ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকায় নির্বাচনী তামাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

গল্পটা আইরিশ লেখক অস্কার ওয়াইল্ডকে নিয়ে, তবে আজকের আমেরিকার দিকে তাকিয়ে সে গল্প যে কেউই করতে পারেন।
প্রথমবারের মতো আমেরিকায় বেড়াতে এসে এক সভায় অস্কার ওয়াইল্ড বলে বসলেন, ‘এই দেশের অর্ধেক মানুষ আস্ত গবেট।’ তাঁর সে কথা শুনে হলজুড়ে মহা হুলুস্থুল, লোকটাকে এখনই বের করে দাও। তখন অস্কার ওয়াইল্ড হাত তুলে বললেন, ‘অবশ্য আমেরিকার বাকি অর্ধেক মানুষ অত্যন্ত বুদ্ধিমান।’ অমনি সারা হলঘরে মহা হাততালি।
পুরো আমেরিকার না হোক, রিপাবলিকান দলের সমর্থকদের অর্ধেক যে নেহাত গবেট, এ বিষয়ে সন্দেহ নেই। তা না হলে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ‘জোকার’কে তারা কেন মাথায় নিয়ে নাচবে? সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি নিজে রিপাবলিকান দলের প্রার্থিতার জন্য লড়ছেন, ট্রাম্প ও তাঁর সমর্থকদের ঢালাওভাবে ‘উন্মাদ’ বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতে কী, এই মুহূর্তে যে ১৭ জন এই দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চাইছেন, জনপ্রিয়তার হিসাবে তাঁদের এক নম্বরে আছেন ট্রাম্প। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, পিছিয়ে আছেন কম করে হলেও ১৩ পয়েন্টে।
এত দিন পর্যন্ত ট্রাম্পের প্রধান পরিচয় ছিল হোটেল ব্যবসায়ী ও টেলিভিশনের জনপ্রিয় শো ‘এপ্রেনটিস’-এর হোস্ট হিসেবে। আগাগোড়া ডেমোক্রেটিক দলের সমর্থক ছিলেন, সে দলের জন্য সময়-সময় মোটা চাঁদাও দিয়েছেন। তিন-তিনবার বিয়ে করে নানা অঘটনঘটনপটীয়সী সেই ট্রাম্প এখন নিজেকে পরিচয় দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে। তাঁর দাবি, তিনি অত্যন্ত স্মার্ট এবং প্রেসিডেন্ট হলে তিনি হবেন সর্বকালের সেরা। কারণ, তাঁর নিজের কথায়, অন্য সবার চেয়ে তাঁর নিতম্ব জোড়া অধিক সুন্দর! আর সুন্দর তাঁর আঙুল। তাঁর কথায়, ‘আমার জনপ্রিয়তার কারণ কী জানেন? আমি ধনী—ভীষণ ধনী, সে জন্য। তবে আমি ধনীদের পছন্দ করি না, আমার পছন্দ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ।’
ট্রাম্প যেসব কথা বলেছেন, যেসব প্রস্তাব তুলেছেন, শুধু সেসবের জন্য অনেক আগেই তাঁর নির্বাচনী প্রচারণা থেকে কেটে পড়ার কথা। কিন্তু ঘটছে উল্টো। তিনি যত উদ্ভট কথা বলেন, তত তাঁর জনপ্রিয়তা বাড়ে। মেয়েদের তিনি ‘শূকরের’ সঙ্গে তুলনা করেছেন। মেক্সিকানদের বলেছেন, ধর্ষক ও মাদক ব্যবসায়ী। তাঁদের এ দেশে আসা ঠেকানোর জন্য দুই দেশের মাঝখানে ‘খুব সুন্দর, খুবই সুন্দর’ একটি দেয়াল তোলার প্রস্তাব করেছেন। ট্রাম্প আমেরিকার সোয়া কোটি অবৈধ অভিবাসীকে যার যার দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন এবং আমেরিকায় জন্মগ্রহণকারী শিশুদের মার্কিন নাগরিকত্ব প্রদানের যে আইন চালু রয়েছে, তা বাতিলের দাবি করেছেন। ট্রাম্প বলেছেন, চীনারা আমেরিকানদের চেয়ে বেশি চালাক। ব্যবসায়ে তারা আমেরিকানদের ঠকাচ্ছে, সে জন্য সুপথে না আসা পর্যন্ত চীনাদের ওপর অতিরিক্ত কর আরোপ করতে হবে। ‘তবে হ্যাঁ, আমি চীনাদের খুব পছন্দ করি। মাত্র সেদিন আমি এক চীনার কাছে ১৫ মিলিয়ন ডলারে এক অ্যাপার্টমেন্ট বিক্রি করেছি।’ ট্রাম্প বলেছেন, চলতি স্বাস্থ্যবিমা বাতিল করে সবাই যাতে উপকৃত হয়, তেমন নিয়ম চালু করতে হবে, কিন্তু সেটা কী, তা জানাননি। তিনি প্রস্তাব করেছেন, এ দেশের অবকাঠামো পুনর্নির্মাণ করতে হবে, এ কাজে তিনি সবচেয়ে যোগ্য।
টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরি, যিনি নিজে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, ট্রাম্পকে ‘ক্যানসার’-এর সঙ্গে তুলনা করেছেন। সিবিএস টিভির লেটনাইট শোর উপস্থাপক সেফ মায়ার সে কথার প্রতিবাদ করে বলেছেন, তুলনাটা ঠিক হলো না। কারণ, মাঝেমধ্যে ক্যানসার সারিয়ে তোলা সম্ভব।
ট্রাম্পকে নিয়ে যত হাসি-ঠাট্টা করি না কেন, ব্যাপারটা কিন্তু ঠাট্টার নয়। এই দেশের একশ্রেণির মানুষের কাছে ট্রাম্পের কথার আবেদন আছে। একশ্রেণি মানে, এ দেশের শ্বেতাঙ্গ নাগরিকগোষ্ঠী, যারা আমেরিকার জনসংখ্যাগত পরিবর্তনে ভীত। অভিবাসনের কারণে আমেরিকার জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আগামী ৩০ বছরের মধ্যে এ দেশের জনসংখ্যার ৫০ শতাংশের অধিক হবে অশ্বেতাঙ্গ। জনসংখ্যা বৃদ্ধির চলতি হার অব্যাহত থাকলে ২০৪৪ সাল নাগাদ এ দেশের অশ্বেতাঙ্গরা হবে ৫৬ দশমিক ৪ শতাংশ। আর এই জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ হবে হিস্পানিক।
‘হায় হায়, এই দেশটা আর আমাদের থাকল না,’—এমন হা-হুতাশ যারা করে, তাদের কাছে ট্রাম্পের অভিবাসনবিরোধী কামানের তোপ বাঁশির মধুর সুর মনে হয়। ২৫ বা ৫০ বছর আগেও আমেরিকা ছিল বিশ্বের সর্বেসর্বা, সে যা বলত, যা করত, কারও রাঁ-টি করার ক্ষমতা ছিল না। ২০০১ সালের পর থেকে সে অবস্থা বদলেছে। তালেবানের মতো মোল্লাদের বাগে আনতে সে ব্যর্থ হয়েছে। ইসলামিক স্টেটের নামে তার জ্বর আসে। চীনের কাছ থেকে টাকা ধার না করলে দেশের ব্যয়ভার নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ে। রোলিং স্টোন পত্রিকার ম্যাট টাইবির কথায়, ‘এই অনিশ্চিত ও কম নিরাপদ সময়ে, একদল লোক অপরকে দোষ দেওয়ার জন্য মুখিয়ে আছে।’ তারা দেশের এই অবস্থার জন্য একজন অপরাধী খুঁজছে। আর সে কাজে সবচেয়ে সহজ টার্গেট হলো ‘আফ্রিকা থেকে আসা বারাক ওবামা’, আমেরিকার অতি-দুর্বল সরকার ও দেশের অবৈধ অভিবাসীরা।
প্রাক্-নির্বাচনী প্রক্রিয়ায় মুখ্যত দলের সবচেয়ে কট্টর সমর্থকেরা অংশ নিয়ে থাকে, সে কথা মাথায় রেখেই ট্রাম্প তাঁর অভিবাসনবিরোধী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাঁর অব্যাহত জনপ্রিয়তা দেখে স্পষ্ট, এসব অনুগত রিপাবলিকান সমর্থক সে কথায় খুবই খুশি। তবে ভয়ের কথা হলো, এই দলের অন্য নেতারা, যাঁরা কেউ কেউ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন, জনপ্রিয়তার লড়াইয়ে টিকে থাকার জন্য তাঁরাও হয় ট্রাম্পের কট্টর প্রস্তাবের প্রতি সমর্থন জানাচ্ছেন, অথবা তার চেয়েও অধিক কট্টর প্রস্তাব উত্থাপন শুরু করেছেন। যেমন, বেন কার্সন অবৈধ অভিবাসীদের খতম করতে ড্রোন দিয়ে আক্রমণের প্রস্তাব করেছেন। ববি জিন্দাল, আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, দাবি করেছেন যেসব মেয়র অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানাবেন, উল্টো তাঁদের গ্রেপ্তার করা হোক। এসব কথায় অনুপ্রাণিত হয়ে আইওয়ার এক রেডিও উপস্থাপক প্রস্তাব করেছেন, সব অবৈধ অভিবাসীকে রাষ্ট্রের সম্পত্তি ঘোষণা করে তাদের জোর করে রাস্তাঘাট নির্মাণের কাজে লাগানো হোক।
স্পষ্টতই প্রাক্-নির্বাচনী পর্যায়ে নিজেদের অবস্থান পোক্ত করতেই এসব রিপাবলিকান নেতা এমন কট্টর পথ ধরেছেন। তবে কারও কারও ধারণা, এটি কোনো সাময়িক অবস্থা নয়, রিপাবলিকান দল ক্রমেই একটি অতি-দক্ষিণপন্থী দলে পরিণত হচ্ছে, যাদের লক্ষ্য এ দেশের শুধু শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মন জুগিয়ে চলা। সমস্যা হলো, এমন অতি-দক্ষিণপন্থী অবস্থান গ্রহণ করে শ্বেতাঙ্গপ্রধান অঞ্চলসমূহে কংগ্রেসের জন্য—বা এমনকি সিনেট—নির্বাচনে জেতা সম্ভব। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে সারা দেশের ভোটারদের অর্ধেকের বেশি জনসমর্থন চাই। চাই নারীদের সমর্থন। চাই অভিবাসী মানুষের সমর্থন। রিপাবলিকান দল এই দুই গ্রুপের বিরুদ্ধেই কার্যত যুদ্ধ ঘোষণা করে বসে আছে। গত দুটি নির্বাচনে ওবামার বিজয়ের অন্যতম কারণই ছিল এই দুই গ্রুপের কাছ থেকে তাঁর প্রতি শক্ত সমর্থন। এক সাম্প্রতিক পরিসংখ্যানগত বিশ্লেষণে দেখছি, শুধু শ্বেতাঙ্গ ভোটে কোনো রিপাবলিকান প্রার্থীর জেতা অসম্ভব, এমনকি তিনি যদি শ্বেতাঙ্গ ভোটের ৬০ শতাংশ বাগাতে পারেন, তাহলেও। অভিবাসীদের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় ২০১৬ সালে জিততে হলে শুধু লাতিন হিস্পানিক ভোটের ৪৭ শতাংশ পেতে হবে।
ডোনাল্ড ট্রাম্প ও তাঁর অভিবাসীবিরোধী অবস্থানের কারণে রিপাবলিকান দল তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে পরাস্ত হতে পারে, এ কথা সোজাসাপ্টাভাবে বলে দিয়েছেন রিক পেরি। তাঁর কথায়, তথাকথিত ‘ট্রাম্পইজম’, যার মোদ্দা কথা হলো লম্বা লম্বা কথা বলা, তার ফলে রিপাবলিকান দল এখন রীতিমতো নিজের অস্তিত্ব নিয়ে এক সংকটে পড়েছে। অবস্থা পরিবর্তিত না হলে রিপাবলিকান দলের দশা হবে ব্রিটেনের হুইগ পার্টির মতো, আর সেটা হলো কবরস্থান।
আমেরিকার সবচেয়ে জনপ্রিয় হিস্পানিক টিভি সাংবাদিক রিকার্ডো সানচেজ ডোনাল্ড ট্রাম্পকে ‘তাজা কার্তুজবোঝাই বন্দুক হাতে এক বাঁদর’ বলে অভিহিত করেছেন। সমস্যা হলো, এই বাঁদর ভদ্রলোকই এখন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় রিপাবলিকান প্রার্থী।
হাসান ফেরদৌস: নিউইয়র্কে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।