ডিঙিনৌকায় সমুদ্র পাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় মনে হতো, আমি আম্মাকে চিনি। কিন্তু এত দিন পর এসে প্রায়ই মনে হয়, জীবদ্দশায় তাঁকে চেনার চেষ্টা করিনি।আজ ১৭ ডিসেম্বর, আমার মা মোছা. ফাতেমা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ দিনটিতে মনে হচ্ছে, তাঁর কাছ থেকে কী পেয়েছি, আর কী পাইনি—সেই হিসাব কষতে কষতেই সময়গুলো নষ্ট করেছি। দুর্ভাগ্য যে গর্ভধারিণীকে আমরা কেউই চিনতে পারি না। সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র্র স্বার্থের স্রোতে আমাদের বিচারবুদ্ধি আরও ক্ষুদ্র হয়ে ওঠে।আম্মার কথা লেখা আজ বড় প্রয়োজন শুধু আমার নিজের জন্য নয়। চরম অর্থনৈতিক সংকট এবং হিমালয়সম প্রতিকূলতা উপেক্ষা করে দশভুজা হয়ে তিনি কীভাবে ১১টি সন্তান মানুষ করলেন, তা পরবর্তী প্রজন্মের জানা খুব প্রয়োজন। একটি ভাঙা ছোট্ট ডিঙিনৌকা দিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার কথা পৃথিবীতে কেউ কোনো দিন ভেবেছেন কি না, জানি না। আমার আম্মা জীবনবাজি রেখে সেটাই করেছেন। শুধু চেয়েছেন এতগুলো সন্তানের একটিও যেন বিপথে না যায়। চালিয়ে গেছেন এক অসামান্য যুদ্ধ। ১৯৫৪ সালে নবম শ্রেণীতে পড়ার সময় আম্মার বিয়ে হয়। ছিলেন বগুড়া শহরে, এসে পড়লেন লালমনিরহাটের আদিতমারীর এক নিভৃত গ্রামে, শ্বশুরের একমাত্র ছেলের বউ হয়ে। একমাত্র ছেলের বউ হলে কী হবে, ছেলের বউ হিসেবে তিনি স্বামী ও শ্বশুর-শাশুড়ির সুনজর তেমন পাননি। তাই পড়াশোনার প্রবল ইচ্ছে কিংবা একটু ভালো থাকার সাধ—সবকিছু জলাঞ্জলি দিয়ে নেমে পড়েন সংসারধর্ম পালনে। পরের বছরই প্রথম সন্তানের জন্ম। ’৫৫ থেকে ’৭৮ সাল পর্যন্ত এই ২৩ বছরে তিনি ১২টি সন্তানের জন্ম দেন। এমনও হয়েছে, মাঝরাতে সন্তান জন্ম দিয়ে সকাল বেলাতেই ধান ভানতে হয়েছে তাঁকে। মাঝে তৃতীয় সন্তানের মৃত্যু হয় মাত্র ছয় মাস বয়সে।নিজের পড়াশোনাটা হয়নি বলেই সন্তানদের পড়া নিয়ে যারপরনাই উদ্বিগ্ন হয়ে পড়েন আম্মা। এরই মধ্যে ১৯৭২ সালে তিনি তাঁর বড় ছেলের সঙ্গে এসএসসি পাস করেন। পাস করার পরপরই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাঁকে চাকরি দেন। এটা বাড়ির কেউ সহজভাবে মেনে নেননি। কিন্তু আম্মা চাকরি করার সিদ্ধান্তে অটল থাকেন। আম্মা বলতেন, ‘আমি স্বপ্ন দেখতাম সন্তানদের আমার পাখার ওপর বসিয়ে নিয়ে আমি কেবল উড়ে বেড়াচ্ছি। কিন্তু কোথাও কেউ একটু ঠাঁই দিচ্ছে না। আমি শুধু ভাবতাম, এতগুলো সন্তান নিয়ে এই অকূল দরিয়া কীভাবে পাড়ি দেব?’ আম্মার উদ্বেগের যথেষ্ট কারণও ছিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে যে পরিবেশ দেখেছেন, তাতে কাউকে পড়াশোনা করানোর কথা কেউ ভাবতেও পারতেন না। কিন্তু আম্মা তো পণ করেছেন, যেভাবেই হোক সন্তানদের মানুষ করবেন। কারণ, বড় ছেলে তাঁরই সঙ্গে এসএসসিতে চারটি বিষয়ে লেটার নিয়ে পাস করলেও এইচএসসিতে তিনবার ফেল করে। এ ঘটনাসহ আরও কয়েকটি ঘটনা আম্মাকে লালমনিরহাট শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সেখানে গিয়ে ছেলেমেয়েদের স্কুল-কলেজে ভর্তি করাবেন। এরই মধ্যে তিনি তাঁর চাকরিটা লালমনিরহাটে বদলির ব্যবস্থা করেন।১৯৭৮ সালে সর্বশেষ সন্তানের জন্মের ছয় মাসের মাথায় আম্মা লালমনিরহাটে চলে আসেন একক সিদ্ধান্তে। শহরে এসে তাঁর বোনের দেওয়া ছোট্ট এক টুকরো জমিতে ১১ হাত লম্বা একটি খড়ের ঘর তুলে সন্তানদের নিয়ে ওঠেন। এই কুঁড়েঘর থেকেই শুরু হয় তাঁর নতুন সংগ্রাম। স্বামী ও শ্বশুর-শাশুড়ির প্রবল বিরোধিতা উপেক্ষা করে কেবল ৩০০ টাকা বেতনের চাকরির ওপর নির্ভর করে শুরু করেন নতুন এ যুদ্ধ। বড় তিন ছেলে ইতিমধ্যে বাড়ি ছেড়েছে। বাকি থাকে আট সন্তান। কিন্তু ঘরের দৈর্ঘ্য মাত্র নয় হাত।আট সন্তানের একে একে সবাইকে লালমনিরহাটে স্কুল-কলেজে ভর্তি করিয়ে দিলেন আম্মা। অবর্ণনীয় দুর্দশা ও কষ্টের মধ্য দিয়ে এতগুলো সন্তান নিয়ে তাঁর লড়াইয়ের প্রধান শক্তি ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরিটা। এটাই ছিল তাঁর ডিঙিনৌকা, যা দিয়ে তিনি একযোগে সাতসমুদ্র তেরো নদী পাড়ি দিয়েছেন। সেই সঙ্গে ছিল তাঁর সেলাই ও উল বোনা থেকে যৎসামান্য আয়।আম্মা মাগরিবের নামাজ পড়েই ঘুমিয়ে পড়তেন। রাত নয়টার মধ্যে আমরা ঘুমিয়ে যাওয়ার পর আম্মা উঠে পড়তেন। এবার তিনি বিছানায় মশারির বাইরে বসে হারিকেনটা ঘরের বেড়ার সঙ্গে আটকে নিয়ে উল বোনা শুরু করতেন। অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এক রাতেই বুনে ফেলতেন একটি হাফহাতা সোয়েটার। ফজরের আজানের আগেই সোয়েটার বোনা শেষ।আম্মার মৃত্যুর পরদিন আমরা ১১ ভাইবোন বসে তাঁর ব্যবহার্য জিনিসগুলো ভাগ করে নিই। আমার ভাগে পড়ে আম্মার একটি তসবিহ ও চশমা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আম্মাকে নিয়মিত চিঠি লিখতাম। আম্মাও লিখতেন। সব চিঠি একত্রে একটি প্যাকেটে রেখেছিলাম। সেই প্যাকেটটি হারিয়ে গেলেও একটি ডায়েরিতে একটি চিঠি খুঁজে পাই। সেই চিঠি, চশমা ও তসবিহ নিয়ে আমার একটি গানও আছে।আম্মার ব্যবহূত নম্বরটি আমার মোবাইলে এখনো ‘আম্মা’ নামেই সেভ করা আছে। জীবনের শেষের দিনগুলোতে এসে তাঁর সঙ্গে যোগাযোগে কিছুটা বিলম্ব হতো। তাঁকে ফোন করতে মাঝেমধ্যে ৮-১০ দিন পেরিয়ে যেত। তারপর ফোন করা মাত্রই তিনি হেসে হেসে বলতেন, ‘বাবা, তোদের সবার ঘরে এখন একটা দুটা করে মা হয়েছে। তাই আসল মাকে ভুলে গেছিস, তাই না?’ আম্মা, আপনাকে কি ভুলে যাওয়া যায়? বিশ্বাস করুন আম্মা, সে জন্য আমার বুকটা এখনো ভীষণ পোড়ে। এই অভাগার প্রাণটা এখনো ছটফট করে আপনার জন্য। সাজেদ ফাতেমী