
আমেরিকার আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নানাজন নানাভাবে বর্ণনা করছেন।
কেউ তাঁকে বলেছেন প্রতারক ও জোচ্চোর (মিট রমনি); কেউ বলেছেন তিনি মানসিকভাবে ভারসাম্যহীন (মাইক ব্লুমবার্গ ও জেব বুশ); ভাষ্যকার রবার্ট কেগান ট্রাম্পকে ফ্যাসিস্ট নামেও অভিহিত করেছেন। রাজনৈতিক পত্রিকা পলিটিকোর মতে, ট্রাম্পের কথাবার্তা ‘তৃতীয় শ্রেণির ছাত্রের মতো’। ‘নিউজম্যাক্স’ কিছুটা উদার হয়ে বলেছে, ট্রাম্পের ব্যাকরণজ্ঞান পঞ্চম শ্রেণির কোনো ছাত্রের বেশি নয়। এসব কথাবার্তার সারাংশ করেছেন নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। তাঁর কথায়, ‘ট্রাম্প একটা অকাট মূর্খ, চূড়ান্ত অসৎ, অসংলগ্ন, অপরিণত, আত্মম্ভরি এক মাস্তান। সোজা কথায়, অত্যন্ত বাজে একজন লোক।’
এই ‘অত্যন্ত বাজে লোকটি’র চোখে চীনারা চোর, মেক্সিকানরা মাদক ব্যবসায়ী ও ধর্ষকামী আর মুসলমানরা জঙ্গি। ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকা থেকে সোয়া কোটি অবৈধ অভিবাসীকে খেদাবেন আর মুসলমানদের এ দেশে ঢোকা নিষিদ্ধ করবেন। এক কথায় তিনি সব আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাতিল করবেন, এমনকি ন্যাটোকেও ঢেলে সাজাবেন। আমেরিকা দুর্বল, তাকে এখন আর কেউ ভয় করে না, তিনি প্রেসিডেন্ট হলে এই অবস্থা বদলে যাবে। ওবামা আইএসের জন্ম দিয়েছেন, আর সেই আইএসকে নিশ্চিহ্ন করতে হেন ব্যবস্থা নেই, যা তিনি গ্রহণ করবেন না। মধ্যপ্রাচ্যের তেলকূপগুলো নিজের দখলে নেবেন বলেও ট্রাম্প বলেছেন।
ভাবতে পারেন, আগামী নভেম্বরের নির্বাচনে বিজয়ী হলে ‘স্বল্পজ্ঞানসম্পন্ন’ এই লোকটিই হবেন আমেরিকার প্রেসিডেন্ট! আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতেই থাকবে পারমাণবিক বোমা নিক্ষেপের বোতাম। আমরা জেনেছি, তিনি নিজের উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছেন, পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও আমেরিকা কেন তা ব্যবহার করে না। এসব সত্ত্বেও আমি ট্রাম্পকে সবচেয়ে ভীতিকর বিষয় বলে মনে করি না। তিনি যদি নির্বাচিত হয়েই যান, তবে ক্ষমতায় বসার পর তাঁর গলার স্বর বদলাবে। তিনি নিজে চাইলেও তাঁর উপদেষ্টারা ও পারিষদ তাঁকে বেপরোয়া কিছু করা থেকে ঠেকাবেন। কিন্তু ট্রাম্প একা ফ্যাসিস্ট নন, তাঁর পেছনে আছেন আরও কমপক্ষে সোয়া কোটি মানুষ, যাঁরা বাছাইপর্বে তাঁকে ভোট দিয়েছেন। এ কথা ভাবা ভুল নয় যে এই লোকগুলোও নির্দ্বিধায় তাঁরই মতো ফ্যাসিবাদী চিন্তাভাবনা লালন করেন। নির্বাচনে ট্রাম্প যদি হেরেও যান, আর তার সম্ভাবনাই বেশি, তারপরও এই লোকেরা থেকে যাবেন। এঁদের ভিত্তিতে গড়ে উঠবে নতুন নাৎসি পাির্ট, যার যুদ্ধংদেহী জাতীয়তাবাদ বিশ শতকের ফ্যাসিবাদকেও হার মানাবে।
আসল ভয়টা সেখানেই।
ব্যাপারটা এক দিনে ঘটেনি, ট্রাম্প রাতারাতি গজিয়ে ওঠা কোনো রাক্ষস নন। আমেরিকার রক্ষণশীল মহল, যার কেন্দ্রে রিপাবলিকান পার্টি ও ইভানজেলিক্যাল আন্দোলনের এক বড় অংশ, দীর্ঘদিন থেকেই এ রকম একজন ‘উদ্ধারকর্তা’র অপেক্ষায় থেকেছে। বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এদের রোষ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা। লোকটি কালো, ওবামাকে বিরোধিতার সেটি একটি কারণ। কিন্তু তার চেয়েও বড় কারণ মার্কিন সাম্রাজ্যবাদের শ্রেষ্ঠত্ব। পৃথিবীর যেকোনো স্থানে নিজের স্বার্থ রক্ষায় যখন যেমন খুশি হস্তক্ষেপের যে তাত্ত্বিক ভাবনা মার্কিন রক্ষণশীল মহলের চিন্তার কেন্দ্রে দেড় শ বছর ধরে কাজ করছে, ওবামা সেই তত্ত্ব নিঃশর্তে মেনে নেননি। বিশ্বে আমেরিকা এখন আর আগের মতো সম্মানিত নয়, তার নাম শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে না, আমেরিকার এই পতনের জন্য সব দোষ ওবামার। তাঁর জায়গায় চাই এমন একজনকে, যিনি ‘আমেরিকান ব্যতিক্রমী অবস্থানকে (আমেরিকান একসেপশনালিজম) তার পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাবেন। এসব লোকের বিবেচনায় ট্রাম্প হবেন সেই লোক।
নীতি, আদর্শ, রাজনৈতিক নেতৃত্ব নয়, শুধু শক্তি ব্যবহার করে আমেরিকা তার আধিপত্য নিশ্চিত করতে চেয়েছে। বিশ শতকজুড়েই রয়েছে সেই আধিপত্যবাদের ইতিহাস, যদিও তার শুরু আরও আগে, ১৮২৩ সালে প্রেসিডেন্ট মনরোর প্রস্তাবিত ‘মনরো ডকট্রিন’-এ। এই ডকট্রিনের মোদ্দা কথাই ছিল উত্তর বা দক্ষিণ আমেরিকার সব দেশই আমেরিকার স্বার্থবলয়ের অন্তর্গত। কেউ যদি এই গোলার্ধের কোনো দেশের ওপর নজর দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে এক হাত দেখে নেওয়ার সব আইনগত অধিকার আমেরিকার থাকবে। পরের দেড় শ বছরে আমেরিকার এই স্বার্থবলয় আরও সম্প্রসারিত হবে, উত্তর বা দক্ষিণ গোলার্ধের কোনো দেশই তার বাইরে থাকবে না। আমেরিকার রাজনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্ব শুধু তার নিজের জন্য, সারা ‘মুক্ত বিশ্বের’ স্বার্থেই দরকার, এমন অদ্ভুত তত্ত্বও তারা দাঁড় করাবে। ২০০৩ সালের ইরাক হামলার আগে সেই তত্ত্ব আমাদের গুলে খাওয়ানোর চেষ্টা হয়। ২০১৫ সালে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, ইরাক হামলার তাত্ত্বিক গুরু, তিনি একটি বই লেখেন, যার নাম একসেপশনাল: হোয়াই দ্য ওয়ার্ল্ড নিডস এ পাওয়ারফুল আমেরিকা। সেই বইয়ের মোদ্দা বক্তব্য, ওবামার কারণেই বিশ্বে আমেরিকার সম্মান ধুলায় মিশে গেছে।
সেই সম্মান উদ্ধারের জন্যই এগিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প।
দুটি পরিস্থিতি ট্রাম্পের উত্থানে সাহায্য করেছে—একটি অর্থনৈতিক, অন্যটি জনসংখ্যাগত। অধিকাংশ জনমত জরিপ থেকে স্পষ্ট যে ট্রাম্পের সমর্থকদের অধিকাংশ শ্বেতকায় ও স্বল্পশিক্ষিত। বিশ্বায়ন ও অব্যাহত অর্থনৈতিক মন্দাবস্থার কারণে এদের অনেকেই এখন অথই জলে খাবি খাচ্ছে। এদের অধিকাংশই কলকারখানায় বা কয়লার খনিতে কাজ করত, অথবা ছোটখাটো ব্যবসায় জড়িত ছিল। অসংখ্য কয়লাখনি বন্ধ হয়ে গেছে। পুরোনো ধাঁচের কলকারখানার সবই প্রায় উঠে গেছে বা খরচ কমানোর লক্ষ্যে চীন বা মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এসব শ্রমিক-কর্মচারীর জন্য বিকল্প কোনো কর্মসংস্থান গড়ে ওঠেনি। একসময় যারা নিজেদের আমেরিকার মধ্যবিত্ত বলে বিবেচনা করত, তারা পরিণত হয়েছে দরিদ্র শ্রেণিতে। এই শ্রেণিভুক্ত মানুষের অনেকে মনে করে, মার্কিন সরকারের দুর্বলতার কারণেই তাদের এই দুরবস্থা।
এদের অন্য অভিযোগ বৈধ ও অবৈধ সব সাম্প্রতিক অভিবাসীর বিরুদ্ধে। আমেরিকা এখনো শ্বেতাঙ্গপ্রধান দেশ, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির চলতি ধারা অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে এ দেশের অধিকাংশ জনসংখ্যা হবে অশ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গ আধিপত্যের ওপর সেটি হবে সবচেয়ে বড় আঘাত। শ্বেতকায়দের এই ভীতি ও আশঙ্কাকে নিজের প্রয়োজনে অনেক রাজনীতিকই ব্যবহার করার চেষ্টা করেছেন, কিন্তু ট্রাম্পের সফলতা তাঁরা কেউ পাননি।
বর্ণবাদ আমেরিকার রাজনীতিতে নতুন নয়। আমেরিকার শাসনতন্ত্রকে যতই প্রগতিশীল বলি না কেন, এ কথা ভুলি কী করে যে সেখানে বলা হয়েছে একজন কালো মানুষের মূল্য শ্বেতাঙ্গদের তুলনায় বড়জোর দুই-পঞ্চমাংশ। মোট দাসের সংখ্যা গণনায় আনার জন্য এই ফর্মুলা ব্যবহার করা হয়েছিল। কিন্তু ১৮৫৭ সালে মার্কিন সুপ্রিম কোর্ট এক শাসনতান্ত্রিক ব্যাখ্যায় বলেছিলেন, দাস বা মুক্ত দাস আমেরিকার নাগরিক হওয়ার অধিকার রাখে না। ‘যেহেতু কৃষ্ণকায় ব্যক্তি শ্বেতকায়ের তুলনায় নিকৃষ্ট, তাদের কোনো অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে কোনো শ্বেতকায় বাধ্য নয়।’
মানছি, সেই অবস্থার বদল হয়েছে, কালো মানুষের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। কিন্তু আমেরিকায় এমন লোকের অভাব নেই, যারা সম্ভব হলে সেই দাস–ব্যবস্থার যুগেই ফিরে যেত। শ্বেতাঙ্গ অাধিপত্যবাদী কু ক্লাক্স ক্ল্যান এখনো উবে যায়নি। লুইজিয়ানা, ওকলাহোমা বা টেক্সাসের মতো অনেক অঙ্গরাজ্যেই তারা এখনো বহাল তবিয়তে নিজের বর্ণভিত্তিক আধিপত্যবাদ প্রচার করে যাচ্ছে। যারা ট্রাম্পের ঘৃণা ও বহিষ্কারের রাজনীতিতে মুগ্ধ, তাদের এক বড় অংশ যে এসব শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী, তাতে কোনো সন্দেহ নেই। এদেরই একজন ডেভিড ডিউক, ট্রাম্পকে সোৎসাহে যিনি সমর্থন দিয়েছেন, লুইজিয়ানা থেকে সিনেটে নির্বাচনে দাঁড়াবেন বলে জানিয়েছেন।
ট্রাম্প ও তাঁর সমর্থকেরা বর্ণবাদী ঘৃণাকে কী প্রবলভাবে গ্রহণ করেছেন, তার এক তথ্যচিত্র নির্মাণ করেছেন নিউইয়র্ক টাইমস পত্রিকার তিন সাংবাদিক। ট্রাম্পের বিভিন্ন জনসভায় তাঁর সমর্থকদের মন্তব্য ব্যবহার করে বানানো এই তথ্যচিত্রটি এই ওয়েব ঠিকানায় দেখতে পাবেন: <http://www.nytimes.com/2016/08/04/us/ politics/donald-trump-supporters.html?_r=1>
লক্ষ করুন, এরা কী প্রবল উৎসাহে ‘বিল্ড দ্য ওয়াল’ চিৎকার জুড়েছে। ট্রাম্প তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকোর সঙ্গে হাজার মাইল দীর্ঘ দেয়াল গড়বেন। আসলে শ্বেতকায় মার্কিনরা যা চায়, তা হলো নিজেদের চারপাশে এই দেয়াল গড়তে। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা বরাবার নিজেদের চারপাশে এই দেয়াল নির্মাণের স্বপ্ন দেখেছে। ট্রাম্প এখন তাদের আবার সেই স্বপ্ন দেখতে উৎসাহ জোগাচ্ছেন। আমেরিকার সর্ববৃহৎ শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গ্রুপের প্রধান জারেড টেইলার রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর দলের সমর্থকদের উৎসাহ দিয়েছিলেন ট্রাম্পকে ভোট দিতে।
এ দেশের সাদা মানুষেরা যে এখনো নিজেদের বর্ণগত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, তার এক প্রমাণ মিলেছে সিএনএনের সাম্প্রতিক সাক্ষাৎকারভিত্তিক সিরিজ ইউনাইটেড শেডস অব আমেরিকাতে। এই সিরিজের পরিচালক আফ্রিকান-আমেরিকান কমেডিয়ান কামাউ বেল কিছুদিন আগে আরকানসাসে একটি কু ক্লাক্স ক্ল্যান গ্রুপের সঙ্গে কথা বলেন। ওই দলের এক নেতা তাঁর মুখোশের ভেতর থেকে খুব আন্তরিকভাবেই বেলকে অনুরোধ করেন, ‘আমরা সাদা মানুষ, ১০০ শতাংশ সাদা মানুষের স্বার্থ রক্ষার পক্ষে। দয়া করে আমাদের একা থাকতে দাও।’
আমি নিশ্চিত, ট্রাম্প আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না। কিন্তু তাঁর পরাজয়ের পরেও ট্রাম্পবাদের পতন হবে না। যে লাখ লাখ শ্বেতাঙ্গ অাধিপত্যবাদীর সুপ্ত স্বপ্ন তিনি জাগিয়ে তুললেন, তারাই সেই স্বপ্নকে নিজেদের পতাকা বানিয়ে রাস্তায় নামবে। তারা অপেক্ষায় থাকবে তাদের পরবর্তী ফুয়েরারের, পরবর্তী নেতার।
ভয় ট্রাম্পকে নিয়ে নয়, এই লাখ লাখ ট্রাম্প অনুসারীকে নিয়ে।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।