রাজনীতিকদের মুখে নোংরা কথা আমরা শুনি না, এমন নয়। আমাদের দেশের সংসদে মান্যবর সংসদ সদস্য-সদস্যাদের মুখে খিস্তিখেউড় শুনতে আমাদের অভ্যাস আছে। কখনো কখনো তা শালীনতার সীমানা ছাড়িয়ে যায়। কিন্তু গত সপ্তাহে টেলিভিশনের পর্দায় আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সাহেব যা করলেন, এসব তার তুলনায় নস্যি। অনুমান করি, এত দিনে পাঠকেরা ট্রাম্প নামক জিনিসটির ব্যাপারে মোটামুটি ওয়াকিবহাল হয়েছেন। ক্যাসিনো ব্যবসা করে বিস্তর টাকা বানিয়েছেন, টেলিভিশনে গেম শো পরিচালনা করে পরিচিতি বেড়েছে, এখন শখ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হবেন। বছর খানেক আগে যখন তিনি কথাটা তোলেন, অধিকাংশ মানুষ হেসে কুটিকুটি। এখন অবশ্য হাসির জায়গায় তাদের চোখে ভীতি ভর করেছে। কারণ, চলতি ধারা অব্যাহত থাকলে এই লোক, যাঁকে একজন সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী তস্কর, প্রতারক ও জাল মানুষ হিসেবে অভিহিত করেছেন, তাঁর প্রেসিডেন্ট হওয়া একদম অবাস্তব কোনো ব্যাপার হবে না।
এই ভদ্রলোক গত বৃহস্পতিবার রিপাবলিকান দলের অন্য তিন প্রার্থীর সঙ্গে বিতর্কে অংশ নিয়ে যে কেলেঙ্কারি করলেন, অনেকে আশা করছেন তারপর মার্কিন ভোটারদের বোধোদয় হবে। নোংরা কথাটা প্রথমে তুলেছিলেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। তিনি ট্রাম্পের চেয়ে কিঞ্চিৎ খাটো, দেখতে-শুনতে কিশোরসুলভ। ট্রাম্প তাঁকে অনবরত ‘লিটল মার্কো’ বা ‘পিচ্চি মার্কো’ নামে অভিহিত করে থাকেন। এতে ক্ষিপ্ত রুবিও ভার্জিনিয়ায় এক সভায় জানালেন ট্রাম্পের দুখানা হাত খুবই ছোট। তাতে এমন কী অপরাধ, আমাদের অনেকের মাথায় ঢোকেনি। টের পেয়ে মার্কো নিজেই প্রশ্ন করলেন, হাত ছোট মানে আর কী ছোট? তখন আমাদের বুঝতে বাকি থাকল না মার্কো সাহেব আসলে ট্রাম্পের পুরুষাঙ্গ নিয়েই ইঙ্গিত করেছেন।
এই হচ্ছে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের শীর্ষ প্রার্থী। চলতি ধারা অব্যাহত থাকলে তাঁরই দলের মনোনয়ন পাওয়ার কথা।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এমন একজন লোক, আজ পর্যন্ত দেশ শাসনে যাঁর কোনো অভিজ্ঞতাই নেই, অভ্যন্তরীণ বা বৈদেশিক নীতি প্রশ্নে যাঁর জ্ঞান সাধারণ মানের, তিনি কীভাবে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করেন? বস্তুত, ট্রাম্প যে আজ পর্যন্ত কোনো সরকারি দায়িত্ব পালন করেননি—ওয়াশিংটনের নষ্ট রাজনীতির সঙ্গে জড়িত নয়, সেটাই তাঁর প্রধান যোগ্যতা। খুব চালাকির সঙ্গে এ দেশের শ্বেতকায় ভোটারদের অসন্তুষ্টিকে নিজের পক্ষে কাজে লাগিয়েছেন ট্রাম্প। এ দেশের সাদা মানুষেরা, যারা এত দিন রাজত্ব করে এসেছে, তারা নিজের চোখের সামনে দেখছে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র তাদের হাত ফসকে যাচ্ছে। সাত বছর আগে একজন কালো মানুষ হোয়াইট হাউসে প্রবেশ ছিল তাদের জন্য প্রথম বড় ধরনের বিপৎসংকেত। সাত বছর পরেও আমেরিকার শ্বেতকায় জনসংখ্যা ওবামাকে মেনে নিতে পারেনি।
ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই বছরের মাথায় মার্কিন আইন পরিষদের নিম্নকক্ষ—প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের হাতে চলে যায়। আরও দুই বছর পর সিনেটও দখল করে নেয় রিপাবলিকান দল। বিচার বিভাগের ওপরেও রক্ষণশীল বা রিপাবলিকান সমর্থক—এমন বিচারপতির সংখ্যাধিক্যের কারণে সেখানেও তাদের রয়েছে স্পষ্ট প্রভাব। তারপরও ওবামাকে রিপাবলিকানরা সামাল দিতে পারেনি। তাদের প্রতিবাদ সত্ত্বেও ওবামার স্বাস্থ্যবিমা নীতি আইনে পরিণত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এমনকি সামরিক বাহিনীতে, সমকামীদের সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। অবৈধ অভিবাসীদের আইনগত স্বীকৃতি দিতে একের পর এক নির্বাহী আদেশ দিয়ে গেছেন ওবামা। ইসরায়েল ও রিপাবলিকানদের তারস্বরে চিৎকার সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।
শ্বেত আমেরিকা চোখের সামনে দেখছে, ঠিক যেসব বিষয়ে তাদের আপত্তি, এক এক করে তার প্রতিটি বাস্তবায়িত হচ্ছে। সে জন্য এখন সব রাগ বর্তেছে রিপাবলিকান ‘এস্টাব্লিশমেন্ট’-এর ওপর। ট্রাম্পের মতো চতুর ব্যক্তি সাধারণ রিপাবলিকানদের এই রাগ কাজে লাগিয়ে যুক্তি দেখালেন, একদিকে ওবামা, অন্যদিকে পেশাদার রিপাবলিকান রাজনীতিকদের অযোগ্যতার কারণে আমেরিকা তার গৌরব হারিয়ে ফেলেছে। ইসলামি সন্ত্রাসীদের ভয়ে আমেরিকা কাতর। চীন বা জাপানের মতো দেশের কাছে বাণিজ্য প্রতিযোগিতায় সে হেরে যাচ্ছে। লাখ লাখ অবৈধ বহিরাগত এসে দেশটা ছেয়ে ফেলেছে।
এই সর্বব্যাপী ব্যর্থতা ঠেকাতে ট্রাম্প যে প্রেসক্রিপশন দিয়েছেন, তা অতি সরল। দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে, সন্ত্রাসী আরব দেশগুলোর বিরুদ্ধে প্রবল সামরিক হামলা চালাতে হবে, সব বহিরাগত মুসলমানের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করতে হবে, দেশের সোয়া কোটি মেক্সিকান ও অন্যান্য অবৈধ বহিরাগতদের ঠেলে দেশের বাইরে পাঠাতে হবে এবং মেক্সিকোর সঙ্গে হাজার মাইলের দেয়াল তুলে দিতে হবে। আর হ্যাঁ, অবৈধ ‘ওয়াটার বোর্ডিং’ আবার চালু করতে হবে।
কীভাবে এসব নীতি বাস্তবায়িত হবে, প্রশ্ন করা হলে ট্রাম্পের সোজা উত্তর, তিনি একজন অতি সফল ব্যবসায়ী, তিনি জানেন কী করে ‘বিজনেস ডিল’ সম্পন্ন করতে হয়। ক্ষমতায় বসেই তিনি দেখিয়ে দেবেন কীভাবে আমেরিকা তার পুরোনো শৌর্য ফিরিয়ে আনবে। ‘আসুন, আমেরিকাকে আবার মহান করি,’ এই হচ্ছে তাঁর নির্বাচনী অভিযানের স্লোগান।
আমেরিকার জীবন ও সংস্কৃতিতে বর্ণবাদ বরাবরই কেন্দ্রীয় বিষয়। আইনগতভাবে বর্ণবাদী বৈষম্য দূর করা গেলেও বাস্তবে মৌলিক পরিবর্তন হয়নি। এ দেশের পুলিশ এখনো শুধু কালো, এই অপরাধে নিরপরাধ মানুষকে যখন-তখন গুলি করে মারে। দেশের সবচেয়ে দুর্বল ও অনগ্রসর স্কুলের পড়ার সুযোগ পায় এ দেশের কৃষ্ণকায় ও বহিরাগতদের ছেলেমেয়েরা। পানিতে ক্ষতিকর সিসা আছে এমন পানি জেনেশুনে সরবরাহ করা হয় সেই সব এলাকায়, যেখানে প্রধানত আফ্রিকান-আমেরিকানদের বাস। ওবামার সাত বছরে
এই সমস্যার একটাও সুরাহা হয়নি, তবে সমস্যাগুলোর চেহারা পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে। আর সে জন্য দেশজুড়ে কালো ও বাদামি মানুষদের বিক্ষোভ বাড়ছে।
আমেরিকার সাদা মানুষেরা কালো মানুষদের এই উত্থানে ভীত। তারা বিশেষভাবে ভীত হিস্পানিক বহিরাগত দ্রুত জনসংখ্যাগত বৃদ্ধিতে। ট্রাম্প একজন নেহাত অসৎ ও মূর্খ ব্যবসায়ী, কিন্তু তাঁর নেতৃত্বেই আস্থা রাখছে এ দেশের এক-তৃতীয়াংশ মানুষ। কারণ, তিনি ঠিক সেই কথাগুলোই বলছেন, যা তারা শুনতে চায়।
প্রায় ৮০ বছর আগে, প্রথম বিশ্বযুদ্ধে পরাস্ত জার্মানির অর্থনৈতিক ও রাজনৈতিক বেহাল অবস্থায় তাকে ফের নিজের গৌরব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিলেন হিটলার। লক্ষ করে দেখুন, ট্রাম্পের গলায় শোনা যাচ্ছে সেই হিটলারের কণ্ঠস্বর।
নিউইয়র্ক
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।