ট্রাম্পকে ছাড়াই ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফরি ডি স্যাক্স
জেফরি ডি স্যাক্স

হামবুর্গে গত শুক্রবার বিকেলে হাজার হাজার মানুষ যেন মান্দ্রস্বরে (খুব উচ্চ নয়) নেতাদের উদ্দেশে ধরেছিলেন বিটোফেনের নাইন্থ সিম্ফনি। সেই হৃদয় নিংড়ানো প্রথম কয়েকটি লাইন, যা সর্বজনীন ভ্রাতৃত্বের প্রতি বিটোফেনের আবেদন। আন্দোলনকারীরা সেই বার্তাটি দিলেন কনসার্ট হলের ব্যালকনিতে বসে থাকা বৈশ্বিক নেতাদের। জি-২০ প্রেসিডেন্ট জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিটোফেনের এই চেতনা সঞ্চারণে বেশ ভালোই অগ্রসর হলেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এটিই প্রথম জি-২০ সম্মেলন। সম্মেলনে যে অনৈক্যের সুরটা শোনা গেল, তার সূতিকাগার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। বিটোফেনের সিম্ফনির যে ঝঞ্ঝাবিক্ষুব্ধ অংশ, সম্মেলনের অনৈক্য তারই প্রতিধ্বনি। ভ্রাতৃত্বের ভালোবাসা সঞ্চারে ট্রাম্পের উৎসাহ নেই। তিনি ধর্মীয় ও জাতিগত বিভেদের কারবার করেন, প্রতিবেশীদের সঙ্গে বৈরিতা করেন। তিনি পশ্চিমা সভ্যতার এমন এক দ্বৈত চিত্রকল্প তৈরি করেন, চরমপন্থী ইসলামের হাতে যে সভ্যতার পতন হলো বলে। তিনি মনে করেন, অকল্পনীয় সম্পদ ও চরম প্রাযুক্তিক শৌর্যের কারণে এই সভ্যতার পতন হবে না, হবে ইসলামের জন্য।

রাস্তায় অর্কেস্ট্রার বাদকেরা দম বন্ধ করা পারফরম্যান্স করছিলেন, যদিও সেই বিকেলের মূল বাদক ছিলেন ম্যার্কেল। হামবুর্গেই এই নতুন এলফিলহারমোনি কনসার্ট হলে জি-২০-এর নেতাদের একত্র করাই তো অনেক বড় ব্যাপার। হলটি স্থাপত্যবিদ্যার পরাকাষ্ঠাই বটে, যেটা নির্মাণের অনুপ্রেরণা এসেছে বৈশ্বিক সংস্কৃতির মহত্তম সাংগীতিক কর্ম থেকে, যার বার্তা হচ্ছে বৈশ্বিক ঐকতান।

এই কনসার্ট হলের নানা তাৎপর্য রয়েছে। হিটলারের জার্মানির ছাইভস্ম থেকে বিটোফেনের জার্মানির পুনরুত্থান হয়েছে। আজকের জার্মানি বৈশ্বিক পরিসরে সমাদৃত, সে শান্তিপ্রিয়, গণতান্ত্রিক, সমৃদ্ধিশালী, উদ্ভাবনমূলক ও সহযোগিতামূলক জাতি। তারা যুদ্ধ ঘৃণা করে।

একই সময়ে বিটোফেনের প্রতিভা শুধু জার্মানি বা পশ্চিমের নয়, তা সারা পৃথিবীর সম্পদ। হ্যাঁ এটা ঠিক, আলোকায়ন ইউরোপীয় ব্যাপার, কিন্তু সারা পৃথিবীই তার আওতায় ছিল। জাত্যভিমানের বিপদ কী, তা সম্পর্কেও আলোকায়ন সচেতন ছিল। জার্মানি ইমানুয়েল কান্টের ‘চিরস্থায়ী শান্তির’ ধারণায় বুঁদ ছিল।

কিন্তু ট্রাম্পের ‘যুক্তরাষ্ট্রই প্রথম’ নীতি কান্টের নৈতিকতার নির্লজ্জ অপমান, শান্তির জন্য হুমকি। প্যারিস জলবায়ু চুক্তি প্রসঙ্গে ট্রাম্প যেভাবে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলেন, সেটা নগ্ন আত্মস্বার্থের সবচেয়ে শীতল বহিঃপ্রকাশ। কয়েকটি মার্কিন কোম্পানির স্বার্থে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন: কোচ ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল রিসোর্সেস, পিবডি এনার্জি, এক্সনমোবিল, শেভরনসহ আরও কিছু। গ্যাস ও তেল উত্তোলন থেকে মুনাফা সর্বোচ্চকরণ, গভীর সমুদ্র খনন, কয়লাখনি খনন ও ব্যবহারের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তাতে জলবায়ুর বারোটা বাজলেও তাঁর কিছু এসে-যায় না।

যে রিপাবলিকান প্রতিনিধি ও সিনেটররা ট্রাম্পকে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান করেছিলেন, জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো তাদের প্রচারণার অর্থায়ন করেছিল। এই কোম্পানি ও তাদের দ্বারা সুবিধাপ্রাপ্ত মানুষেরা বাকি মার্কিনদের কল্যাণ জলাঞ্জলি দিতে প্রস্তুত। শুধু তা-ই নয়, তাঁরা তাঁদের পরিবারের স্বার্থও জলাঞ্জলি দিতে পারেন, বাকি পৃথিবী ও ভবিষ্যৎ প্রজন্মের কথা আর নাই-বা বললাম। সবকিছুর চেয়ে লোভই বড়।

ফলে জি-২০ সম্মেলনের আগের প্রশ্নটি কিন্তু পরিষ্কার। ব্যাপারটা হলো, অন্য দেশগুলো কি যুক্তরাষ্ট্রের মতো এমন ঝুঁকিপূর্ণভাবে সাধারণের ভালোর ওপরে নিজ স্বার্থকেই প্রাধান্য দেবে? বাতাসে গুজব আছে। নিউইয়র্ক টাইমস ইঙ্গিত দিয়েছে, ট্রাম্প রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, এমনকি ইন্দোনেশিয়াকে প্যারিস চুক্তি থেকে বের করে আনতে পারেন। ফলে এই চুক্তি দুর্বল হয়ে পড়বে।

এ কারণে হামবুর্গে বৈশ্বিক সহযোগিতার ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। প্যারিস জলবায়ু চুক্তি করতে বহু বছর লেগেছে। এক হিসাবে বলা যায়, ১৯৯২ সালের পর রিও আর্থ সামিটের পর এই চুক্তিতে আসতে এক প্রজন্ম লেগে গেছে। ২০১৫ সালের ডিসেম্বরে ১৯৩টি দেশ সর্বসম্মতিক্রমে এই চুক্তিতে পৌঁছায়। এখন মার্কিন লবিরা কি ধামাধরা রাজনীতিকদের বগলদাবা করে এই চুক্তি নস্যাৎ করতে পারবে?

ম্যার্কেল আবারও যুক্তি ও দক্ষতার আধার হিসেবে নিজেকে প্রমাণ করলেন। তিনি আতঙ্কিত বা উচ্চকণ্ঠ হননি, এমনকি দাবিও করেননি। কিন্তু তিনি এটা পরিষ্কার করেছেন, তাঁর, জার্মানি ও ইউরোপের অবস্থানটা কী। গত মে মাসে জি-৭ বৈঠকের পর তিনি শোকার্ত কণ্ঠে
বলেন, ইউরোপ এখন আর যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না। দৃশ্যপটের বাইরে তিনিসহ উচ্চ পেশাদারিসম্পন্ন জার্মান কূটনীতিকেরা অতিরিক্ত সময় খেটে সম্মতি আদায়ের চেষ্টা করেছেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই।

শুক্রবার জি-২০ নেতারা কনসার্ট হলে যাওয়ার পর তাঁদের সহযোগীরা খসড়া চূড়ান্ত করতে নানা তর্ক-বিতর্ক করেছেন। রাশিয়া, সৌদি আরবসহ অন্যরা কি ট্রাম্পের খেলায় অংশ নেবে? ঘোষণা এলে বিশ্বের কূটনীতিক ও জলবায়ুকর্মীরা স্বস্তির নিশ্বাস ফেলেন। জি-২০-এর অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের কৌশল প্রতিহত করেছে। ঘোষণাটি সাদাসিধে, একদম যথাযথ; এটি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আবারও আমাদের আশ্বস্ত করে, ‘জি-২০-এর সদস্যরাষ্ট্রের নেতারা বলেছেন, প্যারিস চুক্তি কখনোই ফেলে দেওয়া যাবে না।...আমরা প্যারিস চুক্তির প্রতি বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করছি, এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে আমরা দ্রুতবেগে এগিয়ে চলেছি...।’

ঘোষণায় ট্রাম্পের দ্বিচারণ নিয়ে একটি অনুচ্ছেদ আছে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে এবং জ্বালানি নিরাপত্তার উন্নতি ঘটিয়ে তারা কার্বন নিঃসরণ কমাতে চায়।’ এ লক্ষ্যে তারা ‘অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে এবং পরিবেশসম্মতভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে পারে। অন্যান্য দেশকে পুনর্ব্যবহারযোগ্য ও দূষণবিহীন জ্বালানি ব্যবহারেও সাহায্য করতে চায় তারা।’ এসব শুনে কোনো শিশু বলতে পারে, ‘আর কী’।

আরও কিছু বৈশ্বিক প্রসঙ্গে পূর্ণাঙ্গ মতৈক্য হয়েছে। জি-২০ আবারও নিশ্চিত করেছে, ‘প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা, উদ্ভাবন, কর্মসংস্থান ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ অনুঘটক’। জি-২০-এর সব সদস্যদেশ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে নতুন করে অঙ্গীকার করেছে। স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতেও তারা অঙ্গীকার করেছে। টেকসই উন্নয়ন ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতিও তারা পুনরায় অঙ্গীকার করেছে।

কনসার্ট শেষ হলে নেতারাসহ অন্যরা উঠে দাঁড়িয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন; সব প্রশংসা বিটোফেন, কান্ট ও ম্যার্কেলের।

 অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

জেফরিডিস্যাক্স: কলাম্বিয়াবিশ্ববিদ্যালয়েরটেকসইউন্নয়নেরঅধ্যাপক।