তত্ত্বাবধায়ক বিতর্ক: বিদেশের আলোকে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সংবাদপত্রের অনলাইন সংস্করণ পাঠে যে একটি বিষয় এখন ক্রমশই পরিষ্কার হয়ে উঠছে তা হলো, আগামী নির্বাচন কোন পদ্ধতি অনুসরণ করে আয়োজন করা হবে, সে প্রশ্নে বিতর্ক ক্রমশই দানা বেঁধে ওঠা। গণতান্ত্রিক কাঠামোর সরকার পরিচালনব্যবস্থায় নির্বাচন অবশ্যই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ধাপ, দেশ পরিচালনার দায়িত্ব কার ওপর বর্তাবে সেই প্রশ্নের নিষ্পত্তি যে ব্যবস্থার মধ্য দিয়ে করা হয়। গণতান্ত্রিক কাঠামোয় যেকোনো রাজনৈতিক দলের জন্য জনগণের সমর্থন নিয়ে ক্ষমতাসীন হতে পারা যেহেতু হচ্ছে চূড়ান্ত লক্ষ্য, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হয়ে ওঠা তাই সবার জন্যই কাম্য।অগ্রসর গণতন্ত্রের দেশগুলোতে নির্বাচন-প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করে তোলার দায়িত্ব যতটা না ক্ষমতাসীন বা বিরোধী দলের ওপর বর্তায়, তার চেয়ে বেশি তা পালন করতে হয় নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনকারী বিশেষ বিভাগ বা দপ্তরকে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে যেটা পরিচিত। জাপানে যেমন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শাখাটি কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাপনা পরিষদ নামে পরিচিত, পাঁচ সদস্যের যে পরিষদ সংসদের সুপারিশ অনুসরণ করে প্রধানমন্ত্রী তিন বছর মেয়াদের জন্য নিয়োগ দিয়ে থাকেন। এই কেন্দ্রীয় পরিষদের দায়িত্ব হচ্ছে সংসদের উচ্চ ও নিম্নকক্ষের নির্বাচন আয়োজন করা এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সব রকম ব্যবস্থার তদারক করা। এর বাইরে বিভিন্ন জেলা ও পৌর সরকারের নির্বাচন পরিচালনার জন্য আছে একই কাঠামো অনুসরণ করে গঠিত ভিন্ন কয়েকটি দপ্তর।সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অবশ্য পরিষদের নয়, বরং প্রধানমন্ত্রীর। সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখ ঘোষণা করলে এর পর থেকে নির্বাচন-সংক্রান্ত যেকোনো রকম সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সংসদের হাতে আর থাকে না। নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব রকম পদক্ষেপ নিয়ে থাকে এবং এমনকি ক্ষমতাসীন দলের নেতৃত্বও আইনবহির্ভূত কিছু করছে কি না, সেদিকে কড়া নজর রেখে যায়। ফলে নির্বাচনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কারচুপি হওয়ার অভিযোগ জাপানে তেমন শোনা যায় না, যদিও দলীয় বিবেচনায় পক্ষপাতমূলক ব্যবস্থা কার্যকর করার সুযোগ সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা দল বা জোটের জন্য অন্যভাবে কিছুটা হলেও রয়ে গেছে, যার প্রতিফলন দেখা যায় নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস-সংক্রান্ত পদক্ষেপের বেলায়।গণতন্ত্রকে অর্থবহ করে তুলতে হলে যেহেতু এক ব্যক্তির এক ভোট ধারণার বাস্তব প্রয়োগ নিশ্চিত করে নিতে হয়, ফলে পল্লি এলাকা জনশূন্য হয়ে পড়ার পাশাপাশি নগর অঞ্চলগুলোতে জনসংখ্যার চাপ বাড়তে থাকায় নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস হচ্ছে ভোটের ভারসাম্য বজায় রাখার আবশ্যকীয় পথ। সংসদের আসনসংখ্যা নির্ধারণ করে নেওয়ার মতো এ সিদ্ধান্তও গ্রহণ করে সংসদ। তবে কখনো কখনো বিরোধী পক্ষের থেকে অভিযোগ উত্থাপিত হতে শোনা যায় যে, এলাকার সীমারেখা পুনর্নির্ধারণ করে নেওয়ার প্রক্রিয়ায় এলাকা ভিত্তিতে দলীয় অবস্থান যাচাই করে নিয়ে ক্ষমতাসীন দল সে রকম পদক্ষেপ গ্রহণ করছে। তবে মোটা দাগে এটাকে ঢালাওভাবে পক্ষপাতদুষ্ট এ কারণে আখ্যায়িত করা যায় না যে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে থাকে সংসদে সংখ্যাগরিষ্ঠের ভোটেই। জাপানের সংবিধানের ৫৪তম ধারায় বলা হয়েছে যে সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হলে যেদিন সংসদ ভাঙা হবে, সেদিন থেকে ৪০ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই ৪০ দিন হচ্ছে নির্বাচনব্যবস্থাপনা পরিষদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়। সংসদের বিলুপ্তি সত্ত্বেও সরকারের নির্বাহী দায়িত্ব পালনের জন্য মন্ত্রিসভার সদস্যরা তাঁদের নিজ নিজ পদে আসীন থেকে ন্যূনতম নির্বাহী কার্যাবলি পরিচালনা অব্যাহত রাখেন। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন পরিষদকে সাধারণ নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত সময় কাটাতে হয়।সরকার পরিচালনার দায়িত্ব যেহেতু জনগণের ভোটে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাভকারী দল বা জোটের ওপর ন্যস্ত হয়েছে, ফলে অনিয়মতান্ত্রিক কোনো জোট বা গোষ্ঠীর ওপর সেই দায়িত্ব অর্পণের কোনো সুযোগ নেই। সে রকম হিসাব থেকেই নির্বাচনের দিনগুলোতেও ক্ষমতাসীন সরকার দায়িত্ব পালন অব্যাহত রাখে এবং নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে নতুন সরকার গঠিত হলে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসন-প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখা হয়। সে রকম অবস্থান থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো অগণতান্ত্রিক কাঠামোর জন্য ক্ষমতা গ্রহণের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা জাপানের গণতান্ত্রিক কাঠামোয় নেই। এ ক্ষেত্রে অবশ্য সংবিধানে উল্লেখ থাকা ভিন্ন আরেকটি ব্যবস্থা অন্তর্বর্তী সময়ের জন্য সরকারের নিরপেক্ষতা বজায় রাখার বাধ্যবাধকতা অনেকটা সহজ করে দিয়েছে।সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার অর্থ হচ্ছে নতুন কোনো ব্যবস্থা গ্রহণের আইনগত পথ বন্ধ হয়ে যাওয়া। নিম্নকক্ষ ভেঙে দেওয়ার পর সংসদের উচ্চকক্ষের অস্তিত্ব বজায় থাকলেও নবনির্বাচিত সংসদ প্রথম অধিবেশনে মিলিত হওয়ার আগে উচ্চকক্ষের অধিবেশনের ওপর সাংবিধানিকভাবে নিষেধাজ্ঞা আরোপিত আছে। ফলে অন্তর্বর্তী সেই সময়ে নির্বাহী দায়িত্ব পালনের বাইরে অন্য কোনো পদক্ষেপ গ্রহণের সুযোগ সরকারের সামনে একেবারেই নেই। সেই প্রক্রিয়ায় আবার দলীয় সরকারের নিরপেক্ষতাও অনেকটাই নিশ্চিত হয়ে যায়।অন্যদিকে নির্বাচন পরিচালনা কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করে নেওয়ার জন্য শক্তিশালী আইনগত কাঠামো বলবৎ থাকায় নির্বাচন পরিচালনা কমিশনের নিরপেক্ষতা নিয়েও কাউকে সেভাবে প্রশ্ন করতে দেখা যায় না। জাপানে প্রতিটি সাধারণ নির্বাচনের পর নির্বাচন পরিচালনা কমিশনকে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে, যার ফলে বিজয়ী প্রার্থীদের সদস্যপদ হারানোও ব্যতিক্রমী ঘটনা নয়।বাংলাদেশে এখন ‘নিরপেক্ষ’ তত্ত্বাবধায়ক সরকারের জোরালো দাবি বিরোধীপক্ষ থেকে জানানো হচ্ছে। পাঠক লক্ষ করে থাকবেন, নিরপেক্ষ শব্দটি আমি বন্ধনীর ভেতরে ব্যবহার করেছি। এর কারণ অবশ্যই হচ্ছে সেই ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে শুরু থেকে বিতর্কের সূত্রপাত হওয়া। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হওয়ার সূচনালগ্ন থেকে যে দলই ক্ষমতাসীন থাক না কেন, যে একটি বিষয়ে তাদের প্রচণ্ড তৎপরতা সব সময় লক্ষ করা গেছে তা হলো, হিসাবের মারপ্যাঁচে কে তত্ত্বাবধায়ক-প্রধান হলে ক্ষমতাসীনদের সুবিধা হবে অঙ্ক কষে তা খুঁজে বের করা এবং নিজেদের পছন্দের ব্যক্তিটির জন্য পথ করে দিতে বিচারপতিদের অবসর গ্রহণের সময় বাড়িয়ে নেওয়া। ফলে পুরো ব্যবস্থাই শেষ পর্যন্ত হাস্যকর এক খেলায় পরিণত হয়, যা কি না শেষ পর্যন্ত এক-এগারোর মতো অনাকাঙ্ক্ষিত বিকল্পের পথ সুগম করে দিয়েছিল।ফলে তত্ত্বাবধায়কের দাবি নয়, বরং নির্বাচন কমিশনকে কীভাবে আরও বেশি শক্তিশালী ও নিরপেক্ষ করা যায়, সে রকম প্রস্তাব কিংবা দাবি উত্থাপিত হলে সেটা নিশ্চয় অনেক বেশি গণতান্ত্রিক ও যুক্তিসংগত শোনাবে। সেই সঙ্গে আরও যে একটি দিকের ওপর আলোকপাত করা দরকার তা হলো, আমাদের নির্বাচন কমিশন কিন্তু বিগত দিনগুলোতে তত্ত্বাবধায়ক কাঠামোর চেয়ে অনেক বেশি নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, যদিও এর একটি ব্যতিক্রম ছিল এক কোটি জাল ভোটের মালিক সেই প্রধান নির্বাচন কমিশনারের সময়কাল।নির্বাচন কমিশনকে কীভাবে আরও শক্তিশালী করে তুলে কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করে নেওয়া যায়, সেই প্রক্রিয়ায় জাপানের জনপ্রতিনিধি কার্যালয়ের নির্বাচন আইনটি দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা যেতে পারে। এ রকম একই ধরনের আইনের উপস্থিতি অগ্রসর গণতন্ত্রের সব কটি দেশ এবং আমাদের প্রতিবেশী ভারতেও রয়েছে। সেগুলোও আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে দেখা দিতে পারে। আর তাই বিতর্কিত হয়ে পড়া একটি ব্যবস্থাকে ফিরিয়ে আনার দাবি না তুলে বরং নির্বাচনী স্বচ্ছতা যার মধ্য দিয়ে নিশ্চিত করা যাবে, সে রকম একটি প্রক্রিয়ার সন্ধানে থাকলে যেমন গণতন্ত্রের ধারাবাহিকতা বিঘ্নিত করার পথ বন্ধ করা যাবে, তেমনি গণতান্ত্রিক ব্যবস্থায় যে কাঠামোটির নিরপেক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই নির্বাচন কমিশনকেও অনেক বেশি স্বচ্ছ ও গতিশীল করে তোলা সম্ভব হবে।মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।