ঢাকা কি আদৌ ধুলামুক্ত হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন আমাদের লড়তে হবে ধুলাবালুমুক্ত, পরিচ্ছন্ন ঢাকার জন্য। ছবি: প্রথম আলো
এখন আমাদের লড়তে হবে ধুলাবালুমুক্ত, পরিচ্ছন্ন ঢাকার জন্য। ছবি: প্রথম আলো

গত জুলাই-আগস্টে বর্ষার পানিতে ঢাকা শহর ডুবতে দেখে নগরবাসী দিনক্ষণ গুনছিল, কবে বর্ষা শেষ হবে এবং চলাচলে একটু স্বস্তি ফিরবে। দুর্বল নিষ্কাশন ব্যবস্থাপনার কারণে স্বাভাবিক বর্ষায়ও খানাখন্দে ভরা রাস্তাঘাটে চরম জলজট ও যানজট দেখা দেয়। কর্মস্থলে পৌঁছাতে বিলম্ব, স্কুল-কলেজে যেতে অসুবিধা, অত্যাবশ্যকীয় যাতায়াতে অতিরিক্ত ভাড়া, এসব গা-সওয়া হয়ে গেছে। নগরবাসীর প্রত্যাশা ছিল, শুষ্ক মৌসুমে তাঁরা আরামেই চলাফেরা করতে পারবেন। কিন্তু সেই আপাত-আয়েশের ফুরসত কই? চলমান বিভিন্ন উন্নয়নকাজে সৃষ্ট ধুলাবালু এবং তা সামলানোর কার্যকর ব্যবস্থা না থাকায় নাগরিক জীবন বিষময় হয়ে উঠেছে।

বোস্টনভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের বৈশ্বিক বায়ু পরিস্থিতি ২০১৭ প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি বায়ুদূষিত শহরের তালিকায় ঢাকার স্থান দ্বিতীয়; প্রথমে রয়েছে দিল্লি। বায়ুদূষণে ২০১৫ সালে বাংলাদেশে ১ লাখ ২২ হাজার ৪০০ মানুষ মারা যায় (দ্য ডেইলি স্টার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭)। প্রধানত ছোট ছোট কণা, যার বৈজ্ঞানিক সংকেত পিএম ২ দশমিক ৫ এবং মোটা ধূলিকণা, যার বৈজ্ঞানিক সংকেত পিএম ১০ বেশি থাকার কারণে ঢাকার বাতাসের মান নেমে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূলিকণা মানবদেহের ভেতরে ঢুকে ফুসফুসে গেঁথে থাকে এবং একনাগাড়ে এসব উপাদানের ভেতর দিয়ে চলাচল করলে হৃদ্রোগ, হাঁপানি ও ফুসফুসে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে শিশুরা।

ঢাকা শহরে জনচলাচলের রাস্তা, ফুটপাত ও খোলা জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব সিটি করপোরেশনের। এসব স্থানের পরিচ্ছন্নতা বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) ৬০০ পরিবারের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, ৭৭ শতাংশ পরিবারের আশপাশের রাস্তা ও খোলা জায়গা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দেন; এ কাজ ভোর থেকে শুরু হয়ে সকাল আটটার মধ্যে শেষ হয়। কিন্তু তারপরই রাস্তার পাশের দোকানিরা ঝাড়ু দিয়ে ভেতরের ময়লা রাস্তায় ফেলেন। পরিচ্ছন্ন সড়ক নগরবাসী দেখার আগেই তা নোংরা হয়ে যায়। ২০১৫ সালের পর নির্বাচিত মেয়রদ্বয় বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির প্রতি বিশেষ নজর দেন। যেমন রাস্তার পাশে ছোট ছোট বিন, চারদিকে দেয়ালঘেরা ‘দ্বিতীয় স্থানান্তর কেন্দ্র’ স্থাপন, কনটেইনার থেকে ট্রাকভর্তি বর্জ্য ঢেকে নেওয়া ইত্যাদি।

ঢাকা নগরের রাস্তা ও খোলা জায়গার সর্বত্রই ধুলাবালু। কয়েক বছর ধরে ঢাকায় উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে। যেমন ফুটপাতের উন্নয়ন, ইউলুপ ও উড়ালসেতু নির্মাণ, পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য খোঁড়াখুঁড়ি। এসব উন্নয়ন বেশির ভাগ প্রত্যাশিত। সরকারি পর্যায়ে এসব কাজের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সাধারণত নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারদের মধ্যে তাগাদা থাকার কথা; কারণ দীর্ঘসূত্রতা লভ্যাংশ হ্রাস করে। বাস্তবে দফায় দফায় বিভিন্ন প্রকল্পের মেয়াদ বাড়ছে, সঙ্গে প্রকল্পের বরাদ্দও। এতে মুষ্টিমেয় কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা পেলেও ভুক্তভোগী নগরবাসীর মধ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়। সরকারি প্রকল্প ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে নির্মাণসামগ্রী জনচলাচলের পথে বিক্ষিপ্তভাবে ও দীর্ঘ সময় ধরে পড়ে থাকে। এসব তদারকের কার্যকর ব্যবস্থা বা নীতিমালার অভাব লক্ষণীয়।

ঢাকা নগরের পরিবেশ উন্নত করার বিকল্প নেই। মানুষ রোগাক্রান্ত হলে উৎপাদনশীলতা কমবে এবং স্বাস্থ্যগত ব্যয় বাড়বে; শহরের অর্থনৈতিক উন্নতিও ব্যাহত হবে। বিশ্বব্যাংকের হিসাবে, বায়ুদূষণের কারণে বাংলাদেশ প্রতিবছর জিডিপির ১ শতাংশ হারাচ্ছে, যেটি উচ্চ-মধ্যম আয়ের দেশ হওয়ার পথে অন্যতম বাধা (প্রথম আলো, ১০ ডিসেম্বর ২০১৭)। তা ছাড়া ধুলাবালু থেকে রেহাই পেতে পথচারীরা যানবাহন ব্যবহারে উদ্যোগী হবে; তাতে যানজটের অবনতি হবে। এমনিতে ঢাকার জনসংখ্যার তুলনায় সড়কের পরিমাণ ও যানবাহনের সংখ্যা কম।

ধুলাবালু সৃষ্টির উৎস এবং যে পরিমাণ ধুলা জনচলাচল স্থানে উড়ে আসে, তা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। প্রথমত, নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের জবাবদিহির মধ্যে আনতে হবে। দ্বিতীয়ত, নির্মাণকাজের ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে হবে। যেমন নির্মাণসামগ্রী জনচলাচলের স্থান থেকে দূরে ও ঢেকে রাখা, নির্মাণসামগ্রীর মিশ্রণে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, রাতে নির্মাণকাজ সম্পাদন, দিনের শুরুতে জনচলাচলের পথ পরিষ্কার রাখতে নির্মাণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাধ্য করা। এ জন্য সিটি করপোরেশন সবার জন্য অবশ্যপালনীয় নীতিমালা প্রণয়ন এবং তা মেনে চলতে বাধ্য করতে পারে। নীতিমালা ভঙ্গকারীকে এমনভাবে জরিমানা করা, যাতে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে দ্বিতীয়বার আইন ভাঙা থেকে বিরত থাকে। তৃতীয়ত, সিটি করপোরেশনকে রাস্তায় রুটিনমাফিক ঝাড়ু দেওয়া ও পানি ছিটানোর উদ্যোগ নিতে হবে। কিন্তু অধিকাংশ জলাশয় বেদখল হওয়ায় পানির উৎস কমে গেছে। অধিকন্তু ঢাকার লেক ও আশপাশে খাল-নদীতে যে পরিমাণ পানি আছে, তা বাসাবাড়ি ও কলকারখানার বর্জ্য মিশ্রণের কারণে মারাত্মকভাবে দূষিত, যা রাস্তায় ছিটানোর অনুপযুক্ত। বর্ষার পানি ধরে রাখার লক্ষ্যে দখলকৃত খাল পুনরুদ্ধার ও পানিকে দূষণমুক্ত রাখার প্রতি উদ্যোগী হতে হবে। নদী ও খাল পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী ও উচ্চ আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। চতুর্থত, পরিবেশ বিষয়ে নগরবাসীকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। প্রচারপত্র বিলি, র‍্যালি, ওয়ার্ড সভা, নাটিকা প্রভৃতির মাধ্যমে নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলতে এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতন করতে হবে। ২০০৭-১১ সালে জাপানের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় ওয়ার্ডভিত্তিক সচেতনতা কার্যক্রম চালানো হয়; ফলে পুরান ঢাকার একটি ওয়ার্ডে রাস্তার পাশের দোকানিরা রাতে দোকানপাট ঝাড়ু দিয়ে ময়লা পলিথিনে জমা করে দোকানের বাইরে রেখে দেন, যা সকালে পরিচ্ছন্নতাকর্মীরা নিয়ে যান। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকাবাসীকে অন্তর্ভুক্ত করে ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিতে হবে।

বিশেষজ্ঞের মতামত, জনগণকে সম্পৃক্ত করে সুপারিশমালা বাস্তবায়ন শুরু করলে আমরা নিজেরা একটু ভালো থাকতে ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নগর রেখে যেতে পারব। ব্যাপক প্রচারণা ও সচেতনতার পরিপ্রেক্ষিতে সরকার ২০০৩ থেকে ঢাকার রাস্তায় টু-স্ট্রোক ইঞ্জিনচালিত যানবাহন নিষিদ্ধ করে সিএনজি প্রবর্তন করে। এতে ঢাকায় বায়ুদূষণ প্রায় ৩০-৪০ শতাংশ কমে যায়। এখন আমাদের লড়তে হবে ধুলাবালুমুক্ত, পরিচ্ছন্ন ঢাকার জন্য।

মোহাম্মদ সিরাজুল ইসলাম: নগরবিষয়ক গবেষক ও জ্যেষ্ঠ গবেষণা সহযোগী, বিআইজিডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
[email protected]