
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের বাজনা বাজতে শুরু করেছে পুরোদমে। এবারের লড়াই প্রকৃত ডান বনাম প্রকৃত বাম। মাঝখানে মধ্যপন্থার কংগ্রেসও রয়ে গেছে। তবে দলবদলে কিছুটা বেসামাল শতাব্দীপ্রাচীন এই দলটি। মূল লড়াই এখনো লাল বনাম গেড়ুয়া শিবিরের। এবারের নির্বাচনী বাজনায় ঢাকের কাঠি হিসেবে সব শিবিরেই ব্যবহৃত হচ্ছেন নিহত দুই সাংবাদিক। বিরোধী শিবিরের ঢাকের বোলও একটাই, সিবিআই চাই। রাজ্যের সীমানা ছাড়িয়ে ঢাকের বোল এখন আছড়ে পড়েছে দিল্লিতে।
ত্রিপুরায় বিধানসভার নির্বাচন ফেব্রুয়ারিতে। নাগাল্যান্ড ও মেঘালয়ের সঙ্গে একযোগেই নির্বাচন হওয়ার কথা। কারণ, বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০১৮ সালের ১৪ মার্চ। স্বাভাবিক নিয়মেই এর আগে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে। তাই ইতিমধ্যে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রিপুরা ঘুরে গেছে। তারও আগে রাজ্য নির্বাচন আধিকারিককে দিল্লি তলব করে পরিস্থিতির প্রাথমিক পর্যবেক্ষণ সেরে ফেলে। তারপর তাঁরা রাজ্যে এসে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের পাশাপাশি স্বীকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। ইঙ্গিত দিয়ে যান, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্য সরকারি আধিকারিকদের প্রতি তাঁদের আদেশ: দিনে ছয় ঘণ্টার বেশি ঘুমাবেন না।
কিন্তু তারপরও সন্দেহ দানা বাঁধছে অনেকের মনে। দুই মাসের ব্যবধানে দুই সাংবাদিকের হত্যাকাণ্ডসহ একাধিক ইস্যুতে বিজেপি ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করেছে। বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেবের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতিশয় খারাপ। পুলিশ সিপিএমের বি-টিম হিসেবে কাজ করছে। একই সঙ্গে তাঁর রাজ্য প্রভারী সুনীল দেওধর ভোটার তালিকার পূর্ণাঙ্গ সংশোধন দাবি করেছেন। অন্যথায় ভোট সম্ভব নয় বলে তাঁরা মনে করেন।
৫ জানুয়ারি ত্রিপুরায় সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। কিন্তু বিজেপির ‘ইনটেনসিভ রিভিশনের’ দাবি মেনে ৫ জানুয়ারি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, আসলে বিজেপি চাইছে রাষ্ট্রপতির শাসন জারি করে ত্রিপুরা দখল করতে। আগাম গন্ধ পেয়ে কংগ্রেস ও সিপিএম এক সুরে রাষ্ট্রপতির শাসন জারির আশঙ্কা প্রকাশ করে দিল্লির নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করেছে। বিজেপি সমালোচনার মুখে পড়েও রাষ্ট্রপতি শাসনের দাবি ছেড়ে দেয়নি।
নির্বাচন যথাসময়েই হোক বা অসময়ে, নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। সিপিএমের নেতারা ব্যস্ত সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিদিনই দলের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে। বিজেপিও কম যাচ্ছে না। প্রায় প্রতিদিনই বহিরাগত নেতাদের সামনে রেখে তাদের বিভিন্ন শাখা সংগঠনের সভা-সমিতি লেগেই রয়েছে। কংগ্রেস কিছুটা পিছিয়ে আছে। তাদের নেতারা ব্যস্ত দিল্লিতে। দলের সভাপতির পদে রাহুল গান্ধীর অভিষেক বলে কথা!
এবারের নির্বাচনী প্রচারণায় সবার মুখেই সদ্য প্রয়াত দুই সাংবাদিকের কথাই বেশি গুরুত্ব পাচ্ছে। প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর আগরতলার অদূরে উপজাতিদের একটি আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে খুন হন তরুণ সাংবাদিক শান্তনু দত্ত। এর কিছুদিন পর ২১ নভেম্বর পুলিশের হাতে খুন হন আরেক সাংবাদিক; ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। দুটি ঘটনাতেই সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিবিআই) দিয়ে তদন্ত করার দাবিতে সাংবাদিকদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু রাজ্য সরকার নিজস্ব পুলিশের ওপরই ভরসা রেখে চলেছে।
দুটি খুনের ঘটনাতেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠিত হয়েছে। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু ওই পর্যন্তই। এখনো চার্জশিট দিতে পারেনি। নিহত দুই সাংবাদিকই বামপন্থী পরিবারের সদস্য ছিলেন। শান্তনু সরাসরি বাম শিবিরে থাকলেও সুদীপের অবশ্য রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। উচ্চপদস্থ পুলিশ অফিসারের হাতে সাংবাদিক খুন হওয়ার পরও তদন্তের ভার পুলিশের হাতে দেওয়ার ফলে বিভিন্ন মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়। তবে শাসক দল পুলিশি তদন্তেই খুশি। খোদ রাজ্য পুলিশের ডিজি অখিল কুমার শুক্লা দাবি করেন, পুলিশ সাফল্যের সঙ্গেই সঠিক পথে তদন্ত চালিয়ে যাচ্ছে। শান্তনু খুনের আড়াই মাস পরও চার্জশিট দিতে না পারলেও সিপিএম প্রচারে অভিযুক্ত জনা কতককে গ্রেপ্তার আর ত্রিপুরায় সিবিআইয়ের অতীতের ব্যর্থতাকেই বড় করে দেখাচ্ছে।
অন্যদিকে বিজেপি সাংবাদিক হত্যাকে ইস্যু বানাতে বদ্ধপরিকর। ইতিমধ্যে আগরতলার সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠনের নেতারা দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন জনের কাছে সিবিআইএর তদন্ত চেয়ে ডেপুটেশন দিয়ে এসেছেন। ধরনাও দিয়েছেন দিল্লিতে। অভিযোগ উঠছে, বিজেপি সাংবাদিকদের মদদ দিচ্ছে। আন্দোলনরত সাংবাদিকদের নেতা প্রণব সরকার এসবে কান না দিয়ে বলেছেন, রাজ্যে কর্মরত মিডিয়াকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তাঁদের নিরাপত্তার জন্যই দিল্লিতে তাঁদের দরবার। সেই সঙ্গে সিবিআইকে তদন্ত করতে হবে। তিনি বলেছেন, রাজ্য পুলিশের তদন্ত তাঁরা মানবেন না।
ত্রিপুরা সফররত বিজেপির প্রায় সব নেতাই সাংবাদিক হত্যাকাণ্ডকে বড় করে প্রচার করছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও ত্রিপুরা সফরকালে সাংবাদিক হত্যাকাণ্ডের নিন্দা করেন। তিনি বলেন, ন্যায়বিচারের জন্য বিজেপি লড়াই চালাবে। বিজেপির প্রতিনিধিরা নিহত সুদীপের বাড়িতে গিয়ে তাঁর পরিবারবর্গকে শোক-সহানুভূতি জানিয়েছেন। রাজ্য সরকার ইতিমধ্যে দুই সাংবাদিকের পরিবারকেই ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মানিক সরকারও শান্তনু ও সুদীপের বাড়িতে গিয়েছিলেন।
ত্রিপুরায় ভোটের বাজনা বাজতে শুরু করতেই আসরে হাজির তৃণমূলও। এই দলের পর্যবেক্ষক তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত ত্রিপুরা সফর শুরুই করলেন সুদীপের পরিবারকে সান্ত্বনা জানিয়ে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে এক লাখ টাকা তুলে দেন সুদীপের স্ত্রীর হাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথাও বলেন সুদীপের মায়ের সঙ্গে। চাকরির অফারও দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।
অকালে ছেলেহারা মা পুতুল ভৌমিক সব দেখে-শুনে সবার কাছে একটাই আবেদন করছেন, ‘প্লিজ, রাজনীতি করবেন না! সাহায্য করতে হয় করুন। না হলেও চলবে।’ পুতুল দেবী নিজেও একসময় বামপন্থী রাজনীতির সক্রিয় কর্মী ছিলেন। নেতৃত্ব দিতেন নারী সমিতিকে। কিন্তু সন্তান হারানোর শোকে কাতর বৃদ্ধা চাইছেন তাঁর ছেলেকে নিয়ে রাজনীতি না হোক। কিন্তু ত্রিপুরা বিধানসভার নির্বাচনে তাঁর ছেলেও রাজনীতির বড় ইস্যু। ঠিক শান্তনুর মতো।
তরুণ চক্রবর্তী: প্রথম আলোর ত্রিপুরা প্রতিনিধি।