১৯ ডিসেম্বর আমরা যখন ঢাকার সিএমএম কোর্টের সামনে, ততক্ষণে মোশরেফা মিশুকে এজলাসে নিয়ে আসা হয়েছে। পুলিশ ও আইনজীবী ছাড়া সেখানে আর কারও প্রবেশের অনুমতি নেই। কিন্তু বাইরে থেকেই আমরা বুঝতে পারছিলাম, মিশু দাঁড়াতে পারছেন না। প্রচণ্ড শ্বাসকষ্টে তাকানোর বা কথা বলারও কোনো শক্তি নেই ওঁর তখন। ব্যারিস্টার সাদিয়া আরমান আমাদের সঙ্গেই ছিলেন। তিনি ভেতরে গিয়ে কথা বলতে চেষ্টা করলেন।ব্যারিস্টার সাদিয়া আরমান বের হয়ে বলেন, ‘প্রচুর হাঁপাচ্ছেন উনি। চোখ দিয়ে পানি পড়ছে। হাত ধরলাম, বললাম, কেমন আছেন? কোনোরকমে মিশু বললেন, “আমি আর রিমান্ড সহ্য করতে পারব না। ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।” হাঁপাতে হাঁপাতে বললেন, “আমি নরসিংদীতে ছিলাম। ১২ তারিখ রাতে ঢাকায় ফিরেছি। ১৩ ডিসেম্বর জাতীয় কমিটির কর্মসূচিতে অংশ নিতে পারিনি। ১৩ তারিখ রাত সোয়া একটায় বোনের বারণ অমান্য করে ১২ জন পুলিশ আমার বেডরুমে ঢুকে গেল। পুলিশকে বোঝালাম, আপনাদের অভিযোগের কোনো কিছুই আমার জানা নেই। আমি অসুস্থ। কিন্তু ওষুধ পর্যন্ত নিতে পারি নাই।” দেখলাম ওঁর বুকেও প্রচণ্ড ব্যথা।’ মিশুর অ্যাজমা আছে। গত কয়েক দিনে ঠান্ডা মেঝেতে রাখার কারণে অ্যাজমা মারাত্মক আকার ধারণ করেছে। আর মেরুদণ্ডের ব্যথা অনেক পুরোনো—এগুলোর উৎস এরশাদ স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন, বিএনপির আমলের নির্যাতনবিরোধী লড়াইয়ে পুলিশের আঘাত। সেগুলো নিয়ে মিশুকে সব সময় সতর্ক থাকতে হয়। তার পরও জনস্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে তিনি সদা সচেষ্ট। কদিন আগেই অনেক কষ্ট স্বীকার করে লংমার্চেও অংশগ্রহণ করেছেন। গত কদিনের রিমান্ডে এই ব্যথাও গুরুতর আকার ধারণ করেছে। কোর্টে দাঁড়াতে পারলেন না।শুনানি হলো খুব সংক্ষিপ্ত। ১০ মিনিট। আদালতে মিশুর পক্ষের আইনজীবীরা পুরো মামলার আইনগত দুর্বলতা, মিশুর বিরুদ্ধে অভিযোগের অপ্রাসঙ্গিকতা, অসুস্থতা ইত্যাদি বিষয়ে অনেক প্রশ্ন তুলতে চেষ্টা করলেন। কিন্তু এর জন্য সময় নেই। ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেন। ফিরতি পথে হাঁটার অবস্থা না থাকায় তাঁকে প্রায় টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল পুলিশ। একজন পুলিশের মন্তব্য শুনলাম, ‘কিছুই হয় নাই।’ এই কথা যে কতটা ভুল, তা ওই পুলিশও নিশ্চয়ই কয়েক মিনিটের মধ্যেই টের পেল।আমরা যখন কোর্ট থেকে ফিরছি, রাস্তায় তখনই শুনলাম মিশুকে আবার রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়েছিল, কিন্তু অচেতন হয়ে পড়ায় শেষ পর্যন্ত তাঁকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওঁর বোন জেবুকে অনুমতি দেওয়া হয়েছিল হাসপাতালে দেখা করার। আমি যখন জেবুকে ফোন করলাম ও তখন মিশুকে নেবুলাইজার দিচ্ছে। মিশুর ভয়ংকর গোঙানির শব্দ টেলিফোনে শুনেছি। এর কিছুক্ষণ পরই ফোন পেলাম, মিশুকে স্থানান্তরিত করা হচ্ছে পিজি বা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে। দুই ঘণ্টা পর আবার শুনলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওকে নিয়ে যাওয়া হচ্ছে।গত ১০ বছরে বিভিন্ন সরকারের আমলে মাঝেমধ্যেই আমরা দেখেছি শ্রমিকেরা রাস্তায়। পুলিশের সঙ্গে সংঘাত। কিন্তু শ্রমিকেরা বারবার আন্দোলন বা বিক্ষোভ করছেন কেন? তাঁদের কি খুব আনন্দ হয় পুলিশের মার খেতে, চাকরি হারাতে, হাজতে পচতে কিংবা মাস্তানদের চোরাই হামলা আর নির্যাতনের শিকার হতে? ১৯৯৪, ২০০৬ কিংবা ২০১০—কোনোবারই এ রকম রাস্তায় নেমে আসার আগে মজুরি নিয়ে কোনো ফয়সালা হয়নি। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ন্যূনতম মজুরি ছিল ৯০০ টাকা। বাঁচার মতো মজুরি আর বকেয়া পরিশোধ, নিয়োগপত্র, সাপ্তাহিক ছুটিসহ নানা দাবিতে ২০০৬ সালে ঢাকা শহর অচল হয়েছিল। এর কোনো দাবি অন্যায্য ছিল?সরকার আর মালিকদের তখনো বক্তব্য ছিল, মজুরি বাড়ালে এই শিল্প ধ্বংস হয়ে যা্বে; এবং এই আন্দোলন একটি চক্রান্ত। তখন আঙুল তোলা ছিল আওয়ামী লীগের দিকে। সে সময়ও একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিশুকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আন্দোলনের চাপেই মজুরি কিছুটা বাড়ল (১৬৬০ টাকা), কিন্তু শিল্প ধ্বংস হলো না, বরং আরও প্রসারিত হলো। ২০১০ সালে যখন প্রকৃত মজুরি ২০০৬ সালের চেয়ে নিচে নেমে গেল, তখনই আবার দাবি শুরু হয়। এই বছরের প্রথম দিকে কয়েক মাস ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকেরা আন্দোলন করেছেন। মালিকদের অবস্থান একই—শিল্প ধ্বংস হয়ে যাবে, আর চক্রান্তের ইঙ্গিত। এ বছরের ২১ জুলাই প্রধানমন্ত্রী নিজেই সংসদে বললেন, ‘তৈরি পোশাকশ্রমিকদের যে বেতন দেওয়া হয়, তা শুধু অপ্রতুলই নয়, অমানবিক।’ (প্রথম আলো, ২২ জুলাই, ২০১০)মজুরি অমানবিক এবং তার বিরোধিতা করার কথা বলা, ন্যায়সংগত বাঁচার মতো মজুরির বিচারের দাবি করার জন্য মোশরেফা মিশুর বিরুদ্ধে ভাঙচুরে উসকানি, বিশৃঙ্খলা সৃষ্টিতে মদদদানের অভিযোগ এনেছে সরকার। সরকার কি তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও একই অভিযোগ আনবে?একই বক্তব্যে প্রধানমন্ত্রী ২৮ জুলাইয়ের মধ্যে ‘অমানবিক অবস্থা’ নিরসনে নতুন মজুরি কমিশন রোয়েদাদ ঘোষণা করার কথা বললেন। কিন্তু শেষ পর্যন্ত মালিকদের কথা মেনে অমানবিক পর্যায়েই মজুরি নির্ধারিত হলো, মূল ও অন্যান্য সুবিধা মিলিয়ে তিন হাজার টাকা। টাকার অঙ্কে বৃদ্ধি ৭০ বা ৮০ শতাংশ দেখা গেলেও দাম-স্তর বিবেচনায় এই বৃদ্ধির হার ১০ শতাংশের বেশি নয়। এর মধ্যে দুই ঈদ গেল। শ্রমিকেরা তার পরও মেনেই নিলেন একরকম। কিন্তু মালিকদেরই ঠিক করা ন্যূনতম মজুরি বাস্তবায়ন নিয়েও দীর্ঘসূত্রতা, টালবাহানা ও নানা জটিলতা দেখা গেল। এই টালবাহানার একটি ব্যাখ্যা এক বন্ধুকে বলা একজন মালিকের কথা থেকে পাওয়া যায়, ‘নতুন হিসাবে বোনাস দিতে গেলে আমার লাগবে আট লাখ টাকা। এই টাকা দিয়ে আমি পরিবারসুদ্ধ সুইজারল্যান্ডে বেড়িয়ে আসতে পারি!’শ্রমিকদের মজুরি বাকি, নতুন হিসাবে নানা অসংগতি। তার সমাধানের দাবি করার পর কারখানার তালা বন্ধ। সে সময় শ্রমিকেরা বিক্ষুব্ধ হবেন না? অন্যায় হলে, জীবন বিপন্ন হলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো যাবে না? সংবিধান শ্রমিককে এই অধিকার দিয়েছে, আইএলও কনভেনশন তাঁকে এই অধিকার দিয়েছে। শ্রমিকেরা তাঁদের জীবন-মরণ নিয়ে কথা বলতেই রাস্তায় নামেন। তারপর কারা কোথা থেকে ভাঙচুর শুরু করে। শ্রমিকদের আন্দোলনের মধ্যে বিভিন্ন মালিকের নিজেদের দ্বন্দ্ব, ঝুট ব্যবসায়ীদের আধিপত্যের লড়াই, আর নানা রকম চক্রান্ত ঢুকে যায়। শ্রমিকদের মূল দাবির চেয়ে মিডিয়ার মনোযোগ এ ভাঙচুরেই আটকে যায়।যদি সংগঠনের অধিকার থাকত, তাহলে এই আন্দোলন নিশ্চয়ই অনেক সংগঠিত হতো। এখন তা থাকে না, তার দায়িত্ব কার? সব দায় শ্রমিকদের ওপরই পড়ে। ১১ তারিখে পুলিশের গুলিতে তাই নিহত হলেন চার শ্রমিক, আহত হলেন অগুনতি। ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকার অজ্ঞাত ৩০ হাজার শ্রমিকের নামে মামলা করেছিল, একইভাবে এবারও দুই দিনের মাথায় অজ্ঞাত হাজার হাজার শ্রমিকের নামে মামলা হলো। তত্ত্বাবধায়ক সরকারও এ রকম অজ্ঞাত হাজার হাজার ছাত্রের নামে মামলা করেছিল। এ রকম মামলা খুব সুবিধাজনক। যাকে-তাকে ধরা যায়, হয়রানি করা যায়। এর সঙ্গে গ্রেপ্তার ও রিমান্ড-বাণিজ্যের অভিযোগও বহুল প্রচারিত।শ্রমিকদের গুলি করে হত্যার পর পাইকারি ধরপাকড় চলতে চলতেই ১৩ তারিখে গেট তালা দিয়ে আটকে রাখা এবং আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা না থাকায় আরেক কারখানায় আগুনে পুড়ে মরলেন, সংবাদ ভাষ্যমতে, ৩১ জন; আধপোড়া, জখম শত শত। লাশ খুঁজতে থাকলেন স্বজনেরা, কর্তৃপক্ষ লাশ শনাক্ত করার অভিযান সমাপ্ত করল। আমরা জানি না আসলে সংখ্যা কত। লাশের হিসাব সব সময়ই এ রকম হয়েছে। ভবন ধসে আর আগুনে পুড়ে যত ঘটনা ঘটেছে, এখনো সব লাশের সন্ধান পাওয়া যায়নি।২০ বছরে পুড়ে ও চাপা পড়ে অফিশিয়াল হিসাবেই নিহত প্রায় এক হাজার শ্রমিক। এসবের জন্য যেসব মালিক দায়ী, কিংবা যেসব মালিকের কারণে গত এক দশকে কয়েক হাজার কোটি টাকা বকেয়া আর উশুল হয়নি, যেসব কারখানায় ছাদ থেকে শ্রমিকের লাশ রাস্তায় পড়ল, যৌন নিপীড়নের অভিযোগ উঠল, মাস্তান দিয়ে নির্যাতনের খবর বের হলো, সেই মালিকদের বিচারের কোনো খবর কখনো কেউ পায়নি। কিন্তু এসবের প্রতিবাদ করায় শ্রমিকেরা নির্যাতিত, নিহত; শ্রমিক সংগঠক মন্টু ঘোষ, মোশরেফা মিশু, বাহরানে সুলতান বন্দী, রিমান্ডে নির্যাতিত।বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ে প্রধান দুটো ধারা প্রকৃতপক্ষে দেশের শ্রমিকদেরই দেশে ও বিদেশে কাজের ফল। বছরে পোশাক রপ্তানি করে আসে প্রায় ৬৫ হাজার কোটি টাকা আর প্রবাসী শ্রমিকেরা পাঠান প্রায় ৭০ হাজার কোটি টাকা। এই দুই প্রাপ্তি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ নিরাপদ রেখে বড় ধরনের সংকট থেকে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করেছে। কিন্তু এই বিশাল ডলারের স্বাস্থ্যকর মজুদের গায়ে আছে নির্মমতা আর রক্তের দাগ।২০০৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাবে গড় মজুরি বাংলাদেশে সবচেয়ে কম, মুনাফার হার এখানে সবচেয়ে বেশি। কয়েকটি দেশের হিসাব তারা দিয়েছে। যেমন, (পিপিপি ডলারে) তাইওয়ান ৯৫৫, চীন ২০৪, কম্বোডিয়া ১৫৬, ইন্দোনেশিয়া ১৪২, ভিয়েতনাম ১২০, পাকিস্তান ১১৮, ভারত ১১৩ এবং বাংলাদেশ ৬৯। অন্যদিকে কম্বোডিয়ান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ ২০০৯ সালেরই আরেকটি গবেষণায় বিভিন্ন দেশের গার্মেন্টসের মুনাফার হার (উৎপাদনমূল্য অনুপাতে মুনাফা) তুলনা করে দেখিয়েছিল—বাংলাদেশ ৪৩.১০ শতাংশ, কম্বোডিয়া ৩১.০০ শতাংশ, ভারত ১১.৮ শতাংশ, ইন্দোনেশিয়া ১০.০ শতাংশ, ভিয়েতনাম ৬.৫ শতাংশ, নেপাল ৪.৪ শতাংশ এবং চীন ৩.২ শতাংশ।বাংলাদেশের গার্মেন্টস শিল্প শুধু এই দেশের নয়, বৈশ্বিক শিল্পেরও অংশ। ১০০ মার্কিন ডলারে যে বাংলাদেশি পোশাক নিউইয়র্ক বা স্টকহোমে বিক্রি হয়, তার সর্বোচ্চ ২০ ডলার এই দেশে আসে, বাকিটা সেসব রাষ্ট্র ও বায়িং হাউস, ডিপার্টমেন্টাল স্টোর ভাগ করে। স্তরে স্তরে বিভক্ত মুনাফার এক বিশাল সৌধের নিচে শুধু যে লাখ লাখ শ্রমিক চাপা পড়েন তা-ই নয়, জমে তাঁদের রক্তাক্ত পিষ্ট লাশ বা তাড়া খেতে থাকা অপুষ্ট অর্ধমৃত শরীর। আর তাঁদের কথা বলতে গিয়ে গুলি, রিমান্ড, গুপ্ত হামলা, হুমকিসহ পুষ্ট রাষ্ট্রের মুখোমুখি হতে হয় মানুষকে।আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।