ট্রাম্প যুক্তরাষ্ট্রকে হাস্যকর বানিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসেফ ই স্টিগলিৎস
জোসেফ ই স্টিগলিৎস

বেশ কয়েক বছর ধরেই ট্রাম্প এই বিস্ময়কর ষড়যন্ত্র তত্ত্ব ফেঁদে আসছেন, ‘জলবায়ু পরিবর্তনের ধারণাটি চীনারা তাদের স্বার্থে বানিয়েছে, যাতে মার্কিন উৎপাদনশীল খাত প্রতিযোগিতায় আসতে না পারে।’ কিন্তু এই কারণ দেখিয়ে ট্রাম্প প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনেননি। বরং তিনি অভিযোগ করেছেন, চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খারাপ। ঠারেঠোরে তিনি বলেছেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য। গত ১ জুন ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছেন।

ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সামঞ্জস্যহীনভাবে প্রকৃতিতে গ্রিনহাউস গ্যাস ছেড়েছে। বড় দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রই মাথাপিছু সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে। হিসাব করে দেখা গেছে, তাদের মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের হার চীনের দ্বিগুণ এবং ইউরোপের আড়াই গুণ। তার যেহেতু আয় বেশি, সেহেতু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সে ভালো অবস্থায় আছে, যেটা গরিব ও নিম্ন আয়ের দেশের জন্য কঠিন।

বস্তুত, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করলে যুক্তরাষ্ট্র দুর্বল হবে বলে ট্রাম্প যে যুক্তি দিয়েছেন, সেটি সঠিক নয়, বরং এতে যুক্তরাষ্ট্র শক্তিশালী হবে। ট্রাম্প অতীতের পানে তাকিয়ে আছেন, পরিহাস হলো, সেই অতীত অতটা মহান কিছু নয়। তিনি কয়লাখনির চাকরি ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন (বর্তমানে ৫১ হাজার মানুষ এতে কাজ করছেন, যা অকৃষি খাতের কর্মসংস্থানের শূন্য দশমিক শূন্য ৪ শতাংশের কম)। কিন্তু তিনি ভুলে গেছেন, এই কয়লাখনির কাজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে তিনি প্রাযুক্তিক উৎকর্ষের ব্যাপারটা ভুলে গেছেন, এতে কয়লা উৎপাদনের পুনরুজ্জীবন ঘটলেও কর্মসংস্থান হ্রাস পাবে।

সত্য হলো, কয়লা খাতে যত শ্রমিক কাজ হারাচ্ছেন, সোলার প্যানেল স্থাপনে তার চেয়ে বেশি কাজ সৃষ্টি হচ্ছে। আরও সাধারণভাবে বলা যায়, সবুজ অর্থনীতি গ্রহণ করলে আজ যুক্তরাষ্ট্রের আয় বাড়বে, আর ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। এটাসহ আরও কিছু ব্যাপারে ট্রাম্প একদম হতাশাজনকভাবে অতীতে ডুবে আছেন।

প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার কয়েক সপ্তাহ আগে গ্লোবাল হাই লেভেল কমিশন অন কার্বন প্রাইসেসের সহ-চেয়ারম্যান নিকোলাস স্টার্ন সবুজ প্রযুক্তিতে রূপান্তরের সম্ভাবনার কথা বলেছেন। মে মাসে প্রকাশিত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো হলে অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে। এই যুক্তিটি একদম সোজাসাপ্টা। আজ যে বিষয়টি বৈশ্বিক অর্থনীতির রাশ টেনে ধরে রাখছে তা হলো সম্মিলিত চাহিদার ঘাটতি। একই সময়ে অনেক দেশের সরকার রাজস্ব ঘাটতির মুখে আছে। কিন্তু আমরা দুটি বিষয় একই সঙ্গে আমলে নিতে পারি, আর কার্বন কর আরোপ করে নিঃসরণ কমাতে পারি।

ভালোর চেয়ে খারাপ জিনিসের ওপর করারোপ করা সব সময় ভালো। কার্বন করারোপ করা হলে উৎপাদক ও গৃহস্থালি ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে খাপ খাওয়ানোর উদ্দীপনা পাবে। এই করারোপ করা হলে উৎপাদকেরা জ্বালানির ব্যবহার কমানোর আগ্রহ পাবে। এতে তারা প্রতিযোগিতামূলক সুবিধা পেয়ে যাবে।

উক্ত কমিশন প্যারিস জলবায়ু চুক্তিতে বর্ণিত লক্ষ্য অর্জনে কার্বন কর কেমন হওয়া উচিত, তা বিশ্লেষণ করে দেখেছে। দেখা গেছে, ইউরোপে এখন কার্বন নিঃসরণ বাবদ যে কর আরোপ করা হয়, তার চেয়ে ঢের বেশি লাগবে। কিন্তু সেটা অর্জন করা সম্ভব। কমিশন এ-ও বলেছে, একেক দেশে কার্বনের মূল্য একেক রকম হবে। বিশেষত তারা খেয়াল করেছে, নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নততর হলে কর ব্যবস্থার ওপর চাপ কমবে, যার মাধ্যমে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানো যাবে।

কৌতূহলোদ্দীপক ব্যাপার, বিশ্বের অন্যতম ভালো অর্থনীতির দেশ সুইডেন ইতিমধ্যে আমাদের প্রতিবেদনে আলোচিত হারের চেয়ে বেশি হারে কার্বন কর আরোপ করছে। তারা যুক্তরাষ্ট্রের মতো নিঃসরণ না করেও উচ্চ প্রবৃদ্ধি ধরে রেখেছে।

ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বনেতার আসন হারিয়ে উপহাসের পাত্র হয়ে গেছে। ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর রোমের সিটি হলের ওপর বড় একটি সাইন ঝোলানো হয়েছিল, ‘গ্রহই প্রথম’। একইভাবে, ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ট্রাম্পের প্রচারণাকালে স্লোগান নিয়ে তামাশা করেছেন, ‘আমাদের গ্রহকে আবারও মহান বানাতে হবে।’

কিন্তু ট্রাম্পের কাজের পরিণতিতে যা হচ্ছে তা কিন্তু হাসির ব্যাপার নয়। যুক্তরাষ্ট্র যদি আগের মতো নিঃসরণ করে যায়, তাহলে পৃথিবীকে বিপুল মূল্য চোকাতে হবে, এমনকি গরিব দেশগুলোকেও। যারা যুক্তরাষ্ট্রের খ্যাপামোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের রাগ করার যুক্তি আছে। আমাদের সৌভাগ্য, যুক্তরাষ্ট্রের গতিশীল অর্থনৈতিক অঞ্চলসহ সিংহভাগ অঞ্চল মনে করছে, ট্রাম্প অপ্রাসঙ্গিক না হলেও তিনি নিজেকে যতটা প্রাসঙ্গিক ভেবেছিলেন, ততটা তিনি নন। বিপুলসংখ্যক প্রদেশ ও করপোরেশন ঘোষণা দিয়েছে, তারা অঙ্গীকার পূরণ করবে। সম্ভবত তারা এখানেই থেমে থাকবে না, যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশের ব্যর্থতাও ঢেকে দেওয়ার চেষ্টা করবে তারা।

এর মধ্যে বিশ্বকে অবশ্যই দুর্বৃত্ত রাষ্ট্রের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। জলবায়ু পরিবর্তন গ্রহের অস্তিত্বের জন্য হুমকি, যা উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার চেয়ে কম ক্ষতিকর নয়। উভয় ক্ষেত্রেই পৃথিবী এই অনিবার্য প্রশ্ন এড়িয়ে যেতে পারে না, সেটা হলো পৃথিবী নামক গ্রহকে রক্ষার ব্যাপারে একটি রাষ্ট্রের যা করার কথা, তারা যদি সেটা না করে, তাহলে কী করা যায়?

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

জোসেফ ই স্টিগলিৎস: নোবেল পুরস্কারপ্রাপ্ত মার্কিন অর্থনীতিবিদ।