ঢাকা-ভোলা নৌপথে লঞ্চস্বল্পতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই নৌপথে আটটি লঞ্চ চলাচলের জন্য অনুমতি দিয়েছিল। কিন্তু লঞ্চের মালিকেরা ঢাকা ও ভোলার ঘাট থেকে দুটি করে চারটি লঞ্চ চালিয়ে আসছেন। এ কারণে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হয়। এতে দুর্ঘটনাসহ নানা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লঞ্চের এই রোটেশন প্রথা বাতিলের দাবিতে এই পথের যাত্রী ও ব্যবসায়ী রুহুল আমিন গত বছরের ২০ নভেম্বর ভোলার আদালতে লঞ্চমালিকদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে, ভোলার মুখ্য বিচারিক হাকিমের আদালত গত রোববার লঞ্চ মালিক সমিতিকে ঢাকা ও ভোলা থেকে প্রতিদিন এক ঘাট থেকে চারটি করে লঞ্চ ছাড়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের এ রায়ে নাখোশ হয়েছে লঞ্চ মালিক সমিতি। লঞ্চ মালিক সমিতির নির্বাহী কমিটির সদস্য গোলাম নবী আলমগীর বলেছেন, তিনি আদালতের এ নির্দেশ মানবেন না। তিনি এ রায় পুনর্বিবেচনার জন্য আদালতে আবেদন করবেন।

লঞ্চ মালিক সমিতির এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। যেখানে জনগণের জীবনের প্রশ্ন, সেখানে কী করে তাঁরা এ ধরনের কথা বলেন? তাঁদের লোভের কারণে সাধারণ মানুষের এ দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য ভোলা-ঢাকা নৌপথের লঞ্চমালিকেরা প্রয়োজনের চেয়ে কম লঞ্চ ছাড়েন। প্রয়োজনের চেয়ে কম লঞ্চ ছাড়ার কারণে লঞ্চগুলো সব সময় অতিরিক্ত যাত্রী বহন করে। ফলে এগুলো সব সময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকে।

আমাদের দেশে গত চার দশকে ৭২৭টি লঞ্চ দুর্ঘটনায় প্রায় ১০ হাজার যাত্রীর প্রাণহানি ঘটেছে। এর বেশির ভাগই ঘটেছে অতিরিক্ত যাত্রী বহনের কারণে। অথচ ভোলা-ঢাকা নৌপথের লঞ্চ মালিক সমিতি জেনেবুঝে প্রতিদিন অনেক মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। লঞ্চমালিকদের এমন ব্যবসা বন্ধ না করলে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।

লঞ্চমালিকদের অবশ্যই আদালতের নির্দেশ কার্যকর করতে হবে। তাঁরা আদালতের নির্দেশ কার্যকর করছেন কি না, সে ব্যাপারে জেলা প্রশাসন তদারক করতে পারে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন অধিদপ্তরকেও হস্তক্ষেপ করতে হবে। কেননা, নৌপথের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব তাদেরই। লঞ্চমালিকেরা আদালতের নির্দেশ না মানলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।