ডিসেম্বর মাসটি জাপানি প্রেসিডেন্ট শিনজো আবের জন্য মীমাংসার মাস হতে যাচ্ছে। কারণ, এ মাসে তিনি এমন দুটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, যে দেশ দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিপক্ষে লড়েছিল—মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
খুব অল্প সময়ের মধ্যে আবে একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানাবেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আতিথ্য গ্রহণ করবেন, ব্যাপারটা সম্ভাবনাময়। কিন্তু প্রকৃত অর্থে এ ঘটনাপ্রবাহ জাপান ও সামগ্রিকভাবে পূর্ব এশিয়ার জন্য অস্বস্তিকর হতে পারে, যা তার স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে।
২৬ ডিসেম্বর আবে পার্ল হারবারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে করমর্দন করবেন, যার সপ্তাহ খানেক আগে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা পার্ল হারবার হামলার ৭৫তম বার্ষিকী পালন করবে। এ বছরের মে মাসে ওবামা জাপানের হিরোশিমা সফর করেছিলেন। আবের পার্ল হারবার সফরটি হবে ওবামার পাল্টা সফর। এই পারস্পরিক ক্ষমা প্রদর্শনের মধ্য দিয়ে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অভিন্ন মূল্যবোধ গড়ে উঠেছে, তাতে জোর দেওয়া হবে।
কিন্তু ওবামার সঙ্গে দেখা হওয়ার ১০ দিন আগে আবের আমন্ত্রণে পুতিন জাপান সফর করবেন, তবে তাঁদের মধ্যকার মীমাংসাটা একটু ভিন্ন প্রকৃতির হবে। রাশিয়া সেই অল্প কটি দেশের মধ্যে একটি, যার সঙ্গে রাশিয়া ১৯৪৫ সালের পর কখনো শান্তিচুক্তি স্বাক্ষর করেনি। এর কারণ হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে সোভিয়েত ইউনিয়ন হোক্কাইডোর উত্তরের চারটি জাপানি দ্বীপ দখল করে নিয়েছিল।
এই দ্বীপ চারটি কুরিল দ্বীপমালার একদম দক্ষিণাংশে অবস্থিত, যে দ্বীপমালা অখোৎেস্কায়ে সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে আলাদা করেছে। মৎস্য শিকারের ক্ষেত্র ছাড়া দ্বীপটির অন্য অর্থনৈতিক গুরুত্ব না থাকলেও জাপানের সঙ্গে তার আবেগের সম্পর্ক রয়েছে। হারানো ভূমির সঙ্গে মূল ভূমির যে সম্পর্ক থাকে, অনেকটা সে রকম। অন্যদিকে রাশিয়া কখনো ভূমি ছাড়তে চায় না। এই দ্বীপপুঞ্জ কৌশলগত দিক থেকে মূল্যবান হওয়ায় রাশিয়া সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়।
কথা হচ্ছে এই দ্বীপপুঞ্জকেন্দ্রিক বিরোধের কারণে রাশিয়া ও জাপান কখনোই আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি না করলেও এখন মনে হচ্ছে দুটি দেশই কিছুটা কাছে আসতে চায়। গত এক দশকের মধ্যে এটাই পুতিনের প্রথম জাপান সফর, আবেও তাঁকে একদম ব্যক্তিগত পর্যায়ের অভ্যর্থনা দিয়ে সম্মানিত করতে চান। নীরস কার্যালয়ে নয়, তাঁদের আলোচনা হবে সেখানে, যেটা হট স্প্রিং নামে পরিচিত।
>ট্রাম্প যদি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে শুরু করেন, অর্থাৎ জাপান ও কোরিয়ার মতো মিত্রের প্রতিরক্ষার দায় তাদের কাঁধেই ছেড়ে দেন, তাহলে তাদের অবস্থা আরও খারাপ হবে। আর ট্রাম্প যদি চীনকে তাইওয়ানের সঙ্গে যোগাযোগ করার উসকানি দিতেই থাকেন এবং যুক্তরাষ্ট্রের ‘ওয়ান চায়না’ পলিসি নিয়ে প্রশ্ন করেন, তাহলে আঞ্চলিক উত্তেজনা বাড়বেই
তাঁদের শান্তিকামী মনোভাব দেখে বোঝা যায়, চীনকে নিয়ে উভয়েরই উদ্বেগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উষ্ণ হয়েছে। শুধু তাদের মধ্যকার প্রাকৃতিক গ্যাস ক্রয়-বিক্রয়সংক্রান্ত চুক্তি ও যৌথ সামরিক মহড়ার কারণে নয়, রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর প্রয়াসে এ কাজ করেছে। প্রকৃতপক্ষে রাশিয়া দীর্ঘ মেয়াদে এটা দেখাতে চায় না যে তারা নিজেদের দক্ষিণের ক্রমশ শক্তিশালী হতে থাকা প্রতিবেশীর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। অন্যদিকে জাপান পূর্ব এশিয়ায় চীনের উত্থানে শঙ্কিত, ফলে তারা এশিয়ায় রাশিয়ার বন্ধু হতে পেরে যারপরনাই খুশি।
অতীতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে জাপান রাশিয়ার ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় অংশ নেওয়ায় তার পক্ষে রুশদের দূরপ্রাচ্যের বন্ধু হওয়া একদম অসম্ভব না হলেও কঠিন ছিল। এখন তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে চলেছেন, ফলে রাশিয়ার ওপর থেকে ওই সব বিধিনিষেধ তুলে নেওয়া হতে পারে বা শিথিল করা হতে পারে। সম্ভবত এ কারণেই শিনজো আবে প্রটোকল ভেঙে প্রথম বিদেশি নেতা হিসেবে গত ১৭ নভেম্বর হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন।
হিলারি ক্লিনটন যদি নির্বাচনে জয়ী হতেন, তাহলে আবে পুতিনের সঙ্গে বৈঠক থেকে তেমন কিছু প্রত্যাশা না করতে বাধ্য হতেন। এখন পুতিন ও আবে সেই বিতর্কিত দ্বীপ নিয়ে আলোচনা করার আরও বেশি সুযোগ পাবেন, ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতার কাঠামো নির্মাণ করতে পারবেন, যার মধ্যে সম্ভবত নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠকও থাকবে।
কিন্তু আবের জন্য এটা নিছক সান্ত্বনা ছাড়া কিছু নয়। ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে ১২ দেশের ট্রান্স-আটলান্টিক পার্টনারশিপের (টিপিপি) মৃত্যুর ঘণ্টাধ্বনি বেজে উঠেছে, ওবামা যাকে তাঁর এশিয়াবিষয়ক নীতির প্রাণভোমরা বানিয়েছিলেন। আবে টিপিপিকে সমর্থন করেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন, এর মধ্য দিয়ে চীনকে এশিয়ার হর্তাকর্তা হওয়া থেকে বিরত রাখা যাবে। ফলে টিপিপি না হলে চীন এই ভূমিকায় অবতীর্ণ হবে, তেমন সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
এটা জাপানের বড় ক্ষতির কারণ হবে। আর ট্রাম্প যদি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে শুরু করেন, অর্থাৎ জাপান ও কোরিয়ার মতো মিত্রের প্রতিরক্ষার দায় তাদের কাঁধেই ছেড়ে দেন, তাহলে তাদের অবস্থা আরও খারাপ হবে। আর ট্রাম্প যদি চীনকে তাইওয়ানের সঙ্গে যোগাযোগ করার উসকানি দিতেই থাকেন এবং যুক্তরাষ্ট্রের ‘এক চীন’ নীতি নিয়ে প্রশ্ন করেন, তাহলে আঞ্চলিক উত্তেজনা বাড়বেই। পরিণামে দেখা যাবে, জাপানের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও সংহত করার প্রয়োজনীয়তা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে পূর্ব চীন সাগরে সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে, যেটা চীন নিজের বলে দাবি করে।
আবের সামনে রাজনৈতিক বিপদ, কিন্তু তাঁর সামনে সুযোগও আছে। ট্রাম্পের নির্বাচিত হওয়া ও ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে আবে তাঁর চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে পারেন। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ–উত্তরকালে মার্কিন আরোপিত সংবিধানের ৯ নম্বর ধারা তিনি বাতিল করতে পারেন, যেখানে জাপানের সামরিক বাহিনীকে ‘আত্মরক্ষামূলক বাহিনী’ বানিয়ে রাখা হয়েছে। ফলে জাপানের প্রতিরক্ষা ব্যয় জিডিপির মাত্র ১ শতাংশ।
সেটা করার মতো যথেষ্ট সাংবিধানিক ভিত্তি তাঁর আছে। ২০১৭ সালে সংসদের নিম্নকক্ষের জন্য আগাম নির্বাচন আয়োজন করে তিনি আরও সমর্থন পেতে পারেন। কিন্তু সংসদের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সমর্থন ছাড়াও সংবিধান সংশোধন করতে গণভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যেটা অর্জন করা কঠিন হতে পারে। এর কারণ হচ্ছে পৃথিবীর একমাত্র পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির মানুষের মনে শান্তিবাদিতা এত গভীরে প্রোথিত যে তারা এতে সায় দেবে না।
হাওয়াইয়ে ওবামার সঙ্গে করমর্দন করে আবে দেশটির আধুনিক শান্তিকামী মতবাদের পালে হাওয়া দেবেন। এর মধ্যে এ সংকেতও থাকবে যে জাতীয়তাবাদী হওয়া সত্ত্বেও তাঁর মনে যুদ্ধের সম্ভাবনা নিয়ে গভীর অনুভূতি রয়েছে। পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এমন শান্তিপূর্ণ নিশ্চয়তাও হয়তো জাপানি নাগরিকদের এটা বোঝাতে পারবে না, তাঁদের এখন সামরিক বাহিনীকে সম্প্রসারিত করতে হবে—পার্ল হারবারে মহান ও নিয়তি-নির্ধারক বিজয়ের ৭৫ বছর পরও। আগামী দিনের ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের এশীয় রাজনীতিতে এটা হবে অন্যতম প্রধান প্রশ্ন।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
বিল এমট: দ্য ইকোনমিেস্টর সাবেক সম্পাদক।