ডিজেল সস্তা, বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

আমার বাবা বলতেন, বাজার না ঘুরলে, ট্রামে-বাসে না চড়লে, রাস্তাঘাটে হাঁটাহাঁটি না করলে সাংবাদিক সত্তা নষ্ট হয়ে যায়। মানুষ কেমন আছে, ভালো না মন্দ, স্বাচ্ছন্দ্যে না কষ্টে, আনন্দে না বেদনায়, হর্ষ না বিষাদে—হাটবাজার, রাস্তাঘাট, বাসে-ট্রামে সেই ছবি ধরা পড়ে। বলতেন, সাধারণ মানুষের নাড়ির স্পন্দন এসব জায়গাতেই টের পাওয়া যায়।
আমার হাটবাজারের প্রতি ভালোলাগা সেই শৈশব থেকেই। বৃহস্পতি ও রবি, সপ্তায় দুই দিন হাট বসত আমাদেরই গ্রামে। বাবার আঙুল ধরে বিকেল নাগাদ হাটে যেতাম। আশপাশের গ্রামগুলো ভেঙে পড়ত হাটখোলায়। একটা উঁচু দালানের ওপর পাতা বেঞ্চিতে আমাকে বসিয়ে বাবা প্রথমে মাছ কিনতে যেতেন। তারপর সেই থলি আমার কাছে রেখে যেতেন অন্য কেনাকাটায়। হাটে বিস্তর মানুষের আনাগোনায় আমি বিভোর থাকতাম। কত লোক, কত কথা, কত রকমারি জিনিসের কেনাবেচা—সব ঝলমল করত। সন্ধ্যায় হ্যাজাকের আলোয় মায়াবী হয়ে উঠত হাট। হাটের এক ধারে নদী। অন্ধকার যত গাঢ় হতো, ঘাটে বাঁধা নৌকোর সারি তত ক্ষীণ হতে থাকত। রাত গহিন হওয়ার আগে বাবার হাত ধরে ঘরে ফিরতাম।
গ্রাম ছেড়ে শহর কলকাতা, সেখান থেকে রাজধানী দিল্লি, হাটবাজারের নেশামুক্ত হতে পারিনি আজও।
দিল্লির ভোটের আগে হাটবাজারের স্মৃতি হাতড়ানোর একটা কারণ অবশ্য রয়েছে। বিজেপি এবার স্রেফ নিজের জোরে দিল্লি জিততে মরিয়া। সে জন্য তারা বেশ কিছু বিজ্ঞাপন তৈরি করেছে। এফএম রেডিও খুললেই এই বিজ্ঞাপনগুলো ঘুরেফিরে বাজছে। একটা বিজ্ঞাপন এ রকম: গৃহকর্ত্রী বাড়ির কাজের বুয়াকে টাকা দিয়েছেন বাজার করে আনার জন্য। সে বাজার করে ফিরে এসে গৃহকর্ত্রীকে বলছে, এই যে, যা যা আনতে বলেছিলে, সব এনেছি। এই নাও ফেরত টাকা। বিস্মিত গৃহকর্ত্রী জিজ্ঞেস করছেন, সে কী রে? সব এনেও টাকা বাঁচল? কাজের বুয়া বলছে, কেন হবে না মা? মোদিজির সরকার সব জিনিসের দাম কমিয়ে দিয়েছে যে! কথাটা শেষ হতেই বিজেপির আরজি, পূর্ণ বহুমতে বিজেপিকে জেতাও। মোদিজির স্বপ্ন সফল করো।
আর একটা বিজ্ঞাপন আরও ইন্টারেস্টিং। ছেলেকে বাবা বলছেন, স্কুটারে ১০০ টাকার পেট্রল ভরো ও মাসভর চালিয়ে যাও। ছেলে অবাক হয়েছে কি হয়নি, বাবা বলছেন, মোদি এসেছেন, পেট্রল-ডিজেলও সস্তা হয়ে গেছে!
এটা ঘটনা যে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধাপে ধাপে কমেই চলেছে। বিজ্ঞাপনে কোনো অসত্য কথাও বলা হয়নি। সত্যিই তো, মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সময় তেলের ব্যারেলপ্রতি দর ছিল ১১৫ ডলার, এখন হয়েছে ৫০ ডলারেরও কম! এতে মোদির কোন কৃতিত্ব রয়েছে, তা তিনিই জানেন। তবে ফায়দাটা তুলতে তাঁর ইমেজ মেকাররা সময় নষ্ট করেননি। ভোটের বাজারে ওটাই পড়ে পাওয়া চৌদ্দ আনা। কথায় আছে, ঝড়ে কাক মরে, ফকিরের কেরামতি বাড়ে। তো কটা সাধারণ মানুষ তা জানে-বোঝে? অতএব, ভোটের বাজারে ওটাই লাগাও। মোদি-ম্যাজিকে পেট্রল-ডিজেল জলের দরে। একবার ট্যাংকি ভরো, তারপর সব ভুলে গাড়ি চালিয়েই যাও।
পেট্রল-ডিজেলের বিজ্ঞাপনটা সহজবোধ্য। ভাষার নিখাদ ধাপ্পাবাজি। কিন্তু ওই যে বাজারের বিজ্ঞাপনটা, ওটাই আমাকে বেশি ভাবাতে লাগল। তাহলে কি আমি কানা-কালা? বাজারের দাম সত্যিই কমেছে, তা দেখতে ও বুঝতে পারছি না? নাকি এমনই অ্যান্টি-মোদি হয়ে গেছি যে সত্যটা দেখেও দেখতে চাইছি না, শুনেও শুনতে চাইছি না?
পরদিন চোখ-কান খোলা রেখে হাতে সময় নিয়ে বাজারে গেলাম। শীতের সবজি-বাজার বড়ই দৃষ্টিসুখের। নানা রঙের নানা বাহারের সবজি সব। ক্রেতার ছোঁয়ার অপেক্ষায় বিক্রেতার ঝুড়িতে গা এলিয়ে পড়ে রয়েছে। কিছুদিন আগেও আলু ও পেঁয়াজের দাম ৩০-৩৫-এর মধ্যে ঘোরাফেরা করছিল। নতুন খোসা-ওঠা মাটি-লাগা আলুর দাম কমে ১২-১৫ হলেও পেঁয়াজ এখনো ৩০। ফুলকপির কী হয়েছিল কে জানে, ১৫ টাকা থেকে এক ধাক্কায় ৫০-এ উঠে গিয়েছিল। দোকানিকে জিজ্ঞেস করেছিলাম। বলেছিল, ওই যে বৃষ্টিটা হলো, দামটাও তাই বেড়ে গেল। ফুলকপির সেই জাতে ওঠার চেষ্টাটা অবশ্য ক্ষণস্থায়ী ছিল। ১৫ টাকা কিলোয় সে এখন নেমে এসেছে। তবে সাদা ফুলের সঙ্গে সবুজ ডাঁটা ওজনে পাল্লা দিলে ফুল নির্ঘাত লজ্জা পাবে। ব্যস, এর বাইরে বেগুন ৪০, কুমড়ো ৩০, পালং-মেথি-সরষেসহ যেকোনো শাকের ছোট একটা আঁটি ১০ টাকা। শীত মানে কড়াইশুঁটি। এবার সেও বড় দেমাগি। ৪০ টাকার নিচে নামতেই চায় না। শালগম, ওলকপি, বাঁধাকপি ৩০ টাকার নিচে কাউকে ছোঁয়া দায়। হাতির দাঁতের মতো মুলো শাকসহ বিকোচ্ছে ১২-১৫ টাকায়! অথচ গত শীতেও এক-দুই টাকায় ব্যাপারীরা মুলো বিকিয়েছিল। আর টমেটো? ৬০-৭০ টাকা দাম উঠেছিল বলে শীলা দীক্ষিতের কুর্সি টলোমলো হয়েছিল। এখন ৪০ টাকায় তার গর্ব দেখার মতো।
সবজি ও ফলের সহাবস্থান এখন দোকানে দোকানে। সারা বছর আজকাল পেঁপে, কলা, আপেল পাওয়া যায়। কিন্তু হাত দিলে গায়ে ছেঁকা লাগে। আটপৌরে যে পেয়ারা, তা–ও ৬০ টাকার নিচে নামতে রাজি নয়। ইদানীং আবার বিদেশি আপেল বাজার ছেয়েছে। প্রতিটার গা যেন পলিশ করা। চোখের সঙ্গে আঙুলও পিছলে যায়। কিন্তু ওই পর্যন্তই। ২০০ টাকা কিলো জামা-পরা আপেলের। ওই দামেই বিকোচ্ছে লাল-হলুদ বেল পেপার। তাদেরই সহোদর সবুজ ক্যাপসিকাম অবশ্য দুয়োরানি। কিন্তু তা–ও ৫০-৬০-এর নিচে নয়।
আমাকে একটা ঘোরের মধ্যে কে যেন ঠেলে নিয়ে গেল মাছ-মাংসের বাজারে। বড় রুই-কাতলা কেটে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। দেশি ট্যাংরা, পাবদা, ভেটকি ৪৫০ থেকে ৫০০, দেড় কিলো ওজনের আড় মাছ মিনিমাম ৩০০ টাকা কিলো। আঙুলের সাইজের চিংড়ি, মাঝারি পমফ্রেট বা রূপচাঁদা, গুরজাওলি ৪০০। গরিবেরা কী খাবে ভাবতে ভাবতে দেখি রাক্ষুষে মাগুর ও পাঙাশ বিক্রি হলো দেড় শ টাকায়। তাদের জন্য আর রয়েছে চারা পোনা ও লইট্যা। এক শ থেকে এক শ কুড়ি। খাসির মাংস আজ বহুদিন বিত্তবানদের পকেটবন্দী। বছর শেষের দিনগুলোতে ৪৮০ টাকা কিলো দাম উঠেছিল। দাম শুনে চোখ কপালে ওঠার আগেই দোকানির জবাব ছিল, এত পার্টি ও পিকনিক হচ্ছে যে দাম বেড়েছে। এক সপ্তাহ পর সেই মাংস ৪২০ টাকায় থিতু হয়েছে। মজাটা হলো, ডিসেম্বর শেষের আগেও খাসির মাংস ৪০০ টাকার গণ্ডি পেরোয়নি। এখন এক ধাক্কায় কেমন কিলোয় ২০ টাকা দাম বাড়িয়ে নিল! মুরগির বাজার অবশ্য ওঠানামাহীন। দেশি মুরগি পাওয়াই দায়। বাজার ছেয়ে আছে ব্রয়লারে। ১৬০-১৮০ টাকা বাজার হিসাবে। ডিম দাম বাড়লে ৬০ টাকা ডজন, কম হলে ৫০ টাকা। অথচ ছয়-আট মাস আগেও ডিমের ডজন ছিল ৪০-৪৪ টাকা!
শাকসবজি, ফলমূল, মাছ-মাংস-ডিমের বাইরে থাকে চাল-ডাল-তেল-আটা-মসলার বাজার। আমার কেমন যেন ঘোর লেগে গেছে। সবচেয়ে বড় ও সবচেয়ে সস্তা দাবি করে যে দোকানটা, সেখানে ঢুকলাম। দেখলাম, সবচেয়ে কম দামি চাল ২২ টাকা। চাল না বলে খুদ বলাই ভালো। দোকানদার বললেন, গত এক মাসে এর দাম বেড়েছে কিলোয় এক টাকা। ৫০ থেকে ৭০ টাকা কিলো চালের দাম বেড়েছে তিন থেকে পাঁচ টাকা। সব রকমের ডালের দাম বেড়েছে পাঁচ থেকে সাত টাকা। তেলের দামও বেড়েছে লিটারে অন্তত চার টাকা। ঘিয়ের দাম বেড়েছে। আটার দাম বেড়েছে। বিস্কুটের দামও বেড়েছে। দু-পাঁচ টাকা হলেও বেড়েছে। কমেনি কিছুই।
আমার ভুরু কোঁচকালো? এই যে এফএম রেডিওতে বিজ্ঞাপন দিচ্ছে সবকিছু সস্তা হয়ে গেছে! মোদি-এফেক্ট! এটা তাহলে নিছকই হেঁয়ালি?
দোকানি আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। প্রশ্নে রাজনীতি উঁকি মারছে। তাঁর সাবধানী হওয়ারই কথা।
আমি বলি, অথচ দেখুন, জুন মাস থেকে ধাপে ধাপে ডিজেলের দাম কমেই চলেছে। আগে লিটারে আট আনা দাম বাড়লে সেটাই হতো জিনিসের দাম বাড়ানোর অজুহাত। এই কয়েক মাসে ডিজেলের দাম লিটারে সাড়ে দশ টাকা কমে গেল! তবু বাজারে তার রিফ্লেকশন নেই। আম আদমির জন্য বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, অটোর ভাড়া এক পয়সাও কমেনি। কেন?
আমি দোকানির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলাম। তিনি দৃষ্টি ঘুরিয়ে নিলেন।
বাড়িতে প্রতিদিন আট-নটা খবরের কাগজ আসে। মোদি-জমানায় একটা দিনও কোনো কাগজ মূল্যবৃদ্ধিকে ইস্যু করল না। অথচ আগের জমানায় তা রমরম করত! ডিজেলের দাম এত কমে গেলেও পাইকারি ও খুচরো বাজার কেন এখনো আম আদমির নাগালের মধ্যে এল না, কোনো কাগজেই তা নিয়ে কোনো প্রতিবেদন নেই! কাগজ ভরে রয়েছে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন, সন্ত্রাস, অর্থনৈতিক সংস্কার, ভাইব্র্যান্ট গুজরাটের শিল্প বিকাশ, রেপো রেট, ঘর ওয়াপসি, অর্ডিন্যান্স, নির্বাচন, কিরণ বেদীর ভোলবদল ও ওবামার আগমনী বার্তায়!
এফএম রেডিওতে দিনভর বিজ্ঞাপন বাজছে সস্তা হয়ে যাওয়া বাজারের। সহমরণে নিয়ে যাওয়া সতীর কান্না চাপা দিতে এ দেশে এভাবেই কাড়া-নাকাড়া বাজানো হতো একটা সময়। সেই বিজ্ঞাপন শুনতে শুনতে নিজের ওপর এবং নিজের পেশার ওপর অকস্মাৎ কেন যেন একটা ঘেন্না ঘেন্না ভাব জন্মাল।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।