
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন, সেটা শুধু পৃথিবীর জন্য বিপজ্জনক নয়, এটা মানসিক বৈকল্যেরও ব্যাপার। ট্রাম্প ইচ্ছামাফিক অন্যদের ক্ষতি করছেন, এ নিয়ে তাঁর আবার অনুশোচনা নেই। ওদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ট্রাম্প জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন। এতে ব্যাপারটা আরও খারাপ হয়েছে। ট্রাম্প জেনেশুনে নির্লজ্জভাবে এই গ্রহকে বিপদগ্রস্ত করছেন।
ট্রাম্প পীড়নকারীর মতো সাহস নিয়ে ঘোষণাটি দিয়েছেন। ক্রোধান্বিত ট্রাম্প বলেছেন, যে বৈশ্বিক চুক্তি সব দিক থেকে সবার জন্য প্রতিসম, সেটা একধরনের চাল, মার্কিনবিরোধী ষড়যন্ত্র। বাকি পৃথিবী আমাদের দিকে তাকিয়ে ‘হাসছে’।
এ ধরনের যুক্তিহীন কথা একেবারেই ভ্রমাত্মক, গভীরভাবে নৈরাশ্যবাদী ও অজ্ঞতাসূচক। সম্ভবত একই সঙ্গে তিনটি। আর তাদের এভাবেই চিহ্নিত করতে হবে। ‘প্যারিস নয়, পিটাসবার্গের প্রতিনিধিত্ব’ করছি—ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর পিটাসবার্গের মেয়র সঙ্গে সঙ্গে ঘোষণা দেন, ট্রাম্প নিশ্চিতভাবেই এই শহরের প্রতিনিধিত্ব করছেন না।
বস্তুত পিটাসবার্গ দূষিত ও শিল্প অর্থনীতি থেকে উন্নত ও সবুজ প্রযুক্তির অর্থনীতিতে পরিণত হয়েছে। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ও এখানে অবস্থিত, যেটি তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনের এক মহান কেন্দ্র, যার মাধ্যমে আমরা কার্বনবিহীন, উচ্চ দক্ষতাসম্পন্ন, ন্যায়সংগত ও টেকসই উন্নয়নে উত্তরণ ঘটাতে পারি। অথবা আরও সাধারণভাবে বললে, ‘চৌকস, ন্যায্য ও টেকসই’ অর্থনীতি নির্মাণ করতে পারি।
দুটি মারাত্মক ঘটনার মধ্যে ট্রাম্পের এই ঘোষণার ভিত্তি নিহিত। প্রথমটি হচ্ছে মার্কিন রাজনৈতিক ব্যবস্থার দুর্নীতি। ট্রাম্পের ঘোষণা ঠিক তাঁর একার কিছু নয়। এটা কংগ্রেসে রিপাবলিকান নেতৃত্বের আকাঙ্ক্ষার প্রতিফলন। ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহ আগে ২২ জন রিপাবলিকান সিনেটর তাঁকে চিঠি লিখে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
এই সিনেটর ও হাউস অব রিপ্রেজেনটেটিভে তাঁদের প্রতিপক্ষ তেল ও গ্যাসশিল্পের কর্তাব্যক্তি, যাঁরা ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় ১০ কোটি ডলার ব্যয় করেছেন। এর আবার ৯০ শতাংশ গেছে রিপাবলিকান প্রার্থীর পকেটে (বস্তুত, প্রকৃত অঙ্ক ১০ কোটি ডলারের বেশি, কিন্তু এর অনেকাংশের হদিস পাওয়া যায় না)।
দ্বিতীয় মারাত্মক ঘটনাটি হচ্ছে, ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠতম উপদেষ্টাদের বিকৃত মানসিকতা। তাঁদের দৃষ্টিভঙ্গি ভ্রমাত্মক ও পরশ্রীকাতর, যার বাস্তব ভিত্তি নেই। তাঁদের লক্ষ্য হচ্ছে অন্যের ক্ষতি করা বা অন্যের ক্ষতির ব্যাপারে নিস্পৃহ থাকা। ট্রাম্প হুংকার দেন, ‘প্যারিস চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতির হাত-পা বেঁধে দেবে। এর বিনিময়ে আমরা বিদেশি পুঁজির বাহবা পাব। বৈশ্বিক পর্যায়ের কর্মীরা আমাদের প্রশংসা করবে, যারা অনেক দিন ধরেই আমাদের দেশের ক্ষতি করে সম্পদ বানাতে চাইছে।’
এটা ঘৃণ্য ব্যাপার। প্যারিস চুক্তি বৈশ্বিক পর্যায়ের, জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে এটি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বের জ্বালানি ব্যবস্থাকে কার্বনমুক্ত করা এর লক্ষ্য। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার বৃদ্ধি, মারাত্মক ঝড়, খরাসহ নানা বিপর্যয় এড়াতেই এসব করা হচ্ছে। বিশ্বের নাজুক অংশে এই হুমকিগুলো এখন অনেকটাই দৃশ্যমান।
প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে প্রতিটি দেশকে কিছু ‘অভিন্ন ও ভিন্ন দায়িত্ব পালন’ করতে হবে। যুক্তরাষ্ট্রের ভিন্ন দায়িত্ব শুরু হয় এই সত্যের মধ্য দিয়ে যে যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান হারে বিশ্বের সবচেয়ে বড় কার্বন নির্গমনকারী। ফলে জলবায়ু পরিবর্তনে যুক্তরাষ্ট্রের দায় বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি। তার মাথাপিছু কার্বন নির্গমনের হার যেকোনো বড় দেশের তুলনায় অনেক বেশি। প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রকে বলির পাঁঠা বানানো হয়নি। বরং নিজের ঘরকে ঠিক রাখার বড় দায়িত্ব তার ওপর বর্তেছে।
ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের বিস্ময়কর তথ্যানুসারে ১৮৫০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের ২৬ দশমিক ৬ শতাংশ উৎপাদন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জনসংখ্যা এখন বৈশ্বিক জনসংখ্যার মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। সংক্ষেপে বলা যায়, যুক্তরাষ্ট্রে মাথাপিছু কার্বন নির্গমনের হার বৈশ্বিক গড় মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে তার ভূমিকার ন্যায্যতার প্রশ্ন আছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির ২০১৪ সালের সবচেয়ে সাম্প্রতিক তথ্য নিই। জ্বালানি ও শিল্প খাত থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের হার মাথাপিছু সাড়ে চার টন, যেখানে যুক্তরাষ্ট্রের নিঃসরণ এর প্রায় চার গুণ, মাথাপিছু ১৬ দশমিক ২ টন।
গ্রিন ক্লাইমেট ফান্ডে যুক্তরাষ্ট্রের চাঁদার ব্যাপারে ট্রাম্প কপাল চাপড়েছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ১০০ কোটি ডলার দিয়েছে। কিন্তু মার্কিন জনগণ ও পৃথিবীকে তিনি ব্যাখ্যা দেননি যে ১০০ কোটি ডলার মানে যুক্তরাষ্ট্রের জনগণের মাথাপিছু ৩ দশমিক ০৮ ডলার। আর আগামী আরও কয়েক বছরে তার কাছ থেকে যে ১ হাজার কোটি ডলার পাওয়ার কথা, সেটি যুক্তরাষ্ট্রের মানুষের মাথাপিছু মাত্র ৩০ দশমিক ৮০ ডলার।
সরল সত্যটা হচ্ছে, পৃথিবীকে দ্রুত ও দৃঢ়তার সঙ্গে নিম্ন কার্বন উদ্গিরণকারী ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। এই শতকের মধ্যভাগের মধ্যে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। এটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নয়। সৌভাগ্যের ব্যাপার, সৌর, বায়ু, জল, সমুদ্র, পারমাণবিক ও অন্যান্য নিম্ন কার্বন উদ্গিরণকারী জ্বালানির উৎস আমাদের
হাতে আছে।
এবার আরও সরল একটি সত্যের কথা বলি। যুক্তরাষ্ট্রের বিশাল ও জীবাশ্ম জ্বালানি ঘন অর্থনীতি জলবায়ুর পরিবর্তন যে মারাত্মক জায়গায় নিয়ে গেছে, পৃথিবীতে অন্য কেউ তা করেনি। ফলে এই বিপদ থেকে আমাদের রক্ষার দায় তাকে নিতে হবে। কম করে হলেও যুক্তরাষ্ট্রকে বাকি পৃথিবীকে উৎসাহের সঙ্গে সহযোগিতা করতে হবে।
ট্রাম্পের এই আচরণগত বৈকল্য এবং তাঁর আশপাশের মানুষের দুর্নীতি ও পাপাচার বাকি পৃথিবীর জন্য হতাশাজনক, যে পৃথিবী মনুষ্য-নির্মিত বিপর্যয়ের শেষ প্রান্তে চলে গেছে। তো পরবর্তী বিপর্যয়ের নামকরণ করা যায় টাইফুন ডোনাল্ড, সুপারস্টর্ম ইভানকা এ মেগাফ্লাড জ্যারেড। পৃথিবী এসব ভুলবে না।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জেফরি ডি স্যাকস: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।