
ঢাকা চলছে না। শ্রাবণের বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, বৃষ্টি কমলে তা থেকে নাহয় মুক্তি মিলবে, কিন্তু শহরটি আরও অচল হওয়ার দিকেই এগোবে। যানবাহনের গতি ঢাকায় বছর বছর কমছে। ২০০৪ সালে ঢাকায় যানবাহনের গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। এখন ঢাকায় এক ঘণ্টায় আপনি গড়ে ৭ কিলোমিটার যেতে পারবেন। কোনো সভা-সমাবেশ বা বিমানবন্দরে কাউকে ‘সংবর্ধনা’ দেওয়া হলে সেদিন অবশ্য এই গড় খাটবে না। মানুষের হাঁটার গতি ঘণ্টায় ৫ কিলোমিটার। আমাদের যানবাহনের গতি প্রায় এর কাছাকাছি চলে এসেছে। সামনে ২০২৫ সালে নাকি তা কমে ৪ কিলোমিটার হবে। মানে হাঁটার গতির চেয়েও কম। ঢাকা নিয়ে বিশ্বব্যাংকের উদ্যোগে গত বুধবার ঢাকায় যে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, সেখানে এসব তথ্য তুলে ধরে নানা আলোচনা হয়েছে।
এগুলো গবেষণার তথ্য। কিন্তু আমরা যারা ঢাকায় থাকি এবং ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাই, তারা প্রতিদিনের অভিজ্ঞতা থেকেই টের পাচ্ছি যে শহরটি কোন দিকে যাচ্ছে! অথবা আমাদের সামনে কী অপেক্ষা করছে। আমরা বুঝতে পারছি যে রাস্তা বাড়ানোর সুযোগ এই শহরে দিনে দিনে কমে আসছে, কিন্তু যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। আমরা ব্যক্তিগত বাহনের দিকে ঝুঁকছি। সাদাচোখেই দেখা যাচ্ছে সবকিছু নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। ট্রাফিক ব্যবস্থাপনা ধসে পড়ছে। আমরা বছর পাঁচেক আগে যে সিগন্যালে ১০ মিনিট আটকে থাকতাম, এখন সেখানে ২৫-৩০ মিনিট আটকে থাকি। সামনে যে তা এক ঘণ্টায় গিয়ে ঠেকবে, তা বুঝতে আমাদের গবেষক হওয়ার নেই।
অথচ এই গত কয়েক বছরে ঢাকায় বেশ কটি ফ্লাইওভার হয়েছে। হাতিরঝিলের মতো প্রকল্প চালু হয়েছে। বোঝা যায়, যা হয়েছে তা চাহিদা বা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়, অথবা যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তা খুব কাজের কিছু নয়। আরও অনেক প্রকল্পের কথা শোনা যাচ্ছে, সেগুলো কি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট? অথবা এগুলো কি কার্যকর কিছু হবে? সময় ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চললে তো পরিস্থিতি দিনে দিনে খারাপ হওয়ার কথা নয়। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ঢাকার জনসংখ্যা এখন ১ কোটি ৮০ লাখ। হিসাবনিকাশ বলছে, ২০৩৫ সালে তা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। সাড়ে ৩ কোটি জনসংখ্যার শহরে পরিণত হবে ঢাকা। আগামী ১৮ বছরে যদি ঢাকার জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায়, তাহলে ঢাকার অবস্থা কী দাঁড়াবে?
ঢাকা নিয়ে যে সম্মেলন হয়ে গেল, তা অবশ্যই ঢাকাবাসীর মধ্যে ভীতি বা হতাশা ছড়ানোর জন্য হয়নি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে না পারলে সমস্যা সমাধানের মরিয়া উদ্যোগ নেওয়ার অবস্থাও অনেক সময় তৈরি হয় না। এই সম্মেলনে সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা হয়েছে, কোথায় আশা আছে সেই সব দিক আলোচিত হয়েছে। অনেক প্রস্তাব ও পরামর্শ পাওয়া গেছে। এখন ঢাকার যে দশা, বিশ্বের আরও অনেক শহর এমন অবস্থার মধ্য দিয়ে গেছে। অনেক শহরকেই জনসংখ্যার চাপ ও পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠার ঝক্কি সামাল দিতে হয়েছে। পরিকল্পিত রূপান্তরের মাধ্যমে অনেক শহরকে বদলে ফেলা হয়েছে। আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এমন অনেক মডেল আমাদের সামনে রয়েছে। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে শহরগুলোকে যে সমাধানের পথ খুঁজতে হয়েছে, সেই পরিশ্রমটি আমাদের করতে হচ্ছে না। সেই সব মডেল ও অভিজ্ঞতার সঙ্গে নিজেদের বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাধানের পথ খোঁজা কঠিন কিছু নয়।
ঢাকা নিয়ে বিশ্বব্যাংকের এই সম্মেলনে এসেছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ও যানজটে প্রায় অচল হয়ে পড়া দিল্লির পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হয়েছে, সেই অভিজ্ঞতা তিনি জানিয়েছেন। চীনের সাংহাই নগরের সাবেক মেয়রের ভিডিও বার্তা সম্মেলনে দেখানো হয়েছে। এসেছিলেন সেই নগর রূপান্তরের পরিকল্পনাবিদ ঝু রু লিন। তিনি বলেছেন, সাংহাইও নব্বইয়ের দশকে ঢাকার মতো ছিল। সেখানকার পুডং অঞ্চলকে কীভাবে বদলে দেওয়া গেছে, সেই কাহিনি তিনি শুনিয়েছেন। এ জন্য কোন কোন উৎস থেকে খরচ জোগাড় করা হয়েছে, সেই অভিজ্ঞতাও তিনি ভাগাভাগি করেছেন।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা ঢাকার সম্ভাবনা নিয়ে প্রবন্ধ পড়েছেন। বলেছেন, ঢাকার পূর্বাঞ্চলকে ব্যবহার করে শহরটির ভূমির সংকট মেটানো সম্ভব। ওই এলাকাগুলো এখনো গ্রামীণ অবস্থায় রয়ে গেছে। তবে কিছু করলে দ্রুতই করতে হবে। তা না হলে ওই অঞ্চলটিও অপরিকল্পিতভাবে গড়ে উঠবে এবং তখন তাকে ঠিক করা কঠিন হবে। ঢাকার এই পূর্ব অংশে কী কী করা যেতে পারে বা এর চেহারা কী দাঁড়াতে পারে, তার কয়েকটি মডেলও সম্মেলনে দেখিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্থনি ভেনাবলস।
সামনের ১৮ বছরে জনসংখ্যা দ্বিগুণ হলে ঢাকার অবস্থা কী হবে তা ভেবে আমরা যেমন আঁতকে উঠতে পারি, তেমনি শহরটি নিয়ে স্বপ্নও দেখতে পারি। কিন্তু এখন ঢাকার যে অবস্থা তাতে এই শহরটি নিয়ে স্বপ্ন দেখতে হলে আমাদের কত দ্রুত কত কিছুই না করতে হবে! এর আগে লাগবে একটি পুরো পরিকল্পনা। এখানেই আমাদের স্বপ্ন দেখা আবার হোঁচট খায়। অভিজ্ঞতা আমাদের খুব আশাবাদী হতে দেয় না।
বিশ্বব্যাংকের সম্মেলনে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা ঢাকার পূর্বাঞ্চলের যে সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে, এগুলো কি নতুন কিছু? ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি) বা ২০১০ সালের জাইকার ‘ঢাকা আরবান স্টাডি’—সবখানেই এসব বিষয় রয়েছে। ঢাকার পরিবহনব্যবস্থা নিয়ে সামগ্রিক পরিকল্পনা ও পরামর্শও রয়েছে। নগরের পরিবহনব্যবস্থাকে গণপরিবহনভিত্তিক করার কথা বলা আছে। পূর্বাঞ্চলকে কাজে লাগানোর কথা বলা আছে। বিভিন্ন মেয়াদে সেগুলো বাস্তবায়নের কথা ছিল। তার হাল কী?
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিবহন বিশেষজ্ঞ শামছুল হকের কাছ থেকে জানলাম, একটি বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) রুট করতে ৯ মাস থেকে দেড় বছরের বেশি লাগার কথা নয়। অথচ ২০১০ সালে নেওয়া বিআরটি প্রকল্প পুরো বাস্তবায়ন তো দূরে থাক, কার্যত পরিত্যক্তই হতে বসেছে। বিমানবন্দর থেকে সদরঘাট পর্যন্ত যে রুটটি হওয়ার কথা ছিল, তাকে ছেঁটে ফেলা হয়েছে। সেই রুটটি এখন গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এসেই শেষ হয়ে যাচ্ছে। ঢাকার পরিবহনব্যবস্থার মূল সমস্যা যে গণপরিবহনের অভাব ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত ব্যবহার, তা তো জানা বিষয়। তারপরও বিআরটির মতো গণপরিবহনব্যবস্থা নিয়ে আমাদের এত অনীহা কেন? সদরঘাট পর্যন্ত এই রুটটিকে এখন আর নেওয়ার সুযোগ নেই। কারণ, এই রুটের মাঝে মগবাজার-মৌচাক ফ্লাইওভার তৈরির প্রকল্প নেওয়া হয়েছে এবং কাজ প্রায় শেষ হওয়ার পথে। এখন এই পথে আর বিআরটি করার সুযোগ নেই। যখন মগবাজার-মৌচাক ফ্লাইওভার বানানোর সিদ্ধান্ত হয়, তখন কারও বিবেচনায় ছিল না যে এই পথে বিআরটি যাবে। এখন বিআরটি বাদ। সমন্বয়হীনতা কাকে বলে!
ঢাকা শহর নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে প্রকল্প বানায় এবং তা পাসও হয়। সেগুলো নিজেদের মতো করে বাস্তবায়নও করে ফেলে। পুরো নগর ও পরিবহন পরিকল্পনার সঙ্গে তা মিলছে কি না বা একটি আরেকটির জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কি না, তা বিবেচনায় নেওয়ার কেউ নেই। ঢাকা নগরের কোনো ‘উন্নয়ন’ প্রকল্পে কাজ করছে স্থানীয় সরকার বিভাগ, কোনোটি বাস্তবায়ন করছে রাজউক, কোনোটি সড়ক ও জনপথ। সত্যিই এক অদ্ভুত পরিস্থিতি।
বিশ্বব্যাংকের সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী ‘ঢাকাকে বদলাতে প্রতিশ্রুতি’ নিয়ে হাজির হয়েছিলেন। বলেছেন, মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি), বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ দ্রুতগতিতে চলছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত ও খনন করে চক্রাকার নৌপথ চালুর চেষ্টা হচ্ছে। বিআরটি কোন দশার মধ্যে আছে তা আগেই উল্লেখ করেছি। এমআরটির একটি রুটের কাজ চলছে। সেই রুটেও এত বাঁক রয়েছে যে যতটা দ্রুতগতিতে মেট্রোরেলের চলার কথা তা হয়তো সম্ভব হবে না। তবে যে প্রকল্পগুলোর কাজ চলছে, সেখানে কার্যকর গণপরিবহন হিসেবে এটাকেই সবচেয়ে ফলদায়ক হিসেবে বিবেচনা করা যায়। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে শেষ পর্যন্ত হবে, সেই ভরসা পাওয়া যাচ্ছে না। শুরুতে এই প্রকল্পের যে নকশা ছিল তাতে দফায় দফায় পরিবর্তন আনা হয়েছে অন্য নানা প্রকল্পের সমস্যা দূর করতে। এত কাটছাঁটের ফলে পিপিপির এই প্রকল্পের খরচ ওঠানো যাবে কি না, সেই সন্দেহ দেখা দিয়েছে। এত সমন্বয়হীনতার মধ্যে ঢাকাকে নিয়ে আমরা আসলে কত দূর স্বপ্ন দেখতে পারি?
বলা হয় যেকোনো সমস্যা সমাধানের অর্ধেক পথ এগোনো যায়, যদি সমস্যাগুলো কী তা জানা যায়। ঢাকার সমস্যাগুলো চিহ্নিত। বিভিন্ন সমীক্ষায় সমাধানের পথ দেখানো আছে। দরকার সুপারিশগুলোর সমন্বয় করে একটি সামগ্রিক পরিকল্পনা হাতে নেওয়া এবং তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা। এ ধরনের একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে যত দেরি হবে, ঢাকাকে রূপান্তরের চেষ্টা ততই কঠিন হতে থাকবে। আর পরিকল্পনা বাস্তবায়নে দরকার একটি শক্তিশালী কর্তৃপক্ষ। ঢাকার জন্য এ রকম একটি কর্তৃপক্ষ গঠন যে জরুরি, তা বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই বলে আসছেন। বাংলাদেশে এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনো কিছুতেই নড়াচড়া হয় না। আর এটাতে অনেক বড় বিষয়। ঢাকা নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ আশা করা ছাড়া তো আর কোনো পথ দেখা যাচ্ছে না। যে শহরটি আগামী ১৮ বছরের মধ্যে সাড়ে তিন কোটি নাগরিকের শহরে পরিণত হতে যাচ্ছে, তাকে সচল ও বাসযোগ্য রাখতে হলে আর এক দিনও দেরি করার সুযোগ নেই।
ঢাকা শহর নিয়ে নাগরিকদের বিরক্তি ও হতাশা চরমে পৌঁছেছে। এত দিন যেভাবে ঢাকার ‘উন্নয়ন’ হয়েছে, বিচ্ছিন্ন ও খাপছাড়া প্রকল্প নেওয়া হয়েছে, সেভাবে যে ঢাকাকে বাঁচানো যাবে না, সেই সত্যটি মেনে নিতে হবে। পুরো ঢাকার জন্য একটি সমন্বিত পরিকল্পনার বাইরে আর একটিও বিচ্ছিন্ন প্রকল্প যেন নেওয়া না হয়। বিশ্বব্যাংকের এই সম্মেলন একটি ধাক্কা হিসেবে কাজ করুক। তা না হলে এই হতাশ পরিস্থিতিতে যে আশার কথা শোনা যাচ্ছে, সেখানে আবার চরম হতাশাই জেঁকে বসবে।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।