>প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে সেখানকার পত্রপত্রিকায় বিভিন্ন লেখা ছাপা হচ্ছে। চণ্ডীগড়ের দ্য ট্রিবিউন এবং কলকাতার দ্য টেলিগ্রাফ–এ প্রকাশিত দুটি নিবন্ধ প্রথম আলোর পাঠকদের জন্য অনুবাদ করে ছাপানো হলো।
এপ্রিলের ৭-১০ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে একঘরে করে ফেলার যে নীতি নরেন্দ্র মোদি নিয়েছেন, তাতে শেখ হাসিনা সমর্থন দিলেও দেশ দুটির সম্পর্কে মারাত্মক গড়বড় দেখা যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে ভারতবিরোধী শক্তি ঝেঁটিয়ে বিদায় করেছেন। সন্ত্রাসবাদ প্রতিরোধে নিজে উদ্যোগী হয়ে ভারতের সঙ্গে অংশীদারি গড়ে তুলেছেন। এমনকি নয়াদিল্লিকে মহা স্বস্তিকর ট্রানজিটও দিয়েছেন। কিন্তু যৌক্তিক কারণ না থাকা সত্ত্বেও তাঁর সফর যে তিন মাসে দুবার পেছাল, তাতে বোঝা যায়, সবকিছু ভালো নয়।
বাংলাদেশ আমাদের পেছনের উঠান হলেও দেশটি একদম অল্প সময়ের মধ্যে বিস্ফোরণমুখর হয়ে উঠতে পারে। আমরা এখন হাসিনার জন্য অপেক্ষা করছি, কিন্তু ২০০১ সালে বিডিআর কর্তৃক ১৬ জন বিএসএফ সেনাকে হত্যার ঘটনা আমরা ভুলতে পারি না।
কথা হচ্ছে, আমরা যদি প্রকৃত বন্ধু হাসিনার পাশে দাঁড়াতে না পারি, তাহলে ভারতের ভাবমূর্তি আবারও ফুটো হয়ে যেতে পারে—এমন আশঙ্কা খারিজ করা যায় না। বাংলাদেশের স্বাধীনতায় নয়াদিল্লির ভূমিকা ও দীর্ঘকাল ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকার সময় তিনি ইন্দিরা গান্ধী, প্রণব মুখার্জির যে স্নেহ ও ভালোবাসা পেয়েছিলেন, তার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ তিনি কখনো কখনো ভারতের স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়েছেন।
এই অবস্থায় এস জয়শঙ্কর, অজিত দোভাল এবং শহিদুল হক ও তারিক আহমেদের মতো অভিজ্ঞ মানুষদের নেতৃত্বে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহল তিস্তা চুক্তি বা বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্কের মতো ব্যাপারগুলো মিটিয়ে ফেলতে পারে। কিন্তু ক্ষমতাসীন বিজেপির মুসলিম প্রতিবেশীদের প্রতি ঘৃণার কারণে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। বিজেপির হিন্দুত্ববাদী নীতির কারণে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা দুই দেশের সম্পর্কের মধ্যে গোঁজ ঢুকিয়ে দিচ্ছে। ফলস্বরূপ, ভারতের জাতীয় স্বার্থ ব্যাহত হচ্ছে।
হাসিনার আওয়ামী লীগ সরকার যখন ভারতকে সন্তুষ্ট করতে চাচ্ছে, তখন বিজেপি বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে। তাঁরা গরুর মাংসভুক অপরাধী, যাঁরা নিজ দেশে হিন্দুদের নিপীড়ন করেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচন এবং আসাম
ও পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনের সময় বিজেপি চরম বাংলাদেশবিরোধী ইশতেহার দিয়েছিল।
নরেন্দ্র মোদিও প্রচারণার সময় বাংলাদেশবিরোধী কথা বলেছেন। বাংলাদেশি অভিবাসীদের হিন্দু ও মুসলমানে বিভক্ত করে মোদি ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে যাঁরা দেবী দুর্গার আরাধনা করেন তাঁদের স্বাগত, অন্যদের ব্যাগ গুছিয়ে ফেরত যেতে হবে।
তিনিসহ বিজেপির অন্য প্রচারকেরা বারবার বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁরা ভারতকে ‘ধ্বংস’ করছেন। প্রকৃত প্রস্তাবে তিনি বাংলাদেশকে শত্রুরাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন। ধর্মের ভিত্তিতে বিজেপি মুসলিম অভিবাসীদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করেছে। যেখানে মোদি হিন্দুদের ‘শরণার্থী’ ও ‘ভারত মাতার সন্তান’ হিসেবে আখ্যা দিয়েছেন, যাঁরা আশ্রয় পাওয়ার দাবিদার।
ক্ষমতায় আসার পর প্রথম কাজ হিসেবে মোদি বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফকে বহুকাল ধরে চলে আসা অবৈধভাবে গরু রপ্তানি বন্ধের নির্দেশ দেন। পরবর্তীকালে তিনি জনসমক্ষে গর্ব করে বলেন, এই নিষেধাজ্ঞার কারণে মুসলিম দেশগুলোতে গরুর দাম এত বেড়ে গেছে যে সেখানে চাহিদা পড়ে গেছে। রাজনাথ সিং এই প্রচারণার কৃতিত্ব নিতে মোটেও কসুর করেননি।
এরপর বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিজেপি নাগরিকত্ব আইন সংশোধনের চেষ্টা করে। এটা তো অসাংবিধানিক বটেই, তদুপরি এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পরোক্ষ অভিযোগ আনা হলো, তারা এতটাই ধর্মীয় অসূয়াসম্পন্ন যে দেশটির হিন্দুরা ভারতে পালিয়ে আসছে। অন্যদিকে নয়াদিল্লি দাবি করে, পররাষ্ট্রনীতি-বিষয়ক তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় প্রত্যাবর্তন নিশ্চিত করা। অন্যদিকে ভারত বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব
দেওয়ার প্রস্তাব দিচ্ছে। অথচ বাংলাদেশের হিন্দুদের আওয়ামী লীগকে ভোট দেওয়ার ইতিহাস আছে।
এ ধরনের হিন্দুত্ববাদী লক্ষ্য, যেমন গরু রপ্তানি বন্ধ ও ভারতকে হিন্দুদের মাতৃভূমি বানানো—এসব করে বিজেপির ভোট বাড়তে পারে। অর্থাৎ, তাদের সংকীর্ণ স্বার্থ সংরক্ষিত হতে পারে, কিন্তু ভারত-বাংলাদেশ সম্পর্কের পরিপ্রেক্ষিতে এটা ভারতের জাতীয় স্বার্থের অনুকূল নয়। ভারত যদি বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে খাটো করে বা কৌশলগত মিত্র হিসেবে বাংলাদেশের প্রতি সম্মান না দেখায়, তাহলে দেশ দুটির সম্পর্ক কখনোই পূর্ণ বিকশিত হবে না। অথবা এটা ভালো প্রতিবেশিত্বের উদাহরণ হবে না।
বাংলাদেশকে অপবাদ না দিয়ে ‘সবকা সাথ সবকা বিকাশ’ কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটা আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের কাছ থেকে শিখতে পারি। বাংলাদেশ ২০১১ সালে শত্রু সম্পত্তি আইন বাতিল করেছে। এর মাধ্যমে হিন্দুরা জমি ফিরে পাবে। বিজেপি আসামে ‘জনসংখ্যাগত আগ্রাসন’-এর ধুয়া তুলে ক্ষমতায় এসেছে, অথচ মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান আসামের চেয়ে অনেক ভালো। তার মাথাপিছু আয় আসামের চেয়ে ৭০ শতাংশ বেশি। এতেই বিজেপির মিথ্যাচার একদম পরিষ্কার হয়ে যায়। এ ছাড়া ভারতের প্রায় পাঁচ লাখ মানুষ বাংলাদেশে চাকরিসূত্রে বসবাস করেন। বিশ্বব্যাংকের তথ্যমতে, ভারতের রেমিট্যান্সের উৎসের দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম; সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও যুক্তরাজ্যের পর।
বিজেপির কাছ থেকে মনোভাব ধার নিয়ে গত নভেম্বরে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের নেতৃত্বে যে প্রতিনিধিরা বাংলাদেশে গিয়েছিলেন, তাঁরা বাংলাদেশি প্রতিনিধিদের অপমান করেছিলেন। আনন্দবাজার পত্রিকার মতে, এ কারণেই হাসিনা ১৮-২০ ডিসেম্বরের সফর স্থগিত করেন। ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি শেখ হাসিনাকে আমন্ত্রণ দিয়ে ভারত যে অসংবেদনশীল মন্তব্য করেছিল, সেটা তার শোধরানো উচিত।
কিন্তু ভারত হাসিনার মতো কৌশলগত মিত্রকে আস্থায় না নিয়ে আবুধাবির যুবরাজ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানকে আস্থায় নেয়। সুষমা স্বরাজের মধ্যে মাতৃরূপ আছে। সৌভাগ্যবশত তিনি গুরুত্বপূর্ণ পদে ফেরত গেছেন। আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন রাম মাধব। বিজেপির পররাষ্ট্র সেলের মানুষ তিনি, সম্প্রতি প্রতিবেশীদের ব্যাপারে তাঁর তীব্র আগ্রহ সৃষ্টি হয়েছে।
হাসিনার বহুদিনের বকেয়া সফরের আগে ভারত-বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁদের একত্রে কাজ করা উচিত।
অনুবাদ: প্রতীক বর্ধন। ট্রিবিউনইন্ডিয়া.কম থেকে নেওয়া। (ঈষৎ সংক্ষেপিত)
এস এন এম আবদি: কলকাতাভিত্তিক জ্যেষ্ঠ সাংবাদিক।