ট্রাম্পের করার তেমন কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সান্ডার গিলেস্পি
আলেক্সান্ডার গিলেস্পি

উত্তর কোরিয়ার সমস্যাটা একটু ভিন্ন, কারণ এটি ট্রাম্পের তৈরি নয়। এটা একটা টাইম বোমার মতো, যা বিল ক্লিনটনের হাত থেকে জর্জ ডব্লিউ বুশ হয়ে বারাক ওবামা ও তারপর ট্রাম্পের ঘাড়ে এসে জুটেছে। আর ট্রাম্প এখন এমন এক প্রতিপক্ষের সম্মুখীন হয়েছেন, যার পারমাণবিক কর্মসূচি এখনো চলছে। আর সম্ভবত, তার হাতে রাসায়নিক ও গণবিধ্বংসী জৈব অস্ত্র আছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে একটি কথাই নিশ্চিতভাবে বলা যায়, সেটি হলো—তাদের যেমন পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ছে, তেমনি তার উৎক্ষেপণব্যবস্থাও উন্নত হচ্ছে। এ ছাড়া তার অস্ত্রভান্ডারও বিপুল। 

গণবিধ্বংসী অস্ত্র ছাড়া যদি প্রথাগত যুদ্ধ লেগে যায়, তাহলে ৩০ হাজার থেকে ১০ লাখ পর্যন্ত মানুষ মারা যেতে পারে। সর্বশেষ ১৯৫০-৫৩ সালে উত্তর কোরিয়া প্রথাগত যুদ্ধে জড়ায়, যে যুদ্ধে ৫০ লাখের বেশি মানুষ মারা যায়। কিন্তু তিন বছর যুদ্ধ চলার পরও জয়-পরাজয় নির্ধারণ করা সম্ভব হয়নি। আর এখন যদি যুদ্ধ লেগে যায়, তাহলে তা আগের যুদ্ধের চেয়ে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। আর কোরীয় উপদ্বীপ যেহেতু জনবহুল, সেহেতু জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সামরিক বাহিনীকে ২০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গে চীন পারস্পরিক সহযোগিতা চুক্তিতে আবদ্ধ। এ অবস্থায় সে যদি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এই পরিস্থিতিতে গ্রহে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে যেতে পারে।

তো ব্যাপারটা হলো, উত্তর কোরিয়ার সংকট মোকাবিলায় ট্রাম্পের হাতে তিনটি বিকল্প আছে।

প্রথমত, মিত্রশক্তি, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সহযোগিতা নিয়ে ট্রাম্প উত্তর কোরিয়ার মোকাবিলায় সামরিক প্রস্তুতি বাড়িয়ে দিতে পারেন। তিনি সামরিক মহড়া ও অনুশীলন বাড়িয়ে দিতে পারেন। অন্যদিকে তিনি সেনা, নৌযান ও বিমান মোতায়েন বাড়িয়ে প্রস্তুতি বাড়াতে পারেন। এরপর ট্রাম্প ও তাঁর মিত্ররা থাড ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে আকাশ প্রতিরক্ষা বাড়াতে পারেন। যদিও থাড ক্ষেপণাস্ত্রকে অকার্যকর করে দেওয়া সম্ভব, তত্ত্বগতভাবে এটি নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা দেবে।

এই মনোভঙ্গির ঝুঁকি হচ্ছে, এতে উত্তর কোরিয়া ও চীন উভয়েই অস্ত্রের ঝনঝনানি বাড়িয়ে দেবে। যদিও এসব পরিকল্পিত ঘটনা থেকে আন্তর্জাতিক পর্যায়ের যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা কম, তবু মানসিক বৈকল্য, দুর্ঘটনা, অনিয়ন্ত্রিত ক্রোধ ও ভুলের কারণে এটি ১৯৬২ সালের কিউবা-সংকটপরবর্তী সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হয়ে উঠতে পারে।

দ্বিতীয়ত, ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। এতে আশা করা যায়, উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে।

জাতিসংঘ ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা দিয়ে দেশটিকে চেপে ধরে আছে। প্রথমে তারা সামরিক সরঞ্জাম ও বিলাসবহুল পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপর তারা দেশটিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং মূল্যবান ধাতু, কয়লা ও লোহার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া। সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার এক-তৃতীয়াংশ রপ্তানি কমে যাবে।

তবে ট্রাম্পের ইচ্ছা, তিনি নিষেধাজ্ঞার তালিকায় তেলও যুক্ত করবেন এবং কয়লা রপ্তানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেবেন। এ ছাড়া জাতীয় বিমানসেবা ও পণ্য রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার ইচ্ছা আছে ট্রাম্পের। এরপর তিনি দেশটিকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে পুরোপুরি আলাদা করে ফেলতে চান। তবে দুটি কারণে এটি ভালো হবে না। প্রথমত, চীনের মতো দেশের কারণে উত্তর কোরিয়ার ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হবে না, যার ৮৫ শতাংশ বাণিজ্যই হচ্ছে এই দেশের সঙ্গে। ফলে তারা এতে বাদ সাধবে। দ্বিতীয়ত, চীন যদি পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিতে রাজিও হয়, তাতেও কিম জং-উনের কিছু এসে-যায় না। কারণ, এই উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক গঠিত কমিশন বিতাড়ন, হত্যা, দাসত্ব আরোপ, ধর্ষণ, জোরপূর্বক ভ্রুণ হত্যা ও দীর্ঘ দিন মানুষকে না খাইয়ে রাখার অভিযোগ এনেছিল।

কিন্তু উত্তর কোরিয়া এমন এক দেশ, যারা রাজনৈতিক লক্ষ্য হাসিলে দুর্ভিক্ষও সহ্য করতে রাজি। তারা ইরানের মতো নয়; সে দেশের নেতারা যদি দেখেন, নিষেধাজ্ঞার কারণে নাগরিকেরা ভুক্তভোগী হচ্ছেন, তাহলে তাঁরা আলোচনার টেবিলে বসেন, কথা শোনেন। কিন্তু উত্তর কোরিয়ার বংশানুক্রমিক ও স্তালিনীয় শাসনের কারণে নেতারা বধির হয়ে গেছেন। ফলে নিষেধাজ্ঞার প্রভাবের ব্যাপারে তাঁরা স্পর্শকাতর নন।

তৃতীয়ত, ট্রাম্প কিম জং-উনকে ফোন করতে পারেন। তিনি শেষ কোরীয় যুদ্ধের সম্পাদিত শান্তিচুক্তি শেষ করার ব্যাপারে কথা বলতে পারেন, ১৯৫৩ সালে শেষ হওয়া যে যুদ্ধ বিরতির মধ্য দিয়ে শেষ হয়। শান্তিচুক্তির জায়গায় বেশ কিছু আত্মবিশ্বাস সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে, যার মধ্যে রয়েছে সামরিক মহড়া কমানো, ক্ষেপণাস্ত্র প্রত্যাহার ও উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতার অবসান ঘটানো। উত্তর কোরিয়ায় হস্তক্ষেপ করা হবে না—এই প্রতিশ্রুতির কিছুটা গুরুত্ব আছে, কিন্তু সেটা খুব বেশি কিছু নয়। কিম জং-উনের ভয় হচ্ছে, তিনি গণবিধ্বংসী অস্ত্র নষ্ট করে দিলে তাঁর দেশের অবস্থাও ইরাক, সিরিয়া ও লিবিয়ার মতো হবে। তিনি এ–ও জানেন, তাঁর দেশ ইউক্রেনের মতো ‘নিরাপদ’ হবে, যারা রাশিয়ার হাতে পারমাণবিক অস্ত্র তুলে দিয়েছিল এই প্রতিশ্রুতিতে যে তাদের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানো হবে।

এর মানে হলো, ট্রাম্পকে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে মেনে নিতে হবে; অন্তত স্বল্প মেয়াদে হলেও। এটা পারমাণবিক শক্তিধর ভারত (১৯৭৪) ও পাকিস্তানকে (১৯৯৮) মেনে নেওয়ার মতোই, যারা অঙ্গীকার করেছিল, তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। এখন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র রাখলে দক্ষিণ কোরিয়া, এমনকি জাপানও বলতে পারে, আমরাও এই অস্ত্র চাই। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার হ্রাসে যে বৈশ্বিক প্রচেষ্টা ছিল, তা খর্ব হবে। এতে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বিনষ্ট হতে থাকবে।

এই অর্থে উত্তর কোরিয়ার সংকট নিরসনে ট্রাম্পের তেমন কিছু করার নেই।

আল-জাজিরা থেকে নেওয়া। অনুবাদ: প্রতীক বর্ধন।

আলেক্সান্ডার গিলেস্পি: নিউজিল্যান্ডের ওয়াইকাতো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক।