তবু সমর্থন আছে তোমাদের আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় লন্ডভন্ড উপাচার্যের বাসভবন
হামলায় লন্ডভন্ড উপাচার্যের বাসভবন

রাত তখন একটার কিছুটা পর। গুজব রটেছে, দুজন ছাত্র মারা গেছে হাসপাতালে। হলগুলোর মেয়েরা স্বাভাবিক কারণেই ক্ষোভে, দুঃখে উত্তেজিত। আমরাও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেলে আমরা পাশাপাশি দুই হলের কয়েকজন হাউস টিউটর মেয়েদের পেছন পেছন উপাচার্য স্যারের বাসভবনের সামনে যাই। সেখানে তখন চলছে ভাঙচুর, রড, লাঠির মহড়া। ছাত্ররা উত্তেজিত। কে বিশ্ববিদ্যালয়ের, কে বহিরাগত, সেটি বোঝার উপায় নেই। তখন উপাচার্যের বাসার সামনে আগুন জ্বলছে।

১০-১৫ মিনিট পর ফুলার রোডের দিক থেকে অন্তত দুই শ ছেলে লাঠি ও রড নিয়ে আসতে থাকল। আমরা মেয়েদের হলের কয়েকজন হাউস টিউটর ও কয়েকজন সহকরী প্রক্টর তখন সেখানে দাঁড়িয়ে। আমাদের জানানো হলো, আমাদের কিছু মেয়ে উপাচার্য স্যারের বাসাতে আশ্রয় নিয়েছে। হঠাৎ দেখলাম, উপাচার্যের বাসার ভেতরের উঠানে আগুন। তখন মুহসীন হলের প্রভোস্ট নিজামুল হক ভূঁইয়া স্যারের সঙ্গে আমরা কয়েকজন শিক্ষক উপাচার্য স্যারের বাসার ভেতরে ঢুকলাম। হামলাকারীদের বাধার মুখে আমরা পড়লাম। নিজাম স্যারের মাথায় বড় লাঠি দিয়ে আঘাত করা হলো, আমাকে চুল ধরে টান দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হলো, সহকারী প্রক্টর মঈনকেও আঘাত করা হলো। তারপর আমরা ওদের বাধা ঠেলে বাড়িতে গিয়ে দেখি, সব ভাঙচুর করা শেষ। স্যারকে ঘিরে রাখা হয়েছে। আমরা আমাদের মতো করেই তাদের শান্ত করার চেষ্টা করি। সেখানে আরও কয়েকজন শিক্ষক ছিলেন। হামলাকারীদের অনেকের মুখেই কালো কাপড়, গামছা। আমি জানি না এরা কারা। এর কিছু সময় পরে তারা উপাচার্যের বাড়ির গ্যাসের লাইনে আগুন ধরিয়ে দেয়। তখন আমরা বহু কষ্টে বেরিয়ে আসি। এরই মধ্যে পেছনের লনে থাকা দুটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। সহ-উপাচার্যের বাসা, শিক্ষকদের গাড়ি এবং শিক্ষকদের আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ভাঙচুর হয়।

কোটা সংস্কারের দাবিতে দুই মাস ধরে যে যৌক্তিক আন্দোলন চলছিল, গত রোববার রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা ধ্বংসাত্মক দিকে চলে যায়। তবে সন্ধ্যার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছোড়া পুলিশের কাঁদানে গ্যাস ও জলকামানে অর্ধশতাধিক ছাত্র আহত হয় এবং একজন ছাত্রের চোখ মারাত্মক জখম হয়। ক্যাম্পাসে কাঁদানে গ্যাস ও জলকামানের ব্যবহার স্বভাবতই শিক্ষার্থীদের দ্বিগুণ বেগে প্রতিবাদী করে তোলে এবং মুহূর্তেই সেটি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে প্রতিটি হলে, যার কারণে মধ্যরাতেও মেয়েরা হলের বাইরে বের হয়ে প্রতিবাদী হতে কুণ্ঠাবোধ করেনি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রোববার সন্ধ্যা থেকে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জরুরি বিভাগের পক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়, সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত ১১০ জন আন্দোলনকারী শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলতে চাই, তোমাদের যৌক্তিক কোটা সংস্কারের আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন আমাদের নেই; বরং আছে আগাগোড়াই সমর্থন। শুধু আমি নই, আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষকই এই আন্দোলনের সঙ্গে একমত। ইতিমধ্যে অনেকেই লেখালেখির মাধ্যমে সেটির জানানও দিয়েছেন। আমার ধারণা, এই দাবির প্রতি দেশের বেশির ভাগ মানুষেরই সমর্থন আছে। গত রোববার সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও এর আশপাশ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর পুলিশ কেন টিয়ার গ্যাস শেল এবং জলকামান দিয়ে হামলা চালাল, তার প্রতিবাদ নিশ্চয়ই করতে হবে। এই হামলার ঘটনা আমাকেও ক্ষুব্ধ করেছে। এখনো আমি তোমাদের যৌক্তিক দাবির প্রতি একমত, তবে শেষ পর্যন্ত আন্দোলন যে মাত্রায় সহিংস হয়ে উঠল, তাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যাবে না। যেসব শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে, আমি সেই শিক্ষকদের একজন।

রাত ১১টায় আরেকটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সভা শেষে যখন হলে ফিরেছি, হলের মেয়েদের উত্তেজনা দেখেছি, তখন মনে মনে গর্ব করেছি। আমাদের মেয়েরা ক্যাম্পাস নিয়ে ভাবছে, প্রতিবাদে গলা ফাটাতে চাইছে। তাদের সহপাঠী কিংবা সতীর্থ বন্ধুদের আঘাত তাদের প্রতিবাদী করেছে। কিন্তু এর পাশাপাশি যখন এমন সহিংসতা ও উপাচার্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে, তখন আন্দোলন প্রশ্নের মুখে পড়ে যায়। আমি এটা জানি এবং দেখেছি যে কিছু হামলাকারী এই কাজ করেছে। আবার অনেকেই রক্ষা করতে চেয়েছে আমাদের, আগুন থামাতে চেয়েছে। অনেক ছাত্রীই হলে ফেরেনি, তারা টিএসসিতে ছিল। তারা বলেছে, তারা ফিরবে না, আন্দোলন চালিয়ে যাবে। তারা জানিয়েছে, ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। আমাদের চিন্তা ছিল, তাদের নিরাপত্তা নিয়েও। কিন্তু একই সঙ্গে আমরা তাদের প্রতিবাদী মেজাজকে সম্মান করতে চাই।

শুধু কোটা নয়, শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের প্রতি আমাদের সব সময়ই সমর্থন আছে। একসময়ের ছাত্র-আন্দোলনের একজন কর্মী হিসেবেই বলি, আন্দোলনের চেহারা কোনো কারণে এই রকম সহিংস হলে সেটির মর্যাদা থাকে না। আন্দোলনের মধ্যে অনেক সময় নানা অনুপ্রবেশ ঘটে, কোনো সময়ে স্বার্থান্বেষী গোষ্ঠী সহিংসতার আশ্রয় নিয়ে আন্দোলনকে দুর্বল করতে চায়। আন্দোলন পরিচালনার সময় এসব ব্যাপারে সতর্ক থাকতে হয়। প্রতিবাদী চরিত্র জীবনের বড় সৌন্দর্য, তবে সেটি অন্যের ক্ষতি করে আনন্দ পাওয়ার মধ্যে নয়।

শিক্ষার্থীরা চিরকালেই স্নেহের, ভালোবাসার। তাদের উদ্দেশে বলি, তোমরা আমাদের গায়ে হাত তুলতে পারো, আমরা অসম্মানিত হই, ভুলে যাই, যাইও না হয়তো; কিন্তু সেই আচরণ দিয়ে তোমাদের বিচার করি না। তোমরা বুক টানটান করে লড়তে জানো, সেটিই আমরা চাই। জ্বালাও-পোড়াও যে তোমাদের এ প্রতিবাদী মেজাজের সঙ্গে যায় না, এটিও মনে রাখতে হবে।

জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
[email protected]