ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে একটি প্রশ্ন

প্রশ্নটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে। যদি সহজভাবে বলি তাহলে বলতে হয়, চলুন নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিষয়টি মীমাংসা করে নেওয়া যাক। বিষয়টি হচ্ছে, ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন বৃদ্ধি করে বর্ধিত অংশে ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ড সৃষ্টি করা হয়, যা এর আগে ইউনিয়ন পরিষদ ছিল। বিভিন্ন মামলা-মোকদ্দমার কারণে যথাসময়ে ওই ওয়ার্ডগুলোতে স্বাভাবিক নির্বাচন বিঘ্নিত হয়। অবশেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি নতুনভাবে সংযুক্ত ৩৬টি (১৮+১৮) ওয়ার্ডে ঢাকা উত্তর সিটির মেয়রের উপনির্বাচনের সময় শূন্য পড়ে থাকা ‘ওয়ার্ড কাউন্সিলর’ নির্বাচনগুলোও অনুষ্ঠান করে নেওয়া হয়। দুই সিটি করপোরেশনের ওই ওয়ার্ডগুলোতে প্রথমবারের মতো ৩৬ জন সাধারণ কাউন্সিলর এবং ১২ (৬+৬) জন সংরক্ষিত আসনের মহিলা মিলিয়ে মোট ৪৮ জন কাউন্সিলর প্রথমবারের মতো নির্বাচিত হন। ২০১৯ সালের ডিসেম্বরের মাঝামাঝি যদি নতুন নির্বাচনের তফসিল ঘোষিত হয়, তাহলে তাঁদের সময়কাল হয় সাড়ে ৯ মাস।
প্রশ্নটি হচ্ছে, এই ৪৮ জনের কার্যকাল কী এ স্বল্প সময়ের মধ্যে শেষ বলে ধরে নিয়ে তাঁদের আবার নতুনভাবে নির্বাচন করতে হবে, নাকি এ ৩৬টি ওয়ার্ডের ভোটাররা আসন্ন সিটি নির্বাচনে শুধু মেয়র পদে ভোটাধিকার প্রয়োগ করবেন। সদস্যপদে তাঁরা সাড়ে ৯ মাস আগে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এবং ওই ভোটে যাঁরা নির্বাচিত হয়েছিলেন, তাঁরা তাঁদের পাঁচ বছর মেয়াদ বা কার্যকাল পূরণ করবেন। এ প্রশ্নে নির্বাচন কমিশন বা সরকার স্পষ্ট করে কিছু বলেনি। ওই ৪৮ কাউন্সিলর ও তাঁদের সমর্থকেরা দিগ্বিদিক ছোটাছুটি করছেন। বিষয়টি আদালতে গড়ানোর আগে সরকার ও নির্বাচন কমিশন আইনি পরামর্শ নিয়ে বিষয়টি সুরাহার উদ্যোগ নিতে পারে। কেউ উদ্যোগ না নিলে স্বাভাবিক পন্থায় তা আদালতে যাবে, তাতে হয়তো নির্বাচন অনিশ্চিত না হলেও বিলম্বিত হতে পারে।
এ বিষয়ে আমি আমার একান্ত নিজস্ব নিরীহ মতামতটি তুলে ধরতে চাই। তা হচ্ছে, ৯ বা সাড়ে ৯ মাস আগে নির্বাচিত ৪৮ জন কাউন্সিলরকে তাঁদের মোট সময়ের বাকি সময়টি কাজ করার সুযোগ দেওয়া উচিত। এতে সিটি করপোরেশন বা নির্বাচনের বিদ্যমান আইন কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে না। এই ৪৮ জন স্বপদে বহাল থাকলে করপোরেশনে কোনো প্রশাসনিক জটিলতাও দেখা দিচ্ছে না। তা ছাড়া, নির্বাচন কমিশন, তথা সরকার এবং প্রার্থীদের বিপুল অর্থ সাশ্রয় হয়। নির্বাচন-সম্পর্কিত প্রশাসনিক কাজের চাপ-তাপও কমে যায়। তবে আইনের বিষয়টি এখানে মুখ্য। নির্বাচন না করলে যদি আইন ভঙ্গ হয়, তাহলে খরচ বা অন্য কোনো বিষয় এখানে বিবেচ্য হতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস, ৯ মাস আগে যাঁরা নির্বাচিত হয়েছিলেন, তাঁদের বাকি মেয়াদকাল পূর্ণ করতে দিলে আইনের কোনো বরখেলাপ হবে না। ঢাকা উত্তর সিটির ক্ষেত্রে আনিসুল হকের মৃত্যুর কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন। যেহেতু উপনির্বাচন, তাই আতিকুলের মেয়াদ পাঁচ বছর না হলেও মরহুম আনিসুলের বাকি সময়ের সুনির্দিষ্ট খণ্ডিত মেয়াদই আতিকুলের মেয়াদ। কিন্তু ৪৮ জন কাউন্সিলর কোনো উপনির্বাচনের প্রার্থী ছিলেন না, তাঁরা তাঁদের নিজ নিজ ওয়ার্ডের প্রথম কাউন্সিলর। একটি সাধারণ নির্বাচনের মাধ্যমেই তাঁরা নির্বাচিত। তাই তাঁদের মেয়াদ উপনির্বাচনের মেয়াদের সঙ্গে তুল্য নয়।
এক পক্ষের যুক্তি হতে পারে, সিটি করপোরেশন একটি বিধিবদ্ধ সংস্থা। এখানে সবাই একসঙ্গে মেয়াদ শুরু এবং শেষ করবেন। কোনো কারণে নির্বাচন একসঙ্গে হলো না, অথবা নির্বাচন যখনই হোক, মেয়াদ একই সময়ে শেষ হতে হবে। যুক্তিটি কোনো কোনো সরকারি কর্মকর্তা, যাঁরা ওই বিশেষ দপ্তরটি দেখেন, তাঁরা বলছেন বলে কাউন্সিলরদের কাছে শুনেছি। যুক্তিটি গ্রহণযোগ্যতা পেতে পারে না। আমাদের স্থানীয় সরকার নির্বাচনে এ-জাতীয় পরিস্থিতি এই প্রথম। আগে কখনো এমন ঘটনা ঘটেনি যে ওয়ার্ড সৃষ্টি করা হয়েছে, কিন্তু নির্বাচন সবার সঙ্গে একই সময়ে হয়নি। তাই বর্তমান পরিস্থিতিতে বিষয়টি সুষ্ঠুভাবে সুরাহা করে একটি ভালো নজির সৃষ্টি করা উচিত।
সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ সম্পর্কে আইনে বলা আছে, ‘করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ থেকে পাঁচ বৎসর হইবে, তবে শর্ত থাকে যে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উহা পুনর্গঠিত সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিয়া যাইবে’ (সিটি করপোরেশন আইন, ২০০৯, ধারা ৬)। এখানে মেয়াদ পূর্তির আগে নির্বাচনী তফসিল ঘোষণার কারণে মেয়াদ পূর্ণ হয়নি, এমন কারও জোর করে মেয়াদ শেষ করার কথা বলা হয়নি; বরং বিশেষ কারণে মেয়াদ বৃদ্ধির বিষয় বলা হচ্ছে। বর্তমান আইনে ‘মেয়াদকাল’ বলতে পুরো পরিষদ বা করপোরেশনের মেয়াদ যেমন বোঝাবে, তেমনি ব্যক্তি কাউন্সিলর, মেয়র বা সদস্যের মেয়াদও বোঝানো হয়েছে বলে ধরে নিতে হবে।
একই যুক্তিতে প্রথমত প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর মেয়াদ পাঁচ বছর হলে স্বাভাবিকভাবেই গত ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তে নির্বাচিত কাউন্সিলররা সিটি করপোরেশনের যে সভায় তাঁরা প্রথম যোগ দিলেন, সেদিন থেকেই তাঁদের পাঁচ বছর গণনা শুরু করবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবসৃষ্ট ১৮ ওয়ার্ডের কাউন্সিলররা করপোরেশনের ৩৩তম সভায় প্রথম যোগ দেন। ওই ৩৩তম সভা নবনির্বাচিত ১৮ ওয়ার্ডের কাউন্সিলরদের প্রথম সভা হিসেবে গণ্য হতে পারে এবং ৩৩তম সভার দিন থেকে তাঁদের পাঁচ বছর সময় ধরা যেতে পারে।
একইভাবে বিষয়টি ঢাকা দক্ষিণের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। দ্বিতীয়ত, সিটি করপোরেশনের সব ওয়ার্ডে একসঙ্গে নির্বাচন না করার দায় সরকার ও নির্বাচন কমিশনের, সে দায়ের ভার ৪৮ জন কাউন্সিলরের ওপর বর্তায় না। তাই ৩৬ ওয়ার্ডের ৪৮ জন কাউন্সিলরের অধিকার হিসেবে তাঁরা তাঁদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন আর ৩৬ ওয়ার্ডের ভোটার যাঁরা তখন ভোট দিয়েছেন, তাঁদেরও অধিকার তাঁদের প্রতিনিধিরা তাঁদের আইনানুগ সময় পূর্ণ করবেন।
এখানে আরেকটি প্রশ্ন দেখা দিতে পারে তা হচ্ছে, আগামী পাঁচ বছর পর আবার এ ৪৮ কাউন্সিলরের মেয়াদ মেয়র এবং অন্যান্য কাউন্সিলরদের ৯-১০ মাস বাকি থাকতেই শেষ হতে পারে, তখন কীভাবে বিষয়টি সুরাহা হবে। তখন দুইভাবে তার সমাধান হতে পারে। এক. তাঁদের করপোরেশনের নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সময়ের জন্য দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে। পরবর্তী নির্বাচন থেকে সব পদ নিয়মিত হয়ে যাবে। দুই. ৪৮টি কাউন্সিলরের পদ শূন্য ঘোষণা করে সেখানে অন্তর্বর্তী সময়ের জন্য প্রশাসক নিয়োগ করা যেতে পারে।
যত দূর জানা যায়, নির্বাচনের পর এই ৪৮ জন সত্যিকার অর্থে কোনো উন্নয়নকাজ করতে পারেননি। তাঁরা এখনো কোনো স্থায়ী কমিটির সদস্যপদও পাননি। গত মাসে মাত্র তাঁরা বনিয়াদি প্রশিক্ষণ শেষ করেছেন। সরকার অর্থ ব্যয় করে নির্বাচনটি করল এবং প্রশিক্ষণ দিল, কিন্তু নির্বাচিতরা বসতে না বসতেই বলা হচ্ছে, তোমাদের মেয়াদ শেষ। এখানে ন্যায়বিচার বিঘ্নিত হয়। অধিকার ক্ষুণ্ন হয় এবং ন্যাচারাল জাস্টিসও এ নির্বাচন বাতিলের পক্ষে যায় না। তাই সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, আদালতের কাঠগড়া পর্যন্ত ঠেলে না দিয়ে সঠিক আইনি পরামর্শ নিয়ে তফসিলের আগে বিষয়টির সুরাহা হয়ে যাক।
ড. তোফায়েল আহমেদ: রাজনীতি ও লোকপ্রশাসনের অধ্যাপক, স্থানীয় সরকার ও শাসন বিশেষজ্ঞ
[email protected]