আফগান তালেবানের নেতা মোল্লা আখতার মনসুর গত শনিবার মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। হামলার সময় তিনি ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করছিলেন। সাধারণভাবে পশ্চিমা দৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, আফগানিস্তানে মার্কিন, ব্রিটিশ ও অন্যান্য শক্তি সক্রিয় রয়েছে। তাঁর মৃত্যু এই যুদ্ধের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে, যেখানে তাঁর দেশ চার দশক ধরে বাইরের শক্তির হস্তক্ষেপে ছারখার হয়ে গেছে। অবশ্য তা সত্ত্বেও মানুষের জবান বন্ধ হয়ে গেছে।
ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই হামলার যৌক্তিকতা প্রতিপন্ন করার জন্য বলেছেন, মনসুর ‘মার্কিন সেনাদের জন্য ক্রমাগত হুমকি হয়ে উঠেছিলেন’। আফগান কর্মকর্তারাও মনসুরের হত্যার সংবাদ নিশ্চিত করেছেন। তাঁকে পাকিস্তানের মাটিতে হত্যা করা হয়েছে। ফলে পাকিস্তান অভিযোগ করেছে যে তার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। কিন্তু এ অভিযোগ নিরর্থক।
মনসুর পশ্চিমা দেশগুলো ও নিজ দেশের নখরদন্তহীন সরকারের চোখে বদমাশ প্রকৃতির মানুষ ছিলেন, ছিলেন যুদ্ধের সময়ের শত্রু। তিনি যোদ্ধাও ছিলেন, যাঁর বাঁচা ও মরার সম্বল ছিল অস্ত্র। আর তাঁর মৃত্যুর খবরটা যে রকম নির্বিকারভাবে দেওয়া হলো তাতে মনে হয়, অন্য এক মহাদেশ থেকে ড্রোন হামলার নির্দেশে মানুষ হত্যা করা একদম নৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এটা আর মানুষের দৃষ্টি আকর্ষণ করে না। এই প্রযুক্তি একসময় বিস্ময়কর ব্যাপার ছিল, এখন গা সওয়া হয়ে গেছে। অনেক দূর থেকে হামলা চালিয়ে হত্যা করার ব্যাপারে মানুষের মনে যে ভীতি ছিল, সেটাও দূর হয়ে গেছে।
যুদ্ধের এই আধুনিক কৌশলের ব্যাপারে যারা মহা কুপিত, আমি তাদের দলে নই। সশস্ত্র যুদ্ধের ফলাফল কী হবে, সেটা এখন আর আগেভাগে বলা যায় না। সাধারণত পাইলটবিহীন বিমান দিয়ে নজরদারি করানো হয়, এই প্রবণতা দিনকে দিন বাড়ছে। কৃত্রিম উপগ্রহ দিয়ে শত্রুকে একদম পৃথকভাবে যেকোনো স্থানে চিহ্নিত করা যায়, আর ড্রোন ওড়ানো হলে তো যোদ্ধাদের ঝুঁকি থাকে না—এসব ব্যাপারে আমি বীতশ্রদ্ধ নই।
কেউ আবার যুক্তি দিতে পারেন, প্রযুক্তি কোনো পক্ষকে অন্যায্য সুবিধা দিতে পারে। কিন্তু ব্যাপারটা সব সময়ই এ রকম ছিল। এমন একটা সময় ছিল যখন এক পক্ষ ট্যাংকে চেপে যুদ্ধক্ষেত্রে যেত, অন্যদিকে আরেক পক্ষ যেত ঘোড়ার পিঠে চেপে। মার্কিন যুক্তরাষ্ট্রই পৃথিবীতে প্রথম পারমাণবিক বোমা ফাটিয়েছিল। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা জাপান সফরে যাচ্ছেন। তিনি সেখানে গেলেই বোঝা যাবে, এ রকম বিধ্বংসী মারণাস্ত্র ব্যবহার করে যুদ্ধে জয়লাভ করার ব্যাপারটা আজও বিতর্কিত। এখন কথা হচ্ছে এই বোমাবর্ষণের কারণেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত শেষ হয়েছিল, নাকি অতিপ্রাকৃত শক্তির নির্দেশে জাপানের সম্রাট আত্মসমর্পণ করেছিলেন, আমরা তা জানি না। অন্যদিকে এ ধ্বংস সব নৈতিক সীমা অতিক্রম করে গিয়েছিল, এ কথারও মানে হয় না। কারণ, পূর্ণাঙ্গ যুদ্ধে নৈতিক সীমা কীভাবে নির্ধারণ করা হবে—এসব প্রশ্নই উন্মুক্ত।
কিন্তু যুদ্ধের একটি পক্ষ নতুন প্রযুক্তি ব্যবহার করে হতাহত মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারলে তারা সেটা করবে না কেন? এ সুযোগ না নেওয়াই বরং অনৈতিক হবে। ‘ন্যায্যতা’ বা ‘সমান সুযোগের’ কথা বলে এমন অস্ত্র ব্যবহার করা না হলে তা হাস্যকর হবে। আমরা এখানে খেলার কথা বলছি না, জীবন-মরণের কথা বলছি।
এ কথা নিশ্চিতভাবেই বলা যায়, যে প্রযুক্তির কল্যাণে বড় বড় সেনাসমাবেশ করতে হয় না বা বড় বড় শহরে কার্পেট বোমা মারতে হয় না, সে প্রযুক্তিকে উন্নয়ন হিসেবেই দেখতে হবে, তাকে সাদরে গ্রহণ করতে হবে। ফলে বেসামরিক মানুষের হতাহত হওয়ার আশঙ্কা কমে আসবে। মুখোমুখি যুদ্ধ থেকে ক্ষেপণাস্ত্র হামলার দিন পেরিয়ে আজ পর্যন্ত প্রযুক্তি অনেক দূর এসেছে।
তবে ড্রোন হামলা খুব নিখুঁত এবং এটা ব্যবহার করে শত্রুপক্ষকে হত্যা করা যায়, ফলে যোদ্ধা বা বেসামরিক মানুষের জীবন বেঁচে যায়—এই যুক্তিতে ড্রোন ব্যবহার-বিষয়ক সব প্রশ্নের অবসান হয় না। এখন আর পেছনে ফিরে যাওয়ার উপায় নেই, সে কথা ঠিক। কিন্তু তা সত্ত্বেও ড্রোনের ব্যবহার খুবই সমস্যাজনক। কথা হচ্ছে মনসুর মার্কিন ও আফগান সরকারের কাছে তুলনামূলকভাবে কম বিতর্কিত ছিলেন, পাকিস্তানের কাছে না হলেও। তবে অন্য ঘটনাগুলো আরও কঠিন।
রিয়াদ খানের কথাই ধরুন। খবর আছে, তিনি ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করছিলেন, ব্রিটেনের পাঠানো ড্রোন তাঁকে রাকায় হত্যা করে। এত দূরে থেকেও তিনি কীভাবে মাতৃভূমির জন্য এতটা হুমকি হয়ে উঠলেন? আর তিনি যদি কমান্ডার না হয়ে সাধারণ যোদ্ধা হয়ে থাকেন, তাহলে তাঁকে হত্যা করা কি যুক্তিসিদ্ধ ছিল? ফলে এমন কোনো ব্যাপার কি আছে, যেখানে রাষ্ট্র যুদ্ধের সময় আত্মরক্ষা করতে গিয়ে বাস্তবে হত্যা করে বসে?
এবার আরও গুরুত্বপূর্ণ কথা, গল্পের পক্ষটা একটু বদলে দিন। একবার ভাবুন, আইএস কোনো উচ্চপদস্থ মার্কিন বা ব্রিটিশ কর্মকর্তার গাড়িবহরে ড্রোন হামলা চালিয়েছে। এই আশঙ্কা এখন নেই শুধু এ কারণে যে এ মুহূর্তে আইএস ও অন্য অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর সেই সক্ষমতা নেই। ব্যাপারটা এমন হতে পারে, পশ্চিমা দেশগুলো নিজেদের আকাশসীমায় শত্রুপক্ষের ড্রোনের উড্ডয়ন ঠেকাতে প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে। কিন্তু সেটা কতটা নির্ভরযোগ্য? যখন ‘আমাদের’ ও ‘তাদের’ পার্থক্য কমে যাবে বা দূর হয়ে যাবে। বাজি ধরতে পারেন, আমরা ড্রোন ব্যবহার নিয়ে আন্তর্জাতিক আইন ও আইনি কাঠামো প্রণয়নের দাবিতে সরব হব। তার আগ পর্যন্ত আমাদের ড্রোন বধ্যভূমিতে উড়ে বেড়াবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
* মেরি দাইয়েফস্কি: সাংবাদিক ও লেখক।