আরও শক্ত অবস্থান নেওয়া দরকার।
ট্রাম্প যা-ই করেন না কেন, তিনি কিন্তু গড়পড়তা মার্কিন নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য তা করেন না। আত্মগর্বে বলীয়ান ধনী ব্যক্তি ট্রাম্প নিজের সহযোগীদের ধনী বানাতে বিদেশিদের বলির পাঁঠা বানাচ্ছেন। তাঁর কোনো কাজে গদগদ হওয়া যাবে না। তাঁকে প্রতিরোধ করতে হবে, তাঁকে স্বাভাবিক হতে দেওয়া যাবে না, তাঁকে বিচ্ছিন্ন করতে হবে, সে জন্য রিপাবলিকান পার্টির মধ্যে যে প্রভেদ আছে, তা কাজে লাগাতে হবে। তাঁর সম্পর্কে এমন কিছু বলা যাবে না, যাতে তাঁকে ভানকারী ছাড়া অন্য কিছু মনে হয়, যিনি মার্কিন শ্রমিকদের উসকে দেন, যাতে তারা ট্রাম্পের শ্রেণির লোকদের দোষারোপ না করে অন্যদের দোষারোপ করে। যদিও তাঁর শ্রেণির লোকেরাই এই ধনী ও অন্যায্য সমাজের জন্য দায়ী।
অনুবাদ: প্রতীক বর্ধন, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
ওয়েন জোন্স: ব্রিটিশ কলামিস্ট।