ডা. মুহাম্মদ শফী

শহীদ বুদ্ধিজীবী, চিকিৎসক, হুগিল, পশ্চিমবঙ্গ, চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. মুহাম্মদ শফী

চট্টগ্রামের সংস্কৃতিজগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন দন্তচিকিৎসক ডা. মুহাম্মদ শফী।

নারী জাগরণ এবং তাঁদের শিল্প-সাহিত্যের অনুরাগী ও সংস্কৃতিমনা করে তোলার পেছনেও ছিল তাঁর অনন্য ভূমিকা।

তাঁর স্ত্রী লেখিকা মুশতারী শফীকে মেয়েদের সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘বান্ধবী সংঘ’ গড়ে তুলতে সহায়তা করেন এবং ‘মেয়েদের প্রেস’ নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করতে অর্থ ও শ্রম দিয়েছেন।


ডা. শফী বাস করতেন এনায়েতবাজারের বাটালি রোডের নিজস্ব বাসায় (মুশতারী লজ)।

একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে তাঁর বাসা রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে গড়ে ওঠে।

মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁর বাসায় অনেকে এসে গোপনে যুদ্ধের প্রস্তুতি ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতেন।

এই আলোচনার সূত্রে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ স্থাপনের সিদ্ধান্ত হয়। এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ সহায়তা দিয়েছেন মুহাম্মদ শফী।

৭ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী মুহাম্মদ শফী ও তাঁর শ্যালক এহসানকে তাঁর বাসা থেকে ধরে নিয়ে যায়।

এরপর তাঁরা আর ফিরে আসেননি। কবে, কোথায়, কীভাবে তাঁদের হত্যা করা হয়েছে, এ তথ্য আজও অজানা।


এ ঘটনা সম্পর্কে আরও বিশদ জানা যায় তাঁর স্ত্রীর ‘আমার স্বামী’ রচনা থেকে। তিনি লিখেছেন, ‘২৭ মার্চ ডা. শফী জীবনের ঝুঁকি নিয়ে একটা দুঃসাহসিক কাজ করলেন।

সন্ধ্যায় ন্যাপ নেতা চৌধুরী হারুন অর রশীদ এলেন আমাদের বাসায়। ব্যস্ত হয়ে ডা. শফীকে নিয়ে ঢুকে গেলেন চেম্বারে। অল্প পরে তাঁরা আমাকে ডেকে নিলেন চেম্বারে।

চৌধুরী হারুন বললেন, “ভাবি, আপনার এখানে কিছু জিনিস রাখব। কিছু অ্যামুনিশনস।” আমি ভয় পেয়ে বললাম, এই মধ্যশহরে, বাড়ির দুপাশে রাস্তা, চারদিকে অবাঙালি, এ অবস্থায় এসব এখানে রাখা কি ঠিক হবে?

ডা. শফী বললেন, “ভাবছ কেন? দেশকে মুক্ত করতে হলে বুকে সাহস রাখতে হবে।

ভয়ের কোনো কারণ নেই। হারুন সব ব্যবস্থা করেছে।” আমার বাড়ির দোতলাটা খালি পড়ে ছিল।

রাত নটার দিকে দুটি ট্রাক এসে থামল। তিন-চারজন কর্মী ছেলেসহ চৌধুরী হারুন, ডা. শফী, আমার ভাই এহসান, সবাই মিলে গুলিভর্তি কাঠের বাক্সগুলো উপরে তুলতে লাগল।

আর তখন থেকেই আমার বুক অশুভ আশঙ্কায় থেকে থেকে কাঁপতে থাকে।

‘২৯ মার্চ চট্টগ্রাম শহর পুরো দখলে চলে গেল পাকিস্তানি হানাদারবাহিনীর। তারপর এল ৭ এপ্রিল, যে তারিখটি রক্তের অক্ষরে লেখা হয়ে আছে আমার বুকের গভীরে।

এদিনই আমি হারিয়েছি আমার একটিমাত্র ভাইকে, আমার সন্তানেরা হারিয়েছে ওদের স্নেহময় পিতাকে।


‘সকাল নয়টা। একটা জিপ ও লরি এসে থামল বাড়ির সামনে। চোখের নিমেষে সৈন্যরা বাড়ি ঘিরে ফেলল। তারপর দরজায় দুমদুম শব্দ।

ডা. শফী নিজেই দরজা খুলে দিলেন। সৈন্যরা ওকে ড্রয়িংরুমে দাঁড় করিয়ে রেখে প্রতিটি রুম খুঁজল। কিন্তু দোতলায় গেল না।

যাওয়ার সময় তারা ডা. শফীকেও সঙ্গে করে নিয়ে গেল সার্কিট হাউসে। আমার অনুনয়, বাচ্চাদের কান্না, কোনো কিছুতেই তাদের মন গলল না।

তারপর আমাদের সবাইকে অবাক করে দিয়ে দুপুর ১২টার দিকে তিনি ফিরে এলেন।
‘বেলা একটা। খাবার দেওয়া হয়েছে টেবিলে। বাচ্চাদের নিয়ে তিনি খেতে বসেছেন।

এমন সময় আবার গুলির শব্দ। বেরিয়ে দেখি ৪০-৫০ জন সৈন্য আবার বাড়ি ঘিরে ফেলেছে। এরা অন্য গ্রুপ।

সৈন্যরা এবার দুপদাপ করে উঠে গেল দোতলায়। তালা ভেঙ্গে ভেতরে ঢুকেই উত্তেজিত হয়ে কয়েকজন ছুটে এসে অফিসারকে হড়বরিয়ে গুলিভর্তি বাক্স পাওয়ার কথা বলতেই অফিসার হুঙ্কার ছাড়ল।

পরে ডা. শফী ও আমার ভাই এহসানকে দিয়েই গুলিভর্তি বাক্সগুলো ট্রাকে তোলা হলো। তারপর ওঁদের দুজনকে সঙ্গে নিয়ে তারা চলে গেল।

এরপর তাঁরা আর ফিরে আসেননি।’ (মুক্তিযুদ্ধ শহীদ চিকিৎসক জীবনকোষ, বায়জীদ খুরশীদ রিয়াজ, প্রকাশ ২০০৯)।


ডা. মুহাম্মদ শফীর জন্ম ১৯১৫ সালের ৫ এপ্রিল, ভারতের পশ্চিমবঙ্গের হুগিল জেলায়। পৈতৃক আদি নিবাস হুগিলর দিঘড়ে গ্রামে।

বাবা সুফি আবদুল লতিফ, মা বিবি আয়শা খাতুন। চার ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

হুগিল জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৩০), হাওড়া সরকারি কলেজ থেকে আইএসসি (১৯৩২) ও কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (১৯৩৬) পাস করেন।

তিনি তিন ছেলে ও চার মেয়ের জনক। ছেলে মো. এবাদ ইয়াসিন শফী, মেরাজ তাসীন শফী ও নেয়াজ মোহসিন শফী।

মেয়ে ইয়াসমিন ফারজানা, নাসরিন রিজওয়ানা, নাজনীন রুমানা ও শারমিন তারানা।

প্রতিকৃতি: শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট (অষ্টম পর্যায়) প্রকাশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা (১৯৯৯) থেকে।


গ্রন্থনা: রাশেদুর রহমান
[email protected]