ড. ইউনূস ও কাকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সঙ্গে আমার অদ্যাবধি দেখা হয়েছে মাত্র একবার, ঘণ্টা খানেকের জন্য। সময়টা সম্ভবত ’৮৩ সালের গোড়ার দিকে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার সহযোগী অধ্যাপক আমি; ইতালির প্রিয়েস্তে শহরের তত্ত্বীয় পদার্থবিদ্যার আন্তর্জাতিক কেন্দ্রের আমন্ত্রণ পেয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম; একই আমন্ত্রণে যাবেন ড. ইউনূসের ভাই পদার্থবিদ্যার সফল শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ড. ইব্রাহীম। বিকেলের দিকে ফ্ল্যাইট। যথাসময়েই বিশ্ববিদ্যালয়ের গাড়ির জন্য আমরা দুজনেই আবেদন করেছি; দুপুরের দিকে আমাদের জানানো হলো: গাড়ি খারাপ! পড়লাম বিপদে। তখনকার সময় বিশ্ববিদ্যালয়ে হাতেগোনা কয়েকজন শিক্ষক গাড়ি চালাতেন; আমি কাউকেই পেলাম না। বেবিট্যাক্সি করেই বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিলাম। হঠাৎ করেই ড. ইব্রাহীম আমার ঘরে এসে বললেন, ‘মুজিব, আমার ভাই ড. ইউনূসের একটি গাড়ি আছে, তাঁর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং তিনিই আমাদের দুজনকে বিমানবন্দরে নিয়ে যাবেন।’ হাঁফ ছেড়ে বাঁচলাম। কথামতো আমি ড. ইব্রাহীমের ফুলার রোডের বাংলোয় হাজির হলাম রিকশা করে। এরই মধ্যে ড. ইউনূস এসে গেছেন। তাঁর সঙ্গে ছোটখাটো বিষয়ে আলাপ হলো। যাওয়ার সময় হলে আমরা দুজনে ড. ইউনূসের গাড়িতে উঠে বসলাম। যত দূর মনে পড়ে, ফোর হুইলার জাতীয় একটি গাড়ি; বাইরের রং উঠে সেনা পোশাকের মতো চকরা-বকরা হয়ে গেছে। ভেতরের অবস্থা আরও খারাপ! গাড়ির মেঝেটা মনে হলো কাঠমিস্ত্রি দিয়ে বানানো; তার ওপর ছোট একটা প্লাস্টিকের শিট। গাড়ি চলল বিমানবন্দরের দিকে। গাড়ির বাইরের থেকে ভেতরের শব্দই বেশি! এরই মধ্যে ত্রিমুখী আলোচনা হচ্ছিল।তখনো আজকের গ্রামীণ ব্যাংকের কথা বাংলাদেশের অনেকে জানতেন না। জিজ্ঞেস করলাম: ইউনূস ভাই, এই অভাবের দেশে ঋণ দেওয়ার জন্য আপনি কেমন করে মহা অভাবী মানুষ বাছাই করেন? কোনোরূপ চিন্তা না করেই উনি উত্তরে বললেন: ভাত ছড়ালে কাক আসবেই! তবে লক্ষ করে থাকবেন: দুর্বল কাকগুলো সচল কাকগুলোর ঠোকর খেয়ে ভাতের কাছেই যেতে পারবে না। আর এর মধ্যে যদি দু-চারটা দাঁড়কাক এসে যায়, তবে তো আর কথাই নেই। ব্যাংকের ধারেকাছে যাঁরা যেতে পারেন না বড়লোকদের ভিড়ে, সেসব অসহায় মানুষকে আমি ঋণের যোগ্য বলে মনে করি। তাঁর এই কাকের গল্পটি আমার কাছে অনেকটা হেঁয়ালি বলেই মনে হয়েছে দীর্ঘদিন। তবে তাঁর কাকের গল্পে কোনো খাদ নেই; দাঁড়কাক আর শক্তিশালী কাকগুলোই দেশের ভাতটা খেয়ে নিচ্ছে অকাতরে। দুর্বলেরা শুধুই তাকিয়ে থাকে!গেল দুই যুগ ধরে দেশের বাইরে শিক্ষকতা করছি। নব্বইয়ের দশকে প্রভাবশালী খালিদ টাইমস ও টাইমস অব ওমান দৈনিকগুলোতে মাঝেমধ্যেই বিদেশি সাংবাদিক-লেখকেরা গ্রামীণ ব্যাংক ও তার প্রাণপুরুষ ড. ইউনূসের কথা প্রশংসার সঙ্গে লিখেছেন। তাঁর নোবেল পুরস্কার পাওয়ার ঠিক মাস ছয়েক আগে মাসকাটের জার্মান দূতাবাসে গিয়েছি রাষ্ট্রদূতের আমন্ত্রণে; আলেকজান্ডার ফন হোমবোলট ফেলো হিসেবে ওখানে আমন্ত্রণ-নিমন্ত্রণ পেয়ে থাকি নিয়মিত। ঘণ্টা খানেক গালগল্পের পর রাতের খাবারের জন্য ডাকা হলো অতিথিদের। আমার টেবিলের ওপাশে বসা রাষ্ট্রদূতের স্ত্রী হঠাৎ করেই বললেন: ডিনারের পর চা-পানের সময় তোমাকে একটা বিষয় দেখাব বাংলাদেশ সম্পর্কে। তা-ই হলো। তিনি বিরাট আকারের লাউঞ্জ থেকে অনেকটা দ্রুতগতিতেই তাঁর পাঠাগারে চলে গেলেন। সঙ্গে নিয়ে এসেছেন ‘ডারং ডিজেলের’ একটি সাম্প্রতিক ইস্যু। তাতে বাংলাদেশের দুটো খবর ছিল, প্রথমটি হলো—দরিদ্র বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে অনেক ধনী দেশের মানষের তুলনায় সুখী। আর দ্বিতীয়টি ছিল, ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড সম্পর্কে। দুটি খবরের ব্যাপারেই আমি ইতিবাচক মতামত দিলাম, আর এও বললাম, ড. ইউনূস গেল বছরগুলোতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও ওটা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে; এই খবরটাও তাঁর জানা। ওই বছরই ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংককে নোবেল পুরস্কারে ভূষিত করা হলো। দরিদ্র বাংলাদেশকে সারা পৃথিবী জানল এক ভিন্ন মাত্রায়। আমরা সবাই গর্বিত হলাম।যেদিন ড. ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গেই আমি আমার ছেলের ফোন পেলাম; ওমানের বাইরে ও তখন পড়াশোনা করছিল। বলল, ‘আব্বু, তুমি ড. ইউনূসকে জানো? উনি নোবেল পুরস্কার পেয়েছেন।’ যে ছেলেটি সারা জীবন বাংলাদেশের বাইরে থেকেছে, বাংলাদেশ সম্পর্কে যার ধারণা একেবারেই ক্ষীণ, ড. ইউনূসের নোবেলপ্রাপ্তি তাকে যে কতটুকু গর্বিত করেছে, সেটা কিছু দিয়েই বোঝানো যাবে না। পরের দিন বিভাগের প্রায় সব সহকর্মী আমাকে শুভেচ্ছা জানাতে এলেন। সবাই বললেন: ভিভা বাংলাদেশ!, অর্ধাহার-অনাহার, খরা-বন্যা, ঝড়ঝঞ্ঝা আর অনাবৃষ্টি-অতিবৃষ্টির দেশ বাংলাদেশকে জগতের মানুষ অন্যভাবে জানল। আমরা নোবেল বিজয়ী তৈরি করতে পারি। মনে হলো, বঙ্গবন্ধুর সেই অমোঘ বাণী: ‘আমাদেরকে আর দাবাইয়া রাখতে পারবা না।’ গেল কয়েক বছরের ঘটনাবলি আমরা সবাই লক্ষ করেছি। মনে হয়েছে আমাদের কেউ দাবিয়ে রাখতে না পারলেও আমরাই আমাদেরকে দাবিয়ে রাখব ইনশাআল্লা! আমাদের এই প্রবণতা আমাদের খুব ছোট করে দিচ্ছে জগতের কাছে। নিজেরাই নিজেদের ছোট করে ফেলছি আমরা। বিদেশি সহকর্মী ও সহযোগী বন্ধুরা বাংলাদেশ প্রসঙ্গ তুলে প্রায়ই আমাকে প্রশ্ন করেন: ড. ইউনূসকে তোমরা গ্রহণ করতে পারছ না কেন? ১৯৭৬ সালে প্রায় একই ধরনের প্রশ্নবাণে আমি বিদ্ধ হয়েছি বিলেতের এক সংবর্ধনা অনুষ্ঠানে। ২০০৪ সালে ‘বঙ্গবন্ধু ও ওঁরা চারজন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় প্রায় পৃষ্ঠাব্যাপী এক প্রবন্ধে। আমি সে কথাগুলোই বলেছি। হাউস অব লর্ডসের ক্যারোনেজ রবিনসন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করেছিলেন: বড় মাপের এই মানুষটিকে যদি তোমাদের দেশে জায়গা দিতে না পারতে, তবে আমাদের এই ক্ষুদ্র দ্বীপটিতে পাঠিয়ে দিলে না কেন? সেদিন আমার কাছে কোনো উত্তর ছিল না। ড. ইউনূসকে প্রাণে না মারলেও তাঁর চরিত্র হনন হয়েছে, যা প্রাণে মারার চেয়েও ভয়াবহ ও বেদনাদায়ক। আমার একান্তই ব্যক্তিগত মতামত: ডান আর বামপন্থী—দুই তরফেরই অপছন্দের মানুষ ড. ইউনূস। ডানপন্থীরা তাঁকে নারীর ক্ষমতায়নের দায়ে দায়ী করেন, আর বামপন্থীরা তাঁকে আমেরিকার চর বলে দেন গালাগালি। আমার প্রশ্ন, নারীর ক্ষমতায়ন আর সাম্প্রতিককালের নির্বাচনগুলোতে নারী ভোটারের আধিক্য কি সমাজবিরোধী? তাই যদি হয়, তবে ডানপন্থীদের ক্ষোভের শিকার তিনি হতেই পারেন। আর বাম ঘরানার যাঁরা তাঁকে আমেরিকার চর বলে গালাগাল দেন, তাঁদের প্রতি আমার প্রশ্ন, আপনাদের ছেলেমেয়েদের আমেরিকায় পাঠিয়ে আপনারা অনেকেই গর্ববোধ করেন আর সে দেশের একদল মানুষের উঁচুস্তরের আমেরিকান বন্ধুবান্ধব থাকাটা তো আপনাদের জন্যই গর্বের বিষয়। বিক্রমপুরের এক অজপাড়াগাঁয়ে আমার জন্ম। পঞ্চাশের দশকে আমি দেখেছি অভাবী মানুষগুলোকে। তাদের শেষ সম্বল ঘটিবাটিগুলো বন্ধক রেখে শতকরা ১০০ টাকা হারে সুদ দিয়ে কিছু টাকা ধার করে, আর টাকা দিতে না পারায় শুধু ঘটিবাটি নয়, নিজেদের কুঁড়েঘরের চালটুকুও হারায় তারা। ড. ইউনূস একটা ধারার সৃষ্টি করেছেন, এর থেকে আরও কিছু ভালো করুন। ভাত দেওয়ার মুরোদ নেই কিল মারার গোঁসাই আমরা চাই না। কিল মারেন আপত্তি নেই, কিন্তু ভাত দিতে হবে।উপসংহারে ফিরে যাই ড. ইউনূসের কাকের গল্পে। বাংলাদেশে আজ দাঁড়কাকের আধিক্য দেখছি শেয়ারবাজারে, টেন্ডার-বাণিজ্যে, ভর্তি-বাণিজ্যে, এমনকি সাম্প্রতিককালের আম-বাণিজ্যে। দুর্বল কাকের মতো সাধারণ মানুষ আজ বলতে গেলে বেঁচে আছে মরতে পারে না বলেই। এমনি অনিয়মের দেশে শত অনিয়মের মাঝেও সমাজকে ক্ষীণ আশার আলো দেখিয়েছেন তিনি। শেষ কথা: দিন কয়েক আগে ড. ইউনূসের ভাই ড. ইব্রাহীম প্রথম আলোয় প্রকাশিত এক লেখায় রোহিঙ্গাদের সাম্প্রতিক মানবিক বিপর্যয়ের কথা লিখতে গিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এতে তিনি বিপদগ্রস্ত মানুষগুলোর সঙ্গে চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতির যে মেলবন্ধ রয়েছে, সে কথাগুলো অকপটে বলেছেন। আজ যদি শান্তিতে নোবেল বিজয়ী উপমহাদেশের দুজন দুর্লভ মানুষ ড. ইউনূস ও সু চিকে একসঙ্গে বসাতে পারতাম, তবে আজকের রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধান হয়তো খুঁজে পাওয়া যেত। এটা শুধুই আমার আশাবাদ। ড. এস এম মুজিবুর রহমান: পদার্থবিদ্যার অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সুলতান বসুবস ইউনিভার্সিটি, মাসকাট, ওমান।