ডোরেমনের ‘ডর’ যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোরেমন কার্টুন নিয়ে আসলেই আমাদের অনেক ‘ডর’ ছিল। সেই ডরের মূল ব্যাপারটি ছিল মাতৃভাষা ভালোভাবে রপ্ত হওয়ার আগেই একটি শিশুর বিজাতীয় ভাষা, নির্দিষ্ট করে বললে হিন্দি ভাষা রপ্ত করে ফেলা। ব্যাপারটি নিয়ে অনেক মা-বাবার অভিযোগ ও অনুযোগ লক্ষ করে ২০১১ সালের ২২ নভেম্বর আমি প্রথম আলোর সম্পাদকীয় পাতায় একটি নিবন্ধ লিখেছিলাম। নিবন্ধটি অনেক আলোচিত হয়েছিল, সমালোচনার সংখ্যাও নেহাতই কম ছিল না। বিষয়টি নিয়ে প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ ব্লগেও অনেক দিন ধরে নানামুখী আলোচনা হয়েছে। ডোরেমন কার্টুনটির মাধ্যমে শিশুরা হিন্দি ছাড়াও মিথ্যা বলাসহ যে নানা ধরনের দুষ্টবুদ্ধি রপ্ত করছে, আমার লেখায় তার আলোচনাও বিশদভাবে এসেছিল। কিছুদিন আগে জাতীয় সংসদেও সরকারদলীয় সাংসদ শাহরিয়ার আলম বিষয়টির জনগুরুত্ব তুলে ধরে সংসদে বক্তব্য দিয়েছিলেন। একটি কার্টুন নিয়ে এতটা সমালোচনা, এতটা আলোচনা-বিতর্ক কেন হলো তা খতিয়ে দেখতে গিয়ে দুটি বিষয় সামনে চলে আসে। জাপানি কার্টুন ডোরেমন সাধারণত যে বয়সের ছেলেমেয়েরা গ্রোগ্রাসে গিলত, তাদের বেশির ভাগেরই বয়ঃসীমা কোনোমতেই ছয়-সাত অতিক্রম্য নয়। অর্থাৎ, ভালো-মন্দের প্রভেদ কোনোভাবেই এই বয়সী বাচ্চাদের বুঝতে পারার কথা নয়। এই বয়সের একটি বাচ্চা যদি সারাক্ষণ মায়ের সঙ্গে মিথ্যা কথা বলা, পরীক্ষার খাতা লুকানোসহ বিভিন্ন দুষ্টবুদ্ধির চর্চাসমৃদ্ধ কোনো বিষয় চোখের সামনে দেখতে থাকে, তাহলে তার মনন ও মানসিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। এই গেল প্রথম বিষয়টি। দ্বিতীয় বিষয়টি হলো, ভালোভাবে কথা ফোটার আগেই কোনো শিশু যদি বিজাতীয় একটি ভাষায় কথা বলতে শুরু করে, তাহলে তার মাতৃভাষা শিক্ষা যারপরনাই ক্ষতিগ্রস্ত হয়। এসব বিষয় বিবেচনায় রেখে সরকার কেবল অপারেটরদের সম্প্রতি নির্দেশ দিয়েছে, হিন্দিতে ডাবিং করা ডোরেমন কার্টুন যে চ্যানেলগুলোতে দেখানো হয়, তার প্রচার বন্ধ করে দিতে। সরকারের এই সিদ্ধান্তে রীতিমতো স্বস্তি নেমে এসেছে সবার মধ্যে। বিশেষ করে যাঁদের বাচ্চারা এই ডোরেমন কার্টুনে মারাত্মক আসক্ত ছিল। বিষয়টির সমালোচনা করে প্রথম আলোর সম্পাদকীয় পাতায় গত ২৮ মার্চ কথাসাহিত্যিক উম্মে মুসলিমা একটি নিবন্ধ লিখেছেন। সুখপাঠ্য এই নিবন্ধে অবশ্য তিনি শিশু বিনোদনের স্বার্থে ডোরেমন কার্টুন বন্ধ করার সমালোচনা করেছেন। যুক্তি হিসেবে তিনি বলেছেন, হিন্দি ভাষায় এই কার্টুনটি দেখে শিশু যদি একটি ভাষা শিখেও ফেলে, তাতে কোনো সমস্যা নেই। তিনি শিশুর নৈতিকতার প্রতিবন্ধক হিসেবে ডোরেমনকে না দেখারও আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ডোরেমন কার্টুন যদি শিশুর নৈতিকতার প্রতিবন্ধক হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সবার আগে বন্ধ করা উচিত বড়দের দেখা হিন্দি সিরিয়াল।উম্মে মুসলিমা মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষা শিক্ষার ওপর যে গুরুত্বারোপ করেছেন, তার সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, অন্য ভাষা শেখার সঙ্গে ডোরেমন কার্টুনের সম্পর্ক খুবই অল্প। ডোরেমন কার্টুন বন্ধ করে দিলেই যে শিশুর একটি ভাষা শেখার পথ বন্ধ হয়ে যাবে, এমনটি ভাবারও অবকাশ খুব সামান্য। ডোরেমন কার্টুনের বিরুদ্ধে যত লেখালেখি, যত আলোচনা, এ নিয়ে যত বিতর্ক তার মূল কারণ, কার্টুনটির বিষয়বস্তু। এ ছাড়া হিন্দি ভাষাটিও এ ব্যাপারে একটি বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। ডোরেমন কার্টুনটি নিয়ে বাবা-মা ও সবার মূল অভিযোগটি হলো, এই কার্টুনে কিছু নৈতিকতাবিরোধী ব্যাপার-স্যাপার দেখানো হয়, যা আমাদের মধ্যবিত্ত সমাজে গ্রহণযোগ্য নয়। বাংলা ভাষায় ঠিকমতো কথা বলতে পারার আগেই কোনো শিশু যদি এই কার্টুনটি দেখে অনর্গল হিন্দিতে কথা বলা রপ্ত করে ফেলে, তাহলে নিজ ভাষার প্রতি আবেগ আছে—এমন মানুষের চিন্তিত হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়াটাকেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। কেউ যদি মাতৃভাষার পাশাপাশি ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, হিন্দি, উর্দু, আরবি, ফারসি শিখতে আগ্রহী হয়, সেটাকে মেনে না নেওয়ারও কোনো কারণ নেই। কিন্তু তা অবশ্যই মাতৃভাষাটা সুন্দরভাবে শেখার পর হতে হবে। ডোরেমন কার্টুন দেখে শিশুরা বাংলা ভাষা বা মাতৃভাষা শেখার আগেই অন্য একটি ভাষা শিখে যাচ্ছিল, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ডোরেমনের হিন্দি যে খুব উঁচুমানের হিন্দি, সেটা ভাবারও কোনো অবকাশ নেই। কিছুদিন আগে ভারতে গিয়ে দেখেছি, সেখানেও মা-বাবারা ডোরেমন কার্টুন নিয়ে দারুণ চিন্তিত। বাচ্চাকাচ্চারা দোকানে গেলে ডোরেমনের পাপেট ছাড়া অন্য কোনো খেলনা কিনতে চায় না, এমন অনুযোগও আমি শুনেছি দিল্লির একটি মলে, এক মায়ের মুখ থেকে। বিষয়টি নিয়ে যেহেতু আমি কাজ করছি, তাই একজন মায়ের সঙ্গে কথা বলারও লোভ সামলাতে পারিনি। তাঁকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করতেই তিনি কেবল এই কার্টুনটির সমালোচনাই করলেন। একজন হিন্দিভাষী হিসেবে তিনি চিন্তিত, এই কার্টুনটি দেখে তাঁর বাচ্চা যে অনৈতিকতা রপ্ত করছে, তা নিয়ে। বিষয়টি নিয়ে লিখতে গিয়ে উম্মে মুসলিমা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র একটি উদ্ধৃতি টেনেছেন। তিনি যে উদ্ধৃতিটি টেনেছেন, তার শেষ লাইনটি তাঁর নিবন্ধের বিপক্ষে আমার যুক্তি উপস্থাপনের জন্য সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ বলেছেন, ‘... সে ভাষার (বিদেশি) কাঠামো স্থাপন করতে হবে পাকাপোক্ত মাতৃভাষার ওপর।’ আমাদেরও বক্তব্য ঠিক এই জায়গাতেই। ডোরেমন কার্টুনটি দেখে মাতৃভাষা বাংলা পাকাপোক্ত না করেই আজকের শিশুরা হিন্দি ভাষার কাঠামো তৈরি করছে—আমাদের আপত্তিটা এখানেই।হিন্দি সিরিয়াল অবশ্যই দূষণীয়। বড়দের বিভিন্ন টানাপোড়েনের গল্পসমৃদ্ধ এসব সিরিয়াল অবশ্যই আমাদের সমাজ-সামাজিকতার জন্য হুমকিস্বরূপ। কিন্তু ডোরেমনের সঙ্গে এর একটা জায়গায় পার্থক্য আছে, হিন্দি সিরিয়াল বাচ্চাদের দেখতে বাধা দেওয়া যেতে পারে, কিন্তু একটি কার্টুন দেখতে বাধা দেওয়াটা খুবই কঠিন। তবে, আমি বলতে চাই, মা-বাবারা যদি নিজেদের বাচ্চাদের আড়াল করে এসব সিরিয়াল দেখেন, তাহলে খুব ভালো হয়।ভাষার জন্য জীবন দিয়েছি দেখেই এই ভাষাটার ব্যাপারে আমরা একটু স্পর্শকাতর। হিন্দির বিরুদ্ধে আমরা নই, হিন্দি কেন কোনো ভাষার বিরুদ্ধেই আমরা নই। নানা দেশের নানা ভাষা শিখে আমরাও সমৃদ্ধ হতে চাই, কিন্তু তা অবশ্যই হবে নিজের ভাষাটা ভালোভাবে রপ্ত হওয়ার পর। আমাদের একটি প্রজন্মের মধ্যে যেভাবে ‘বিন্দি’ (ভাঙা বাংলা আর চোস্ত হিন্দি) কথন ছড়িয়ে পড়ছিল, ডোরেমন কার্টুনটি ছিল এর মূল মাধ্যম। ডোরেমন নিয়ে আমাদের ‘ডর’ ছিল ঠিক ওখানেই।নাইর ইকবাল: সাংবাদিক।[email protected]