কী কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ দেশ ছাড়ে, তা নিশ্চয় আমরা উপলব্ধি করি। জন্মভূমিতে যখন নিজেরই ভবিষ্যৎ অন্ধকার, অনিশ্চিত, তখন কী করবে একজন সংখ্যালঘু আদিবাসী মানুষ তার সন্তানদের কথা ভেবে? কদিন আগের ডেইলি স্টার-এর রিপোর্ট কি পড়েছেন? সরকারের কেউ কি পড়েছে? নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, বুদ্ধিজীবী কেউ কি পড়েছেন? কোনো অনুভূতি কি হয়নি? একটু কষ্ট, একটু আফসোস, একটু হাহাকার কি হয়নি কারও?
আদিবাসীদের জন্য সাধারণ মানুষের ভাবনা কী? ২১ জানুয়ারি ডেইলি স্টার-এর শেষ পৃষ্ঠায় বড় করে ছবিসহ ছাপা হয়েছে: ভয়ে, হুমকির মুখে দেশান্তর হচ্ছে আদিবাসীরা। আমরা অবশ্য কথাগুলো কয়েক বছর ধরেই বলছি। আইন ও সালিশ কেন্দ্রের মানবাধিকার পরিস্থিতি রিপোর্টেও আদিবাসীদের দেশান্তরের খবর আছে। ডেইলি স্টার-এর রিপোর্টের একটি অংশে প্রশান্ত মুরারী বলেছেন, ‘এই দেশ আর আমাদের বসবাসের জন্য নয়। আমার বাবা সাত মাস আগেই চলে গেছেন। আমিও আমার এক ভাই ও দুই বোনকে নিয়ে চলে যাব।’
আমরা কী করে এই আদিবাসী পরিবারকে বলি, তবু যেয়ো না, এখানেই থাকো। ওই খবরে বলা হয়েছে, বহুকাল ধরে যে ভূমি আদিবাসীরা সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহার করছিল, যেখানে তাদের পূর্বপুরুষের সমাধি রয়েছে, যে ভূমিতে তিনজন আদিবাসী মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে, সেখানে কতিপয় বাঙালি টয়লেট বানিয়ে, গরু রাখার ঘর বানিয়ে, খড়ের গাদা বানিয়ে দখল করেছে। ছবিসহ এ রিপোর্ট ছাপা হয়েছে। আমার প্রশ্ন, এখানে রাষ্ট্র কোথায়, প্রশাসন কোথায়, সরকার কোথায়? রিপোর্টার জিজ্ঞেস করেছেন ইউএনওকে। তাঁর গতানুগতিক উত্তর, ‘আমাদের কাছে আদিবাসীদের দেশান্তরের কোনো রিপোর্ট নেই।’ তবে থানার ওসি বলেছেন, ‘আমরা আদিবাসীদের প্রতি খুব সংবেদনশীল। তারা কেন দেশ ছেড়ে চলে যাবে?’ এই প্রশ্নের উত্তর ডেইলি স্টার-এর ওই রিপোর্টেই আছে। আমি ওই পুলিশ অফিসারকে মুম্বাইয়ের চলচ্চিত্র সিংহাম দেখতে অনুরোধ করি। সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতি, অপরাধ ও লোভ ঢুকে যায়, তখন গরিব ও অসহায় মানুষের যাওয়ার পথ থাকে না। ন্যায় ও অন্যায়ের পার্থক্য তখন আর থাকে না। মানুষের অনুভূতি তখন ভোঁতা হয়ে যায়। তখন রাষ্ট্রের কর্মকর্তারা শত অন্যায় হলেও না দেখার ভান করবেন।
ওই রিপোর্টেই আছে, রবীন্দ্রনাথ সরেন বলেছেন, আদিবাসীদের হত্যা করা হলেও, আদিবাসী নারীকে লাঞ্ছিত করা হলেও, তাদের জমি জোরপূর্বক কেড়ে নেওয়া হলেও আদিবাসীরা কোনো বিচার পায় না। তাহলে কার ভরসায় এখানে তারা থাকবে? রাষ্ট্র যদি সক্রিয় ও স্বতঃপ্রণোদিত না হয় আদিবাসীদের ক্ষেত্রে, সংখ্যালঘুদের বিষয়ে, রাষ্ট্র যদি ওই অফিসারের মতো বলে কেউ তো অভিযোগ করেনি, কেউ তো মামলার জন্য আসেনি, তাহলে বর্তমান ব্যবস্থায় আদিবাসী মানুষ বাঁচতে পারবে না। এই বেঁচে থাকায় কোনো মর্যাদা নেই। তাই তারা দিনের শেষে চলে যায় দেশান্তরে। ওখানেও যে তারা মহাসুখে থাকে তা নয়। কিন্তু একধরনের নিরাপত্তাবোধ হয়তো তারা পায়, যেখানে অভাব ও দারিদ্র্যের মধ্যেও একটু স্বস্তি তারা খুঁজে ফেরে।
রিপোর্টে বলা হয়েছে, উত্তরবঙ্গ থেকে গত দুই বছরে ২৫০ আদিবাসী পরিবার ভারতে চলে গেছে। অনেকে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী থেকেই ১৫০ পরিবার চলে গেছে। নাম প্রকাশ না করে আমাকে এক আদিবাসী সমাজকর্মী বলেছেন, সঠিক হিসাব নিলে দেখা যাবে আরও বেশিসংখ্যক আদিবাসী পরিবার দেশান্তরিত হয়ে গেছে। এই আদিবাসীরা চলে গেছে ভারতের মুর্শিদাবাদ, মালদা, বীরভূম ও পশ্চিম দিনাজপুরে। এখানে একটি স্কুলের নাম বটতলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেয়াল করুন, স্কুলের নাম ‘আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়’। স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলছেন, ‘২০০৯ সালেও শতকরা ৭৫ ভাগ ছাত্রছাত্রী ছিল আদিবাসী। গত বছর ৪১২ জনের মধ্যে আদিবাসী ছাত্র ছিল মাত্র ৪২ জন। এ বছর এ সংখ্যা আরও কমবে বলে মনে হয়।’
আদিবাসীদের ওপর আক্রমণ বাড়ছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে। শ্রীমঙ্গলের খাসিয়াপুঞ্জি আক্রমণ, সিলেটের মুকামপুঞ্জির জমি দখল, রাজশাহীতে আদিবাসী ছাত্র হত্যা, রাজবাড়ীতে আদিবাসী মা ও মেয়েকে নির্যাতন, সুনামগঞ্জে মণিপুরিকে মারধর, চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী ইউপি সদস্য ও নেত্রীর ওপর আক্রমণ, দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী হত্যা, পার্বত্য চট্টগ্রামে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, গাজীপুরে আদিবাসীদের ভূমি দখল, রাখাইনদের জমি দখল—এসব ঘটনার প্রতিবাদ হয়েছে। পত্রপত্রিকাতেও ছাপা হয়েছে। কোনো প্রতিকার নেই। প্রতিকারের সম্ভাবনাও আমরা দেখছি না। রাষ্ট্র নির্বিকার। প্রশাসন হয়তো মামলা চায়। আদিবাসী মানুষ মামলায় জড়ালে সর্বস্বান্ত হওয়া ছাড়া কিছু তো আমাদের অভিজ্ঞতায় দেখি না। দিনাজপুরে ভূমিগ্রাসীরা একই পরিবারের বাবা-ছেলেকে হত্যা করেছে। তাদের নাতি এখন মামলা চালাচ্ছে। এই সাঁওতাল ছেলেটি ঢাকায় এসেছিল তার দুঃখ-কষ্টের কথা বলতে। ওই অনুষ্ঠানে আমি ছিলাম। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের কাছে ছেলেটি কেঁদে বলেছে, ‘আমরা আর পারছি না, আমাদের জমিজমা লাগবে না, আমাদের পাসপোর্ট–ভিসা এনে দেন, আমরা ভারতে চলে যাই।’
এই কঠিন সময়েও আমরা আশা নিয়ে তবু বেঁচে আছি। একদিন মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারব। রাষ্ট্রযন্ত্র নিশ্চয়ই একদিন সংবেদনশীল হবে, অনুভূতিপ্রবণ হবে। রাষ্ট্রেরও একটু লজ্জাবোধ জাগবে। দুঃখিত হবে রাষ্ট্র আদিবাসীদের প্রতি অন্যায় ও অন্যায্য আচরণের জন্য পৃথিবীর অন্যান্য দেশের মতো। নাগরিকদের একটি অংশকে অপমান, অস্বীকৃতি ও নিরাপত্তাহীনতার মধ্যে রাখা নিশ্চয় গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না। একটা রিকনসিলেশন, একটা মিলমিশ নিশ্চয়ই আমরা আশা করতে পারি। এই আশা নিয়ে আমরা যেন অন্তত এখানে থাকি।
কে না জানে, দেশের রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ শ্রমজীবী মানুষ। আদিবাসীদের অবস্থা আরও করুণ। চারদিকে তখন আদিবাসীরা অন্ধকার দেখে। আমরা যেন মনে আশা জাগিয়ে রাখি, সাঁওতাল জাতি অতীতে এক কঠিন যুদ্ধ করেছিল ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে। তারা বিদ্রোহ করেছিল জমিজমা, সম্পদ সব ফিরে পাওয়ার জন্য। তাই আজও বলি, আদিবাসীরা যেন কেউ চলে না যায়।
সঞ্জীব দ্রং : কলাম লেখক ও সংস্কৃতিকর্মী।