
শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রবেশকারী মানুষের ওপর নিষেধাজ্ঞা জারি করতে ডোনাল্ড ট্রাম্প যে ‘চরম মাত্রায় ভেটিং’-এর ঘোষণা দিলেন, তাতে দেশটি নিশ্চিতভাবে পরীক্ষার মুখে পড়ে যাবে। একই সঙ্গে মুসলিম অভিবাসীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সাংবিধানিক ভিত্তিও প্রশ্নের মুখে পড়বে।
বিষয়টা হচ্ছে, যুক্তরাষ্ট্র সিরিয়ার শরণার্থী গ্রহণ এবং ১২০ দিন সব ধরনের শরণার্থীদের প্রবেশ স্থগিত করেছে। তার সঙ্গে ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইরান, ইয়েমেন—এই সাতটি মুসলিম অধ্যুষিত দেশ থেকে ৯০ দিন কোনো মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। শুক্রবার ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, খ্রিষ্টান অভিবাসীদের বেলায় কিছুটা ব্যতিক্রম প্রযোজ্য হবে। আদেশে বলা হয়েছে, আবেদনকারীরা যদি সংশ্লিষ্ট দেশের জাতিসত্তাগুলোর মধ্যে সংখ্যালঘু হন এবং তাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার হন, তাহলে তাঁদের প্রাধান্য দেওয়া হবে।
মার্কিন আইনজীবীরা বেশ কয়েক মাস ধরে এই নিয়ে দ্বিধাবিভক্ত যে, ট্রাম্পের এই প্রস্তাব মার্কিন সংবিধানের আলোকে ধোপে টিকবে কি না। যুক্তরাষ্ট্রে কে ঢুকতে পারবে আর কে পারবে না বা কারা দেশটির নাগরিকত্ব পাবে, তা নির্ধারণ করার কর্তৃত্ব কংগ্রেস ও হোয়াইট হাউস উভয়ের। আর দেশটির সুপ্রিম কোর্ট কখনো এমন প্রশ্নের সম্মুখীন হননি যে ধর্মের ভিত্তিতে কেউ নাগরিকত্ব পাওয়ার বেলায় অন্যের চেয়ে পিছিয়ে থাকবেন কি না। অর্থাৎ এ ক্ষেত্রে কারণ হিসেবে ধর্ম কতটা যৌক্তিক। ট্রাম্পের ঘোষণায় শুধু খোলামেলাভাবে ইসলাম উল্লেখ করা হয়নি, বরং তাতে পরিষ্কারভাবেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মানে, এ কারণে মার্কিন সংবিধানে বর্ণিত ধর্মের নিশ্চয়তা ও যথাযথ প্রক্রিয়া পরীক্ষার মুখে পড়বে। একই সঙ্গে সাধারণভাবে অভিবাসনের ওপর প্রেসিডেন্টের কর্তৃত্বও প্রশ্নের সম্মুখীন হবে।
১৮৯০ সালে মার্কিন আদালত চীনা অভিবাসীদের আগমনের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল রাখেন। কিন্তু সেটা ছিল বর্ণগত ব্যাপার। শেষমেশ সেই যুক্তি ফেলে দেওয়া হয়েছিল। ১৯৭২ সালে আদালত বিধি জারি করেন যে, হোয়াইট হাউস বেলজিয়ান মার্ক্সবাদীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দিতে পারে, যদিও সেটা প্রেসিডেন্টের মর্জির ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। এ মামলার কারণে অনেক আইনবিদ ধরে নিয়েছেন, আদালত ট্রাম্পের আদেশ বজায় রাখবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, ট্রাম্প বারবারই গড়পড়তা কথা বলছেন। তিনি পুরো একটি গোষ্ঠীর কথা বলছেন, ব্যক্তিবিশেষের নয়। অর্থাৎ তিনি খোলাখুলিভাবে একটি ধর্মীয় গোষ্ঠীকে আরেকটি গোষ্ঠীর তুলনায় প্রাধান্য দিচ্ছেন। আর তাঁর যে ইচ্ছা, তাতে আদালত কর্তৃক এই আইন মূল্যায়নের ওপর প্রভাব পড়তে পারে।
১৯৭২ সালের মামলায় আদালত ভবিষ্যৎ চ্যালেঞ্জের পথ খোলা রেখেছিলেন। সেবার আদালত বলেছিলেন, এটা করতে হোয়াইট হাউসের এমন কারণ লাগবে, যা ‘দৃশ্যত বৈধ ও বাস্তব’। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ইতিমধ্যে ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেছে। এখন তারা এই লক্ষ্যে মিত্রদের জড়ো করতে পারে, তাহলে ট্রাম্পকে আদালতে প্রমাণ করতে হবে যে, এ ধরনের গয়রহ আদেশের পেছনে বৈধ কারণ আছে। ওদিকে দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স তাদের মামলা করার আগ্রহ ইতিমধ্যে ঘোষণা করেছে। তাদের অভিযোগ হচ্ছে, এই আদেশের ‘রাজনৈতিক লক্ষ্য’ যথাযথ নয়।
আদেশের ভাষায় যে ধর্মীয় নিপীড়নের কথা বলা হয়েছে, তার পরিসর বেশ বড়। ফলে এটি পরীক্ষা-নিরীক্ষায় টিকে যেতে পারে। আর ইতিহাসও ট্রাম্পের পক্ষে থাকতে পারে। মার্কিন আদালত বারবার সীমান্ত নিরাপত্তার জন্য প্রেসিডেন্টের কাছে নতি স্বীকার করেছে। এমনকি ২০০৮ সালে ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি-এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেমবিষয়ক একটি মামলায় আপিল আদালত এটি বহাল রেখেছিলেন, যার কারণে মুসলমানরা খুব খেপেছিল। ১৯৭২ সালের উল্লিখিত মামলার মতো সেবারও আদালত হোয়াইট হাউসকে সতর্ক করেছিলেন, ধর্মীয় বিদ্বেষের কারণে বিচারকেরা এমন ব্যবস্থার ব্যাপারে অতটা উন্মুক্ত না–ও থাকতে পারেন।
হার্ভার্ডসহ বিভিন্ন কলেজের আইনের অধ্যাপকেরা বলছেন, এই আইনটি যে খোলাখুলি ধর্মীয়ভাবে বৈষম্যপূর্ণ, তা আড়াল করার জো নেই। কারণ, এই আদেশটি পুরোপুরি অভিবাসন আইনের আওতায় পড়ে, যদিও এর চ্যালেঞ্জারদের এটা প্রমাণ করতে আগের চেয়ে বেশি চাপে পড়তে হবে যে, হোয়াইট হাউস তার সাংবিধানিক সীমা অতিক্রম করেছে। সুপ্রিম কোর্ট বিধান দিয়েছেন, অভিবাসনের ওপর কংগ্রেসের ব্যাপক ক্ষমতা রয়েছে। আর তারা কখনো কখনো এমন বিধান জারি করতে পারে, যা জনগণের ওপর প্রয়োগ করা হলে অসাংবিধানিক হতে পারে। গত বছর অভিবাসন আইনের ওপর ওবামার ক্ষমতা কতটুকু, তা নিয়ে আদালত ৪-৪-এ বিভক্ত হয়ে পড়েছিলেন। ফলে এক অচলাবস্থার সৃষ্টি হয়। অবৈধ মানুষকে রক্ষায় তিনি যে আদেশ দিয়েছিলেন, তা এক নিম্ন আদালতের বিধানে স্থবির হয়ে গিয়েছিল।
অনুবাদ: প্রতীক বর্ধন, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
অ্যালান ইউহাস: দ্য গার্ডিয়ানের যুক্তরাষ্ট্র প্রতিনিধি।