ডা. রেজাউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. রেজাউর রহমান
প্রতিকৃতি অঙ্কন: আনোয়ার হোসেন

ডা. রেজাউর রহমানের কর্মজীবন ছিল বৈচিত্র৵পূর্ণ। এমবিবিএস পাস করার পর তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন।

১৯৬৩-৬৪ সালে জাতিসংঘের সদস্য হিসেবে কঙ্গোতে কর্মরত ছিলেন। চিকিৎসক হিসেবে তাঁর বেশ খ্যাতি ছিল। অসম্ভব নরম মনের মানুষ ছিলেন।

কোনো রোগী মারা গেলে দু-তিন দিন মনমরা হয়ে থাকতেন। ঠিকমতো খেতে পারতেন না, ঘুমাতেও পারতেন না।
একাত্তরের ১৮ এপ্রিল রেজাউর রহমানের এমআরসিপি পড়ার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল।

টিকিট-ভিসাও হয়েছিল। কিন্তু সেই ১৮ এপ্রিল আর তাঁর জীবনে আসেনি। ১ এপ্রিল তিনি চট্টগ্রাম সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ছিলেন।

এরপর তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাঁর স্ত্রী তাহেরা রহমান শুধু জানেন, ১ এপ্রিল তিনি চিরতরে হারিয়ে গেছেন। কিন্তু কীভাবে তিনি শহীদ হন, তা তিনি জানেন না।

ধারণা করা হয়, পাকিস্তান সেনাবাহিনী তাঁকে ওই দিনই হত্যা করে।

এ সম্পর্কে আরও জানা যায় রেজাউর রহমানের স্ত্রীর রচনা থেকে। তিনি লিখেছেন, ‘বাংলার স্বাধীনতা আন্দোলন যখন ধীরে ধীরে গতি পাচ্ছিল, সে সময় তিনি প্রায়ই বলতেন, দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।

আমাদের দেশ স্বাধীন হবেই।

কারণ, পাকিস্তানিদের অত্যাচার ও দুর্ব্যবহারই হয়তো স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।
‘মার্চ মাসে লন্ডনে উচ্চশিক্ষা নিতে যাওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছিল তাঁর। ভিসা পেয়েছিলেন। টিকিটও কনফার্ম হয়েছিল।

যাওয়ার কথা ছিল ১৮ এপ্রিল। কিন্তু নিয়তি হয়তো অলক্ষ্যে হেসেছিল। কারণ, ২৫ মার্চের পরে যা হয়েছে আমি তা আর মনে করতে চাই না।

শুধু এটুকু মনে আছে, তিনি আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। আমরা তাঁকে আর খুঁজে পাইনি। ১ এপ্রিল তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে যান।

এ সময় আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় আমাদের অলক্ষ্যেই সব ঘটনা ঘটে। পরবর্তীতে এই দুঃসহ ঘটনা কারও কাছে জানাতে চাইনি।


‘চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল তাঁর শেষ কর্মস্থল ছিল। তাঁর পদবি ছিল মেজর। সেখান থেকেই তিনি হারিয়ে যান।

সেই সময় যেসব বাঙালি সেখানে কর্মরত ছিলেন, তাঁরা হয়তো এ সম্বন্ধে বলতে পারবেন।

কিন্তু আমার মানসিক অবস্থা তখন যা ছিল, এখনো তাই। আমি তখনো কিছু জানতে চাইনি, এখনো কিছু জানতে চাই না।

তিনি হারিয়ে যাওয়ার পরই ২ মে আমার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। আমার স্বামী নিখোঁজ হওয়ার পর তাঁর নিকট আত্মীয়রা কেউ তাঁকে খুঁজে পায়নি।

পরবর্তীকালে তাঁর ব্যবহার্য একটি মানিব্যাগ এক আরদালি তাঁর মায়ের কাছে পৌঁছে দেয় (পরিমার্জিত)।’ (স্মৃতি ১৯৭১: পঞ্চম খণ্ড, প্রকাশ ১৯৯২, সম্পাদনা রশীদ হায়দার ও মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ, বায়জীদ খুরশীদ রিয়াজ, প্রকাশ ২০০৯)।


রেজাউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৮ জানুয়ারি। ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে। বাবা মো. মফিজুর রহমান, মা বেগম সফুরা খাতুন।

নয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। তাঁর পড়াশোনার হাতেখড়ি গ্রামের স্কুলে।

মেধাবী ছিলেন। ১৯৫০ সালে ফুলগাজী হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। মাঝে কলকাতার বালিগঞ্জ হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করেন।

১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।
তবে নির্দিষ্ট বয়সের চেয়ে ছোট হওয়ার কারণে তিনি ইন্টারমিডিয়েট পাস করেই মেডিকেলে ভর্তি হতে পারেননি।

মেডিকেলে ভর্তি হওয়ার আগে এক বছর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

মেডিকেলে পড়ার সময় প্রথম ও পঞ্চম বর্ষে তিনি বিশেষ সরকারি বৃত্তি ও দ্বিতীয় বর্ষে বিশেষ মেধা বৃত্তি পেয়েছিলেন।

১৯৫৮ সালে এমবিবিএস পাস করেন।

তাঁর প্রশংসাপত্রে কলেজের অধ্যক্ষ ও চিকিৎসা অনুষদের ডিন মন্তব্য করেছিলেন: ‘হি প্রুভড হিমসেলফ টু বি ওয়ান অব দ্য ফিউ বেস্ট স্টুডেন্টস স্টাডিড ইন দিজ কলেজ।’ তিনি তাঁর কাজের কৃতিত্বের জন্য বিভিন্ন সময়ে পদক লাভ করেন।

তাঁর বন্ধুরা রসিকতা করে বলতেন, একসময় তুমি হয়তো পদকের ভারে নুয়ে পড়বে।
রেজাউর রহমান এক মেয়ে ও এক ছেলের জনক।

মেয়ে ফাহমিদা ওমর ইউনিসেফে কর্মরত। ছেলে রহমান শহীদ রেজা যুক্তরাষ্ট্রপ্রবাসী।

প্রতিকৃতি: শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট (অষ্টম পর্যায়) প্রকাশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা (১৯৯৯) থেকে।
গ্রন্থনা: রাশেদুর রহমান