ঢাকার অভিজাত এলাকা গুলশানে ১ জুলাইয়ের হামলা ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রামের ক্ষেত্রে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। জিম্মি ঘটনার অবসান ঘটাতে শেষমেশ যখন সেনা নামানো হলো, ততক্ষণে ২২ জন মানুষ মারা গেছেন, যাঁদের বেশির ভাগই ছিলেন বিদেশি নাগরিক।
জঙ্গি হামলা বাংলাদেশে নতুন কিছু নয়। কিন্তু ১৯৭৭ সালের ঢাকায় সেই জাপানি বিমান জিম্মি করার ঘটনার পর বাংলাদেশে এটিই প্রথম আন্তর্জাতিক জিম্মি সংকট। এই হামলার সঙ্গে ২০০৮ সালে মুম্বাইয়ে বহুমুখী হামলারও মিল রয়েছে। ১৯৭৭ সালে ঢাকায় জাপানি বিমান ছিনতাই করা হলে আন্তর্জাতিক জিম্মি সংকট সৃষ্টি হয়েছিল।
কথা হচ্ছে, ৪৫ বছর আগে স্বাধীনতা লাভ করার পর থেকেই বাংলাদেশে উদার ও ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে চরমপন্থী ও জাতীয়তাবাদী গোষ্ঠীর লড়াই চলে আসছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদ মোকাবিলা ও যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দেয়। সে লক্ষ্যে তারা ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন করে। একই সঙ্গে তারা সমাজ থেকে চরমপন্থা দূর করার নানা কর্মসূচি হাতে নেয় এবং জামায়াতে ইসলামী, হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ, জামাআতুল মুজাহিদীন ও আনসারুল্লাহ বাংলা টিমের মতো বিভিন্ন ইসলামি সংগঠনকে নজরদারির মধ্যে রাখে।
সবাই জানে, ইসলামিক স্টেট বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চায়। আবার এটাও সত্য, জেএমবি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। আইএসের সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে জানা যায়, আইএস ও ঢাকার হামলাকারীদের মধ্যে একধরনের যোগাযোগ আছে। তবে আইএসের কেন্দ্রীয় কমান্ড গুলশান হামলার সঙ্গে ঠিক কতটা যুক্ত, সেটা এখনো পরিষ্কার নয়। অর্থাৎ এ হামলাটি কি আইএস-অনুপ্রাণিত, নাকি আইএস-পরিকল্পিত, সেটাই প্রশ্ন।
সে কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু কিছু সন্দেহজনক নিবন্ধের সমালোচনা করা দরকার। ঢাকায় তদন্ত শুরু হওয়ার আগেই বা এমনকি কমান্ডো অভিযান শুরু হওয়ার আগেই বলা হয়েছে, এই হামলার সঙ্গে ‘আল-কায়েদা ও আইএসের’ হামলার মিল রয়েছে।
আবার অনেক বিশ্লেষক এমন সব অসমর্থিত দাবি করছেন যাতে বোঝা যায়, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তাঁদের ধারণা খুবই সামান্য। অর্থাৎ বাংলাদেশের চরমপন্থা ও জঙ্গিগোষ্ঠীগুলোর চ্যালেঞ্জ, এসব গোষ্ঠীর লক্ষ্য ও উদ্দেশ্য এবং তাদের স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠী সম্পর্কে তাঁরা খুব কমই অবগত। এটাও মনে রাখা দরকার, আইএস ও ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা উভয়েই এই হামলার দায় স্বীকার করেছে, যদিও তাদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ রয়েছে।
এমনকি কিছু গণমাধ্যম লাগাতার আইএসের কথা বলে গেলেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই দাবি অস্বীকার করেছেন। তিনি স্থানীয় জেএমবিকে এর জন্য দায়ী করেছেন। জেএমবি আহলে হাদিসের সঙ্গে জড়িত একটি জঙ্গিগোষ্ঠী, বাংলাদেশে যার জন্ম ১৯৯০-এর দশকের মধ্যভাগে। এই সংগঠনটি ইসলামি উম্মাহর কথা কখনো বলেনি, তারা বরং বাংলাদেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার কথা বলে। সেই ২০০০ সাল থেকে সংগঠনটি দেশে বেশ কিছু বোমা হামলার দায় স্বীকার করেছে, বিশেষ করে ২০০৫ সালে দেশে যে সিরিজ বোমা হামলা হয়েছিল, তার দায়ও স্বীকার করেছে তারা। তারা দেশের হিন্দু সম্প্রদায়, শিয়া মুসলমান, একাডেমিশিয়ান ও ধর্মনিরপেক্ষ মানুষদের টার্গেট করে হত্যা করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশে জেএমবির বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হলেও এ বছরের শুরুতে দেশের গোয়েন্দা সংস্থা সতর্ক করে দেয়, জেএমবি পুনর্গঠিত হচ্ছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে। গোয়েন্দারা জানিয়েছিল, জেএমবির বেশ কিছু স্লিপার সেল আছে, যেখানে ‘উচ্চশিক্ষিত প্রযুক্তি বিশেষজ্ঞরা’ আছেন, যে বর্ণনা ঢাকার কয়েকজন হামলাকারীর সঙ্গে মিলে যায়, ব্যাপারটা আতঙ্কজনক।
প্রতিষ্ঠার পর থেকেই জেএমবি পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী হুজি ও লস্কর-ই-তাইয়েবার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এই লস্কর বাংলাদেশ থেকে জেএমবির মাধ্যমে বহু মানুষকে পাকিস্তানে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছে। এমনকি ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে জেএমবির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বহিষ্কার করেছিল। সে বছরের নভেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেএমবির বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছিল।
কথা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মনিরপেক্ষ শক্তির ওপর লাগাতার হামলা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো উত্তর খুঁজে বেড়াচ্ছে। শোলাকিয়ায় হামলার পর একজন জঙ্গিকে জীবিত গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। কিন্তু সামনের দিনে বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক দীর্ঘ ও কঠিন সময় পার করতে হবে।
হলি আর্টিজান বেকারিতে যারা হামলা করল, তাদের উদ্দেশ্য ছিল নাগরিকদের মনে ভীতির সঞ্চার করা। একই সঙ্গে নাগরিক ও বিশ্ববাসীর মনে এই রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করা। হ্যাঁ, বটেই। এ রকম হামলা আবারও হলে দেশের অর্থনীতিতে যেমন প্রভাব পড়বে, তেমনি দেশে বিদেশি বিনিয়োগ আসার পরিমাণও কমে যাবে।
বাংলাদেশ আজ নিজেকে খুঁজে ফিরছে। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যান্য রাষ্ট্র সন্ত্রাস দমনে ঢাকার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যার মধ্যে থাকবে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্যবিনিময়।
অনুবাদ: প্রতীক বর্ধন, জাপান টাইমস থেকে নেওয়া।
রোহান জোশি: ভারতের তক্ষশিলা ইনস্টিটিউশনের একজন ফেলো।