ডিএমপির আদেশ ডিএমপি মানবে তো!
প্রতিষ্ঠানের নামাঙ্কিত স্টিকার ছাড়া গাড়িতে পুলিশ, সাংবাদিক, আইনজীবী কিংবা অন্যান্য পেশার নাম উল্লেখ করে ‘আলগা স্টিকার’ ব্যবহার করা যাবে না বলে সম্প্রতি এলান জারি করেছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এই ‘নিষেধাজ্ঞায়’ অনেকে বেজার হতে পারেন। কিন্তু আমরা ডিএমপির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
কিন্তু তাঁদের এও মনে রাখা প্রয়োজন যে রাস্তায় চলাচলকারী সব গাড়ির সমান সুযোগ থাকা উচিত। সেখানে কেউ বেশি সুযোগ পাবেন, কেউ কম পাবেন, সেটি হতে পারে না। একজনকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার অর্থ হলো দশজনকে বঞ্চিত করা। একজন অসাধারণকে উল্টো পথে চলতে দিলে ১০০ ‘সাধারণ’ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
বাংলাদেশটা এখন ‘সাধারণ’ ও ভিআইপি বা ‘অসাধারণে’ ভাগ হয়ে গেছে। এখানে সাধারণকে কেউ পাত্তাই দেন না। আপনি হাসপাতালে যাবেন, ভিআইপি হয়ে গেলে দ্রুত চিকিৎসা পাবেন, সাধারণ হয়ে গেলে চিকিৎসা পাবেন না। দিনের পর দিন অপেক্ষা করতে হবে। রেলের টিকিট কিনতে যাবেন, অসাধারণ না হলে তাও পাবেন না। সাধারণ মানুষ রাস্তা পার হতে গেলেও পুলিশ থামিয়ে দেয়। বলে, ভিভিআইপি না যাওয়া পর্যন্ত ফুটওভার ব্রিজ কিংবা আন্ডারপাস সব বন্ধ। সাধারণ মানুষ আইন মানে না বলে আমরা তাঁদের দোষ দিই। কিন্তু আইন ভাঙার কাজটি যে অসাধারণেরাই বেশি করেন, তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা অসাধারণেরা শুনতে চান না।
ডিএমপি কমিশনার বলেছেন, অনেক সময় সন্ত্রাসীরা গাড়িতে এসব স্টিকার ব্যবহার করে অপরাধমূলক কাজ করে। তাঁর এই যুক্তি একেবারে ফেলে দেওয়া যায় না। ঢাকার রাস্তায় বের হলেই দেখা যায় নানা স্টিকারযুক্ত গাড়ি। এর মধ্যে কোনটি আসল, কোনটি নকল, হিসাব মেলানো কঠিন। ঢাকায় সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক ও পুলিশের স্টিকারযুক্ত এত গাড়ি! অনেকে ঠাট্টা করে বলেন, ঢাকা শহরে সাংবাদিক স্টিকারযুক্ত যত গাড়ি আছে, তত সাংবাদিকও নেই।
আরেকটি মোক্ষম কথা বলেছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। ঢাকা শহরে অনেক ভিআইপি ও ভিভিআইপি নাকি উল্টো পথে গাড়ি চালান। এই ভিআইপির মধ্যে যেমন সাংবাদিক, আইনজীবী ও পুলিশ আছেন, তেমনি আছেন পুলিশের কর্মকর্তারাও। শেষোক্ত ব্যক্তিরা ব্যক্তিগত স্টিকারের চেয়ে প্রাতিষ্ঠানিক স্টিকার লাগানোই উত্তম মনে করে না। তাতে সাধারণ মানুষ ভয় পাবে।
ডিএমপি কমিশনার সাংসদ ও জাতীয় সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচ ধরনের নতুন স্টিকার গাড়িতে ব্যবহার করার কথা বলেছেন। পুরোনো স্টিকারের পরিবর্তে এমপি ও তাদের পরিবারের জন্য ব্যবহৃত গাড়িতে দুই ধরনের এবং জাতীয় সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত গাড়িতে তিন ধরনের স্টিকার ব্যবহার করতে হবে।
সংশয়টা এখানেই। জাতীয় সংসদের সদস্যদের গাড়িতে স্টিকার লাগানোর যুক্তি না হয় মেনে নিলাম। ‘জনপ্রতিনিধি’ হিসেবে তাঁরা এই বাড়তি সুবিধা পেতেই পারেন। তাই বলে তাঁদের পরিবারের সদস্যদের গাড়িতে কেন স্টিকার থাকবে? তাঁরা যদি ভিআইপি বা ভিভিআইপি স্টিকার লাগিয়ে উল্টো পথে গাড়ি চালাতে থাকেন, পুলিশ অন্যদের নিবৃত্ত করবে কীভাবে? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িও থামাতে পারবেন না রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত অধস্তন কর্মকর্তা বা কনস্টেবল। আইন সবার জন্য সমান হতে হবে।
ডিএমপি কমিশনার প্রতিষ্ঠানের স্টিকার লাগানোকে বৈধতা দিয়েছেন। এই বৈধতা নিয়েই অনেক সরকারি প্রতিষ্ঠান ও পুলিশ প্রশাসনের গাড়ির যথেচ্ছ ব্যবহার করছে। প্রতিষ্ঠানের কাজের জন্যই সংশ্লিষ্টদের যে গাড়ি দেওয়া হয়, সেই গাড়ি যে পরিবারের সদস্যদের বাজার করা কিংবা আনন্দ ভ্রমণের কাজে ব্যবহৃত হবে না, তার নিশ্চয়তা কী?
তাই ডিএমপি কমিশনারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েও প্রশ্ন রাখতে চাই, ডিএমপির আদেশ ডিএমপি মানবে তো?