ঠাকুরগাঁও: সম্ভাবনার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙন-কুলিক-শুক-অহনা-তিরনই-নাগর-ভুল্লি-সেনুয়া-ভক্তি-পাথরাজ নদনদীবিধৌত ঠাকুরগাঁও। প্রত্নতত্ত্বসমৃদ্ধ এলাকা। গত ঈদের আগে গিয়েছিলাম সেখানে। কয়েকটি উপজেলা ঘুরে মনে হলো সড়কগুলো পাকা এবং বেশ সুন্দর। জনজীবনে কিছুটা স্বস্তি থাকলেও জীবনযাপনের অনেক গুরুত্বপূর্ণ সূচকে নেই সামাজিক নিরাপত্তা। বাংলাদেশের অন্যান্য গ্রামীণ জীবনের মতোই ঠাকুরগাঁওয়ের জীবন হলেও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সমান না থাকা এবং ঢাকার সঙ্গে দূরত্ব অনেক হওয়ার কারণে উন্নয়ন সেভাবে হচ্ছে না। তারপরও তাদের অতিথিপরায়ণতা উল্লেখ করার মতো।

ঠাকুরগাঁওয়ে শিল্পকারখানা গড়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে সুগার মিলস লিমিটেড চলছে। সেটি সংস্কারের জন্য বর্তমান সরকার ৪১১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দ পাওয়ায় সুগার মিলে ঢোকার সময়ে চোখে পড়ল বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে শ্রমিক লীগ ও শ্রমিক-কর্মচারীদের টাঙানো ব্যানার। গেটেই একজন প্রহরী সুগার মিলের কর্মীদের মধ্যে হতাশার কথাও জানালেন।

অনেকের সঙ্গে কথা বলে বুঝলাম, ঠাকুরগাঁও নানা সুবিধা থেকে বঞ্চিত। সেখানকার উৎপাদিত কৃষিপণ্যের মূল্য তাঁরা তুলনামূলক কম পান। আবার উৎপাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী অনেক দূর থেকে আসে বলে সেগুলোর ক্রয়মূল্য বেশি। ফলে উৎপাদনে খরচ বেশি আর বিক্রিতে মূল্য অনেক কম। তবে এশিয়ান হাইওয়ে যদি চালু হয় তাহলে আর তাঁদের পশ্চাৎ​পদ জেলা হিসেবে থাকতে হবে না। ঠাকুরগাঁওবাসী এখন সেই এশিয়ান হাইওয়ের অপেক্ষায় আছেন।

উৎপাদিত যেকোনো কিছুরই যে মূল্য সেখানে কম, সেটি বুঝলাম ওখানে কোরবানির পশুর মূল্য বিবেচনাতেও। ভেলাজান গ্রামের আনসারুল ইসলাম বলছিলেন, ‘যদি আপনি কোরবানির গরু না কিনে থাকেন তাহলে এখান থেকে কিনে নিয়ে যান। যে গরু ঠাকুরগাঁওয়ে পাবেন ৫০ হাজার টাকায়, সেই গরু রংপুরে হবে ৬৫ হাজার টাকা।’ গরুর দাম কেন কম জানতে চাইলে তিনি স্থানিক দূরত্বের কথাই বললেন। ওখান থেকে গরু ঢাকাসহ দেশের অন্যত্র নেওয়ায় খরচ বেশি।

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাসুদ রানা বাবুল নামের একজনের বাসায় গেলাম। তিনি গ্রামোফোন সংগ্রহ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ কয়েকটি রেকর্ড তিনি বাজিয়ে শোনালেন। একটি বেসরকারি ব্যাংকে তিনি কর্মরত। তিনি বলছিলেন, ‘ঠাকুরগাঁও অঞ্চলে একসময় প্রচুর বিয়ের গীত ছিল। এখন সেগুলো আর নেই। এগুলো যদি এখনই সংগ্রহ করা না যায়, তাহলে নিকট ভবিষ্যতে আর এগুলো পাওয়াই যাবে না। লোকসংস্কৃতির দিক থেকে ঠাকুরগাঁও খুবই সমৃদ্ধ।’

অনেকের সঙ্গে কথা বলে ঠাকুরগাঁও জেলার জনজীবনের বিভিন্ন সংকটের কথাই উঠে এল। ঠাকুরগাঁও থেকে রংপুরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেলা থেকে এমনকি আরও দূরের উপজেলা থেকেও তাঁদের যেতে হয় রংপুরে। ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ পর্যায়ের উন্নত চিকিৎসাব্যবস্থা নেই বললেই চলে।

অর্থের উৎস বলতে কৃষি। কৃষিকাজ না থাকলে লাখ লাখ কৃষিশ্রমিক বেকার হয়ে পড়েন। শহরের উপকণ্ঠে টাঙন নদের পাড়ে কথা হলো বৃদ্ধ ভ্যানচালক নুরুল হকের সঙ্গে। তিনি বললেন, ‘একসময় ঠাকুরগাঁও অনেক ছোট আছলো। আশপাশে অনেক বন ছিল। শহর এলা অনেক বড় হইচে। কিন্তু গরিব মাইনষের কোনো কাম নাই।’ ধান, গম ও আলুর প্রচুর ফলন হলেও ন্যায্যমূল্য পান না সাধারণ কৃষকেরা। চা-চাষের জন্য উপযোগী ঠাকুরগাঁওয়ের মাটি।

ঠাকুরগাঁও জেলা শহরে মাত্র দুটি সরকারি কলেজ ও দুটি সরকারি মাধ্যমিক স্কুল। পীরগঞ্জ উপজেলায় একটি সরকারি কলেজ ও একটি সরকারি বালিকা বিদ্যালয় রয়েছে। রানীশংকৈলে আছে শুধু দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়; যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কেউ কেউ বলছিলেন, ঠাকুরগাঁও জেলায় যদি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন করা যেত, তাহলে ঠাকুরগাঁওয়ের সুদিন আসত।

ঠাকুরগাঁওয়ের নদ-নদীগুলোও খুবই অবহেলিত। বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক নদ ‘কুলিক’, যেটি ঠাকুরগাঁওয়ে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে। সেই নদের উত্সমুখে গিয়েছিলাম। বালিয়াডাঙ্গীর ৫ নম্বর দৌসৌ ইউনিয়নের বেংরোলের একজন নির্বাচিত সদস্য মঞ্জুর আলম বলছিলেন, ‘কুলিক নদীর উৎস অনেকটাই এখন দখল হয়ে গেছে। চার বছর আগে কুলিক খননের কাজ হলেও দখল করা অংশে খনন করা সম্ভব হয়নি।’ কুলিকে মাছ ধরছিলেন নাজিম উদ্দিন। তাঁর আঞ্চলিক ভাষায় কথা বোঝা যাচ্ছিল না। একজন আধুনিক বাংলা রূপ করে বোঝালেন, ‘আগে সারা বছর মাছ ধরেছি। এখন আর পাওয়া যায় না। নদী শুকিয়ে যায়।’ ‘ভক্তি’ নদ এখন কার্যত বিলে পরিণত হয়েছে। অথচ এই নদে একসময় জাহাজ চলত বলেই স্থানীয় অনেকে উল্লেখ করলেন। ভক্তি নদপাড়ের মাংস বিক্রেতা খমির উদ্দিন সামনেই একটি স্থান নির্দেশ করে আঞ্চলিক ভাষায় কিছু কথা বলছিলেন। ভাষা খুবই দুর্বোধ্য ঠেকছিল। সঙ্গে থাকা আমার এক শিক্ষার্থী রেজওয়ানুল হক আঞ্চলিক ভাষার মান বাংলা রূপ করে বোঝালেন, ‘আমরা দাদার কাছে শুনেছি ওই ডাঙ্গীতে (উজান/চরে) একটা জাহাজ আটকা পড়েছিল।’ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকার আঞ্চলিক ভাষার সঙ্গে রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা এমনকি ঠাকুরগাঁও এলাকার আঞ্চলিক ভাষারও মিল খুবই কম। এ প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের ড. নাজমুল হক বলেন, ‘টাঙন নদী হচ্ছে ভাষাগত সীমানা। পূর্বদিকের ভাষা রাজবংশী ভাষার সঙ্গে মিল আর পশ্চিমে হিন্দি-উর্দু ভাষা প্রভাবিত।’

বুড়ি বাঁধ এবং টাঙন নদের উজানের ব্যারাজ ওই এলাকার কৃষিতে অনেক বড় ভূমিকা রাখছে। আমন মৌসুমের জন্য পর্যাপ্ত পানি ধরে রাখা হয়েছে। আমন মৌসুমে ঘাটতি পানির চাহিদা মেটাচ্ছে। তবে দুঃখের বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে ঠাকুরগাঁওয়ের একটি নদ-নদীতেও পানি থাকে না। ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে প্রতিহিংসার প্রভাব খুবই কম। বলা যায় মৌলবাদী সংগঠন ছাড়া অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজমান।

বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম হিসেবে বিবেচিত আমগাছ সূর্যপুরী দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়। লাহিড়ীর হাটে এখনো হাজার হাজার মানুষ আসে কেনাকাটা করতে।

ঠাকুরগাঁওয়ে রেলযোগাযোগ উন্নয়নের লক্ষ্যে স্থাপন করা হয়েছে ব্রডগেজ লাইন। এখন উদ্বোধনের অপেক্ষায়। এশিয়ান হাইওয়ে খুলে দেবে আরও সম্ভাবনার দ্বার। সেই সঙ্গে যদি সেখানে একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা যায়, চা-চাষের জন্য প্রণোদনা দেওয়া যায়, তাহলে ঠাকুরগাঁওয়ের মানুষের জীবনে যে সামাজিক নিরাপত্তাহীনতা রয়েছে তা দূর হবে।

তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।