এটা হওয়ার কথা ছিল না। ২১ শতকের মার্কিন রাজনীতিতে ডেমোক্র্যাটরাই প্রাধান্য বিস্তার করবে—পণ্ডিতেরাও এ বিষয়ে একমত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ক্রমেই নানা নৃতাত্ত্বিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ছে। পেছনমুখী রিপাবলিকানদের আবেদন পরিবারের কাছে। ভবিষ্যৎমুখী ও বাস্তববাদী ডেমোক্র্যাটদের নতুনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাদের আগামী শতকের প্রধান শক্তিতে পরিণত করবে—এমনই ভেবেছিলেন অনেকে। কিন্তু এই নির্বাচনে সবকিছু ওলট–পালট হয়ে গেল।
গত সপ্তাহে মার্কিন ভোটাররা ঘড়ির কাঁটা পেছন দিকে ঘুরিয়ে দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ামাত্রই কংগ্রেস রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে গেছে। ১৯৯০-এর দশকে সেটা যেমন ছিল বিল ক্লিনটনের অধীনে, আর ২০০০-এর প্রথম দশকে ছিল জর্জ ডব্লিউ বুশের অধীনে। হাউস অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানরাই প্রাধান্য বিস্তার করছে, তারা সেখানে জ্যাজ যুগের পর অন্যতম বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বারাক ওবামা ২০০৮ সালে প্রেসিডেন্ট হওয়ার পর তারা সিনেটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, সেটাও তারা ফিরে পেয়েছে। বিশেষজ্ঞরা ঠিক এই ভবিষ্যদ্বাণী করেননি, এটা সাম্প্রতিক অতীতে প্রত্যাবর্তন ছাড়া কিছু নয়।
গত সপ্তাহে যা ঘটল তা এই পরিপ্রেক্ষিতের আলোকে কিছুটা বোঝা যায়। ২০০৮ সালে বারাক ওবামার জনপ্রিয়তার তোড়ে ডেমোক্র্যাটরা উতরে যায়, এবার ২০১৪ সালে যখন মধ্যবর্তী নির্বাচন হলো, তখন পরিস্থিতি আর আগের মতো অনুকূল ছিল না। হারের সম্ভাবনা সব সময়ই ছিল। কলোরাডো, আইওয়া, উত্তর ক্যারোলাইনায় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়, আবার নিরাপদ রিপাবলিকান রাজ্য মনটানা, দক্ষিণ ডাকোটা ও পশ্চিম ভার্জিনিয়ায়ও নির্বাচন হয়। এতে দেখা গেল, রোনাল্ড রিগ্যান-উত্তর আমলে যে স্বাভাবিকতা বিরাজ করছিল, সেটা আবার ফিরে এসেছে।
হাউসের ক্ষেত্রেও তা সত্য। ২০১২ সালে রিপাবলিকানরা ৫৪ শতাংশ আসনে জিতে দশাসই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যদিও ডেমোক্র্যাটরা পপুলার ভোটের ৫১ শতাংশ পেয়েছিল সেবার। এবার আর সেটার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা ছিল না।
বিদেশি পর্যবেক্ষকেরা যুক্তরাষ্ট্রের গভর্নরদের সাধারণত গোনার মধ্যে ধরেন না। কিন্তু কথা হচ্ছে, মার্কিন রাজনীতিতে সিনেটরদের চেয়ে গভর্নররাই বেশি শক্তিশালী। চার বছর আগে যে রিপাবলিকান প্রার্থীরা জিতেছিলেন, এবারও তাঁরাই নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এবার অবশ্য তাঁরা ২০১০ সালের চেয়ে ভালো করেছেন। তাঁরা এবার ইলিনয়, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটসের মতো রাজ্যগুলোতে জিতেছেন, চার বছর আগে এগুলো ছিল ডেমোক্র্যাটদের দখলে।
এটা সাধারণত ধরে নেওয়া হয় যে প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে খারাপ করবে। এ বছরও ঠিক সেটাই ঘটল। ২০১০ সালের মধ্যবর্তী নির্বাচনের সঙ্গেও এর মিল রয়েছে। ২০০৮ ও ২০১২ সালের যে দুটি নির্বাচনে ওবামা জয়লাভ করেছিলেন এবং তাতে যে ভোটাররা ভোট দিয়েছিলেন, তার চেয়ে কমসংখ্যক ও ভিন্ন ঘরানার ভোটার এবার ভোট দিয়েছেন।
সেই প্রেসিডেন্ট নির্বাচনে মূলত বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ ভোটাররা ভোট দিয়েছিলেন বেশি। ২০১০ ও এবারের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন মূলত সাদা চামড়ার বৃদ্ধ মানুষেরা। কিন্তু এ থেকে এটা বলা যাচ্ছে না যে ২০১৬ সালের নির্বাচনে সেই বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণেরা আবারও ভোট দেবেন, আর ডেমোক্র্যাটরা বিজয়ী হবে।
তারপর তো টাকার ব্যাপার আছেই। টাকার অঙ্কের কথা শুনলে পিলে চমকে যাওয়ার দশা হয়। এবারের হাউস নির্বাচনে ৫০০ মিলিয়ন ডলার ব্যবহার করা হয়েছে, যার সিংহভাগ ব্যয় হয়েছে টিভি বিজ্ঞাপনে। যদিও হাউসের ৪৩৫টি আসনের মধ্যে মাত্র ৩০টিতে কিছু প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ছিল। একই সঙ্গে এবার অপ্রদর্শিত অনুদানের পরিমাণও ব্যাপক হারে বেড়েছে, কারণ সর্বোচ্চ আদালত এরূপ অনুদান সম্পর্কে এক রায়ে বলেছেন, অনুদান করা মতামতের স্বাধীনতার শামিল। একটি সমীক্ষায় দেখা যায়, এই অপ্রদর্শিত অনুদানের বেশির ভাগই গেছে রিপাবলিকানদের পক্ষে—খুবই স্বাভাবিক।
এসব কারণেই এবার ডেমোক্র্যাটদের ভরাডুবি হয়েছে। কিন্তু তারা এর ব্যাখ্যা পুরোপুরি দেয় না। আবার এ সত্যও এড়ানো যাবে না যে ওবামা নিজেও এই ভরাডুবির একটি কারণ।
আরেকটি কারণ হচ্ছে বর্ণ। রিপাবলিকানরা হচ্ছে সাদা মানুষের দল, এ সপ্তাহে ৬০ শতাংশ সাদা মানুষ ও তার মধ্যে ৬৪ শতাংশ সাদা পুরুষ রিপাবলিকানদের ভোট দিয়েছে। কিন্তু শুধু বর্ণই এখানে প্রধান কারণ নয়।
মঙ্গলবার ভোটাররা বুথফেরত জরিপে বলেছেন, ‘দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে না।’ আবার এক-তৃতীয়াংশ বলেছেন, তাঁরা ওবামার প্রতি অনাস্থা জানাতেই ভোট দিয়েছেন।
আগামী দুই বছর ওবামাকে অভ্যন্তরীণ ও আন্তরাষ্ট্রীয় নীতি প্রণয়নে অনেক ঘাম ঝরাতে হবে। ওয়াশিংটনের ক্ষমতা চক্রগুলো অচলাবস্থা পছন্দ করে না, মার্কিনিরা এর জন্য কংগ্রেস ও প্রেসিডেন্ট উভয়কেই দায়ী করে থাকে। কিন্তু স্ববিরোধ হচ্ছে, এই অচলাবস্থা একটি নির্বাচনী উপহার হিসেবেই বিবেচিত হবে, এ রকম আরও উপহার একের পর এক আসবে—অন্তত রিপাবলিকানদের বেলায় তা সত্য। ফলে এখন আর আপস করে কী লাভ? ওবামাকে এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই লড়াই করতে হবে, আবার অভিশংসনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
রিপাবলিকানরা ওবামাকে কী পরিমাণ কমজোর করতে পারবে তা এখনই অঙ্ক কষে বলে দেওয়া যাবে না। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, ওবামার সেই বিখ্যাত স্বাস্থ্যবিমা নিয়ে, কিন্তু রিপাবলিকানরা কীভাবে তা বাতিল করবে বা এর জায়গায় কী আনবে, তার কোনো রূপরেখা তারা এখনো প্রণয়ন করতে পারেনি।
রিপাবলিকানদের কোনো অর্থনৈতিক নীতি নেই বললেই চলে। কিন্তু প্রেসিডেন্সিয়ালের যে মৌলিক কাজগুলো ওবামাকে করতে হবে, সেগুলো করতেও তাঁকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। বেইজিং, মস্কো, জেরুজালেম প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁকে এই ঝাপটা সইতে হবে। আর ইসলামিক স্টেটের (আইএস) ব্যাপারে কিছু করতে গেলে তো কথাই নেই।
পর্যবেক্ষকেরা হয়তো আরও দীর্ঘস্থায়ী উপসংহার টানতে পারেন। অচলাবস্থা মার্কিন সরকারব্যবস্থার নৈমিত্তিক ব্যাপারে পরিণত হতে পারে, গত সপ্তাহের নির্বাচন যে নাটকের একটি অঙ্ক মাত্র। ডেইলি বিস্ট-এর মাইকেল টোমাস্কি বলেছেন, ওবামার উত্তরসূরিকেও একই অবস্থা মোকাবিলা করতে হবে। যদি না ডেমোক্র্যাটরা নতুন ভাষা তৈরি ও ভোটারদের নতুন প্রতিশ্রুতি দিতে পারে।
আবার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাও এর মধ্য দিয়ে শুরু হয়ে গেল। এ সপ্তাহের নির্বাচনের ফলাফলে রিপাবলিকানরা নিঃসন্দেহে ২০১৬ সালের নির্বাচনে জয়লাভের আশায় বুক বাঁধবে। আগামী নির্বাচনে হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটদের হয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন, আর তিনিই এ দুই বছরে সব ঠিক করে ফেলবেন—এ রকম ভাবা বোকামি হবে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
মার্টিন কেটল: দ্য গার্ডিয়ান-এর সহযোগী সম্পাদক।