ঠিক পথেই এগোচ্ছেন উন-মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-উন এবং মুন জে–ইন
কিম জং-উন এবং মুন জে–ইন

রাজনৈতিক সদিচ্ছা থাকলে কূটনৈতিক অগ্রযাত্রা যে কত দ্রুতগামী হতে পারে, সেটি দেখিয়ে দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। পানমুনজমে এই দুই নেতার সাক্ষাৎ, কয়েক কদম মাড়িয়ে দক্ষিণ কোরিয়ার মাটিতে উনের পা ফেলা এবং মুনের সঙ্গে তাঁর আন্তরিক ভঙ্গিমায় হাত মেলানো অবশ্যই স্মরণকালের অন্যতম ক্ষিপ্র গতিসম্পন্ন কূটনৈতিক অগ্রযাত্রার দুর্লভ স্মারক।

বৈঠকের পর এই দুই নেতা পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ার অঙ্গীকার করেছেন এবং আনুষ্ঠানিকভাবে একটি শান্তিচুক্তি সম্পাদনের ব্যাপারে আলোচনা করতে সম্মত হয়েছেন। এখন একটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেটি হলো: এই শান্তি-প্রক্রিয়া শেষ পর্যন্ত টিকবে তো?

সব পক্ষের অসংখ্য পর্যবেক্ষক এ বিষয়ে সতর্কবাণী দিয়ে যাচ্ছেন। তাঁরা বলছেন, বৈঠক যতই আন্তরিক হোক এবং এর যতই ঐতিহাসিক তাৎপর্য থাকুক, প্রক্রিয়াটি চলমান থাকবে নাকি ‘সানশাইন ডিপ্লোম্যাসি’ শীর্ষক ১৯৯০-এর দশকে শুরু হওয়া শান্তি-প্রক্রিয়ার মতো এটিও হারিয়ে যাবে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

একসময় উত্তর ও দক্ষিণ—উভয় পক্ষ নিজেদের পারমাণু সক্ষমতা ও ক্ষেপণাস্ত্রের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনার উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই উদ্যোগ অচিরেই ভেস্তে যায়। কূটনীতিতে দ্রুতগতি অগ্রযাত্রাকে ক্ষণস্থায়ী করে—এই তত্ত্ব সব সময় সঠিক হয় না।

ছয় মাসেরও কম সময় আগে উন পারমাণবিক অস্ত্রের পরীক্ষার আদেশ দিয়েছেন, আমেরিকায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র নিয়ে দম্ভোক্তি করেছেন এবং মার্কিন প্রেসিডেন্টকে গালি পর্যন্ত দিয়েছেন। আর আজ কোরিয়ার বেসামরিক এলাকা থেকে যখন তাঁর ছবি টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছিল, তখন এক নতুন উনকে দেখা গেল। তাঁর চেহারায় কোনো যুদ্ধংদেহী কিছু ছিল না। একজন শান্ত, পরিণত ও বিবেচক নেতার সব লক্ষণ তাঁর চেহারায় প্রকাশ পাচ্ছিল।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ভয়ানক এই উত্তেজনা প্রশমনের পথের বাধাগুলো চিহ্নিত করা কঠিন কিছু না। অসংখ্য বাধার পাশাপাশি নতুন অনেক আশাবহ ইতিবাচক দিকও কিন্তু আছে। প্রেসিডেন্ট মুন উত্তর কোরিয়ার একটি পরিবারে জন্ম নেওয়া মানুষ। ‘সানশাইন’ আমলে তিনি জুনিয়র কূটনীতিক হিসেবে উত্তর কোরিয়া সফর করেছেন। উত্তর কোরিয়ার সঙ্গে তাঁর একটি আবেগের সম্পর্ক আছে। হয়তো সে কারণেই তিনি তাঁর পূর্বসূরিদের চেয়ে বেশি খোলামন নিয়ে শান্তি উদ্যোগে হাত বাড়াতে পারছেন।

কিম জং-উনই উত্তর কোরিয়ার প্রথম কোনো নেতা, যিনি দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রেখেছেন, দীর্ঘদিনের ট্যাবু ভেঙেছেন এবং আনুষ্ঠানিক চুক্তি করার ব্যাপারে নিজে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ধরনের একটি শান্তিচুক্তির অভাবই কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনার প্রধান কারণ হয়ে আছে।

মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিতে সব ধরনের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছেন। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার টেবিলে উঠতে যাচ্ছে। উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় আমেরিকার কোনো সেনা থাকতে পারবে না বলে এত দিন দাবি করে এলেও সেই দাবি থেকে সরে এসেছেন উন।

 ‘আমার (পারমাণবিক) বোতাম আপনার বোতামের চেয়ে বড়’—উনের উদ্দেশে ট্রাম্পের এই দম্ভোক্তির কোনো উত্তপ্ত রেশ এখন নেই। হয়তো তাঁরা বুঝতে পারছেন, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা ছাড়া শান্তি আসতে পারে না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়টি অর্ধেক বুঝতে পেরেছিলেন। মার্কিন বোমারু বিমানের ওড়াউড়িতে উত্তর কোরীয়দের মধ্যে কী নিদারুণ আতঙ্ক তৈরি করে, তা উপলব্ধি করে তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিয়মিত যৌথ সামরিক মহড়ায় বেশ কিছু পরিবর্তন এনেছেন। তিনি কিম জং-উনের আক্রমণাত্মক কর্মকাণ্ডকে ক্রিয়া হিসেবে নয়; বরং প্রতিক্রিয়া হিসেবে দেখেছিলেন।

ট্রাম্প এসেই আবার সেই খেলা শুরু করলেন এবং একপর্যায়ে ইউটার্ন নিয়ে কিম যা চেয়ে আসছেন, সেই স্বীকৃতি, সম্মান ও মুখোমুখি আলোচনার আশ্বাস সবার সামনে ঝোলাতে শুরু করেন। এখানে ট্রাম্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, তিনি কিমের উদ্দেশ্য সম্পর্কে জানেন এবং জেনে-বুঝেই মার্কিন প্রেসিডেন্টের পদমর্যাদাকে ঝুঁকির মধ্যে ফেলে তাঁর সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন।

তবে দুই কোরিয়ার শান্তি অর্জনে আঞ্চলিক অংশীজনদেরও বড় ভূমিকা আছে। সেদিকে লক্ষ রেখে, গত মাসে কিম উত্তর কোরিয়ার নেতা হিসেবে চীনে ঐতিহাসিক সফর করেন। আর পানমুনজমে উন এবং মুন যে দৃশ্য বিশ্ববাসীকে দেখালেন, তাকে এখনই আশীর্বাদ বলা না গেলেও নিদেনপক্ষে এটি শান্তির ছোঁয়া বলা যেতেই পারে।

দ্য গার্ডিয়ান থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

মেরি দেজেভস্কি লেখক ও দ্য গার্ডিয়ান পত্রিকার সাবেক বৈদেশিক সংবাদদাতা