তখন কার্যত বঙ্গবন্ধুর শাসন চলছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৭১ সালের ৫ মার্চ পাকিস্তান সরকার সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যায়। এর ফলে অসহযোগ আন্দোলন এক ঐতিহাসিক মাত্রা পেয়ে যায়, যা আগে কেউ কখনো দেখেনি। বেসামরিক আমলাতন্ত্র, পুলিশ, প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের সব অংশ গদিনসীন সরকারকে সহযোগিতা বন্ধ করে দেয়। পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি বদরুদ্দিন সিদ্দিকি জেনারেল টিক্কা খানকে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানালে অসহযোগ আন্দোলন চূড়ান্ত জায়গায় পৌঁছায়।
সরকারি প্রশাসনযন্ত্রের সব স্তরের প্রতিনিধিরা ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আনুগত্য প্রকাশ করতে থাকলে অসহযোগ আন্দোলন গুণগত দিক থেকে এক ভিন্ন মাত্রায় উন্নীত হয়। আমলাদের পরপরই বঙ্গবন্ধুর প্রতি সমর্থন জানান ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা, সে সময় তাঁদের অধিকাংশই ছিলেন অবাঙালি, তাঁরাও বঙ্গবন্ধুকে সমর্থন জানান। পৃথিবী আন্দোলন দেখেছে অনেক; কিন্তু আমার জানামতে সেসব আন্দোলনের কোনোটাই এ রকম পর্যায়ে পেঁৗছায়নি, যখন সরকারি প্রশাসন, পুলিশ বাহিনী ও আদালতগুলো শুধু ক্ষমতাসীন সরকারের আদেশ-নির্দেশই অমান্য করেনি, বরং এমন একজন রাজনৈতিক নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছিল, যিনি কোনো সরকারি পদে ছিলেন না।
তারপর, ৭ মার্চ রমনার রেসকোর্স ময়দানে সেই বহুল প্রত্যাশিত জনসভা, যেখানে বঙ্গবন্ধু তাঁর সেই ঐতিহাসিক ঘোষণা উচ্চারণ করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন বলে অনেকেই অনুমান করেছিল। আবার একই সঙ্গে এ ধারণাও ছিল যে তিনি সেটা করলে কুর্মিটোলায় ঘাঁটি গেড়ে থাকা পাকিস্তানি বিমানবাহিনীকে ওই জনসভায় বোমাবর্ষণ করার নির্দেশ দিয়ে রাখা হয়েছে, যেটা হবে সেনাবাহিনীর হাতে সুচিতব্য এক পূর্ণাঙ্গ গণহত্যার অবতরণিকা। এই অনুমান যে সত্য ছিল, সে সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে পরবর্তী সময়ে জেনারেল খাদিম হোসেন রাজার স্মৃতিকথা থেকে, যিনি লিখেছেন, তিনি আওয়ামী লীগের নেতাদের কাছে এই সতর্কবার্তা পাঠিয়েছিলেন যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলে পাকিস্তানি সশস্ত্র বাহিনীগুলোর দিক থেকে সর্বাত্মক সামরিক আক্রমণ ডেকে আনা হবে।

একটাই দাবি: স্বাধীনতা
একটাই দাবি: স্বাধীনতা


কামাল হোসেনের কাছ থেকে আমি জানতে পারি, ৭ মার্চের জনসভার আগের দিন ৩২ নম্বরে আওয়ামী লীগের হাইকমান্ডের এক বৈঠক বসে। সারা দিন পেরিয়ে রাত পর্যন্ত গড়ায় সে বৈঠক। পরদিনের জনসভায় বঙ্গবন্ধুর বক্তব্য কী লাইনে হওয়া উচিত, সেটাই ছিল ওই বৈঠকের আলোচনার বিষয়বস্তু। বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতারা, যাঁদের নেতৃত্বে ছিলেন সম্ভবত বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদ, তাঁরা এই যুক্তি দেন যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় এখনো আসেনি, এ ঘোষণা দিলে যে রক্তাক্ত সংগ্রাম শুরু হবে, জনগণকে সেই পথে এগিয়ে নেওয়ার আগে গণচেতনা সংগঠিত করতে হবে, সে জন্য আরও সময়ের প্রয়োজন। আসলে সশস্ত্র মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়া ও লড়াই করার ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষমতা সম্পর্কে সেই সময় আওয়ামী লীগের নেতাদের ধারণা ছিল সামান্যই। আর এই অংশের সেনানিবাসগুলোতে সামরিক বাহিনীর যেসব বাঙালি সদস্য ছিলেন, সশস্ত্র সংগ্রাম শুরু হলে তাঁদের ভূমিকা কী হতে পারে, সে ব্যাপারেও আওয়ামী লীগের নেতারা তখন নিশ্চিত ছিলেন না।
আওয়ামী লীগের অপেক্ষাকৃত জ্যেষ্ঠ নেতাদের সংশয়ের বিপরীতে সিরাজুল আলম খানের (‘কাপালিক সিরাজ’ নামে পরিচিত ছিলেন) মতো তরুণ নেতারা একটা সর্বাত্মক স্বাধীনতা যুদ্ধের প্রেরণা জাগাতে সেদিন স্বাধীনতার ঘোষণা দেওয়ার পক্ষপাতী ছিলেন। ৭ মার্চের জনসভায় যোগ দিতে যাওয়ার আগে আমি ও নুরুল ইসলাম গাড়ি চালিয়ে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ইকবাল হলে যাই তরুণ প্রজন্মের মনের অবস্থা বোঝার জন্য। সেখানে ঘটনাক্রমে আমাদের দেখা হয় কাপালিকের সঙ্গে, তাঁকে বিমর্ষ দেখাচ্ছিল। তিনি আমাদের এমন আভাস দিলেন, স্বাধীনতার ঘোষণা উচ্চারণের মতো নাটকীয় কিছুর প্রত্যাশা করা ঠিক হবে না। পরে যেমনটি দেখা গেল, বঙ্গবন্ধু তাঁর সমগ্র রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী ভাষণটি দেন সেই দিন। সরাসরি স্বাধীনতার ঘোষণা উচ্চারণ না করেই তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে আত্মনিবেদনের জন্য বাঙালিদের প্রস্তুত থাকতে হবে। ফলে আলোচনার মধ্য দিয়ে স্বাধীনতা লাভের পথ বা অন্ততপক্ষে আইনগত দিক থেকে না হলেও সারবত্তার দিক থেকে একধরনের স্বাধীনতা অর্জনের পথ খোলা রইল।
ওপরে আলোচিত বিষয়গুলোর কিছু কিছু আমি লিখিতভাবে তুলে ধরেছিলাম ফোরাম পত্রিকায়, ১ মার্চের আগের উত্তেজনাময় সময়ে। আমার লেখার মূল কথা ছিল, পাকিস্তানের বর্তমান সংকট মোকাবিলার একমাত্র পথ হচ্ছে ছয় দফার বাস্তবায়ন। সেটা করলে কী হবে তা-ও আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। আর তা না হলে সংগ্রাম ও স্বাধীনতার পথই বেছে নেবে বাঙালি। বাঙালিদের মধ্যে তখন আর পাকিস্তানপ্রেমের অবশিষ্ট কিছু ছিল না, কিন্তু তখন বিষয়টা ছিল এ রকম: বাঙালিদের বেরিয়ে যাওয়া কি সাংবিধানিক উপায়ে হবে, নাকি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে।
আমার মনে হয়, ১৯৭১ সালের ১ মার্চ যেদিন ইয়াহিয়া খান গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন, সেদিনই আসলে আমাদের ইতিহাসের সন্ধিক্ষণ, সেদিনই আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে শুরু করি।
অধিবেশন স্থগিত করার প্রতিবাদে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। ফলে বাংলাদেশের ভূখণ্ডে সেদিন থেকে পাকিস্তানের কর্তৃত্ব শেষ হয়ে যায়। পশ্চিম পাকিস্তানিরা আর কখনো এই কর্তৃত্ব পুনরুদ্ধার করতে পারেনি। আর ২৬ মার্চের পর তারা কর্তৃত্ব পুনরুদ্ধার করতে যে নৃশংসতা শুরু করল, বাঙালিরা সেটাকে বিদেশি শক্তির আগ্রাসন হিসেবে দেখল।
বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাক সর্বাত্মকভাবে সফল হওয়ায় দেশের বেসামরিক ও অর্থনৈতিক সেবায় সংকট সৃষ্টি হয়। শ্রমিক, পুলিশ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সবাই যখন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিল, তখন আসলে আক্ষরিকভাবেই সেনানিবাসের বাইরে পাকিস্তানের শাসনের অস্তিত্ব ছিল না। ফলে এক শূন্যতা সৃষ্টি হয়। দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবন টিকিয়ে রাখতে হলে এই শূন্যতা কাটাতেই হতো। অর্থাৎ ইয়াহিয়া খান ৫ মার্চ জেনারেল ইয়াকুবের কথা মেনে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিলে বঙ্গবন্ধুকেই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব গ্রহণ করতে হয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে হারার পর থেকে বাঙালির জীবনে এই সময় আর আসেনি।
১৯৭১ সালের ৫ মার্চ সেনানিবাসগুলোর বাইরে, বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে সেনাশাসিত পাকিস্তানের সার্বভৌম সরকারের কর্তৃত্ব বঙ্গবন্ধুর হাতে চলে আসে। এটা এক অভূতপূর্ব ঘটনা। এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতার ঘোষণা নিয়ে একালের রাজনীতিকদের তর্কবিতর্ক অর্থহীন হয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আনুষ্ঠানিক তারিখ যা-ই হোক না কেন, সেই ঘোষণা বঙ্গবন্ধু বা যে-ই দিয়ে থাকুন না কেন, বাংলাদেশ কার্যত স্বাধীন হয়েছে ১৯৭১ সালের ৫ মার্চ, যেদিন বাংলাদেশের রাজনৈতিক কর্তৃত্ব চলে আসে বঙ্গবন্ধুর হাতে। ওই তারিখের পর থেকে ইয়াহিয়া যা-ই করেছেন, বাংলাদেশের মানুষ তা সার্বভৌম দেশের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন হিসেবেই দেখেছে। বাংলাদেশের জনসাধারণের মধ্যে জাতীয় সচেতনতার এই অভ্যুদয়ের প্রতিফলন ঘটেছে ২৫ মার্চের ঘটনাবলির প্রতি তাদের প্রতিক্রিয়ায়।
লেখকের আত্মজীবনী আনট্র্যাঙ্কুইল রিকালেকশন্স: দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত।
আগামীকাল দ্বিতীয় পর্ব : দুটি বাড়ি ছিল বঙ্গবন্ধুর অর্থনৈতিক সচিবালয়
রেহমান সোবহান: অর্থনীতিবিদ। চেয়ারম্যান, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।