তক্ষশীলায় এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরৎ উৎসবের আনন্দ সবার চোখে-মুখে। একটু পরেই ছবি আঁকার পর্বটা শুরু হবে। কিন্তু সে নিয়ে কোনো দুশ্চিন্তাই নেই ওদের। সাদা পোশাক পরে, বন্ধুদের সঙ্গে ছোটাছুটি-খুনসুটি করে দিব্বি কাটিয়ে দিচ্ছে সময়টা। এরপর সবাইকে বসতে বলে তাদের হাতে একটি করে ছবি আঁকার কাগজ ধরিয়ে দেওয়া হলো। এবার বেশ সিরিয়াস সবাই। সবাই যার যার মতো বসে গেল। শুরু হলো ছবি আঁকা। দুই বিনুনি ঝুলিয়ে বেশ মনোযোগ দিয়ে ছবি আঁকায় মগ্ন হূদি। পড়ছে তৃতীয় শ্রেণীতে। জিজ্ঞেস করলাম, ‘তুমি ছবি আঁকতে ভালোবাসো?’ একবার করে বন্ধু ইশরাত, সাবা আর রামিসার দিকে তাকাল মেয়েটি। তারপর মিষ্টি হেসে বলল, ‘অনেক রং দিয়ে ছবি আঁকতে আমার অনেক মজা লাগে!’২৭ সেপ্টেম্বর পশ্চিম ধানমন্ডির তক্ষশীলা বিদ্যায়তনে শিশুদের এই চিত্রাঙ্কন পর্বে ওদের মতো আরও অনেক কচিকাঁচার আসর জমেছিল। তার আগে প্রদীপ প্রজ্বালন করে চিত্র প্রদর্শনী ও শরৎ উৎসবের উদ্বোধন করা হয়।শিশুদের আঁকা ছবিগুলোতে তারা শরৎকে বাদ রাখেনি। রামিসা এঁকেছে একটা নদী। আর তার তীর ঘেঁষে কাশবন। প্রশ্ন করি, ‘তুমি কাশবন দেখেছ?’ ঘাড় নেড়ে জানাল, ‘হ্যাঁ, দেখেছি তো। আমাদের গ্রামের বাড়ি বিক্রমপুরে। গত বছর সেখানে যাওয়ার পথে দেখেছি। সাদা সাদা লম্বা লম্বা ফুল।’ ছবি আঁকায় ব্যস্ত সুকন্যা। পড়ছে চতুর্থ শ্রেণীতে। ওর ছবির নদীটা দেখিয়ে বলল, ‘দেখো, এই নদীটা আমার নানুবাড়ি যেতে দেখেছি।’পাশের আরেকটা ঘরে ছড়িয়ে-ছিটিয়ে বসে নিজের মতো করে ছবি আঁকছে সবাই। তাদের একজন জয়েথ কল্যাণ। নালন্দা বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ছে। জিজ্ঞেস করলাম, ‘কী আঁকছ?’ ছবি থেকে দৃষ্টি না সরিয়েই বেশ গম্ভীর হয়ে বলল, ‘দেখে নাও।’ পাশ থেকে বন্ধুরা বলল, ‘এটা ঘাসের পাহাড়।’ আরেকজন বলল, ‘ধুর, তা নয়, এটা বন।’ জয়েথ বেশ রেগে তাকাল বন্ধুদের দিকে। কিছু বলল না। তারপর এক নিমেষেই আঁকা শেষ করে বলল, ‘এইবার দেখো, এটা কী এঁকেছি। বুঝতে পারলে না? এটা শহর। অন্যভাবে এঁকেছি। আর আজকের দিনটা একটু মেঘলা তো! তাই এমন রং দিলাম।’ওদের পেরিয়ে মাঝখানের ঘরটায় এলাম। সেখানে তখনো গান চলছে। তক্ষশীলার শিক্ষার্থীরা গাইছে। তাদের সঙ্গে গলা মেলাচ্ছেন অতিথি কিরিটি রঞ্জন বিশ্বাস, জাহিদ মোস্তফাসহ অনেকে।এরই মধ্যে মাহিন, নাহিয়ান, অনিন্দ্য, অপূর্ব সূর্য এ-ঘর ও-ঘর দৌড়ে বেড়াচ্ছে। কথা বলি ওদের সঙ্গে। জিজ্ঞেস করলাম, ‘তোমরা কোন স্কুলে পড়ো?’মাহিন সহপাঠীর দিকে তাকাল। তারপর বলল, ‘আমরা তো এই স্কুলেই পড়ি। পাশ থেকে অপূর্ব সূর্য সায় দেয়, ‘হ্যাঁ, আমরা এই স্কুলে পড়ি।’জিজ্ঞেস করলাম, ‘তোমরা প্রতিদিন স্কুলে আসো?’নাহিয়ান বলে, ‘আসি। কেন জানো? এখানে তো পড়তে হয় না। আমরা গান করি, খেলি, ছবি আঁকি আর নাচ করি।’অবাক হলাম, ‘তাই নাকি! সে কী রকম?’অনিন্দ্য এবার বেশ অবাক হয়, ‘তুমি সেটা জানো না! আমরা তো সত্যি এখানে পড়তে আসি না। খেলতে আসি। গল্প করতে আসি। আমাদের কোনো বইও নেই। শুধু ব্যাগ আর টিফিনবক্স নিয়ে আসি এখানে।’পুরো ব্যাপারটা বোঝার জন্য কথা বলি শিক্ষক সোহাগ শেখের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের এই বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা গতানুগতিক নয়। এটা মূলত সংস্কৃতি-সমন্বিত শিক্ষা কার্যক্রম। যাতে করে শিশুরা শিক্ষার মাধ্যমে জীবনের বোধ তৈরি করে নিতে পারে।’ পাশে ছিলেন আরেকজন শিক্ষক মনিরা খাতুন। তিনি বলেন, ‘আমাদের এই স্কুলে গাদা গাদা বইয়ের কোনো ব্যাপার নেই। শিশুরা বাড়ি থেকে শুধু ব্যাগে টিফিনবক্স নিয়ে আসে। ওদের বই এখানেই থাকে।’তারপর শিক্ষকেরা এই বিদ্যালয় সম্পর্কে অনেক তথ্য জানালেন।বিদ্যালয়ে চারটি শ্রেণী। অঙ্কুর, কিশলয়, মঞ্জরি ও প্রথম শ্রেণী। শিশুরা নয়টায় বিদ্যালয়ে আসে। স্কুলে কোনো চেয়ার-টেবিলের ব্যবস্থা নেই। শিশুরা এসেই ব্যাগ রেখে মাঝখানের ঘরে চলে আসে। সেখানে সবাই মিলে রবীন্দ্রসংগীত গায়। তারপর ব্রতচারী নৃত্য শুরু হয়। তারপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে নিজ নিজ শ্রেণীকক্ষে ফিরে আসে। একেক দিন তারা একেক রকমে পড়া শেখে। তাই বুঝতেই পারে না, কখন পড়া শিখছে। কখনো ময়দা দিয়ে, কাদা দিয়ে আবার কখনো রং দিয়ে অ লেখা শেখে। ওরা বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, বিজ্ঞান—সবই পড়ে। কিন্তু সেটা ছড়া, খেলা আর ছবি আঁকার মধ্য দিয়ে।কথা হলো বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই শিশুরা আনন্দ নিয়ে, মাথায় কোনো চাপ না নিয়ে শিখতে পারে, সেই চিন্তা থেকেই ২০১১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি।’দুই দিনের শরৎ উৎসব সম্পর্কে নাদিমুল ইসলাম বলেন, ‘ছয় ঋতুর সত্যিকারের রূপ শিশুরা চেনে না। তাদের শরৎ ঋতুকে চিনিয়ে দিতেই এই আয়োজন। এর আগে আমরা চার দিনের একটি কর্মশালার আয়োজন করেছি।’পরদিন ২৮ সেপ্টেম্বর কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তক্ষশীলা বিদ্যালয়ের শরৎ উৎসব শেষ হয়।সুচিত্রা সরকার