২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের একটি জনসভায় বলেছিলেন, রংপুরে উন্নয়নের দায়িত্ব তাঁর নিজের। তিনি রংপুরকে বিভাগ ও সিটি করপোরেশনে উন্নীত করেছেন। কিন্তু রংপুরকে বিভাগ ও সিটি করপোরেশন করার কারণে যে উন্নয়নগুলো ভীষণ জরুরি, সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সদ্য ঘোষিত একটি সিটি করপোরেশন নোংরা শহরে, সন্ত্রাসের শহরে, যানজটের শহরে, চুরি-ছিনতাইয়ের শহরে পরিণত হচ্ছে।
রংপুর শহরে একটু বৃষ্টি হলেই অনেক স্থানে পানি জমে থাকে। ৪০ কোটি টাকা ব্যয়ে এক বছর আগে সংস্কার শেষ হওয়া শ্যামাসুন্দরী খালের জলে যে দুর্গন্ধ, তাতে করে তার পাশ দিয়ে হাঁটাও যায় না। সম্প্রতি একটি দাতা সংস্থার নগর পরিকল্পনা অনুষ্ঠানে মেয়র শরফুদ্দিন আহমদ ঝন্টু বলেন, ‘জলাবদ্ধতায় এক বছরের উন্নয়ন সব নষ্ট হয়ে গেছে। পানির নিচে অনেক দিন ডুবে থাকা রাস্তার পিচগুলো উঠে যায়। সিটি করপোরেশনের উদ্যোগে যে ড্রেন কিংবা সড়ক করব, তারও কোনো জায়গা নেই।’ এ অবস্থায় সরকারি কোনো বরাদ্দ না থাকলে নাগরিক সুবিধা নিশ্চিত করা সত্যিই কঠিন। নতুন সিটি করপোরেশন হিসেবে সরকারের যে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন ছিল, তা হয়নি।
শ্যামাসুন্দরী খাল, কেডি ক্যানেল, ঘাঘট নদ ও মরা ঘাঘট নদের পরিচর্যা করা প্রয়োজন। এগুলো হতে পারে শহরের শোভা বৃদ্ধির অন্যতম অনুষঙ্গ। রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৩৩টি উন্মুক্ত পরিসর করা যায়। এখনো প্রচুর খোলা জায়গা রয়েছে। ৩৩টি ওয়ার্ডে ৩৩টি বিস্তীর্ণ খেলার মাঠ করা প্রয়োজন। এই মাঠে একটি করে জলাধার থাকবে, শিশুদের বিনোদনকেন্দ্র থাকবে। পাশেই আবাসিক প্রকল্প গ্রহণ করে সেখানে যদি আবাসন গড়ে তোলা যায়, তাহলে নগরে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে উঠতে পারে। রংপুর শহরে সুপেয় পানি সাপ্লাইয়ের ব্যবস্থা নেই। সড়কবাতির অভাবে শহরের অধিকাংশ সড়ক অন্ধকারে থাকে।
রংপুর হতে পারত বাংলাদেশের একটি অনুসরণীয় শহর। তা না হয়ে ঢাকার মতো বসবাস অনুপযোগী শহরের পথেই হাঁটছে রংপুর
রংপুর শহরে আবাসিক এলাকার সড়কগুলো অনেক সরু। যদি এখনই এগুলো সম্প্রসারিত করা না যায়, তাহলে পরবর্তী সময়ে পুরান ঢাকার মতো হবে বর্তমান রংপুর। রংপুর যখন পৌর এলাকা ছিল, তখন এর আয়তন ছিল ৫২ বর্গকিলোমিটার, ওয়ার্ড ছিল ১৫টি। এখন ওয়ার্ড সংখ্যা ৩৩ এবং আয়তন ২০৭ বর্গকিলোমিটার। নতুন করে যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে এখনো বিদ্যুতায়ন হয়নি। এমনকি সড়কগুলো পর্যন্ত পাকা হয়নি। গত মাসে বাসদের আয়োজনে রংপুরের উন্নয়ন কী হয়েছে, কী হওয়া প্রয়োজন—এ রকম একটি সভায় পর্যাপ্ত উন্নয়ন না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই সভা থেকে উদ্যোগ নিয়ে রংপুর নাগরিক কমিটি গঠন করা হয়েছে। পাকা সড়ক নির্মাণ, বর্ধিত কর প্রত্যাহার, নতুন স্কুল প্রতিষ্ঠা, যত্রতত্র ব্যানার-সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ, চিত্তবিনোদন পার্ক নির্মাণসহ ১২ দফা দাবিতে নাগরিক কমিটি সংবাদ সম্মেলনও করেছে। নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী বলেন, ‘যে এলাকায় নাগরিক সুবিধা পৌঁছায়নি, সেখানেও ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা মোটেও উচিত হয়নি।’
রংপুর শহরের বর্জ্য ব্যবস্থাপনা খুবই নাজুক। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সিটি করপোরেশনের উদ্যোগ খুবই জরুরি। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ বলেন, ‘শহরে বিল্ডিং কোড না মেনে বিল্ডিং তৈরি করলেও জনবলের অভাবে বিল্ডিং ভাঙা যাচ্ছে না।’
রংপুরকে একটি পরিকল্পিত শহরে রূপ দেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থা সভা-সেমিনার করছে। এ প্রসঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ইদ্রিস আলী বলেন, ‘প্রস্তুতি গ্রহণের অনুষ্ঠানে এ পর্যন্ত যত টাকা চা খেতে শেষ হয়েছে, তত টাকা এখনো বরাদ্দ আসেনি।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক আক্তার মাহমুদ সম্প্রতি রংপুরে একটি অনুষ্ঠানে বলেন, ‘যেহেতু রংপুরে “রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ” হয়নি, তাই এখানকার নগরায়ণে সবাইকে আরও সজাগ থাকতে হবে।’
রংপুর শহর বর্তমানে হয়ে উঠেছে যানজটের শহর। প্রয়োজনের তুলনায় অটোরিকশা অনেক বেশি। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী রংপুর
শহরের চার লেনের সড়ক উদ্বোধন করেছেন। সেই চার লেনের সড়কের কাজ প্রায় চার বছরে শেষ হয়েছে। প্যানেল মেয়র গোলাম কবির কাজল বলেন, ‘কোটি কোটি টাকা ব্যয় করে অনেক ভবন ভেঙে সড়ক প্রশস্ত করা হলেও জনগণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে না।’ ফুটপাতের ওপর শুধু নয়, সড়কের বেশির ভাগ এলাকাজুড়ে ছোট ছোট দোকানে ভর্তি। একটি শহরের সৌন্দর্য বৃদ্ধি, নাগরিক সুবিধা শুধু সরকারই সৃষ্টি করবে না। জনগণেরও দায়িত্ব আছে। সড়কের ওপর অনেক বড় বড় ব্যবসায়ীরও দখলদারি রয়েছে। সড়কের ওপর অনেক হোটেলের চুলা জ্বলছে, অনেক বড় দোকানের মালামাল প্রদর্শনীর জন্যও ব্যবহৃত হচ্ছে প্রধান সড়ক।
রংপুর জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের মধ্যে কোনো সমন্বয় নেই। যদি মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হতো, তাহলে বিভাগীয় ও জেলা কর্মকর্তারা মেয়রের অধীনে যেতেন। তখন সিটি করপোরেশনের ভেতর একটি কমান্ড থাকত। এখন এই কর্তৃত্ব না থাকার কারণে জেলা প্রশাসন ইচ্ছেমতো নগরায়ণের কাজ করছে। ফলে যে মাস্টার প্ল্যানটি সিটি করপোরেশন তৈরি করেছে, তার কোনো বাস্তবায়ন নেই। অথচ রংপুর হতে পারত বাংলাদেশের একটি অনুসরণীয় শহর। তা না হয়ে ঢাকার মতো বসবাস অনুপযোগী শহরের পথেই হাঁটছে রংপুর।
রংপুরে যে উন্নয়ন হয়েছে, তার বড় অংশই হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যাধুনিক আইসিইউ বর্তমান সরকারের দেওয়া। রংপুরে ভারতীয় ভিসা কেন্দ্র চালু হচ্ছে। রংপুর মেট্রোপলিটন হচ্ছে। তারপরও এ উন্নয়ন
দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক কম। বিশ্বব্যাংকের একজন প্রতিনিধি ঈশিতা আলম এবোনি বলেছিলেন, ‘মধ্যম আয়ের দেশ বাংলাদেশ হলেও রংপুর কি মধ্যম আয়ের রংপুর হতে পারবে?’ বাস্তবতা বিশ্লেষণ করলে মনে হয়, রংপুর দেশীয় উন্নয়নের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে। তবু আমরা স্বপ্ন দেখি, সমতাভিত্তিক উন্নয়ন হোক সারা দেশে।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]