১৭ কোটি মানুষের একমাত্র নগর আমাদের প্রিয় ঢাকা এখন পৃথিবীর বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর একটি। এ রকম রটনার পেছনে আমাদের ছোট করার কোনো ষড়যন্ত্র নেই তো? মন্ত্রীদের কি এখনো সে রকমই ধারণা? এখানে নাকি যেকোনো সময় যেকোনো বিপদ যে কারও হতে পারে। যে শিশুটি কেবল মা-বাবার দিকে তাকিয়ে হাসতে শিখেছে, আলতো করে মায়ের শেখানো বুলিগুলোতে ভর করে বা বা বলছে, সে-ও নিরাপদ নয়। অন্য চালককে না দিয়ে যে গাড়িচালক নিজেই নিজের বাসটা চালিয়ে বাসমালিক হওয়ার স্বপ্ন বুনছিলেন, তিনি স্টিয়ারিংয়ে বসে কোনো কিছু ঠাওর করার আগেই মরে যেতে পারেন এই শহরে। গাজীপুরে অপেক্ষায় থাকা আট বছরের কন্যার অপেক্ষার আর শেষ হবে না।
গত বছর সেপ্টেম্বর মাসে মসজিদে নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেননি ৪০ জন মুসল্লি। ঢাকার কাছেই ফতুল্লার মসজিদের সেই ঘটনা গ্যাস বিস্ফোরণেই ঘটেছিল। যেমন ঘটেছে মগবাজারে ২৭ জুন সন্ধ্যায়। তার আগে ফেব্রুয়ারি ২০১৯ ঢাকার চকবাজারে বিয়ের বাজার করতে গিয়ে এখনো নিখোঁজ দুই বন্ধু। গ্যাসের আগুনে মুহূর্তে তাঁরা কয়লা হয়ে গেছেন। শনাক্ত ৮১ জনের মধ্যে তাঁরা নেই। নিমতলীর ১২৪ জনের কথা এখন আর কেউ বলে না।
ঘটনাস্থল
মগবাজার থেকে ওয়্যারলেস গেট যাওয়ার পথে বিশাল সেন্টার ও আড়ংয়ের শোরুমের উল্টো দিকে ৭৯ নম্বর সার্কুলার রোডে এই রাখী ভিলার অবস্থান। মগবাজার ফ্লাইওভারের একটি অংশ সেখানে ঢালু বেয়ে নিচে নেমে গেছে। এটাই ছিল বিস্ফোরণের এপিসেন্টার। বিস্ফোরণে একটা তিনতলা ভবনের নিচতলার অধিকাংশ উড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে ভবনের সামনের তিনটি যাত্রীবাহী বাস। ভবনের প্রায় আট মিটার দূরে একটা লোহার দরজা ভয়াবহতার সাক্ষী হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। উড়ালসেতুর দিকে উড়ে গেছে মগবাজার ৭৯ আউটার সার্কুলার রোডের ‘রাখী নীড় প্লাজার’ নামফলক। লাব্বাইক পরিবহনের একটি বাস ভবন থেকে প্রায় ৩০ মিটার দূরে উড়ালসেতুর ওপর দুমড়েমুচড়ে থেমে গেছে। ভবনের ভেতর থেকে ছিটকে আসা এক জেনারেটর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভবন ও বাসের ভাঙা কাচের টুকরা। কথিত ভবন থেকে কমপক্ষে ৫০ মিটার দূরে আড়ংয়ের সামনের দিকের সব কাচ এখন রাস্তায়। শুধু সেটিই নয়, আশপাশের প্রায় দেড় শ মিটার পর্যন্ত বিভিন্ন ইমারতের জানালার কাচ ভেঙে রাস্তায় পড়েছে।
কতজন নিহত হয়েছেন
স্বাভাবিক নিয়মে মৃত্যুর তথ্য নিয়ে ভিন্ন বয়ান আছে এবারও। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ধারণা, মারা গেছেন তিনজন। এটা অবশ্য ২৭ তারিখ রাতের কথা। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন সাতজনের কথা।
কারণটা কী হতে পারে
আওয়াজ শুনে আশপাশের অনেকেই ভেবেছিলেন নাশকতা নয়তো? সবার মনেই একটি প্রশ্ন, এত বিকট শব্দে বিস্ফোরণের কারণ কী? কী বিস্ফোরিত হয়েছে? জেনারেটর, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র বা এসি, বেঙ্গল মিটের চিলার রুমের কমপ্রেসর, বৈদ্যুতিক ট্রান্সমিটার নাকি শরমা হাউস বা কোনো গাড়ির গ্যাস সিলিন্ডার? ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বেঙ্গল মিটে একটি বড় চিলার রুম (খাদ্যপণ্য ঠান্ডা রাখার কক্ষ) রয়েছে। সেই চিলার রুমের তাপমাত্রা অনেক কম রাখা হয়। সেটির জন্য হাই ভোল্টেজ কমপ্রেসর ব্যবহার করা হয়। কোনো কারণে এই কমপ্রেসর বিস্ফোরিত হতে পারে। এ ছাড়া শরমা হাউসের নিজেদের ব্যবহারের জন্য যেসব সিলিন্ডার ব্যবহার করা হয়, সেগুলোও বিস্ফোরিত হতে পারে।
এসব প্রশ্নের সুনির্দিষ্ট জবাব নেই কারও কাছে। ফায়ার সার্ভিস, পুলিশ, সিআইডি, বম্ব ডিসপোজাল ইউনিট—কেউ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে নাশকতা মনে করছে না পুলিশ। এ ধরনের ঘটনা আগেও অনেক ঘটেছে। শনির আখড়ায়, নারায়ণগঞ্জে এবং চট্টগ্রামে ঘটেছে এমন ঘটনা। তবে তদন্ত না করে তারা শেষ কথা কেউ বলতে চায় না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, ভবনের কোথাও গ্যাস জমে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ-চট্টগ্রামের অভিজ্ঞতা সে রকমই ইঙ্গিত করে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এ বিস্ফোরণ হয়েছে, তা খুঁজে বের করবে কমিটি। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও একটা তদন্ত কমিটি হবে। তারাও তাদের মতো করে কারণ অনুসন্ধানে নামবে। পুলিশপ্রধান বলেছেন, ‘আমরা চাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।’ তিতাস কর্তৃপক্ষও তদন্তে নামবে। তারা ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে।
খোলা দিলে তদন্ত হোক
কোনো কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যেই বলা শুরু করেছে, ‘আমাদের গ্যাসে হয়নি, অমুকেরটায় হতে পারে।’ তিতাস গ্যাস তদন্ত শুরু করার আগেই সরাসরি গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের বিষয়টি নাকচ করে দিয়েছে। তারা বলছে, শরমা হাউসে দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রাথমিকভাবে আমরা সেখানে যে গ্যাসের লাইন পেয়েছি, সেটি খুবই ছোট। ৩ থেকে ৪ ইঞ্চি ডায়ামিটারের পাইপলাইন, যেটির চাপ মাত্র ২ পিএসআই। এতে খুব বেশি গ্যাস থাকার কথা নয়।’ কিন্তু ঘরের মধ্যে কোনো কারণে সামান্য লিকেজ থেকেও গ্যাস জমতে জমতে প্রাণঘাতী বিস্ফোরণ ঘটতে পারে বলে জানিয়েছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা।
তদন্ত কমিটিতে গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা, এমনকি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিনিধিদের রাখাটা জরুরি।
আতঙ্কের নাম এখন গ্যাস দুর্ঘটনা
দিন দিন গ্যাস দুর্ঘটনার হার বাড়ছে। মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে আস্থাহীনতা, ভয়। দেশে আছে ৪০ লাখের ওপর সিলিন্ডার আর পরীক্ষাকেন্দ্র আছে মাত্র ৬টি। গ্যাস-সংযোগ বন্ধ থাকায় এখন বহুতল ভবনগুলোর নিচে সিলিন্ডারগুলো এক জায়গায় জমা করে প্লাস্টিকের পাইপে সেই গ্যাস রান্নাঘরে নেওয়া হচ্ছে। এর চেয়ে বিপজ্জনক ব্যবস্থা আর কী হতে পারে?
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দেওয়া তথ্যে জানা যায়, ২০১৭ সালে চুলা থেকে সৃষ্ট কারণে অগ্নিদুর্ঘটনা ঘটেছে ২৩৮টি। আর এ সময় গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে ৫ হাজার ৬৫০টি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ২০১৮ সালে ঘটে ১০৩টি দুর্ঘটনা। এর মধ্যে গ্যাসলাইনের ছিদ্র থেকে ৫৫টি এবং এলপি গ্যাসের সিলিন্ডার থেকে ৪৮টি ঘটনা ঘটেছে। সে বছর ঘটনাস্থলেই মারা গেছে শিশুসহ ছয়জন। হাসপাতালে পাঠানো হয়েছে ৩১ জনকে। চিকিৎসাধীন অবস্থায় যাঁরা হাসপাতালে মারা গেছেন, তাঁদের হিসাব ফায়ার সার্ভিসের খাতায় নেই। বলা বাহুল্য, মানুষ না মরলে আমরা খুব কম খবরই জানতে পারি। আর বড় ঘটনার কোনো তদন্ত রিপোর্ট কি আমরা খোলাসা করে জানতে পারি, নাকি সব চলে যায় ধামার তলায়?
আমাদের বিশ্বাস, সবাই যদি চাই, ঢাকাসহ দেশটাকে নিরাপদ করা, বসবাসের উপযোগী করা এখনো নিশ্চয়ই সম্ভব। প্রাকৃতিকভাবেই চারদিকে নদী দিয়ে ঘেরা ঢাকা হতে পারে পৃথিবীর বসবাসের সবচেয়ে উপযোগী শহর। কয়েক বছর আগের একটা বৈজ্ঞানিক গবেষণা সে কথাই বলেছিল। কিন্তু শহরটাকে, দেশটাকে আগে নিজের ভাবতে হবে। আমলা-মন্ত্রী সবাইকে।
● গওহার নঈম ওয়ারা লেখক ও গবেষক