ট্রাম্পই আইএসকে উসকে দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাওয়াজ এ গ্রেগস
ফাওয়াজ এ গ্রেগস

সত্য হচ্ছে ইসলামের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই আইএসের জন্ম হয়েছে, ইসলাম ও পশ্চিমের সংঘাতের কারণে নয়। তবে এটা বলছি না, পশ্চিম, বিশেষ করে মার্কিন পররাষ্ট্রনীতি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বে যে ইরাক দখল হলো, তাতে ইরাকের ভঙ্গুর সমাজ আরও ভেঙে পড়ে। এতে স্থানীয় প্রতিষ্ঠান ভেঙে পড়ে, যার মধ্যে আছে সেনাবাহিনী ও শাসক বাথ পার্টি। এর ফলে এক সহিংস গোষ্ঠীবিবাদ শুরু হয়। কার্যত, এর ফলে ইরাকি সমাজে জিহাদি গোষ্ঠীগুলোর উত্থান হয়। প্রথমে কাজ শুরু করে আল-কায়েদা ইন ইরাক, আর এখন আইএস, যেটা আসলে আল-কায়েদার সম্প্রসারণ, যার নেতৃত্বে আছেন ইরাকের সাবেক সেনা কর্মকর্তারা।

২০১১ সালে সিরিয়াতেও প্রায় কাছাকাছি একটা ব্যাপার ঘটে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সংখ্যালঘু শিয়াঘেঁষা আলাওয়াইট জমানার বিরুদ্ধে গণবিক্ষোভ তৈরি করে। তিউনিসিয়া ও মিসরের আরব বসন্তের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সিরিয়ার নাগরিকেরা রাস্তায় নেমে আসে। নিঃসন্দেহে তারা অধিকতর স্বাধীনতা ও সরকারে সুন্নি প্রতিনিধিত্ব বাড়ানোর আশা নিয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু ইরানের অবিচল সমর্থন পেয়ে আসাদ নতি স্বীকার না করে পাশবিক বলপ্রয়োগ করে বিদ্রোহ দমনের চেষ্টা করেন। ফলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, সেখানকার প্রতিষ্ঠান ভেঙে পড়ে। আর সেখানকার গোষ্ঠীগত বিভাজন আরও তীব্র হয়। সুন্নি জিহাদিরা এই সুযোগ নিয়ে সিরিয়ার তরুণ, ক্ষুব্ধ, মরিয়া প্রজন্মকে দলভুক্তকরণের চেষ্টা করে, মূলত গ্রামীণ অঞ্চলের তরুণদের। এই ক্রমবর্ধমান শিয়া-সুন্নি বিভাজনকে কাজে লাগিয়ে আইএসের দলভুক্তকারী ও নেতারা মুসলমানদের প্রকৃত রক্ষক হিসেবে নিজেদের জাহির করে, ইসলামের সম্ভাব্য আদর্শিক ও ধর্মীয় শত্রুর বিরুদ্ধে, যার মধ্যে পশ্চিমও ছিল।

ট্রাম্প আসলে আইএসের বিরোধী লড়াইকে স্নায়ুযুদ্ধের ঘরানার  উগ্রপন্থী ইসলাম  ও পশ্চিমের মধ্যকার লড়াই হিসেবে চিহ্নিত করে পুরো ব্যাপারটিকে একটা দ্বিমাত্রিকতার মধ্যে ঢুকিয়ে দিলেন, যেটা আইএসের নেতারাও করে থাকে। সাধারণ মুসলমানেরা আইএসের নৈরাজ্যবাদী আদর্শ প্রত্যাখ্যান করে। ফলে তারা স্বাভাবিকভাবেই ট্রাম্পের সহজ-সরল বাগাড়ম্বর প্রত্যাখ্যান করে, যেটা আসলে ইসলামভীতি বাড়িয়ে দেয়। ফলে আইএসের স্বনিয়োজিত আমির আবু বকর আল-বাগদাদি ও তাঁর সহযোগীদের কাছে ট্রাম্পের এই প্রচারণা মধুর সংগীতের মতো লাগে। আর আইএসবিরোধী যুদ্ধকে সোভিয়েত ইউনিয়নবিরোধী যুদ্ধের সঙ্গে তুলনা করলে ব্যাপারটা আরও খারাপ হয়ে যায়। এর মধ্য দিয়ে ট্রাম্প একটি সন্ত্রাসী গোষ্ঠীকে এক পরাশক্তির পর্যায়ে তুলে নিয়ে আসেন। এতে আইএসকে বাস্তবের চেয়ে বেশি শক্তিশালী মনে হয়, যেটা প্রকারান্তরে আইএসের জন্যই লাভজনক হয়।

বাইরের শক্তি যদি সিরিয়ায় আসাদকে ক্ষমতায় রাখতে চায়, তাহলে অনেক সিরীয়সহ সুন্নি মুসলমানেরা ক্ষুব্ধ হবে, আইএসের লোক পাওয়ার উর্বর ক্ষেত্র সৃষ্টি হবে। ফলে যুক্তরাষ্ট্র যদি সেই সব দেশের সঙ্গে ঐক্য গড়ে, যাদের অভিপ্রায় হচ্ছে আসাদকে ক্ষমতায় রাখা, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে, যেমন রাশিয়া ও ইরান, যাদের সঙ্গে এখন চীনও যোগ দিয়েছে, তারা সিরীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। অথচ ট্রাম্প রাশিয়াকে সহযোগিতা করতে চাচ্ছেন। তিনি ভুলে যাচ্ছেন, রাশিয়া আসাদকে সিরিয়ার ক্ষমতায় রাখতে চায়। এটা করতে গিয়ে তাঁকে ইরানের সঙ্গেও চুক্তি করতে হবে, যারা সুন্নিদের সঙ্গে যুদ্ধ করতে এক পায়ে খাড়া। এটা করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হবে।

সময় এসেছে যুক্তরাষ্ট্রকে তরুণ মুসলমানদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে খাপ খাওয়াতে হবে। এর জন্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বড় রকমের কূটনৈতিক ও সামাজিক উদ্যোগ নিতে হবে, যাতে মধ্যপ্রাচ্যের দাউ দাউ আগুন নেভানো যায়, ভেঙে পড়া প্রতিষ্ঠান পুনর্গঠন করা যায় ও জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা যায়। যুক্তরাষ্ট্র যেন মধ্যপ্রাচ্যবিষয়ক আবারও এক দফা অপরিণামদর্শী পররাষ্ট্রনীতি গ্রহণ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রাম্পকে ঠিক সেটাই করতে হবে।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

ফাওয়াজ এ গ্রেগস: লন্ডন স্কুল অব ইকোনমিকসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।