উনিশ শতকের বিখ্যাত পর্তুগিজ সাহিত্যিক এসা দে কেইরস রাজনীতিবিদদের কটাক্ষ করে একবার বলেছিলেন, রাজনীতিবিদ ও ডায়াপার—এ দুটিকে একই কারণে ঘন ঘন বদলাতে হয়। মানতেই হচ্ছে যে এটি একটি প্রতীকী তুলনা। ডায়াপার বদলানো মানে ফেলে দেওয়া, সেটিকে আর ব্যবহার করা যায় না। কিন্তু রাজনীতিবিদদের তো আর ফেলে দেওয়া যায় না! আবার চাইলেও ঘন ঘন বদলানো যায় না। আমরা যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা মেনে নিয়েছি, তাতে রাজনীতিবিদের পরিবর্তন করতে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, এ জন্য একটি নির্বাচন করতে হয়। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ এখন এমন একটি নির্বাচনেরই অপেক্ষায়। তবে নির্বাচন মানেই রাজনীতিবিদ বদল নয়, নির্বাচন হচ্ছে ডায়াপারটি পরীক্ষা করে দেখা, তা নোংরা হয়েছে কি না। যদি তা হয়, তবে জনগণ তা বদলের সিদ্ধান্ত দেয়।বাংলাদেশে নির্বাচনের আর সময় আছে মাস আটেক। একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ নির্বাচন অনুষ্ঠানের দাবি বিরোধীপক্ষ থেকে উঠেছে বহু আগে। এখন আমরা দেখছি, যুদ্ধাপরাধের বিচার, শাহবাগের গণজাগরণ, হেফাজতের পাল্টা ‘জাগরণ’ বা সবচেয়ে সাম্প্রতিক সময় বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার ও মুক্তির দাবি—একের পর এক এ ধরনের নানা কিছু একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে। সামনে কী আসছে কে জানে! যে ঘটনাগুলো ঘটে চলেছে, সেগুলোর কোনোটিই আগামী নির্বাচনের হিসাব-নিকাশের বাইরে নয়। এ জন্য বেশুমার মৃত্যু, সম্পদ ধ্বংস, অর্থনীতির সর্বনাশ, মানুষের জীবন-জীবিকার বিপর্যয়—সবই ঘটে চলেছে। যে নির্বাচনের জন্য সবকিছু আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি, ‘অমূল্য’ সেই নির্বাচন নিয়ে জনগণ কিন্তু এখনো অন্ধকারেই আছে। নির্বাচন রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের ক্ষমতায় বসায় বা ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আর দেশের জনগণকে দেয় গণতন্ত্রের স্বাদ। তবে সেটা মাত্র এক দিনের, শুধু ভোটের দিনের। আর ক্ষমতায় বা ক্ষমতার বাইরে থাকা দলগুলো তা ভোগ করে পাঁচ বছর ধরে। ক্ষমতায় বসে ধনসম্পদ কামাই আর যা খুশি তা করার অপূর্ব স্বাদ উপভোগ করে সরকারি দল আর বিরোধী দল ভোগ করে সরকারকে ‘শায়েস্তা’ করতে যেকোনো ধরনের কর্মসূচি পালনের ‘গণতান্ত্রিক’ অধিকার। নির্বাচনে জয়ের পরদিন থেকে সরকারি দল পরের নির্বাচনে জেতার ছক কষতে থাকে আর বিরোধী দলও তখন থেকেই শুরু করে সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর আন্দোলন। শেষের দিকে এসে যা পরিণত হয় ‘এক দফা’ বা ‘লাগাতার’ আন্দোলনে। এক দিনের গণতন্ত্রের স্বাদ পাওয়ার বিনিময়ে পাঁচ বছর ধরে সবই মুখ বুজে সহ্য করতে হয় জনগণকে। সরকারের মেয়াদের শেষের দিকে, এখন যেমন তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।তবু এক দিনের গণতন্ত্রের প্রতীক্ষায় জনগণ। কবে ও কীভাবে হবে আগামী নির্বাচন? সবকিছু ঠিকমতো হবে তো? নির্বাচন কী অবাধ ও শান্তিপূর্ণ হবে? এসব নিয়ে তাদের চিন্তা ও উদ্বেগের শেষ নেই। কারণ, নির্বাচন জনগণকে পরিবর্তন বা বদলের সুযোগ করে দেয়। কিন্তু আসলে কাদের নির্বাচিত করে আর সামনেই বা কাদের নির্বাচিত করতে যাচ্ছে! গত নির্বাচনে জনগণ যাঁদের নির্বাচিত করেছিল, সরকারি ও বিরোধী দল মিলিয়ে তাঁদের ৪৬ শতাংশের বিরুদ্ধে অতীতে বিভিন্ন মামলা ছিল। নির্বাচিত ব্যক্তিদের ৩১ শতাংশ নির্বাচন করেছেন মামলা মাথায় নিয়ে। ৩০২ ধারায় খুনের মামলায় অভিযুক্ত ১৮ জন বর্তমান সংসদে নির্বাচিত হয়েছেন (গণতন্ত্র, নির্বাচন ও সুশাসন, বদিউল আলম মজুমদার, আগামী প্রকাশনী)। দেখা যাচ্ছে, জনগণের এই এক দিনের গণতন্ত্রেরও আসলে হাত-পা বাঁধা। দেশের বড় দুটি দল বা জোটের প্রতিই যেহেতু জনগণের সমর্থন বেশি, তারা যাঁদের প্রার্থী করে, তাঁদের মধ্য থেকেই জনপ্রতিনিধি বাছাই করতে বাধ্য হয় তারা।গত নির্বাচনে বিজয়ী সরকারি দলের সদস্যদের অনেকেই ক্ষমতায় থাকার সুবাদে গত চার বছরে যথেষ্ট অন্যায়-অপকর্ম করেছেন, দুর্নীতি ও সন্ত্রাসে জড়িয়েছেন। জনগণ কি তাঁদের বাদ দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তিদের বেছে নেওয়ার সুযোগ পাবে? বর্তমান ক্ষমতাসীন দল কি সে সুযোগ দেবে? অথবা বিরোধী দল? দুর্নীতি ও অপকর্ম করে নোংরা হয়ে যাওয়ায় অতীতে জনগণ যাঁদের সরিয়ে দিয়েছিল, তাঁরা কি কিছু সাফসুতরো হয়েছেন? তেমন কোনো আলামত তো চোখে পড়েনি। যে নির্বাচনের জন্য এত ক্ষয়ক্ষতি মেনে নেওয়া, সেই নির্বাচনে কাদের প্রার্থী হিসেবে পাবে জনগণ?গত নির্বাচনে বিজয়ীরা কতটুকু পালন করেছেন তাঁদের দায়িত্ব? একটি দলীয় বিবেচনা, আরেকটি ব্যক্তিগত। বিরোধী দলের সাংসদেরা দলীয় সিদ্ধান্তের কারণে প্রায় পুরোটা সময় সংসদে অনুপস্থিত থেকেছেন। সংসদে গিয়ে ভোটারদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব তাঁরা পালন করেননি। এখন সামনে যে নির্বাচন আসছে, সেখানে এই সাংসদেরাই যদি নতুন করে প্রার্থী হন, তবে তাঁরা কোন মুখে জনগণের কাছে ভোট চাইবেন! বিরোধী দলে থাকার কারণে যদি তাঁরা সংসদে না গিয়ে থাকেন, তবে সামনের নির্বাচনে যে তাঁরা বা তাঁদের দল জয়লাভ করে সরকার গঠন করবে, সে নিশ্চয়তা কি দেওয়া সম্ভব? সংসদ বর্জনের কারণে বিরোধী দলের সাংসদেরা দলগত ও ব্যক্তিগতভাবে আগামী নির্বাচনে জনগণের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন। অথচ এখন সেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেটা নিয়েই দিনের পর দিন হরতাল ডেকে যাচ্ছেন তাঁরা।ক্ষমতায় থেকে গত চার বছর বর্তমান সরকার কী করেছে, সুশাসন না কুশাসন, দুর্নীতি না উন্নয়ন—এর হিসাব জনগণের কাছে আছে। দলগতভাবে যার ফল পাবে সরকারি দল। কিন্তু স্থানীয় জনগণ সরকারি দলের যাঁদের প্রতিনিধি বানিয়ে সংসদে পাঠিয়েছিল, তাঁদের ভূমিকারও একটি হিসাব-নিকাশ করবে। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে, বিশেষ করে সাঈদীর মামলার রায়ের পর দেশজুড়ে যে সহিংসতার ঘটনা ঘটল, তখন সরকারি দলের লোকজন ও স্থানীয় সাংসদেরা কী ভূমিকা পালন করছেন, সেটা এক বড় বিবেচনা হিসেবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিভিন্ন বাহিনীর, কিন্তু স্থানীয় পর্যায়ে সংঘাত-সহিংসতা ঠেকাতে, বিশেষ করে সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের বড় ভূমিকা রয়েছে। সরকারি দলের সাংসদদের এবার সেই ভূমিকায় দেখা যায়নি। তাঁরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল্যায়ন হচ্ছে, যেসব এলাকায় আওয়ামী লীগের সাংসদ নেই, সেসব এলাকায় সহিংসতা বেশি হয়েছে। আবার আওয়ামী লীগ ও মহাজোটের যেসব সাংসদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা কম, সেসব এলাকায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না।’ (প্রথম আলো ২ মার্চ)।আমরা সাতক্ষীরায় সংঘাত-সহিংসতা দেখলাম, কিন্তু মাঠে ছিলেন না আওয়ামী লীগ বা মহাজোটের কেউ। এ জেলা থেকে মন্ত্রী হয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ আ ফ ম রুহুল হক। স্বাস্থ্যমন্ত্রীর নিজের সংসদীয় এলাকায় জামায়াত-শিবির হামলা ও ভাঙচুর করেছে। প্রথম আলোর প্রতিবেদন বলছে, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আট দিন পার হয়ে গেলেও তিনি একবারের জন্যও নিজের নির্বাচনী এলাকায় যাননি। একই কাজ করেছেন সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাংসদ আবদুল জব্বার। এলাকার দুর্যোগের সময় তাঁকেও কাছে পাওয়া যায়নি (প্রথম আলো, ৮ মার্চ, ২০১৩)। অথচ গত ২৮ ফেব্রুয়ারি রাতে জাতীয় সংসদে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে জনমনে আতঙ্ক কাটাতে মন্ত্রী ও দলীয় সাংসদদের নিজ নিজ এলাকায় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে, সরকারি দলের সাংসদ এমনকি মন্ত্রীর বাড়িঘরও আক্রান্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। বগুড়া-১ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল মান্নানের বাসায় হামলা হয়। আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীনের বাসায় হামলা, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় পর্যায়ে এই নেতাদের অবস্থান ও ভিত্তি আসলে কতটুকু?বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট, লক্ষ্মীপুর, দিনাজপুর, বরিশাল, খুলনা, পাবনা, গোপালগঞ্জ, কুমিল্লা, নাটোর, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকার প্রয়োজন ছিল স্থানীয় জনপ্রতিনিধিদের। সরকারি দলের জনপ্রতিনিধিরা তাঁদের সেই দায়িত্ব পালন করতে পারেননি। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন চরম সহিংসতার শিকার হয়েছে। ‘দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলায় ১১ দিনেও সাংসদেরা এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াননি।’ (প্রথম আলো, ১১ মার্চ)। সেখানকার দুটি আসনে সহিংসতা বেশি হয়েছে, তা হচ্ছে সাতকানিয়া ও লোহাগাড়া নিয়ে চট্টগ্রাম-১৪ ও বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ আসন। এ দুটি আসনের দুই সাংসদ হচ্ছেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। অভিযোগ আছে, এসব এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয় সাংসদদের ইন্ধন রয়েছে। তা-ই যদি সত্য হয়, তবে বলতে হয়, বিরোধীদলীয় সাংসদেরা তাঁদের নিজ এলাকার জনগণের ওপর হামলা চালিয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম যে সরকার ক্ষমতায়, তাদের জনপ্রতিনিধিরাও তাঁদের এলাকার লোকজনকে রক্ষায় এগিয়ে আসেননি। এক দিনের গণতন্ত্রের জন্য জনগণের যে অপেক্ষা, সেই নির্বাচনে তবে কাকে ভোট দেবে তারা? কারা প্রার্থী হবেন আগামী নির্বাচনে? কী নিয়ে জনগণের সামনে দাঁড়াবেন তাঁরা? এসব প্রশ্নের কোনো জবাব আছে কি? এ কে এম জাকারিয়া: সাংবাদিক।[email protected]