ঢাকা-মস্কো তফাত মেট্রোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো লেনিন, স্তালিন, ট্রটস্কি ও তলস্তয়দের শহর মস্কোয় এসেছি। উগ্রপন্থার বিরুদ্ধে মুসলিম দেশের সাংবাদিক শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মস্কো পৌঁছাই ১৯ এপ্রিলের সন্ধ্যায়। এয়ারপোর্ট থেকে ছাড়া পেতে এক ঘণ্টার বেশি কেটে যায়। রাত নয়টার দিকে আমি, আলবেনিয়া ও তুরস্কের সাংবাদিক বন্ধুকে বহনকারী গাড়ি যখন রাষ্ট্রীয় অতিথিশালা প্রেসিডেন্ট হোটেলে পৌঁছাল, তখন নজরে পড়েছিল ট্রাফিক জ্যাম।

কিন্তু পরদিন বিকেলে যে রাজপথে ঢাকাই বিস্ময় অপেক্ষা করবে, তা কল্পনা করতে পারিনি। প্রেসিডেন্ট হোটেল থেকে ক্রেমলিন, যেটি সর্বোচ্চÿক্ষমতাধর রুশ প্রেসিডেন্টের প্রশাসনিক সচিবালয়, মানে রাশিয়ার হোয়াইট হাউস, সেটি শহরের প্রাণকেন্দ্র অবস্থিত। এর কাছাকাছি সুরম্য অট্টালিকাগুলোয় শীর্ষ গোয়েন্দা সংস্থা কেজিবিসহ নানা গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কাজ চলে। প্রেসিডেন্ট হোটেল থেকে ক্রেমলিনের দূরত্ব দুই কিলোমিটারের বেশি নয়। ২০ থেকে ২৫ মিনিটের রাস্তা। ভাবলাম, প্রথম দিনের সম্মেলনের খবর ক্রেমলিন থেকে ফিরে লিখব। ঢাকার চেয়ে মস্কো তিন ঘণ্টা পিছিয়ে। যাওয়ার সময়ে যদিও ৩০ মিনিটে পার হলাম। কিন্তু ফেরার সময় কেটে গেল এক ঘণ্টা। যত দূর চোখ গেল সারি সারি গাড়ি আর গাড়ি। মনে হলো ঢাকায় আছি।
জনসংখ্যায় মস্কো ইউরোপের দ্বিতীয় বৃহত্তম (ইস্তাম্বুলের পরই), শহরটিতে অনেক গাছপালা ও পার্ক আছে। কিন্তু এখন দৈন্যই চোখে পড়ে। এই শহর সবুজ হয়ে উঠবে মে মাসের শেষে। মাঝেমধ্যে তুষারপাত ও বৃষ্টিও চলছে। ঢাকার মতো ‘আমাদের ছোট নদী’ এখানে বাঁকে বাঁকে চলে না। পয়োনিষ্কাশনব্যবস্থা ভালো। পরিকল্পিত নগরায়ণের মৌলিক শর্ত তাদের পূরণ করা আছে বৈকি। যদিও কিছু জায়গায় পানি যে জমেই না, তাও নয়।
বড় রাস্তাগুলো তিন বা চার লেনের। প্রেসিডেন্ট পুতিন, তাঁর মন্ত্রী বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা যখন চলাচল করেন, তখন প্রটোকল তো থাকেই, কিন্তু সেটা আমাদের চোখ যতটা ধাঁধিয়ে দেয়, তেমনটা তো একেবারেই নয়। রুচি ও সংস্কৃতিতে সর্বত্র ইউরোপের ছাপটাই বেশি। রাস্তা পরিষ্কার করে চলাচল চোখে না পড়লেও আইন হলো, যেসব প্রধান সড়কের চার বা তিন লেন আছে, তার মধ্যে বাঁয়েরটি দিয়ে ভিআইপির চলাচল করবেন।
মস্কোর জীবনযাপনে শান্ত¯ও স্বস্তি দিনে দিনে ফেরার হতে চলেছে, কিছু জরিপ ও সমীক্ষা তেমন ইঙ্গিতই দিয়ে চলছে। ২০১১ সালের এক জরিপে দেখা গেছে, জীবনযাপনের মান বিবেচনায় ২২১-এর মধ্যে তার র‍্যাঙ্কিং ১৬৬। মানুষ, গাড়ি ও দালানকোঠা বাড়ছেই। আর তা সামাল দিতে মস্কোর আশপাশের এলাকাকে একীভূত করে চলেছে। এক হাজার কিলোমিটারের প্রাচীন রাজধানী এখন আয়তনে আড়াই হাজার ছুঁই ছুঁই।
আমাদের চিকিৎসকেরা গ্রামে যান না, সেটা কেবল তাঁদেরই দোষ নয়, বরিশালে বিআইডব্লিউটিএর দপ্তরকে সচল করা যায়নি। আরও বহু পেশার মানুষ ঢাকা ভালোবাসেন, ছেলেমেয়েদের পড়াশোনা, স্বাস্থ্যসুবিধা ইত্যাদি কারণে সবাই রাজধানীতে আঠার মতো লেগে থাকেন। এই প্রবণতা থেকে রুশরা যে একেবারে মুক্ত, তা নয়। আর তাই রাজনৈতিক উচ্চপর্যায় থেকে একটা বিকেন্দ্রীকরণের সংস্কৃতি চালু করছেন পুতিন।
আমাদের নেতারা নাটোরের বনলতা সেনের দিকে একেবারে নজর দেননি, তা বলা যাবে না। নাটোরের রাজবাড়িতে ইতিহাসে সম্ভবত একবারই মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, তারপর নৈবনৈবচ। পুতিন ইদানীং সুযোগ পেলেই আন্তপ্রদেশ বা আন্তমন্ত্রণালয় বৈঠকগুলো মস্কোর বাইরে করেন।
ফিন উপসাগরের কোল ঘেঁষে অবস্থিত রাশিয়ার উত্তরের রাজধানীখ্যাত সেন্ট পিটার্সবার্গ, যা এককালে লেনিনগ্রাদ হিসেবে পরিচিত ছিল। সেখানে প্রতিবছর নিয়মিতভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন হয়। সেখানে বিশ্বের নামীদামি অর্থনীতিবিদ থেকে রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেন। সেন্ট পিটার্সবার্গ মস্কো থেকে এক্সপ্রেস ট্রেনে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। সাধারণ ট্রেনে রাতে উঠলে সকালে নামা যায়।
পুতিনের অবকাশযাপনকেন্দ্র হলো মস্কো থেকে প্রায় ১ হাজার ৬২০ কিলোমিটার দূরের কৃষ্ণসাগরের তীরবর্তী সোচি শহর, সেখানেও মন্ত্রিসভার বা জরুরি সভাগুলো হয়ে থাকে। কোনো সন্দেহ নেই এসব পদক্ষেপের ফলে মানুষের মনস্তত্ত্বে বিকেন্দ্রীকরণের অনুকূলে সুদূরপ্রসারী প্রভাব পড়ছে। আর সেটাই সবচেয়ে জরুরি।
মস্কোর যানজট তাকে ইউরোপের নিকৃষ্ট ট্রাফিকের শহরে পরিণত করেছে। সকালের জরুরি সময়ে তার ট্রাফিক ১০৬ ভাগ আর সন্ধ্যায় তাতে আরও ৩২ ভাগ যুক্ত হয়। সেখানে একজন চালক বছরে ১২৭ ঘণ্টা অপচয় করেন। মস্কোর মেয়র তাই প্রতিনিয়ত নগরীর নকশা পরিবর্তনে নানা উদ্ভাবনী চিন্তাভাবনা করছেন। তিনি সম্প্রতি যানজট কমানোর উপায় বাতলানোসংবলিত নকশা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। কিন্তু এসবে অবস্থার খুব পরিবর্তন চোখে পড়ছে না।
কথা হলো ভ্লাদিমিরের সঙ্গে, যিনি চিকিৎসার ডিগ্রি নিয়েও চিকিৎসক হননি। সারা জীবন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের তদারকিতে নিজেকে উৎসর্গ করেছেন, বাংলাদেশের নাড়িনক্ষত্রের খবর রাখেন, বহুবার সফরও করেছেন। তাঁর মতে, ইদানীং যানজটের কিছুটা উন্নতি ঘটেছে। আগে আরও খারাপ ছিল।
রাস্তার মোড়ে মোড়ে পুলিশ কমিয়ে ক্যামেরা বাড়ানো হয়েছে। সেখানে মোবাইল অ্যাপসকেও যুক্ত করা হয়েছে। পুলিশ ঘুষ নেয় না, তা নয়। কিন্তু ঘুষের সুযোগ বন্ধ করা হয়েছে। পার্কিং বারণ যেখানে, সেখানে কেউ পার্ক করলে কেউ তাকে কিছু বলবে না। সুতরাং ধরাধরি, তদবির বা ঘুষ দিয়ে ছাড় পাওয়ার কোনো প্রশ্ন নেই। বাসার ঠিকানায় জরিমানার সমন যাবে। ছবিসহ অপরাধ করার আলামতও পাবেন। আর সুবোধ বালকের মতো জরিমানার টাকাটা জমা দেবেন। রাস্তায় লাল-সবুজ বাতির শাসন চলছে, পুলিশ উধাও!
তবে ঢাকার সঙ্গে মস্কোর যে তফাতটা সবচেয়ে লক্ষণীয়, তা হলো ঢাকা ও মস্কো ওপরের রাস্তা এক হলেও নিচে তো তা হওয়ার প্রশ্ন নেই। কারণ, ঢাকার নিচে মস্কোর মতো মেট্রোরেল নেই। ১৯৩৫ সালে মাত্র ১১ কিলোমিটার দিয়ে সোভিয়েতের প্রথম পাতালরেল চালু হয়েছিল। মাটির অনেক গভীরে। নিচে নামতে গিয়ে নিচের দিকে তাকাই না ভয়ে। কোথাও কোথাও খাঁড়া তীরের মতো নেমে গেছে। গাড়িওয়ালারা গাড়ি বের করে রাস্তার বারোটা যতই বাজান, আমজনতা সব অবস্থায় থেকে যাচ্ছে অপ্রতিরোধ্য। অন্তত যানজট তাদের জীবনকে ছারখার করতে পারছে না।
চমৎকার ব্যবস্থাপনা। পুরো ইউরোপে মস্কোর পাতালরেলই সেরা। পরিষ্কার-পরিচ্ছন্ন, চোখ জুড়িয়ে যায়। মহাকাশের প্রথম মানব ইউরি গ্যাগারিনের নতুন ছবি রেলের গায়ে লেগেছে। সম্প্রতি উদ্‌যাপিত তাঁর মহাকাশগমনের ৫৫ বার্ষিকীতে।
এক সপ্তাহের একটি পাস কিনেছি ৮০০ রুবলে। বাংলাদেশি টাকায় ৯১৯ টাকা। প্রতি ৩০ সেকেন্ড থেকে এক মিনিট পরপর ট্রেন। এই টিকিট দিনে-রাতে যত খুশিবার ব্যবহার করা যাবে। ভিড় যথেষ্ট। কিন্তু তাতে কী। কর্মময় জীবনের দিকে সবাই ধাবমান।
তাই বলছি, মস্কো থেকেও রাস্তায় ঢাকা আর পাতালে মস্কোতেই আছি, সেই মস্কো যেখানে মানব-ইতিহাসের বিপ্লব ঘটেছিল। দুনিয়া কেঁপেছিল।