
রাজনৈতিক বিপর্যয়ের বছর পেরিয়ে আসার পর উদারনৈতিকদের কি আশাবাদী হওয়ার কারণ আছে? ব্রেক্সিট, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন ও ইউরোপীয় অনৈক্যের ধ্বংসস্তূপের ওপর কি আশার রুপালি আলো দেখা যাচ্ছে? খ্রিষ্টানরা বিশ্বাস করে, হতাশা এক নশ্বর পাপ। তাই কেউ হয়তো আশার ক্ষীণ আলো খোঁজার চেষ্টা করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক উদারনীতিবাদী মানুষ নিজেদের এই বিশ্বাসের ভিত্তিতে সান্ত্বনা দেন যে একজন অজ্ঞ, আত্মপ্রেমী, কর্তৃত্ববাদী চোঙামুখো মানুষের জমানায় শক্তিশালী রাজনৈতিক সমর্থন গড়ে উঠবে, যার পেছনে আছেন শত শত কোটি টাকার মালিক, সাবেক জেনারেল, বিদ্বেষপরায়ণ ভুয়া খবরের ফেরিওয়ালা ও চরমপন্থায় নব্য দীক্ষিত মানুষেরা। আশা করা হচ্ছে, ট্রাম্পের জমানায় মধ্য বাম ও মধ্য ডানপন্থী যে মানুষেরা উদারনীতিতে আস্থা রাখেন, তাঁরা একত্র হবেন।
এই পরিস্থিতিতে নাগরিক অধিকারভিত্তিক গোষ্ঠী, বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকারকর্মী, কংগ্রেসের গণতান্ত্রিক সদস্য, এমনকি অনেক রিপাবলিকান সদস্য ট্রাম্পের খারাপ প্রবণতাগুলো রোখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। দীর্ঘদিন ধরে সুপ্ত থাকা রাজনৈতিক তৎপরতা গণবিক্ষোভে রূপ নেবে, যেখানে উদারনীতিবাদী আদর্শের পুনরুত্থান ঘটবে, যাতে ডানপন্থী লোকরঞ্জনবাদের পরাজয় ঘটবে। সম্ভবত তেমনটা হবে। অন্যরা এই আশায় স্বস্তি খোঁজেন যে ট্রাম্পের এই মারাত্মক বিরোধাত্মক পরিকল্পনার কারণে তাঁর প্রশাসন অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, অসামঞ্জস্য ও অযোগ্যতার পঙ্কে নিপতিত হবে, যার মধ্যে আছে অবহেলিত শ্রমিক শ্রেণিকে সাহায্য করা, কল্যাণ খাতের বরাদ্দ হ্রাস ও অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল।
এসব কিছু হয়তো হবে। কিন্তু শুধু প্রতিবাদ দিয়ে তেমন কিছু হবে না। বড় বড় শহরে ট্রাম্পবিরোধী যে মিছিল হবে, তাতে আত্মপ্রেমী নতুন প্রেসিডেন্ট বিরক্ত হবেন। আর মিছিলে যোগ দেওয়ার যে নৈতিক শক্তি আছে, তাতে প্রতিবাদকারীরা উষ্ণ হবেন। কিন্তু প্রকৃত রাজনৈতিক সংগঠন ছাড়া সব আন্দোলনের পরিণতি অকুপাই ওয়াল স্ট্রিটের মতোই হবে, সে পরিপ্রেক্ষিতে আন্দোলন অকার্যকর হয়ে পড়বে।
বর্তমান যুগের লোকরঞ্জনবাদের সবচেয়ে বিপজ্জনক দিকটি হচ্ছে, এখানে রাজনৈতিক দলের ধারণা বাতিল হয়ে গেছে। এতে মনে করা হয়, রাজনৈতিক দলের জায়গায় ক্যারিশমাটিক নেতার আসা উচিত, যারা ‘জনগণের কণ্ঠস্বর’ হিসেবে কাজ করবে। এর মাজেজা হচ্ছে, সব ভিন্নমতাবলম্বী মানুষই জনগণের শত্রু। একনায়কত্ব সেখানেই নিহিত থাকে।
মূলধারার দলগুলো যদি ভোটারদের আস্থা অর্জন করতে পারে, তাহলেই কেবল উদার গণতন্ত্র রক্ষা পেতে পারে। ডেমোক্রেটিক পার্টিকে সংগঠিত হতে হবে, যাতে তারা কার্যকরভাবে কাজ করতে পারে। বার্নি স্যান্ডার্সের জন্য কষ্ট অনুভব করাটা যথেষ্ট নয়। কারণ, এতে ট্রাম্পকে দুই শতাব্দীর পুরোনো প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করা থেকে বিরত রাখা যাবে না, যেগুলো তৈরি করা হয়েছিল তাঁর মতো বক্তৃতাবাগীশ মানুষের কাছ থেকে মার্কিন গণতন্ত্রকে রক্ষা করার জন্য।
আন্তর্জাতিক বন্দোবস্ত ও প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেগুলোর বেঁচে থাকা নির্ভর করছে তাদের বাঁচিয়ে রাখার সদিচ্ছার ওপর। ট্রাম্প ন্যাটোর ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন, পূর্ব এশিয়ার নিরাপত্তার ব্যাপারে তাঁর যে অঙ্গীকার ছিল, সে ব্যাপারেও একই কথা প্রযোজ্য। প্যাক্স আমেরিকানা (মার্কিন কর্তৃত্বজনিত সৃষ্ট শান্তি) ইতিমধ্যে কিছু বোকামার্কা যুদ্ধের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রাম্পের নির্বাচিত হওয়ার কারণে তা আরও ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র যদি তার গণতান্ত্রিক মিত্রদের রক্ষা করার নিশ্চয়তা না দেয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেগুলো বেশি দিন টিকে থাকবে না।
সম্ভবত এই বিষাদময় সম্ভাবনার মধ্যে ক্ষীণ আশার আলো আছে। ইউরোপ ও জাপান অতিমাত্রায় মার্কিন নিরাপত্তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, দক্ষিণ কোরিয়ার কথা আর না-ইবা বললাম। জাপানিদের সেনাবাহিনী বেশ বড়, কিন্তু ১৯৪৬ সালের মার্কিনরা তাদের জন্য যে শান্তিকামী সংবিধান লিখে দিয়ে গিয়েছিল, এর জন্য তারা আটকে যাচ্ছে। নিজেদের রক্ষা করার ব্যাপারে ইউরোপীয়রা একেবারেই অপ্রস্তুত, যার কারণগুলো হচ্ছে জড়তা, আত্মতুষ্টি ও নিস্পৃহতা।
সম্ভাবনা আছে যে ট্রাম্প যেভাবে ‘যুক্তরাষ্ট্রই প্রথম’ বলে গলা ফাটাচ্ছেন, তাতে ইউরোপীয় ও পূর্ব এশীয় দেশগুলো বিদ্যমান অবস্থা পাল্টাতে দৃঢ়সংকল্প নেবে। নতুন বাস্তবতায় তাদের নিজেদের নিরাপত্তার জন্য বহু কিছুই করতে হবে। আদর্শ হয় যদি ইউরোপীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না থেকে সমন্বিত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলো কর্তৃত্বপরায়ণ চীনা শক্তির বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে জাপানের নেতৃত্বে ন্যাটো-জাতীয় কিছু গড়ে তুলতে পারে।
কিন্তু এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলেও (এর মধ্যে বড় যদি আছে) খুব শিগগিরই তা ঘটবে না। ইউরোপীয়রা নিজেদের নিরাপত্তার জন্য উচ্চ হারের কর দিতে চায় না। জার্মানির সামরিক জোটের নেতৃত্ব দেওয়ার মুরোদ ও ইচ্ছা কোনোটিই নেই। অন্যদিকে বহু জাপানিসহ অধিকাংশ এশীয় নাগরিক এ কথা বিশ্বাস করবে না যে জাপান এশিয়ায় তেমন একটা জোটের নেতৃত্ব দেবে। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে মার্কিন নির্ভরশীলতা কাটাতে শান্তিকামী সংবিধানে পরিবর্তন আনতে চাইছেন। কিন্তু আবের সংশোধনবাদের ভিত্তি হচ্ছে জাতীয়তাবাদ, যেটার ঝোঁক হচ্ছে ঐতিহাসিক নৃশংসতার ন্যায্যতা দেওয়া। তারা সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে না। এই একটি মাত্র কারণে জাপান সামরিক জোটের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিশ্বব্যবস্থা গড়ে উঠেছিল, তাতে পরিবর্তন আনা জরুরি। কিন্তু ট্রাম্পের জমানায় তা যে খুব একটা সুশৃঙ্খল ও সতর্কভাবে হবে তা মনে হয় না। তাঁর নির্বাচিত হওয়া অনেকটা ভূমিকম্পের মতো, যার ফলে এমন এক শক্তির উত্থান ঘটেছে, যাকে নিয়ন্ত্রণ করা কঠিন। জাপানিদের সম্মিলিত নিরাপত্তাব্যবস্থার ব্যাপারে দায়িত্বশীলতার সঙ্গে উৎসাহিত না করে ট্রাম্পের অনাগ্রহে জাপানের আতঙ্কিত জাতীয়তাবাদীরা অধিকতর প্রবৃত্তিতাড়িত হবেন।
প্যাক্স আমেরিকানা ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইউরোপ এমন কোনো জায়গায় নেই, যাতে তারা এর প্রতি চ্যালেঞ্জ জানাতে পারে। ইউরোপীয় সংহতির বৃহত্তর ধারণা না থাকলে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো শিগগিরই শূন্যগর্ভ হয়ে যাবে, এমনকি তাদের অস্তিত্বও না থাকতে পারে। বক্তৃতাবাগীশরা এখন এই ধারণাটাকে অত্যন্ত দৃষ্টি আকর্ষক সফলতার সঙ্গে খাটো করছেন। কথা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বিপর্যয় নেমে আসবে তা হয়তো নয়। রাশিয়া ও চীন হয়তো আগামী কয়েক বছরের মধ্যে নিজেদের শক্তির সীমা পরীক্ষা করবে, ধীরে ধীরে। তারা ধাক্কা দেবে, যতক্ষণ না তার জোর বেশি হয়ে যায়। তখন যেকোনো কিছু হতে পারে। পরাশক্তিগুলো অনেক সময় মারাত্মক ভুল করে যুদ্ধ বাধিয়ে দেয়। নতুন বছরে হতাশ হওয়ার যেমন কারণ নেই, তেমনি নেই আশান্বিত হওয়ারও।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
ইয়ান বুরুমা: যুক্তরাষ্ট্রের বার্ড কলেজের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক।