
একটি দৈনিকের খবর অনুসারে গত ৩ বছরে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে ১ হাজার ৮০০ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এখানেও আবার অভিযোগ রয়েছে বঞ্চনার। পদোন্নতিপ্রাপ্ত কিছু আছেন ওএসডি। কেউ বা রয়েছেন নিজ পদেই সংযুক্তি নামে। সেই খবর অনুসারে এই চার স্তরে মঞ্জুরীকৃত পদসংখ্যা ১ হাজার ৬১৬-এর বিপরীতে ২ হাজার ৭৪১ জন কর্মকর্তা রয়েছেন। তাঁদের অনেকেই আছেন প্রেষণে। মন্ত্রণালয়ের অভ্যন্তরে পদায়ন বা পদোন্নতি যে নামেই হোক, যাঁরা আছেন, তাঁদের অনেকেই নেই যথার্থ পদে। একটি বেশ বড় মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিব ও পাঁচজন যুগ্ম সচিব ছিলেন। সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্যানুসারে এখন সেখানে অতিরিক্ত ও যুগ্ম সচিবের সংখ্যা যথাক্রমে ৯ ও ১৭। ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ বিভাগে ১ জন অতিরিক্ত ও ৫ জন যুগ্ম সচিব থাকার কথা। রয়েছেন ৯ জন অতিরিক্ত সচিব, ৯ জন যুগ্ম সচিব এবং ২০ জন উপসচিব। অথচ অনুমোদিত সাংগঠনিক কাঠামোয় সেই বিভাগে ৫টি অনুবিভাগ ও ১২টি অধিশাখার বিধান রয়েছে। ঠিক তেমনি একটি ছোট মন্ত্রণালয়ে ১ জন যুগ্ম সচিব ও ৪ জন উপসচিবের পদ আছে। পদায়ন করা হয়েছে ৪ জন অতিরিক্ত সচিব, ১ জন যুগ্ম সচিব ও ১০ জন উপসচিবকে।
এর মূল কারণ গত কয়েক বছরের ঢালাও পদোন্নতি। কোনো শূন্য পদ নেই। তারপরও যেহেতু তাঁদের পদোন্নতির সময় হয়ে গেছে, সেই বিবেচনায় দেওয়া হয়েছে পদোন্নতি, এরূপ বলা হচ্ছে। আর তা ঘটে চলছে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত। এর ওপরের ১ নম্বর গ্রেডে সীমিত কিছু কর্মকর্তাকেও পদায়ন করা হয়েছে ভিন্নতর প্রেষণ পদে। প্রতি স্তরেই নির্ধারিত পদসংখ্যার অনেক বেশি কর্মকর্তা গোটা প্রশাসনব্যবস্থাকে অনেকটা বিপর্যস্ত করে ফেলেছে। যেকোনো মন্ত্রণালয়, বিভাগ কিংবা সংস্থার সাংগঠনিক কাঠামো নির্ধারণ করা হয় চাহিদার নিরিখে এবং জনস্বার্থে। সময়ে-সময়ে চাহিদার সঙ্গে সংগতি রেখে তা পুনর্বিন্যাসও করা হয়। গত দুই-আড়াই দশকে প্রায় গোটা সময়টাতে শূন্য পদের কিছু বেশিসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার রেওয়াজ চালু হয়। এতে প্রায়শই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকতে হতো কিছুটা সময়। সময়ান্তরে এটা সমন্বয়ও হয়ে যেত। কিন্তু সাম্প্রতিককালে কোনো শূন্য পদ না থাকা সত্ত্বেও এমনকি প্রতিটি স্তরে অনেক বেশি কর্মকর্তা ‘কর্মরত’ থাকা সত্ত্বেও দফায় দফায় পদোন্নতি দেওয়া হচ্ছে।
নিকট ভবিষ্যতেও তাই চলবে—এমন আশঙ্কা করলেও অমূলক হবে না। ১৯৮২ (বিশেষ), ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৬-এর কয়েকটি বড় ব্যাচকে পদোন্নতি দিতে গিয়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে, এমনটাই বলা হয়। আরও বলা হয়, দু-তিন বছর পর এমনটা থাকবে না। এত বেশি সংখ্যায় যখন এক ব্যাচে কর্মকর্তা নেওয়া হয়, তাঁদের বড় অংশই পদোন্নতি না পাওয়ার কথা। মেধা, দক্ষতা ও উপযুক্ততার ভিত্তিতে যে কজনকে সম্ভব পদোন্নতি দিলে সমস্যা হতো না। অন্যদিকে উপসচিবের নিচের পর্যায়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে তেমন ভাবা হচ্ছে এমনও নয়। বিশেষ করে মাঠ প্রশাসন এখন কর্মকর্তা স্বল্পতার সংকটে ভুগছে। এগুলো সামগ্রিকভাবে না দেখে এলোমেলো করে দিয়ে জনপ্রশাসনের কী লাভ হলো, এটা বিবেচনা করার সময় এসেছে।
পদায়ন করতে গিয়ে অনেককেই রাখতে হচ্ছে আগের পদে। সেটা সচিবালয় বা প্রেষণ উভয় ক্ষেত্রেই দেখা যায়। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব পদটিতে সাধারণতউপসচিবএবং ক্ষেত্রবিশেষে সিনিয়র সহকারী সচিবদের পদায়ন হতো। তাঁদের প্রিভিলেজ আইনেও সেই বিধানই আছে। এখন বেশ কয়েকটি ক্ষেত্রে অতিরিক্ত বা যুগ্ম সচিবও থাকছেন। অধিদপ্তর বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে প্রধান পদটি যুগ্ম সচিব এবং ক্ষেত্রবিশেষে অতিরিক্ত সচিবদের পদায়ন হতো। এখন অতিরিক্ত সচিবের নিচে কেউ সেদিকে পা বাড়াতে পারছেন না। আবার একই অধিদপ্তরে মহাপরিচালক এবং এক বা একাধিক পরিচালকও অতিরিক্ত সচিব আছেন। যুগ্ম সচিব তো আছেনই। ১০০ অতিরিক্ত সচিবের মঞ্জুরীকৃত পদের বিপরীতে সাড়ে ৫০০ জন থাকলে এটা তো স্বাভাবিক। মন্ত্রণালয়ে যাঁরা সংখ্যাতিরিক্ত, তাঁদের অনেককে সংযুক্তি নামে পদায়ন করা হয়েছে। তাই এসব ক্ষেত্রে দেখা দিয়েছে পরিচিতির সংকট।
কোনো একান্ত সচিব তাঁর বিজনেস কার্ডে মূল পদটির পর বন্ধনী দিয়ে লেখেন অতিরিক্ত বা যুগ্ম সচিব। অধিদপ্তর বা সংস্থায় তো এ বন্ধনীর মাঝে পরিচিতিসম্পন্ন কর্মকর্তা রয়েছেন ভূরি ভূরি। তেমনভাবে জেলা প্রশাসকদেরও যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে বেশ কিছুকাল রাখা হয় সেই পদে। তখন তাঁরাও মূল পদবির পর চিঠিপত্রেও এরূপ বন্ধনী দিয়ে পদোন্নতিপ্রাপ্ত পদের পরিচিতি লেখেন। অথচ সরকারের সচিব থেকে সহকারী সচিব—এই পদগুলো রুলস অব বিজনেস অনুসারে সৃষ্ট। যাঁরা সেই দায়িত্ব পালন করেন, তাঁদেরই তা লেখার কথা। প্রেষণে বা অন্য কোথাও পদায়ন হলে তা লেখার কথা নয়। আর এরূপ লেখার রেওয়াজটি একেবারেই হাল আমলের। যিনি যে পদে দায়িত্ব পালন করছেন, সেই পরিচয়ই দেবেন। কোন উৎস থেকে গেছেন এটা জীবনবৃত্তান্ত ছাড়া অন্যত্র উল্লেখ অপ্রয়োজনীয় এবং প্রকারান্তরে রুলস অব বিজনেসের বিচ্যুতি। অবশ্য সংকটটি ঘনীভূত হয়েছে এরূপ বেসামাল পদোন্নতিতে।
কোনো কোনো ব্যাচে অনেক বেশিসংখ্যক কর্মকর্তার চাকরি হয়েছে বলে তাঁদের সবাইকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অতিরিক্ত সচিব পর্যন্ত পদোন্নতির নিশ্চয়তা কখনোই দেওয়া হয়নি। ভবিষ্যৎ পদোন্নতি ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিমিতসংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে তাঁদের অনেকের চাকরিই হতো না। চাকরি পাওয়ার জন্যই তাঁদের সরকারের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। অবশ্য শূন্য পদের বিপরীতে যোগ্য কর্মকর্তা বাছাই করে সর্বোচ্চ স্তর পর্যন্ত পদোন্নতির সুযোগও থাকছেই। প্রয়োজনের অতিরিক্ত কর্মকর্তা ওপরের পদে ঠেলে দিয়ে বেতন, গাড়ি-বাড়ির সুবিধাদি, এমনকি পেনশন খাতে কত বিপুল পরিমাণ অর্থ সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে, এটা একটু খতিয়ে দেখা দরকার।
ভারতে আইএএস কর্মকর্তাদের বিশালসংখ্যককে কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব (রাজ্য সরকারের সচিব) পদ থেকেই অবসর নিতে হয়। পদোন্নতিকে অধিকার হিসেবে কোথাও দেখা হয় না। এখন তো মনে হয় অতিরিক্ত সচিব পর্যন্ত পদোন্নতি অনেকটা অধিকারের পর্যায়ে চলে গেছে। এখন যদি তাঁরা ১ নম্বর গ্রেডেও পদোন্নতি চান তাহলে কী করা হবে, এই ঔত্সুক্য আছে অনেকের মধ্যে। সংকটটা স্বল্পস্থায়ী বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা কতটা গ্রহণযোগ্য, সেটা বিবেচনার দাবি রাখে। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, নিয়মনীতির ব্যত্যয়, পদ-পদবির অলিখিত মর্যাদা হ্রাস একবার ঘটলে এগুলো ফিরিয়ে আনা কঠিন। তদুপরি ভিত্তি পর্যায়ে কর্মকর্তার স্বল্পতার সমস্যাটিও মেটানোর উদ্যোগ প্রয়োজন।
সচিবালয় থেকে প্রেষণে পদায়ন নতুন কোনো প্রথা নয়। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার যোগ্য কর্মকর্তা থাকেন না। সেখানে প্রেষণে নিয়োগ দিতে হয়। এটা অতিরিক্ত পরিমাণে করতে গিয়ে কোনো কোনো প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা হ্রাস পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সেই প্রতিষ্ঠানে পদোন্নতিযোগ্য কোনো কর্মকর্তা থাকলে তাঁকে বঞ্চিত করে প্রেষণে স্থায়ীভাবে নিয়োগের প্রক্রিয়া চলমান রাখা সঠিক নয়। অবশ্য এরূপ প্রেষণে কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ জনপ্রশাসন ছাড়াও সামরিক বাহিনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি রাজনীতিবিদ দ্বারাও হয়।
আর এই জনপ্রশাসনে শুধু বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাই নন, রয়েছেন সব ক্যাডারের কর্মকর্তা। অধিদপ্তর, পরিদপ্তর সংস্থা মূলত পেশাদারত্বের নিরিখে তৈরি। এদের পরামর্শে মন্ত্রণালয় সুনির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করে নীতিনির্ধারণ করে। বাস্তবায়নও অনেক ক্ষেত্রে থাকে সেই সব সংস্থার দায়িত্বে। জনপ্রশাসনের ওপরের স্তরে কর্মকর্তার সংখ্যাধিক্যের কারণে ঢালাওভাবে প্রেষণে নিয়োগ প্রকৃতপক্ষে সরকারের জন্য কল্যাণকর হবে না। আর অনেকগুলো প্রেষণ পদও এসব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার জন্য বেমানান। তবে প্রেষণ একটি মাত্রায় বরাবর ছিল। মাত্রার হেরফের হতে পারে। তবে মূল চেতনা থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। এখানে জনস্বার্থ বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখা দরকার।
যা ঘটার ঘটে গেছে। এটা ফেরানো যাবে না। তবে কেউ দেখে শেখে। কেউবা ঠেকে। আমরা দেখে-শুনে তো শিখলামই না, এখন তো ঠেকে গেছি। পিরামিড আকৃতির প্রশাসন এখন অনেকটা বিপরীত চিত্র নিয়েছে। ভিত্তিমূলে কর্মকর্তা নেই। ওপরের দিকে ‘ঠাঁই নেই ঠাঁই নেই’ অবস্থা। এবার অন্তত ঠেকে গিয়ে শিখতে শুরু করি।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।