
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার নয় মাস পর রিপাবলিকান পার্টির নেতারা শেষমেশ এই রূঢ় সত্য বুঝতে পারছেন যে তাঁদের দেশ এক অতল গহ্বরের মুখে এসে দাঁড়িয়েছে। তাঁদের সামনে এখন দুটি করণীয় আছে। প্রথমত, সহযোগিতা অব্যাহত রেখে তাঁরা ট্রাম্পের ধ্বংসাত্মক নেতৃত্ব বজায় রেখে বিপর্যয় বয়ে আনতে পারেন। অথবা তাঁরা ট্রাম্পের সমালোচনা করে দলের প্রতি আনুগত্যের জায়গায় গণতন্ত্রকে সমর্থন দিতে পারেন।
সম্প্রতি টেনেসির সিনেটর বব করকারের বিবৃতি দেখে মনে হয়, হাওয়া এখন ট্রাম্পের বিপরীত দিকে বইতে শুরু করেছে। করকার বলেছেন, ‘হোয়াইট হাউস যেন প্রাপ্তবয়স্কদের দিবা যত্ন কেন্দ্রে পরিণত হয়েছে।’ এর আগে তিনি সতর্ক করে দিয়েছেন, ‘ট্রাম্পের টুইটার হুমকিতে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে।’ একইভাবে সিনেটর জন ম্যাককেইন ‘আধা সেদ্ধ, মেকি জাতীয়তাবাদের’ হুমকি সম্পর্কে সচেতন করে দিয়েছেন।
কিন্তু শুধু গোপনে নিন্দা জানানোর মধ্য দিয়ে প্রকৃত রাজনৈতিক সম্মান দেখানো যায় না। আবার স্রেফ পদত্যাগ করার মধ্য দিয়েও তা হয় না, যেমন করকার ও ওহাইওর জ্যেষ্ঠ রিপাবলিকান কংগ্রেস সদস্য প্যাট টিবেরি করেছেন। বরং এটা রাজনৈতিক সেতু পার হওয়ার দাবি রাখে, যেমন উইনস্টন চার্চিল লিবারেল শিবির ছেড়ে কনজারভেটিভ পার্টিতে চলে যান।
চার্চিল দেখিয়েছেন, রাজনৈতিক আনুগত্য পরিবর্তনে লজ্জার কিছু নেই। তবে কুখ্যাত ও শোচনীয় দল ও উদ্দেশ্যের প্রতি আনুগত্য দেখানোয় লজ্জা আছে। আজকের যে রিপাবলিকানরা ভাবছেন নিজেদের ভাবমূর্তির চিরস্থায়ী ক্ষতি না করেই তাঁরা কোনো একসময় ট্রাম্পের শিবির থেকে বেরিয়ে আসবেন, তাঁদের অন্যদের পরিণতির কথা
মাথায় রাখা উচিত। সোভিয়েত ইউনিয়নে ১৯১৭ সালে, জার্মানিতে ১৯৩২ সালে এবং আজকের রাশিয়া ও তুরস্কে অনেকেই এ রকম ভেবেছিলেন—যাঁরা মনে করতেন, দানবকে বশে আনা যাবে।
নিকোলাই বুখারিনের কথা ভাবুন, যিনি ছিলেন লেনিনের প্রিয় মানুষ এবং প্রাভদার সম্পাদক। বলশেভিক বিপ্লবের এক দশকেরও বেশি সময় পরে বুখারিন ‘সর্বহারার একনায়কত্ব’ বিষয়ক তাঁর বিদ্যায়তনিক বোঝাপড়ার সঙ্গে এর বাস্তবায়নের মিল খুঁজতে গিয়েছিলেন। লেনিন যত দিন নেতৃত্বে ছিলেন তত দিন এটা অত কঠিন ছিল না। নতুন জমানায় যতই রক্তপাত হোক না কেন, গণহত্যা এর মূল উদ্দেশ্য বা তার শক্তির উৎসও ছিল না।
কিন্তু জোসেফ স্তালিনের ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে পরিস্থিতি পাল্টে যায়, যার কাছে সন্ত্রাস ছিল একই সঙ্গে কৌশল ও লক্ষ্য। তা সত্ত্বেও ট্রটস্কিসহ অন্য যে বলশেভিকরা লেনিনের অনুশাসন আরও নিবিড়ভাবে মেনে চলতে চেয়েছিলেন, তাঁদের দল থেকে বিতাড়িত করতে বুখারিন স্তালিনের সঙ্গে হাত মিলিয়েছিলেন। বুখারিনের যুক্তি ছিল, স্তালিনের পদ্ধতিতে সোভিয়েত ইউনিয়ন দ্রুত শিল্পশক্তি হয়ে উঠছে। তিনি এও মনে করতেন, কয়েক হাজার বা লাখ মানুষের জীবনের চেয়ে সাম্যবাদের ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বুখারিনকে বেশ দ্রুত এর জন্য আক্ষেপ করতে হয়েছিল। ট্রটস্কিকে একবার দল থেকে বিতাড়নের পর স্তালিন দলের অন্য সব জ্যেষ্ঠ নেতার ওপর চড়াও হন, তিনি এঁদের ‘জনগণের শত্রু’ নামে অভিহিত করতে শুরু করেন। ট্রাম্পের জনতুষ্টিবাদী সমর্থক ও যুক্তরাজ্যের কট্টর ব্রেক্সিটপন্থীরা এই শব্দবন্ধটি তাদের বিরুদ্ধে আবার ব্যবহার করছে, যারা তাদের ‘ব্লাড অ্যান্ড সয়েল’ নীতির বিরোধিতা করার সাহস দেখিয়েছে। বুখারিনকে ১৯৩৮ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ফ্রাঞ্জ ভন প্যাপেনও বাজি ধরেছিলেন, তিনি একনায়কসুলভ এক বক্তৃতাবাগীশকে বশে আনতে পারবেন। নিজের রাজনৈতিক লক্ষ্যে সফল হতে তিনি জার্মানির প্রেসিডেন্ট পল ভন হিনডেনবার্গকে ১৯৩৩ সালে সুপারিশ করেন, হিটলারকে যেন চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঝানু ও একনায়কসুলভ রাজনীতিক হিসেবে প্যাপেন ভেবেছিলেন, হিটলার একবার ক্ষমতায় এলে তিনি তাঁকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি হিটলারকে প্রাদেশিক চড়া গলার নেতা মনে করতেন।
এর বদলে দেখা গেল, নাইট অব দ্য লং নাইভসের রাতে নাৎসিরা প্যাপেনের বিশ্বস্ত সহযোগী হারবার্ট ভন বস, এরিক ক্লুজেনার প্রমুখকে খুঁজে বের করে হত্যা করে সরকারের নিয়ন্ত্রণ হাতে নেয়। তবে প্যাপেনের পরিণতি বুখারিনের চেয়ে কিছুটা ভালো ছিল, কারণ হিটলার তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে প্রথমে অস্ট্রিয়া ও পরবর্তীকালে তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যুরেমবার্গ ট্রায়ালে প্যাপেনকে খালাস দেওয়া হয়।
বরিস ইয়েলৎসিনের আস্থাভাজন ও তল্পিবাহক বরিস বেরেজভস্কি একইভাবে একজন সম্ভাব্য একনায়ককে ঊনজ্ঞান করেছিলেন। এই বেরেজভস্কিই ভ্লাদিমির পুতিনকে ইয়েলৎসিনের নজরে এনেছিলেন। তিনি ভেবেছিলেন, ইয়েলৎসিনের পরিবারের সম্পদ বাঁচানোর জন্য এই ছোটখাটো সাবেক কেজিবি কর্মকর্তাই আদর্শ মানুষ, তাঁর নিজেরটাসহ। তা সত্ত্বেও পুতিন ক্ষমতায় আসার পরই বেরেজভস্কি ব্যবসা-বাণিজ্য হারিয়ে ইংল্যান্ডে পাড়ি জমাতে বাধ্য হন, যেখানে তিনি শেষমেশ মারা যান।
শেষে তুরস্কের কথা বলি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর পূর্বসূরি আবদুল্লাহ গুল একত্রে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) গঠন করেন, যে দলটি ২০০২ সাল থেকে তুরস্কের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। কিন্তু এরদোয়ান নাজের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে গুলকে নিশ্চুপ করিয়ে দেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী ও একেপি নেতা আহমেত দাভুতোগলু অনেক দিন এরদোয়ানকে সমর্থন দিয়েছেন। তাঁদের মধ্যে মতানৈক্য গভীর না হওয়া পর্যন্ত তাঁদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু দাভুতোগলু গত বছর পদত্যাগ করতে বাধ্য হন।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র তুরস্ক ও রাশিয়ার চেয়ে শক্তিশালী। কিন্তু বিরোধী মতের মানুষদের ব্যাপারে নির্লজ্জ মিথ্যাচার ও তাদের ওপর নিরন্তর আক্রমণ চালিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, গণতান্ত্রিক রীতিনীতি মানতে তিনি আগ্রহী নন। এমনকি তিনি এক সম্প্রচারমাধ্যমের লাইসেন্স চ্যালেঞ্জ করাও যথার্থ মনে করেন।
তবে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। রিপাবলিকান সিনেটররা ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছেন, যেটা ট্রাম্পের পক্ষে নাকচ করা সম্ভব নয়। এ ছাড়া ওবামাকেয়ারের ভর্তুকির ব্যাপারেও তাদের মতৈক্য হয়েছে।
এসব সঠিক পদক্ষেপ। কিন্তু ট্রাম্পের আচরণ যেভাবে চটুল ও বিপজ্জনক হয়ে উঠছে, তাতে এটাই যথেষ্ট নয়। যে রিপাবলিকানরা ডান দিকে থাকতে চান, তাঁরাও আর বেশি দিন ট্রাম্পের পক্ষে থাকতে পারবেন না।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
নিনা এল খ্রুশ্চভা: রুশ-মার্কিন অধ্যাপক।